কাশ্মীর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কাশ্মীর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৩৭০ ধারা বিলোপ, কাশ্মীর সমস্যার সমাধান নাকি আন্দোলনের নবজাগরণ?


জঙ্গী হামলা হওয়ার আগাম খবর আছে, তাই নাকি ছাত্র, পর্যটক সহ সমস্ত বহিরাগতদের কাশ্মীর ছাড়ার নির্দেশ দিল নরেন্দ্র মোদী'র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বন্ধ করে দেওয়া হলো হিন্দুদের পবিত্র অমরনাথ তীর্থ যাত্রা, যার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে বিস্তীর্ণ অঞ্চলের কাশ্মীরী মানুষ। বন্দুকধারী বাহিনী আর কাঁটাতার দিয়ে আরো বেশী ছেয়ে দেওয়া হল কাশ্মীর। বন্ধ করে দেওয়া হল ফোন, মোবাইল সংযোগ, ইন্টারনেট এর মত সমস্ত যোগাযোগের মাধ্যম।  ঠগীর কাছে বোকা বনে গিয়ে নির্মল আনন্দ উপভোগ শুধুমাত্র নির্বোধ ভক্ত ছাড়া আর কারো পক্ষেই সম্ভব নয়। সুতরাং কাশ্মীরিরা বিশ্বাস করল না কেন্দ্র সরকার’কে। তাঁরা আশংকা করল গোটা কাশ্মীর কে বন্দুকের নলের মুখে দাঁড় করিয়ে, কাঁটাতার দিয়ে বেঁধে বিলোপ ঘটানো হবে সংবিধানের ৩৭০ ধারা।

শেষ পর্যন্ত দেখা গেল যে কাশ্মীরীদের আশংকাই সঠিক প্রমাণিত হল। মিথ্যা প্রচারে সেনা আধিকারিকদের ব্যবহার করল বিজেপি সরকার, দেশের জনতাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলার গল্প শুনিয়ে সন্ত্রস্ত করে তাড়াতাড়ি  সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করা হলো । কাশ্মীরের জনগণ বা স্বাধীনতাকামী হুরিয়াত কনফারেন্স দূরে থাক, ভারতপন্থী নির্বাচিত কাশ্মীরী নেতাদের সাথেও কোনো রকম মতামত বিনিময় হল না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ ফারুক আবদুল্লাহ নিজের ইচ্ছায় পার্লামেন্ট আসেননি। তারপর ফাঁস হল যে তাঁকে গৃহবন্ধী করে পার্লামেন্টে আসতে দেয়নি সরকার।  


এই  সরকারি গণ প্রতারণা প্রশ্ন তুলতে বাধ্য করল যে নাগরিকদের  দ্বারা নির্বাচিত বলে দাবি করা হয় এমন সরকার আদৌ তার নাগরিকদের সম্মান করে কিনা? মধ্য যুগের রাজা জমিদারদের আমলের মতন রাষ্ট্র জনগণের ঊর্ধ্বে নাকি রাষ্ট্র হল জনগণকে সেবা করার সংস্থা? জাতিসত্তাগুলো তাদের ভাগ্য ও জীবনযাপনের সাথে জড়িয়ে থাকা সিদ্ধান্ত সমুহ নিজেরা নেবে নাকি বাইরের কোনো শক্তি তাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেবে?  ভারতপন্থী বা ভারত বিরোধী সমস্ত কাশ্মীরি নেতাদের গ্রেফতারী আর সমগ্র কাশ্মীর জুড়ে কার্ফু জারি করে নাগরিকদের আটক করে রাখার মধ্যে দিয়ে কি এইটা প্রমাণ হল না যে কাশ্মীরের কোনো অংশের মধ্যেই সরকারি সিদ্ধান্তের পক্ষে জন সমর্থন নেই? জনমত ছাড়া সিদ্ধান্ত চাপিয়ে স্বৈরতান্ত্রিক আগ্রাসন ভিতরে এবং বাইরে সশস্ত্র সংগ্রামের পক্ষে জনমত গঠন করবে না কি?  


নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গের মতো ৩৭০ ধারা বিলোপে উচ্ছ্বসিত হয়েছে হিন্দুত্ববাদী উগ্রজাতীয়তাবাদীরা।  তারা প্রশ্ন করছেন কাশ্মীর কেন বিশেষ সুবিধা পাবে? কিন্তু তারা এই প্রশ্ন করছেন না যে বাকি প্রদেশগুলোও কেন ঐ সুবিধাগুলো পাবে না! ৩৭০ ধারা নিয়ে নানা মুনির নানা মত (কাশ্মীরী মানুষদের বাদে) থেকে পৃথক করে বস্তুগত ভাবে বর্তমান সংকট কে বুঝতে সংক্ষেপে চোখ বুলিয়ে নেওয়া যাক আধুনিক কাশ্মীরের ইতিহাস ও  ৩৭০ ধারার ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর।         


১৮৪৬ সালে প্রথম ব্রিটিশ-শিখ যুদ্ধে  শিখরা ব্রিটিশদের কাছে পরাজিত হয়। ব্রিটিশদের দাবি মত যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ দেড় কোটি টাকার পুরোটা দেওয়া সম্ভব না হওয়ায় শিখেরা জম্মুর হিন্দু ডোগরা শাসক  গুলাব সিংহ কে কাশ্মীর বিক্রি করে দিতে বাধ্য হয়। ডোগরা হিন্দু শাসকরা যেহেতু জম্মুতে বসে কাশ্মীর শাসন করতেন, তাই জম্মু ও কাশ্মীর রাজ্যের উদ্ভব। ডোগরা শাসকরা ব্রিটিশ শাসকদের সম্মানজনক নজরানা পাঠাবে এবং ব্রিটিশরা জম্মু ও কাশ্মীরের শাসক হিসেবে ডোগরা শাসকদের স্বীকৃতি ও নিরাপত্তা দেবে, এই ছিল বোঝাপড়া। ব্রিটিশরা ভারত ছাড়ার আগে এরকম ৫৬২ টা দেশীয় রাজ্য ছিল, যেগুলো সরাসরি ব্রিটিশ ভারতের প্রশাসনের আওতায় ছিল না। এই রাজ্যগুলোর মধ্যে জম্মু ও কাশ্মীর ছিল বৃহত্তম। 


১০০ বছরের ডোগরা শাসন কাশ্মীরী চাষীদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। সাধারণত রাজা বা সামন্তপ্রভুরা যেমন হয় আর কি। কাশ্মীরে করের বোঝা বরাবরই মাত্রাতিরিক্ত ছিল, আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছিল স্বৈরতান্ত্রিক অত্যাচার। সামন্ত মহাজনরা প্রায় প্রত্যেকেই ছিলেন উচ্চবর্ণ হিন্দু আর গরিব কৃষক কারিগরেরা মুসলমান। জি এন কাউল এর রচনায়, ১৯২০ সালের কাশ্মীরী সমাজের যে বিবরণ পাওয়া যায় সেখান থেকে জানা যায় যে অন্ততঃ ৯০ শতাংশ মুসলমানের বাড়ি হিন্দু মহাজনের কাছে বন্ধক পড়ে ছিল।  ১৯৪৭ সালে জম্মু ও কাশ্মীরের জনসংখ্যার ৭৭% ছিলেন মুসলমান। আর কাশ্মীর উপত্যকার ৯৩% মানুষ ছিলেন মুসলমান। ফলে শ্রেণী শোষণে যারা পিষ্ট হচ্ছিল সেই কাশ্মীরী শ্রমজীবী মানুষের সংখ্যা গরিষ্ঠই কিন্তু মুসলমান ছিলেন। 


জম্মু ও কাশ্মীরে ডোগরা রাজবংশ, জায়গিরদার, মহাজনদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের এক বড় ঐতিহ্য আছে। যেটা জোরদার হতে থাকে বিংশ শতাব্দী’র তিনের দশক থেকে। শেখ আবদুল্লাহ’র নেতৃত্বে কাশ্মীরে সামন্তবাদ-বিরোধী ব্যাপক ভূমি সংস্কার তারই প্রতিফলন। ব্রিটিশ শাসকেরা যে ভারত ছেড়ে চলে যাচ্ছে এই খবর ১৯৪৬ সাল নাগাদই হাওয়ায় ভাসতে শুরু করেছিল। যেহেতু ব্রিটিশরা নজরানার বিনিময়ে রাজাকে নিরাপত্তা প্রদান করত তাই ব্রিটিশ শাসন  শেষ হওয়ার আভাস পেয়ে কাশ্মীরে শুরু হয় রাজতন্ত্র বিরোধী "কাশ্মীর ছাড়ো" আন্দোলন। পুঞ্চ অঞ্চলের কৃষকরা রাজা গুলাব সিংহ’র আমল থেকেই বিদ্রোহ করে এসেছে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে, পুঞ্চ অঞ্চলের কৃষক অভ্যুত্থান সংগঠিত আকার ধারণ করে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ে রাজা হরি সিংহ’র অত্যাচার। এর আগে বার বার কাশ্মীরে হিন্দু মৌলবাদীদের সাথে জিন্নাহ পর্যন্ত রাজা হরি সিংহ কে চোখ বন্ধ করে সমর্থন করে এলেও ,পুঞ্চের এই বিদ্রোহের সময় পাকিস্তান তার নীতি বদল করে। 


১৯৪৭ সালের ২৪ অক্টোবর পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের  এক বিরাট সংখ্যক “উপজাতি” জঙ্গী বাহিনী কাশ্মীর আক্রমণ করে। আর এই হামলাকারিদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় পুঞ্চের জনতা। পাকিস্তান’ও অঘোষিত ভাবে সেনা বাহিনী পাঠিয়ে দেয় হামলাকারী ও বিদ্রোহীদের সাথে।  রাজা বিপাকে পড়েন এবং নব্যগঠিত ভারত রাষ্ট্রের কর্ণধার নেহরু ও প্যাটেলের কাছে সাহায্য চান। সাহায্যের বদলে ভারত কাশ্মীরের অন্তর্ভুক্তি দাবি করে আর চাপে পড়ে হরি সিংহ তা মেনে নেন। ২৬ অক্টোবর ১৯৪৭ এ জম্মু ও কাশ্মীর এবং ভারত সরকারের মধ্যে Instrument of Accession চুক্তি সাক্ষরিত হয়। এই চুক্তির মুল কথা হল এই যে প্রতিরক্ষা, পররাষ্ট্র, ও যোগাযোগ, এই তিনটে ক্ষেত্রে  জম্মু ও কাশ্মীর সরকার ভারতের কর্তৃত্ব মেনে নেবে। কিন্তু এই চুক্তি চূড়ান্ত হবে জম্মু ও কাশ্মীরে গণভোটের পর। 


সেই দিনই কাশ্মীরে ভারতীয় সেনা পৌছলে সাহায্যের জন্য এগিয়ে আসে শেখ আবদুল্লাহ’র ন্যাশনাল কনফারেন্স এর স্বেচ্ছাসেবকরা। ১৯৪৭ সালের ২ নভেম্বর, নেহরু তার বেতার ভাষণে কাশ্মীরের ভারত ভুক্তির বিষয়টি কাশ্মীরের মানুষের গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে বলে ঘোষণা করেন। ১৯৪৮ সালের ১ জানুয়ারি নেহরু রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীরে গণভোটের প্রসঙ্গটি উত্থাপন করেন। নেহরুর গণভোট সংক্রান্ত প্রতিশ্রুতির ভিত্তিতে ৬ জানুয়ারি নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত নেওয়া হয় যে গণভোটের মাধ্যমে কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারিত হবে, ১৯৪৮ সালের ২১ এপ্রিল রাষ্ট্র সংঘ কাশ্মীরে গণভোট সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণ করে তাতে ভারত এবং পাকিস্তান উভয় গণভোটের মাধ্যমে কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারনের বিষয়টি মেনে নিয়েছে বলে সন্তোষ প্রকাশ করা হয়। ১৯৪৮ থেকে ১৯৫৭ পর্যন্ত রাষ্ট্র সংঘ কাশ্মীরের গণভোট নিয়ে অন্তত আটটি প্রস্তাব নিয়েছে। এমনকি ১৯৪৮ সালের ১১ ডিসেম্বর গণভোট সংক্রান্ত রূপরেখা তৈরি হওয়ার পর, ১৯৪৯ সালের ১ জানুয়ারি ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতি ঘোষণা করে। যদিও সেই গণভোট আজও করা হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত ১৯৬৪ সালে রাষ্ট্র সংঘে ভারতীয় প্রতিনিধি ঘোষণাই করে দিলেন যে কোন অবস্থাতেই তার সরকার গণভোট করাতে রাজি নয়।


১৯৪৯ সালের অক্টোবর মাসে ভারতের সংবিধান সভা ভারতীয় সংবিধানের  ৩০৬-এ ধারা যুক্ত করে জম্মু ও কাশ্মীরের আভ্যন্তরীণ স্বায়ত্তশাসন মেনে নেয়। একই সাথে বলা হয় যে যতদিন না পর্যন্ত গণভোটের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের মানুষ  তাদের ভবিষ্যৎ নির্ধারণ না করেন ততদিন পর্যন্ত বিষয়টি Interim System হিসেবে থাকবে। পরবর্তী কালে ভারতের নবগঠিত সংবিধানে এই ৩০৬এ ধারাটি নতুনভাবে ৩৭০ ধারা হিসেবে যুক্ত হয়। কিন্তু এই ৩৭০ ধারায়  গণভোটের বিষয়টি কে হাপিস করে দেওয়া হয়, ধীরে ধীরে ৩৭০ ধারাটি কে সংশোধনের মাধ্যমে প্রায় বিলুপ্তির পথে নিয়ে গিয়েছে ভারত সরকার।  


৩৭০ ধারার খসড়া দেখার পর শেখ আবদুল্লাহ অসম্ভব ক্ষুব্ধ হয়েছিলেন কারণ এ ছিল স্পষ্ট বিশ্বাসঘাতকতা। এই সময় থেকে আবার শেখ আবদুল্লাহ কাশ্মীরের গণভোট ও কাশ্মীরের স্বাধীনতার কথা তুলতে থাকেন এবং ব্যাপক জনসমর্থন পেতে থাকেন। ১৯৫৩ সালে ভারত সরকার রাজা হরি সিংহ’র পুত্র কাশ্মীরের সদর-ই-রিয়াসত করণ সিংহ’কে দিয়ে কাশ্মীরের জননেতা শেখ আবদুল্লাহ কে গ্রেপ্তার করান। শেখ আব্দুল্লাহ’র মুক্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে কাশ্মীর, নির্মম অত্যাচারে এই আন্দোলন দমন করা হয়। পুলিশের গুলিতে অন্তত ৬০ জন কাশ্মীরী প্রাণ হারান। ১৯৫৩ সাল থেকে ১৯৬৮ সালের বেশিরভাগ সময়টাতেই শেখ আবদুল্লাহ জেলে কাটান।  শেখ আব্দুল্লাহ’র সাথে তার সহকর্মী মির্জা আফজল বেগও জেলে ছিলেন। রাষ্ট্র সংঘের মানবধিকার সনদকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই দুজনকে বিনা বিচারে আটক করে রাখা হয়, কোন অপরাধেই এদের দোষী সাব্যস্ত করা হয়নি। এর পর দমনের মুখে পুরানো নেতাদের পালটি খাওয়া তাদের জনবিচ্ছিন্ন হওয়া, নতুন প্রজন্মের নেতাদের আবির্ভাব, বামপন্থী সশস্ত্র সংগ্রামী মকবুল ভাটের উত্থান, সেকুলার সশন্ত্র স্বাধীনতাকামী দল হিসেবে জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের উত্থান তারপর প্রচন্ড দমনের মুখে পড়ে গান্ধীবাদী স্বাধীনতাকামীতে পরিণত হওয়া, স্বাধীনতা সংগ্রামকে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করার ভারতীয় প্রচেষ্টা বা ভারতের প্রতি ঘৃণাকে পাকিস্তানের কাজে লাগানো, পন্ডিতদের ইস্যু এই সব নিয়ে বিস্তারিত লেখার অবসর আপাতত নেই।


বলরাজ পুরি, আয়লাস্টে ল্যাম্ব প্রভৃতি সমাজবিজ্ঞানী এবং ঐতিহাসিকদের মতে, প্রথমেই গণভোট হয়ে গেলে কাশ্মীর ভারতের দিকেই আসত। তার একটা বড় কারণ জননেতা শেখ আবদুল্লাহ । যিনি “বন্ধু” নেহরু’র প্রভাবে নিজের দলের নাম মুসলিম কনফারেন্স পাল্টে ন্যাশনাল কনফারেন্স করেছিলেন, ইসলামিক রাষ্ট্রের বদলে “সেকুলারিজম” এ তাঁর ঝোঁক ছিল বেশী। তা ছাড়া পাকিস্তানের সাথে বা পাক অধিকৃত কাশ্মীরের জনতার সাথে পাঞ্জাবী মুসলমানদের সংস্কৃতিগত মিল থাকলেও এই পাড়ের কাশ্মীর, যেখানে শেখ আব্দুল্লাহ’র প্রভাব ছিল, সেখানে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি, সুফি মতবাদের দ্বারা প্রভাবিত ইসলাম বিরাজ করতো। তাছাড়া নিরাপত্তার জন্য ভারতের ছত্রছায়া তাদের মেনে নিতে কোন সমস্যা ছিল না।   কিন্তু আন্তর্জাতিক বৃহৎ পুঁজি ও ভারত সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিলোনা রাজ্যের হাতে অধিক ক্ষমতাসম্পন্ন যুক্তরাষ্টীয় কাঠামো। শেখ আব্দুল্লাহ’র কাশ্মীরের প্রধানমন্ত্রী (মুখ্যমন্ত্রী নয় কিন্তু) হওয়ার পর বিনা ক্ষতিপূরণে জমিদারের হাত থেকে জমি বাজেয়াপ্তকরণ ও ব্যাপক ভূমি সংস্কার আতংকিত করে শাসক শ্রেণীকে। প্রতিরক্ষা পররাষ্ট্র ও যোগাযোগ ছাড়া সমস্ত ক্ষমতা যদি রাজ্যের হাতে থাকে তবে ঐ রাজ্যে উঠতি ব্যবসায়ীদের হাতে ক্ষমতা আসার সম্ভবনা তৈরি হয়, তারা নিজেদের হাতে প্রদেশে রাজনৈতিক ক্ষমতা বলে সুবিধা অনুযায়ী আইন পাস করে সাম্রাজ্যবাদ ও তার দালাল বৃহৎ পুঁজিপতিদের শোষন প্রক্রিয়ায় বাধা দান করতে পারে। অন্যান্য রাজ্যগুলোও তখন পূর্ণ স্বায়ত্তশাসন চাইবে। প্রদেশের সম্পদের উপর প্রতিষ্ঠিত হবে ঐ অঞ্চলে ব্যবসায়ীদের নিয়ন্ত্রন। আঞ্চলিক পুঁজিবাদের বিকাশ হবে। ফলে ক্ষতিগ্রস্ত হবে  অবাধ শোষনের জন্য তৈরি নয়া উপনিবেশিক কাঠামো তথা অতি বৃহৎ পুঁজি।        


 ভারতীয় বলে কোনো জাতি হতে পারে না। ভারত বহু জাতিসত্তার দেশ। ফলে ক্ষমতাশালী কেন্দ্র সরকারের বদলে অধিক ক্ষমতাশালী রাজ্য সরকারগুলোই জাতিসত্তাগুলোর অর্থনৈতিক, সামাজিক বিকাশ ঘটাতে পারে। উল্টো দিকে, ভারতে প্রভাবশালী পশ্চিম ভারতের গুজরাটী, মারোয়াড়ি, পারসি পুঁজিপতিদের প্রয়োজন হিন্দি-হিন্দু-হিন্দুস্তানের নীতির উপর প্রতিষ্ঠিত  এক-কেন্দ্রিক শক্তিশালী কেন্দ্র সরকার। অতীতে পশ্চিম ভারতের বৃহৎ পুঁজিপতিদের এই আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতেন মোহনদাস গান্ধী’র নেতৃত্বাধীন কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন বাংলায় চিত্তরঞ্জন দাস, সুভাষ চন্দ্র বসু সহ বিভিন্ন প্রদেশের কংগ্রেস নেতৃত্ব। পরবর্তীকালে গুজরাটী-মাড়োয়ারী মুৎসুদ্দিরা গড়ে তোলে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, হিন্দু মহাসভার মত দলকে যারা আভ্যন্তরীণ গোলযোগ ছাড়াই উগ্রভাবে তাদের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবে।   


৩৭০ ধারা বিলোপ কাশ্মীরী জনতাকে আরো বেশী ভারত সরকার  বিরোধী অবস্থানে ঠেলবে সন্দেহ নেই। দেখা যাচ্ছে স্বাধীনতাকামী নেতারা শুধু নয়, ভারতপন্থী মূলধারার কাশ্মীরী নেতারাও এবার তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। এই আগ্রাসন ভারতপন্থী বা নরমপন্থী কাশ্মীরী নেতাদের রাজনৈতিক ভাবে বিপন্ন করলো। কেন্দ্রীয় সরকারের এককেন্দ্রিক আগ্রাসন শুধু কাশ্মীর নয় দক্ষিণ ভারতের জাতিসত্তাগুলোর মধ্যেও ক্ষোভ তৈরি করছে।  বন্দুকের নলের ডগায় ঐক্য সম্ভব নয়, ঐক্য সম্ভব বিচ্ছিন্নতার অধিকার সহ সমস্ত জাতিসত্তা'র সহমত ও সমমর্যাদার ভিত্তিতে প্রকৃত যুক্তরাষ্ট্র গঠনের মধ্য দিয়ে।               


জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের জুয়া খেলা চলছে



ভারতের শাসকশ্রেণীর বিশ্বস্ত দালাল ও ফ্যাসিবাদী নরেন্দ্র মোদী’র সরকার কাশ্মীরের উপর নগ্ন সামরিক শাসন জারি করে, কাশ্মীরি জনগণ ও তাঁদের রাজনৈতিক প্রতিনিধিদের, এমন কী ভারতের প্রতি বিশ্বস্ত সব দালাল রাজনৈতিক নেতাদেরও, গৃহ বন্দী করে ঘোষণা করল যে ভারতের সংবিধানের ধারা ৩৭০ ও ৩৫এ, যা মুৎসুদ্দি বুর্জোয়া শাসকশ্রেণী একদিন কাশ্মীর কে ভাঁওতা দিয়ে অধিগ্রহণ করার সময়ে মেনে নিয়েছিল, খারিজ করা হচ্ছে। সংসদে হিন্দুত্ব ফ্যাসিবাদের পান্ডা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সংসদীয় গণসংগঠন ভারতীয় জনতা পার্টি’র (বিজেপি) নিজের সংখ্যাগত জোর খাটিয়ে এই প্রস্তাব পাশ করায়। ধারা ৩৭০ বাতিল করতে রাষ্ট্রপতির বিজ্ঞপ্তি জারি করে মোদী সরকার, কারণ এ ছাড়া কোন ভাবেই ধারা ৩৭০ কে বাতিল করা সম্ভব ছিল না। অথচ ধারা ৩৭০ বিলোপ করতে রাষ্ট্রপতির প্রয়োজন ছিল জম্মু ও কাশ্মীর বিধানসভার সেই বিষয়ে পাশ করা প্রস্তাব। তবে যেহেতু কাশ্মীরে পুতুল সরকার রাখারও সাহস বিজেপি ও মোদী সরকার বিগত এক বছর ধরে করতে পারেনি, যেহেতু নির্বাচনের নামে চূড়ান্ত সামরিক প্রহসন দিয়ে তথাকথিত গণতন্ত্রের ধ্বজ্জা আর তাঁরা তুলে রাখতে পারেনি, তাই বিধানসভা কে বাদ দিয়ে মোদী’র দ্বারা প্রেরিত রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা সত্যপাল মালিকের প্রস্তাবই যথেষ্ট বলে গণ্য করে রাষ্ট্রপতি’র বিজ্ঞপ্তি জারি করা হল। আর এই চূড়ান্ত রকমের অসাংবিধানিক কাজে কিন্তু উগ্র দেশপ্রেমের ও ইসলাম-বিদ্বেষের বন্যা বইয়ে সমর্থন হাসিল করলো দাঙ্গাবাজ ও খুনের আসামী থেকে দেশের গৃহ মন্ত্রী হওয়া অমিত শাহ।

যে সংবিধান কে চোখের মণির মতন শাসক শ্রেণীর দালালেরা রক্ষা করার কথা বলে, তাদের কেউই কিন্তু এর বিশেষ প্রতিবাদ বা প্রতিরোধ করলো না, পাছে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত সাবর্ণ হিন্দু ভোট ব্যাঙ্কে ধাক্কা লাগে। তাই দলিত রাজনীতি’র তথাকথিত প্রতীক সেজে শোষিত জাতির মানুষ কে ঠকিয়ে কার্যসিদ্ধি করা বহুজন সমাজ পার্টি হোক বা দিল্লির তথাকথিত মোদী-বিরোধী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হোক বা নবীন পট্টনায়েকের বিজু জনতা দল, সবাই দল বেঁধে মোদী ও শাহের দ্বারা এভাবে দেশের সংবিধানের শ্লীলতাহানির পক্ষেই জোট বেঁধে দাঁড়াল। 

মোদী’র মোসাহেবদের দিয়ে ও তাঁর ঢোল বাদক মূল ধারার সংবাদমাধ্যমকে দিয়ে জনগণ কে বোঝানো হল যে এই সিদ্ধান্তের ফলে কাশ্মীর সমস্যা নাকি চিরকালের জন্যে মিটে গেল, কাশ্মীরের নাকি এবার শান্তি ফিরবে আর পাকিস্তানের অবস্থা নাকি কাহিল হবে। কাশ্মীর নিয়ে উগ্র ইসলামবিদ্বেষের শিকার হওয়া মধ্যবিত্ত হিন্দু সমাজ ও অনেক গরীব, খেটে খাওয়া শোষিত জনজাতির মানুষও এই প্রচার কে চিরন্তন সত্য মেনে মোদী বন্দনায় রত হলেন। ভারতের শাসকশ্রেণীর মুসলিম-বিদ্বেষী প্রচার ও তার সাথে সাথে সংবাদমাধ্যম, সিনেমা প্রভৃতিতে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রাম কে কুৎসিত ভাবে চিত্রিত করার মধ্যে দিয়ে শুধু কাশ্মীর বা পাকিস্তান নিয়ে না, ভারতের সংখ্যাগুরু হিন্দুদের মধ্যে মুসলিমদের সম্পর্কেও একটি ভ্রান্ত ধারণা দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে। মোদী ও বিজেপি তারই ফসল। এই ঘৃণার উপর ভিত্তি করেই মোদী সরকার আজ দেশের হিন্দু সমাজের রক্ষণশীল, প্রতিক্রিয়াশীল ও উচ্চবর্ণের সামন্তপ্রভু ও মুৎসুদ্দি বুর্জোয়াদের এক ছাতার তলায় এনেছে। এই ঘৃণার উপর ভিত্তি করেই আজ দেশের কোনায় কোনায় সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হচ্ছে, সংখ্যালঘু মুসলিমদের হয় গরু খাওয়ার নামে না হয় “জয় শ্রী রাম” নামক ফ্যাসিবাদী স্লোগান দেওয়ার বাহানা করে পিটিয়ে হত্যা করা হচ্ছে। 

কাশ্মীর নিয়ে এই মুহূর্তে সবাই কথা বলছে। গুজরাটে কথা হচ্ছে, মহারাষ্ট্রে কথা হচ্ছে, দিল্লি-মুম্বাই-কলকাতা-চেন্নাই সব বড় শহরে আলোচনা হচ্ছে। সবাই নিজের মতামত ও পাল্টা মতামত রাখছেন শুধু কাশ্মীরি জনগণ কে বাদ দিয়ে। তাঁদের কথা বলার অধিকার নেই। তাঁদের জীবনের ব্যাপারে পরিকল্পনা ও কর্মসূচি নিচ্ছে একদল হিন্দি-গুজরাটি ভাষী দাঙ্গাবাজেরা অথচ সেখানে তাঁদের স্থান নেই কারণ “বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ” কাশ্মীরিদের দরজায় তালা দিয়ে সেখানে রাষ্ট্রের সান্ত্রী কে অটোমেটিক রাইফেল হাতে দাঁড় করিয়ে কাশ্মীরি জনগণের ফোন, টিভি, মোবাইল, ইন্টারনেট প্রভৃতি বন্ধ করে তাঁদের স্বার্থে গণতান্ত্রিক সিদ্ধান্ত নিচ্ছে। কাশ্মীরি জনগণ কাশ্মীর নিয়ে কোন কথা বলবে না এই গণতন্ত্রে এটাই দস্তুর। কাশ্মীর কী খাবে, কী পড়বে, কাকে ভালোবাসবে তা ঠিক করবে দিল্লি, মুম্বাই বা আহমেদাবাদ। এটাই গণতন্ত্রের মহত্ব।  

যে ভাবে একদিন ডাহা মিথ্যা কথা বলে মার্কিন সাম্রাজ্যবাদের সংস্থা USAID এর দেখানো পথে নোট বাতিল করা হয়েছিল দেশপ্রেমের তুলসীপাতা বাটা খাইয়ে, যেমন একদিন বেড়ে চলা বেকারত্ব ও রাফাল কেলেঙ্কারির থেকে নজর ঘোরাতে করা হয়েছিল বালাকোটের নাটক, ঠিক তেমনি আজ দেশের চরম আর্থিক দুর্দশা, যার ফলে মোদী’র একান্ত ঘনিষ্ঠ পুঁজিপতিরাও আজ চরম ভাবে ক্ষুব্ধ, যে ভাবে আজ বেকারত্বের পরিসংখ্যান ৪৫ বছরের সর্বাধিক, যে ভাবে কৃষি ও কৃষি ঋণের সঙ্কটে আজ জরাজীর্ণ কৃষকের আর্থিক অবস্থা, এমনকি মধ্য কৃষকরাও দলে দলে নেমে আসছে গ্রামীণ সর্বহারা শ্রেণীতে, যে ভাবে আজ সকল শিল্পে চরম সঙ্কট দেখা দিয়েছে যার ফলে উৎপাদন মে মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে সমস্ত core শিল্পে ও কারখানায়, যে ভাবে গাড়ি, গৃহ নির্মাণ, ইস্পাত সহ অন্যান্য শিল্পের তীব্র সঙ্কটের ফলে কাজ হারাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ, যখন রেলওয়ে ঘোষণা করেছে তিন লক্ষ কর্মী ছাঁটাইয়ের, সমস্ত বড় শিল্পে অস্থায়ী শ্রমিকদের উপর নেমে আসছে ছাঁটাইয়ের কোপ, ঠিক তখন এই কাশ্মীরের ঘটনা মোদী’র টিকে থাকার জন্যে অবশ্যম্ভাবী ছিল। 


ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে জম্মু ও কাশ্মীর

ভারতের চতুর্দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন বিদ্রোহ ও বিপ্লবী সংগ্রাম ফেটে পড়ছে তখন কমিউনিস্টদের নেতৃত্বে কোন বিপ্লবের সম্ভাবনা কে রোধ করতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের কাছে অস্ত্র ছিল দেশ ভাগ করার ও বিপ্লবের কেন্দ্র দুই প্রদেশ — পাঞ্জাব ও বাংলা — কে ধর্মের ভিত্তিতে ভাগ করা। দেশ ভাগের পরে বিভিন্ন রাজার অধীনে যে সব রাজ্য ছিল তাদের শাসকদের কাছে অধিকার ছিল নিজেদের রাজত্ব কে হয় নবগঠিত ভারতে অথবা পাকিস্তানে বিলীন করে দেওয়া আর নয়তো স্বাধীন থাকা। ভারতের শাসকশ্রেণী — বৃহৎ মুৎসুদ্দি পুঁজিপতি ও সামন্তপ্রভুরা — যাঁরা প্রত্যেকেই সাবর্ণ হিন্দু সমাজের অংশ, তাঁদের প্রতিনিধি জওহরলাল নেহরু আর বল্লভ প্যাটেল কে দিয়ে সমস্ত বৃহৎ রাজত্ব কে ছলে-বলে-কৌশলে নিজেদের শাসনের অন্তর্ভুক্ত করে এক বৃহৎ রাষ্ট্র গঠনের অভিপ্রায়ে, যেখানে শোষণ ও লুন্ঠনের অবাধ সুযোগ থাকবে।

এই সময়ে কাশ্মীরের রাজা হরি সিংহ ভারত ও পাকিস্তান, দুইয়ের হাতেই তামাক খাচ্ছিলেন। একটি মুসলিম-প্রধান দেশের হিন্দু রাজা হয়ে তাঁর ভয় ছিল যে যদি জম্মু ও কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণ তাঁকে ছুড়ে ফেলতে চায় বা পাকিস্তানের অংশ হয়ে যেতে চায় তাহলে তাঁর রাজত্ব ও ঠাঁটবাট দুইই যাবে। তাই তিনি আরএসএস এর সাথে সমঝোতা করে মুসলিম অধ্যুষিত জম্মুতে নিজের ডোগরা সেনাদের সাহায্যে চালালেন এক অমানবিক মুসলিম গণহত্যা। সেপ্টেম্বর ১৯৪৭ এর সেই গণহত্যায় বেসরকারি মতে দুই লক্ষ মুসলিম কে হত্যা করে ডোগরা ও আরএসএস বাহিনী। এর সাথে সাথে পাঞ্জাবি হিন্দু শরণার্থীদের পশ্চিম পাঞ্জাব (এখন পাকিস্তান) থেকে আনিয়ে জম্মুতে বসত করে দিয়ে জম্মুর জনসংখ্যার ব্যাপক পরিবর্তন করে হরি সিংহের সেনা। এর ফলে জম্মুতে মুসলিমেরা সংখ্যালঘু হয়ে যান এবং পাঞ্জাবি, ডোগরা ও কাশ্মীরি পন্ডিত মিলিয়ে জম্মু অঞ্চলে হিন্দু জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে। 


এই মুসলিম নিধন যজ্ঞের বদলা নিতে পাকিস্তানের খাইবার পাখতুন থেকে দলে দলে আদিবাসী মুসলিম গেরিলারা জম্মু ও কাশ্মীরের উপর আক্রমণ করে এবং গিলগিট বাল্টিস্তান, মুজ্জাফরাবাদ সহ নানা এলাকা দখল করে ফেলে। ভীত-সন্ত্রস্ত হয়ে হরি সিংহ ভারতের কাছে সাহায্য চায় আর এই সুযোগে, সামরিক সাহায্যের বদলে নেহরু চেয়ে বসে কাশ্মীরের উপর দখলদারি। হরি সিংহ ও নেহরু-প্যাটেল জুটি জানতো ভারত কে জম্মু ও কাশ্মীর দিয়ে দেওয়ার চুক্তি করলে সেটাকে মুসলিম বিরোধী বলে প্রচার করে সারা কাশ্মীরে এক বিদ্রোহ তৈরি হবে তাই তাঁরা খুব কায়দা করে অক্টোবর ১৯৪৭ এ Instrument of Accession বা অন্তর্ভুক্তি’র চুক্তি সাক্ষর করে যার শর্ত ছিল যে ভারতের অঙ্গরাজ্য হিসাবে না, কাশ্মীর একটি স্বায়ত্বশাসিত অঞ্চল হিসেবে ভারতে যোগদান করবে এবং ভারতের সরকার শুধু কাশ্মীরের প্রতিরক্ষা, যোগাযোগ ও বিদেশ মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পালন করবে, বাকি সব কাজ হবে জম্মু ও কাশ্মীরের সংবিধান সভার থেকে। এই অন্তর্ভুক্তি’র চুক্তিতে ভারত প্রতিশ্রুতি দেয় যে ভারতের সরকার কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হলে একটি গণভোট অনুষ্ঠিত করবে এবং সেই গণভোটে জম্মু ও কাশ্মীরের মানুষ চয়ন করবেন তাঁদের ভবিষ্যৎ, তাঁরা পাকিস্তানের অংশ হবেন, ভারতের অংশ হবেন, না কি একটি স্বাধীন জাতি হবেন। 


এই চুক্তির ভিত্তিতে ভারতের সংবিধানের ৩৭০ ধারা গৃহীত হয় অক্টোবর ১৯৪৯ সালে। এর এক মাস পরে ভারতের সংবিধান গৃহীত হয় নভেম্বর ১৯৪৯ এ, আর ভারত কে একটি ঝুটো প্রজাতন্ত্র ঘোষণা করা হয় জানুয়ারি ১৯৫০ এ। এই ধারা ৩৭০ এর মাধ্যমে ভারতের সংবিধান জম্মু ও কাশ্মীরে, যার নিজের সংবিধান, আইন, পতাকা ও শাসনতন্ত্র ছিল, সেখানে প্রয়োগ হতো এবং ভারতের শাসক শ্রেণী নানা কায়দায় বারবার এই ধারায় বদল এনে জম্মু ও কাশ্মীরের উপর নিজেদের ক্ষমতা কে কুক্ষিগত করে। গণভোটের প্রস্তাব কে ভারত নাকচ করে এই বলে যে সেই প্রতিশ্রুতি প্রজাতন্ত্র হওয়ার আগে দেওয়া হয়েছিল মাউন্টব্যাটেন সাহেব গভর্নর থাকাকালীন এবং সংবিধান গৃহীত হওয়ায় সেই সকল চুক্তি নাকি খারিজ হয়ে গেছে। 


ভারতের শাসকশ্রেণী কথা রাখেনি। শেখ আব্দুল্লাহ কে দিয়ে কমিউনিস্ট নিধন করিয়ে তাঁকে প্রথমে কাশ্মীরের প্রধানমন্ত্রী করেও ষড়যন্ত্র করে গ্রেফতার করে জেলে বন্দী রাখা হয়। ভারতের রাজনৈতিক দলগুলি কে কাশ্মীরে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়, গণভোটের কথা চেপে গিয়ে সামরিক শাসন কে তীব্র করা হয়, বিশেষ করে ১৯৬২ সালে চীন-বিরোধী ও ১৯৬৫ সালে পাকিস্তান-বিরোধী যুদ্ধের সুযোগ নিয়ে। জেল আর জেলের বাইরে বার বার আনাগোনা করে ১৯৬৭ সালে শেখ আব্দুল্লাহ যদিও কাশ্মীরের স্বাধীনতার দাবি ভারতের শাসক শ্রেণীর কাছে বিক্রি করে দেয় ও ইন্দিরা গান্ধীর সৌজন্যে মুখ্যমন্ত্রী হিসেবে গত শতাব্দীর সাতের দশকে ক্ষমতায় ফেরে, কাশ্মীরের জনগণ কিন্তু স্বাধীনতার স্বপ্ন কে ভুলে যাননি। ভারতের থেকে মুক্তির শান্তিপূর্ণ সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরেই কিন্তু কাশ্মীরের জনগণ সশস্ত্র সংগ্রামে আটের  দশকের শেষের দিকে যোগ দেন এবং পাকিস্তান এই সুযোগ ব্যবহার করে নিজ স্বার্থ সিদ্ধির চেষ্টা চালায়। 


নয়ের দশকের শুরুর থেকেই ভারতের শাসকশ্রেণী সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদের চরম সঙ্কটের ফলে, মরুযুদ্ধের ফলে বেড়ে চলা তেলের দামের ফলে এবং বেড়ে চলা বিদেশী ঋণের বোঝার ফলে তীব্র আর্থিক সঙ্কটে জীর্ণ হয়। এই সুযোগে বিশ্ব ব্যাঙ্ক ও আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার (আইএমএফ) ভারত কে মার্কিন সাম্রাজ্যবাদের অধীনে আনার শর্ত হিসেবে আর্থিক উদারীকরণের নামে জনবিরোধী নীতির বন্যা বইয়ে দিয়ে ভারতের অর্থনীতির চাবিকাঠি চেয়ে বসে, যা তৎকালীন কংগ্রেস সরকার পূর্ণ করে নয়া উদারনৈতিক অর্থনীতি কে আঁকড়ে ধরে। অন্যদিকে, রাজনৈতিক সঙ্কটের পরিণামে উথ্বান হয় হিন্দুত্ব ফ্যাসিবাদী আরএসএস ও সংঘ পরিবারের। যেহেতু সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদের তাঁবেদারি করে যে তথাকথিত প্রগতিশীলতার আর মেকি সমাজতন্ত্রের মুখোশ ভারত রাষ্ট্র নেহরু জমানা থেকে পড়ে ছিল তা আর নতুন পরিস্থিতিতে অকেজো হয়ে যায় তাই দরকার হয় এক নতুন ধরণের রাজনৈতিক শক্তির যা চরম ভাবে রক্ষণশীল হয়েও নয়া উদারনৈতিক অর্থনীতির সাথে, আইএমএফ ও  বিশ্ব ব্যাঙ্কের সাথে আঁতাত করে ভারতের সম্পদ ও শ্রম কে বিনামূল্যে সাম্রাজ্যবাদের হাতে তুলে দেবে। 


অযোধ্যায় রাম মন্দির গঠনের নামে যে পার্টি দুইটা সাংসদের দল থেকে উত্তর প্রদেশ সহ নানা রাজ্যের রাজনীতিতে একটি বৃহৎ শক্তি হিসেবে উঠে আসে তার পিছনে ছিল হিন্দুত্বের রাজনীতি, যার জনক ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল বিনায়ক সাভারকার। চরম ইসলাম-বিদ্বেষ ছড়িয়ে সেই প্রথম বাবরি মসজিদ ধ্বংসের সাথে সাথে বিজেপি দাবি তোলে ধারা ৩৭০ বিলোপের। এই হিন্দুত্বের রাজনীতির উথ্বানে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ ও জায়নবাদী ইজরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের হাত ছিল। তাই নয়ের দশকের শুরুতেই বিজেপি’র চাপে ও বিশ্ব ব্যাঙ্কের শর্তে কংগ্রেস সরকার কে ইজরায়েলের সাথে প্রথমবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হয়। সাভারকারের স্বপ্ন পূর্ণ সেইদিন থেকে হতে শুরু করে। মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়নবাদী ইজরায়েলি সমর্থনে বলিষ্ঠ হয়ে বিজেপি ও আরএসএস ভারতে হিংসা ও বিদ্বেষের রাজনীতি ছড়িয়ে ধর্মীয় মেরুকরণ করে যে ভোটব্যাঙ্ক তৈরি করা শুরু করে তা মোদী’র সময়ে এসে সবচেয়ে বলিষ্ঠ রূপে আত্মপ্রকাশ করেছে। 


যখন এই ঘৃণ্য রাজনীতি ভারতে চলছে, ভ্রাতৃঘাতী দাঙ্গা ও মেরুকরণের মধ্যে দিয়ে শাসকশ্রেণী সঙ্কট কালে বিপ্লবের পথ বন্ধ করছিল, তখন কিন্তু কাশ্মীরে চলছিল নির্বিচারে গণহত্যা। উগ্রপন্থা দমনের নামে নারীদের গণধর্ষণ থেকে শুরু করে শিশুদের গুলি করে মারা, কিছুই বাদ রাখেনি ভারতের জল্লাদ সেনাবাহিনী। লক্ষ্য তাঁদের একটাই, কাশ্মীরি জনগণের স্বাধীনতার দাবি কে শেষ করা, কাশ্মীরের মুসলিম জনগণ কে হিন্দুত্ববাদী ভারতের শাসকশ্রেণীর পদযুগলে পোষ্য করে বেঁধে রাখা। কিন্তু স্বাধীনচেতা কাশ্মীরিরা তা মেনে নেয়নি কোনদিনই। আটের দশকের শেষে তাঁদের স্বাধীনতার দাবি তীব্র হতেই ভারতের শাসকশ্রেণীর দালালেরা গুলি করে গণহত্যা করে কাশ্মীরি পন্ডিতদের। প্রায় ৩০০’র উপর কাশ্মীরি পন্ডিত খুন হন কাশ্মীরে। এই সুযোগে কেন্দ্রের থেকে প্রেরিত রাজ্যপাল ও পরবর্তীকালে বিজেপি নেতা হওয়া জগমোহন কাশ্মীর থেকে আতঙ্কিত পন্ডিতদের জোর করে উদ্বাস্তু করে এই বলে যে মুসলিমেরা তাঁদের হত্যা করবে। কিন্তু কাশ্মীরি মুসলিমেরা কোনদিনই চাননি তাঁদের কাশ্মীরি পন্ডিত প্রতিবেশীরা চলে যান। সেই কাশ্মীরি পন্ডিতদের দুর্দশা দেখিয়ে, ভারতের হিন্দু সমাজের মধ্যে উগ্র মুসলিম-বিদ্বেষ ছড়িয়ে কাশ্মীরে গণহত্যা চালাবার ছাড়পত্র বানিয়ে নেয় ভারতের শাসকশ্রেণী। কাশ্মীরের মুসলিমেরা গত তিন দশক ধরে অনুরোধ করলেও হাজার হাজার কাশ্মীরি পন্ডিত কে আর দেশে ফিরতে দেয়নি ভারতের শাসকশ্রেণী। তবে যে পন্ডিতেরা কাশ্মীরে রয়ে গেছিলেন তাঁদের বেশির ভাগই কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হয়েছেন।


বহু অত্যাচার, গণহত্যা, গণধর্ষণ, গুমখুন ও জখমের পরেও কিন্তু কাশ্মীর ও কাশ্মীরি জনগণ তাঁদের মাথা নত করেননি। জাতীয় মুক্তির সংগ্রামে কাশ্মীরের মুষ্টিময় কিছু মুৎসুদ্দি বুর্জোয়া ও বৃহৎ বাগান-মালিকেরা বাদে সমাজের প্রতিটি শ্রেণী আজ লড়াইয়ের ময়দানে। ভারতের লক্ষ লক্ষ সশস্ত্র সেনা, যাদের সৈন্য শাসনের স্বার্থে তৈরি ঔপনিবেশিক আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার এক্ট (আফস্পা) এর অধীনে ইচ্ছা মতন খুন, অত্যাচার বা ধর্ষণ করার অধিকার আছে, যাদের নামে কোন অভিযোগ কোন থানায় গৃহীত হবে না, তাঁদের বিরুদ্ধে কিন্তু কাশ্মীরের মানুষ, আবাল-বৃদ্ধ-বনিতা আজ পাথর নিয়ে রুখে দাঁড়াচ্ছেন। নির্বাচন বয়কট করে তাঁরা প্যালেস্টাইনের বীর জনগণের সংগ্রামে অনুপ্রাণিত হয়ে ভারতের শাসকশ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন এবং নিজ জীবন উৎসর্গ করতেও ভয় পাচ্ছেন না। তাঁদের দেখে মনে পড়ে চেয়ারম্যান মাও সেতুঙের কথা, মনে পড়ে ভিয়েতনামের কথা, তাঁরা যেন চিৎকার করে বলে ওঠেন “কে কাকে ভয় পায় আজ?”


ভারতের শাসকশ্রেণী কাশ্মীরের মানুষের সংগ্রাম কে পাকিস্তানের টাকায় চলা সন্ত্রাসবাদ বলে নৃশংস দমনপীড়ন করতে এবং ইসলাম-বিদ্বেষ তীব্র করতে অতীতে ভারতের নানা প্রান্তে নিজেদের লোকেদের দিয়ে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে সেই দায় কাশ্মীরের ঘাড়ে এরা চাপিয়েছে। ভারতের শ্রমজীবী আন্দোলনের উপর সংশোধনবাদের প্রভাব তীব্র থাকায় এর বিরুদ্ধে, এই কুৎসিত ষড়যন্ত্রের বিরুদ্ধে, এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষ ও শোষিত জনজাতির মানুষের, আদিবাসী জনগণের বৃহৎ সংহতিমূলক সংগ্রাম গড়ে তোলা সম্ভব হয়নি। এর লাভের গুড় চেটে চেটে খেয়েছে ভারতের শাসকশ্রেণী। বিশ্বের দরবারে কাশ্মীরের গণসংগ্রাম কে সন্ত্রাসবাদ বলে হেয় করেছে আর তাই প্যালেস্টাইনের মতন কাশ্মীরের মানুষের সমর্থনে বিশ্বের দিকে দিকে আন্দোলন গড়ে ওঠেনি। বিপ্লবী কমিউনিস্টদের এই ব্যর্থতা যে বড় বেদনাদায়ক তা স্বীকার করতে কোন সঙ্কোচ করা আজ উচিত হবে না।



কাশ্মীর দখলের কারণ, পদ্ধতি ও লক্ষ্য



জম্মু ও কাশ্মীরের বর্তমানে ভারতের অধীনে আছে জম্মু, কাশ্মীরের দুই তৃতীয়াংশ এবং লাদাখ (যাকে গণপ্রজাতন্ত্রী চীন তিব্বতের অংশ বলে মনে করে), এবং ভারতের পার্লামেন্টের শাসন ধারা ৩৭০ দিয়ে কাশ্মীরে প্রয়োগ হতো। অন্যদিকে ধারা ৩৫এ অনুসারে শুধু জম্মু কাশ্মীরের বিধানসভার অধিকার ছিল সেই প্রদেশের চিরস্থায়ী নাগরিক কে হবেন তা ঠিক করার। এই দুই ধারা কে বিলোপ করে নিজের হাতে জম্মু ও কাশ্মীরের ক্ষমতা তুলে নিয়ে, প্রদেশটিকে দুইটি কেন্দ্র-শাসিত অঞ্চলে পরিবর্তন করে (পূর্ণ রাজ্য থেকে এই প্রথম কোন রাজ্য কেন্দ্র শাসিত হল) ভারত সরকার আসলে Instrument of Accession কে খারিজ করলো। আর এই খারিজ করার সাথে সাথে কিন্তু আইন মোতাবেক ভারতে অন্তর্ভুক্ত হওয়ার জম্মু ও কাশ্মীরের শর্তের পরিসমাপ্তি ঘটে গেল এবং জম্মু ও কাশ্মীর অক্টোবর ১৯৪৭ এর পূর্ববর্তী পরিস্থিতিতে পৌঁছে গেল। এখন জম্মু ও কাশ্মীরে ভারতের সেনা থাকা মানে হল সরকারি ভাবে, আন্তর্জাতিক আইন অনুসারে, সামরিক আগ্রাসন ও দখলদারি। এর ফলে ভারত কাশ্মীরের উপর থেকে চিরকালের জন্যে নিজের আইনী দাবি হারাল এবং কাশ্মীরের ঔপনিবেশিক শাসক হিসেবে চিহ্নিত হল।
যদিও ভারতের শাসকশ্রেণীর বিদেশী পুঁজির প্রতি যে আনুগত্য আছে, যে ভাবে ভারতের শাসক শ্রেণী, বিশেষ করে মোদী কে দিয়ে দেশের বাজার ও খনিজ সম্পদের দরজা হাট করে খুলে দিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ, রুশ সাম্রাজ্যবাদ ও অন্যান্য বৃহৎ সাম্রাজ্যবাদী শক্তি কে, তার ফলে আন্তর্জাতিক স্তরে ভারতের উপর কোন চাপ পড়বে না। কূটনৈতিক ভাবেও ভারত কে জব্দ হতে হবে না। আর এই সমর্থনের আড়ালে মোদী সরকার ও ভারতের শাসকশ্রেণী কে চাপ দিয়ে আরও বেশি লুঠ তরাজের সুযোগ তৈরি করবে বিদেশী কোম্পানিগুলি। ফলে কাশ্মীরের মানুষের সংগ্রামে আন্তর্জাতিক স্তরে কোন সরকারি সমর্থন উঠবে না শুধু নিজ ভৌগলিক-রাজনৈতিক স্বার্থে পরিচালিত পাকিস্তানী শাসকদের বাদে। 
এই সময়ে অনেকেই প্রশ্ন করতে পারেন ভারত দীর্ঘ ৭২ বছর ধরে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে লড়ছে কেন, কেনই বা ভারতের কাশ্মীর এত দরকার? হঠাৎ কেন আজ ৩৭০ ধারা বিলোপ করা হল? আরও প্রভৃতি প্রশ্ন উঠবে। 

কোন প্রাকৃতিক সৌন্দর্য্য বা ঐতিহাসিক কারণে ভারতের কাশ্মীর চাই না। ভারতের শাসকশ্রেণীর কাশ্মীর কে দরকার জলের সুরক্ষার জন্যে ও চীন বিরোধী যুদ্ধের প্রস্তুতির জন্যে। ভারতের শাসক শ্রেণী চায় কাশ্মীরের প্রাকৃতিক সম্পদ ও জলসম্পদের উপর একচেটিয়া অধিকার, যা বিক্রি করে তাঁরা অনেক মুনাফা আয় করতে পারবে। এতদিন কাশ্মীরের সরকারের সাহায্য নিয়ে সেখানকার সম্পদ লুঠ করতে হতো, এবার সরাসরি দখলের ফলে মোদী সরকারের মালিক গৌতম আদানি, মুকেশ আম্বানি ও তাঁদের বিদেশী একচেটিয়া-লগ্নি পুঁজির মালিকানাধীন বৃহৎ কর্পোরেট কর্তারা জম্মু কাশ্মীরের জমি ও সম্পদের উপর নিজেদের অধিকার কায়েম করতে পারবে। মোদী সরকারের ৩৭০ ধারা বিলোপের কিছুক্ষণের মধ্যেই গৌতম আদানি টুইটারে জানান দেয় তাঁর খুশির কথা, আহ্লাদে আপ্লুত হয় সে “উন্নয়নের” নামে বিনামূল্যে জনতার সম্পদের উপর মালিকানা পাওয়ার লোভে। আরও অনেক হায়না ও শকুন লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে কাশ্মীরের দিকে, তাকে ছিন্নভিন্ন করে খাওয়ার অভিলাষ নিয়ে।  

চীনের নেতৃত্বে শোধনবাদী বেইমানরা অধীন হওয়া সত্ত্বেও মার্কিন সাম্রাজ্যবাদের দ্বারা যুদ্ধ করে চীন দখল করা ছাড়া ওখানে নব্য উপনিবেশ স্থাপন করা সম্ভব নয়। এই কাজে চীনা মুৎসুদ্দি বুর্জোয়ারা ওদের পক্ষে থাকলেও চীনা জাতীয় বুর্জোয়াদের অংশটি ওদের বিরুদ্ধে চীনা পুঁজির প্রসার সারা বিশ্বে করতে চায়। তাই চীন ও রাশিয়ার বুর্জোয়ারা হাত মিলিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটি কেন্দ্র তৈরি করেছে, যার লক্ষ্য বিশ্বের উপর নিজের প্রতিপত্তি কায়েম করা। ভারতের শাসকশ্রেণী মুৎসুদ্দি বুর্জোয়া হলেও, সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ সাহায্যে তাঁরা কিন্তু সাম্রাজ্যবাদী সম্প্রসারণবাদী ভূমিকা পালন করে। চীনা বুর্জোয়াদের সাথে যুদ্ধে জেতার শক্তি এখনো ভারতের না হওয়ায় চীনের বন্ধু পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে চীন কে মার্কিন সাহায্যে ঘিরে ফেলতে চাইছে নয়া দিল্লি। এই কাজে যত বেশি সুবিধাজনক পরিস্থিতিতে ভারতের শাসক শ্রেণী পৌঁছাবে তত বেশি তাঁরা মার্কিন সাহায্য পাবে এবং কাটমানি আয় করতে পারবে। 

লাদাখ অঞ্চল থেকে চীনের উপর হামলা করার সুবিধাজনক পরিস্থিতিতে আছে ভারত আর তাই মার্কিন সাম্রাজ্যবাদ ভারতের সামরিক অবস্থান কে আজ সমর্থন করবে, বিশেষ করে যখন চীন ও মার্কিন সাম্রাজ্যবাদের মধ্যে প্রচন্ড রকমের ব্যবসায়িক দ্বন্দ্ব চলছে। ভারতের শাসকশ্রেণী যত বেশী করে চীন বিরোধী যুদ্ধের জিগির তুলে মানুষ কে ক্ষেপিয়ে লাদাখের উপর নিজের অন্যায় কতৃত্ব কে বজায় রাখতে পারবে তত বেশি করে মার্কিন সাহায্যের নামে কোটি কোটি ডলার মোদী ও শাহ আয় করতে পারবে, তত বেশি করে আরএসএস এর সিন্দুক উপচে পড়বে। তাই আজ ওদের জম্মু ও কাশ্মীরের মানুষ কে দরকার চীন ও পাকিস্তান-বিরোধী যুদ্ধের কামানের খোরাক বানাবার জন্যে ও লাদাখ দরকার মার্কিন সাম্রাজ্যবাদের ছোড়া রুটির টুকরো খাওয়ার জন্যে।


এর সাথে সাথে ভারতের শাসক শ্রেণী নিজের দালালদের, বেনিয়া মুৎসুদ্দিদের ও প্রতিক্রিয়াশীল সাবর্ণ হিন্দু লোকেদের কাশ্মীরে স্থায়ী বসবাসের জন্য কলোনি বানিয়ে দিতে চায় যে ভাবে জায়নবাদী ইজরায়েল প্যালেস্টাইনের মাটিতে ইহুদী কলোনি গড়ে দেশের জনসংখ্যার অনুপাতে পরিবর্তন করে। এই সেটেলমেন্ট কলোনিগুলো পরবর্তীতে কাশ্মীরের জনসংখ্যার অনুপাত বদল করতে, কাশ্মীরি জনগণের চেয়ে বহিরাগত বৃদ্ধি করতে সাহায্য করবে। এই জনসংখ্যার পরিবর্তনে কাশ্মীরের মানুষ তাঁদের দেশের উপর থেকে নিজেদের অধিকার হারাবেন, নিজ দেশে সংখ্যালঘু হয়ে যাবেন। এই ফাঁকে কোনদিন যদি গণভোট হয় তাহলেও ভারত জিতে যাবে সংখ্যার জোরে।

ভারতের কমিউনিস্ট আন্দোলনের কাশ্মীর রণনীতি কী হওয়া উচিত?


ভারতের রাজনৈতিক ময়দানে কাশ্মীরের সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার অধিকার প্রথম স্বীকার করেন চারু মজুমদার ও তাঁর হাতে গড়া ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) বা সিপিআই (এম-এল), যা নকশালবাড়ি কৃষক বিদ্রোহের আগুনে তপ্ত হয়ে ভারতের বিপ্লবের অগ্রবাহিনী হয়ে ওঠে। কাশ্মীর প্রসঙ্গে ও জাতীয় মুক্তির প্রসঙ্গে একটি সঠিক লেনিনবাদী লাইন গ্রহণ করে সিপিআই (এম-এল) গঠিত হওয়ার আগে ও পরে কাশ্মীরের স্বাধীনতার প্রতি সমর্থন জানায় চারু মজুমদারের নেতৃত্বাধীন বিপ্লবী কমিউনিস্টরা। যদিও কমিউনিস্টরা সর্বদাই বৃহৎ রাষ্ট্রের পক্ষে তবে লেনিনের শিক্ষা অনুসারে তাঁরা বিশ্বাস করেন যে বৃহৎ রাষ্ট্রের ভিত্তি হচ্ছে নানা জাতির, নানা বর্ণের, নানা ভাষার শ্রমজীবী মানুষের ঐক্য আর সেই ঐক্য সুদৃঢ় ও ইস্পাত কঠিন ঠিক তখন হতে পারে যখন সেই ঐক্যের ভিত্তি হয় আলাদা হওয়ার, বিচ্ছিন্ন হওয়ার অধিকার বা প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণের পূর্ণ অধিকার। যে ঐক্য আলাদা হওয়ার, বিচ্ছিন্ন হওয়ার অধিকার স্বীকার করে না সেই ঐক্য হয় শোষনের স্বার্থে ঐক্য, বুর্জোয়া শ্রেণীর স্বার্থে ঐক্য, জনগণের স্বার্থের ঐক্য নয়।

চারু মজুমদার দেখিয়েছিলেন যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এই স্লোগানের তাৎপর্য হলো যে এটা বুর্জোয়াদের একচেটিয়া শোষণের স্বার্থরক্ষা করে, কাশ্মীর কে বৃহৎ বুর্জোয়ার শোষণের জাঁতাকলে পিষ্ট করে। তাই তিনি স্লোগান দেন: “জাতিসত্ত্বার আত্মনিয়ন্ত্রণের অধিকার কে স্বীকার করো; ভারতবর্ষ কে ঐক্যবদ্ধ করো।” ভারতের বিপ্লবী রাজনীতিতে নকশালবাড়ি আজ থেকে ৫২ বছর আগে কাশ্মীরের মুক্তির দাবি তুলেছে এবং ভারতের প্রতিক্রিয়াশীল শাসকদের অধীনে পরাধীন সকল জাতির মুক্তির দাবি তুলেছে। চারু মজুমদারের রাজনীতি আমাদের শিখিয়েছে যে ইন্ডিয়া নামক যে রাজনৈতিক সত্ত্বায় আমরা বাস করি তা নানা জাতির ও নানা ভাষার মানুষের সমন্বয়ে তৈরি আর এই বিবিধ মানুষের ঐক্য হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে। ঔপনিবেশিক শাসনের পরবর্তীকালে ভারত যখন একটি আধা-ঔপনিবেশিক ও আধা-সামন্ততান্ত্রিক দেশে পরিণত হয়, তখন ভারতের শাসকশ্রেণীর কাছে জাতীয় ঐক্য সৃষ্টি করার দুইটি প্রধান অস্ত্র হয় হিন্দি ভাষা ও হিন্দু ধর্ম। এই ঐক্য তাঁদের কাছে অতিপ্রয়োজনীয় যাতে তাঁদের একচেটিয়া শাসন সারা ভারতে বলবৎ থাকে এবং শোষণ ও লুন্ঠন করতে সুবিধা হয়। পাকিস্তানের নামে দেশ ভাগ হওয়ার ক্ষত কে খুঁচিয়ে খুঁচিয়ে এই শাসক শ্রেণী দশকের পর দশক জাগিয়ে রেখেছে নিজের শোষণের স্বার্থে জনগণ কে ভাগ করে দেশের নামে ভূখণ্ড কে একত্রিত রাখতে।


কমিউনিস্টদের কাছে দেশ মানে পাহাড়, নদী, মাটি আর সম্পদ নয়, তাঁদের কাছে দেশ মানে হল সেই দেশের মানুষ, যে মানুষ নিজের শ্রমে দেশ গড়ে তোলে। তাই মাটির ঐক্যের স্বার্থে জনগণ কে ভাগ করার, এক ধর্মের বা জাতির মানুষ কে অন্য ধর্ম বা জাতির উপর, বিশেষ করে একটি সমাজের বা রাজ্যের সংখ্যালঘু, দুর্বল ও শোষিত জাতি, ধর্ম বা বর্ণের মানুষের উপর আক্রমণ করতে উস্কে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে কমিউনিস্টরা চিরকাল লড়াই করে মানুষ কে শ্রেণী স্বার্থের ভিত্তিতে ঐক্যবদ্ধ করে, তাঁদের শোষিত শ্রেণী’র মুক্তির সংগ্রামে অংশগ্রহণ করিয়ে। চারু মজুমদারের শিক্ষা হলো কমিউনিস্টরা জাতীয় মুক্তির সংগ্রাম করবেন না, শুধু শ্রেণী সংগ্রাম গড়ে তুলবেন আর শাসকশ্রেণীর বিরুদ্ধে জনগণের জাতীয় মুক্তি সংগ্রাম কে তাঁরা অবশ্যই সমর্থন করবেন বৃহৎ জাতির ঔদ্ধত্ব না দেখিয়ে।


তাই আজ যখন দেশের ভিতর ফ্যাসিবাদী শাসন কায়েম করে মোদী দেখিয়ে দিল যে সংবিধান ব্যবহার করে সংবিধান কে ধ্বংস করে এই মেকি গণতন্ত্রের মুখোশ ছিঁড়তে তাঁর বেশি সময় লাগবে না, যখন দেশের কোন রাজনৈতিক দল খোলাখুলি কাশ্মীরের জনগণের মুক্তি সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে আগ্রাসী ভারতের শাসকশ্রেণীর মুখোমুখি বিরোধিতা করতে ভয় পাচ্ছে তখন কমিউনিস্টদের চিৎকার করে বলা উচিত “বিদ্রোহ ন্যায় সঙ্গত” ও “ভারতীয় সম্প্রসারণবাদ কাশ্মীর থেকে দূর হঠো।”


আজ দুনিয়ার বুকে কোন বিপ্লবী সমাজতান্ত্রিক রাষ্ট্র নেই যা কাশ্মীরিদের পক্ষে দাঁড়িয়ে অবস্থান নেবে, তাঁদের সাথে দাঁত ও মাড়ির সম্পর্ক গড়ে তুলবে। যদিও পাকিস্তান চেষ্টা করবে তবে তা নিজ স্বার্থে, কাশ্মীর দখল করতে, কাশ্মীর কে স্বাধীন করতে নয়। এমতাবস্থায় কাশ্মীরের মানুষদের নিজেদের মুক্তির সংগ্রাম নিজেদেরই লড়তে হবে, নিজেদের শক্তির উপর ভর করে এবং তাঁরা যদি ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়িয়ে একটি দীর্ঘস্থায়ী সংগ্রাম গড়ে তুলতে পারেন তবে তাঁরা অবশ্যই ভারতের শাসক শ্রেণী কে পরাজিত করতে পারবেন। তাঁদের পাশে তাঁরা সংহতিমূলক লড়াইয়ে পাবেন ভারতের কমিউনিস্ট বিপ্লবীদের, শ্রমিক ও কৃষকের বিপ্লবী সংগ্রাম কে। একদিন চারু মজুমদার বলেছিলেন যে “আজ যদি পশ্চিমবাংলার প্রতিটি কমরেড রক্ত দিতে প্রস্তুত থাকেন তাহলে ঠেকাতে পারবে কি ওরা কোরাপুট কে?” সেই প্রশ্ন আজ কাশ্মীরের জনগণের পক্ষ থেকে উঠে এসেছে বিপ্লবী কমিউনিস্টদের কাছে। আমাদের সংগ্রাম ঠেকাতে পারবে কি আজ কাশ্মীরের গণহত্যা কে? আমাদের শ্রেণী সংগ্রাম রুখে দিতে পারবে কি ফ্যাসিবাদের রথের চাকা কে? বিপ্লবী যুদ্ধ কি প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদী যুদ্ধ কে রুখে দিতে পারবে? এর উত্তর দিতে হবে আমাদের সংগ্রামের ময়দানে, হাতেনাতে লড়াই করে। 

যুদ্ধ ও উগ্র দেশপ্রেমের জিগির তুলে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের ভোটের বাজার দখলের লড়াই কে পরাস্ত করুন


ভাঙচুর চলছে, দেশপ্রেমের ভাঙচুর। সেই পুরানো চাল ভাতে বাড়ছে শাসকশ্রেণী আর গোগ্রাসে তা চেটেপুটে খাচ্ছে আমাদের দেশপ্রেমের নেশায় আচ্ছন্ন সাবর্ণ শহুরে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত লোকেরা। যুদ্ধ চাই, ভীষণ যুদ্ধ চাই তাদের, আর যুদ্ধের তর সইছে না, অবিলম্বে যুদ্ধ চাই। পাকিস্তানের লাশ দেখে তবেই এবার নাস্তা পানি খাবেন কর্তারা, তাই ফেসবুক, টুইটার সহ নানা সোশ্যাল মিডিয়ায় চলছে যুদ্ধ যুদ্ধ খেলা। 

পুলওয়ামা হামলা হওয়ার পর থেকেই যুদ্ধের জিগির একদম ছাদ ভেদ করে আকাশে পৌঁছে যেতে চায়। তাই চিৎকার — যুদ্ধ চাই, যুদ্ধ চাই। যুদ্ধ না হলে তো আর হিসেব নিকেশ হবে না, নিরামিষাশী মোদী ভক্তদের রাতের পনীর মশালা হজম হবে না, সকালে পরিষ্কার মলত্যাগ হবে না। তাই যুদ্ধ চাই, রক্তে স্নাত মাটি দেখেই আজ চোখ জুড়াবে ভক্তকুলের। 

তাই সেই ভারত যখন চীন আক্রমণ করে ১৯৬২ সালে তখন যেমন চিনা বাদাম ওয়ালা কে গড়ের মাঠে ফেলে পেটাতো কংগ্রেস দলের গুন্ডারা বা মহিলাদের লাল ব্লাউজের উপর ব্লেড চালাতো, বা কমিউনিস্টদের বন্দী করে জেলে রেখে অত্যাচার করতো, তেমনি আজ কাশ্মীরি মানুষ, যাদের জমি কে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে দাবি করে দেশপ্রেমিকদের দল, তাদের দেখতে পেয়েই রে রে করে তেড়ে মারতে যাচ্ছে গেরুয়া ফেট্টি বাঁধা দেশপ্রেমিক বাছুরের দল, স্লোগান তাদের “জ্যায় সিরি রাম” আর হাতে তাদের ধারালো অস্ত্র। 

খুঁজে খুঁজে আক্রমণ করা হচ্ছে কাশ্মীরি ছাত্র-ছাত্রীদের, ব্যবসায়ীদের, এমনকি প্রসিদ্ধ ডাক্তারদের। হুমকি দেওয়া হচ্ছে, ধরে পেটানো হচ্ছে, দেরাদুন, জম্মু প্রভৃতি জায়গায় কাশ্মীরি মানুষদের তাড়িয়ে দেওয়া হচ্ছে আর লাগানো হচ্ছে দেশদ্রোহীর তকমা। এই আক্রান্ত মানুষদের, যারা ওই মৃত জওয়ানদের মতন যুদ্ধ করতে গিয়ে আক্রমণের লক্ষ্যবস্তু হননি, বরং নিজের জীবনযাপনের তাগিদে, লেখাপড়া শেখার তাগিদে, চাকরী করার তাগিদে নিজ ভিটে মাটি ছেড়ে ভারতের নানা কোনায় পড়ে আছেন হৃদয়ের এক কোণে একটুকরো কাশ্মীর কে লালন করে, তাদের রক্ষা করতে যে বা যারা এগিয়ে এসেছেন তারাও আক্রান্ত হয়েছেন বিবেচনাহীন, ফ্যাসিবাদের গরল পান করা উগ্র দেশপ্রেমিক নামক সংঘ পরিবারের সন্ত্রাসীদের  হাতে। 

যে বা যারা করেছে যুদ্ধের বিরোধিতা তারা আজ দেশদ্রোহী, যে বা যারা ভারত রাষ্ট্রের কাশ্মীরের উপর সামরিক দখলদারি’র বিরোধিতা করছে তারা দেশদ্রোহী, যারা আজ সাধারণ মানুষের উপর দেশপ্রেমের লেবেল আঁটা হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বিরোধিতা করছে তারা আজ দেশদ্রোহী হিসেবে রাষ্ট্র ও রাষ্ট্রের পোষ্য বাহিনীর কাছে চিহ্নিত হচ্ছে। আর এই বিষয়ে পশ্চিমবঙ্গ যে ভাল আছে তা কিন্তু মোটেই নয়। 

যুদ্ধের বিরুদ্ধে, সেনা নিয়ে নির্লজ্জের মতন রাজনীতি করার বিরুদ্ধে, সাম্প্রদায়িক ঘৃণার বিরুদ্ধে মুখ খোলায় পশ্চিমবঙ্গেও হাজারে হাজারে গেরুয়া বাহিনীর জওয়ান’রা আক্রমণ করছে মুক্ত চিন্তার মানুষদের, বামপন্থীদের এবং অন্যান্য সকলকেই যারা রক্ত চাই, রক্ত চাই বলে চিৎকার করছে না। আক্রান্তদের বাঁচাতে গড়ে উঠছে না কোন বিপ্লবী ফ্যাসিবিরোধী ব্যারিকেড, আর তাই এই একের পর এক হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট আক্রমণে জর্জরিত হচ্ছে পশ্চিমবঙ্গের প্রগতিশীল চেতনার মানুষ।

বনগাঁ থেকে হাওড়া, কলকাতা থেকে সুদূর রানীগঞ্জ সর্বত্রই হিন্দুত্ববাদী শক্তি নিজের পেশীর জোর দেখিয়ে ভোটের আগে বাজার গরম করতে নেমেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বা আশ্বাস দিয়েছেন যে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হাত থেকে মানুষকে রক্ষা করবে তাঁর সরকার কিন্তু কার্যক্ষেত্রে তা যে ফাঁকা বুলি সবাই জানে। তৃণমূলের পৃষ্টপোষকতা ছাড়া বিজেপি ও আরএসএসের এই রাজ্যের বুকে এই ভাবে বুক বাজিয়ে মানুষের বাড়িতে শয়ে শয়ে গুন্ডা নিয়ে গিয়ে আক্রমণ করা সম্ভব হতো না। 

সামনে লোকসভা নির্বাচন আর এই সময়ে এই রকম ভাবে উগ্র দেশপ্রেমের উদ্দীপনা সৃষ্টি করে নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক অন্যায়গুলো কে চাপা দিয়ে দেওয়ার সুযোগ কি আর কেউ খোয়াতে চাইবে, যখন সেই অন্যায় নীতির ফলে দেশের অর্থনীতি গত পাঁচ বছরে এমন গড্ডালিকায় গিয়ে ঢুকেছে যে তার বেরিয়ে আসা দুস্কর? 

তাই ২০০২ সালে গুজরাটে মুসলিম নিধন যজ্ঞ শুরু করার আগে নরেন্দ্র মোদী যে ভাবে লক্ষ লক্ষ ফ্যাসিস্ট সন্ত্রাসীদের সাহায্যে গোধারা রেল স্টেশনে আগুনে পুড়ে মৃত ৫৬ জন আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের মৃতদেহ দাহ না করতে দিয়ে আহমেদাবাদে নিয়ে এসে সারা শহর প্রদীক্ষণ করিয়ে সাম্প্রদায়িক ঘৃণার বিষবাষ্প ছড়িয়ে নিজের রাজনৈতিক অভীষ্ট অর্জন করেছিলেন, ঠিক সেই ভাবেই  ছকটা আবার তৈরী করা হচ্ছে। 

প্রতিটি মৃত জওয়ানের পরিবারের সম্মতি ছাড়াই বিজেপি তাঁদের মৃতদেহ নিয়ে বিশাল বিশাল মিছিলের আয়োজন করেছে। না, তাঁদের শ্রদ্ধা জানাতে নয়, বরং এই সুযোগে মুসলিম-বিরোধী বিদ্বেষের বীজ কে চারায় রূপান্তরিত করতে, কাশ্মীরের মাটিতে ভারতের শাসকশ্রেণীর দ্বারা নিষ্ঠুর ভাবে জনগণ কে অত্যাচার ও শোষণ করার কাজে সমর্থন আদায়ের স্বার্থে, আগামী নির্বাচনে মোদী ও বিজেপি কে আতঙ্কের থেকে ভোট দেওয়ানোর স্বার্থে এই মিছিলগুলি’র আয়োজন করা হয়েছে। এই মিছিলগুলি সিআরপিএফের নিহতদের শেষ যাত্রার মিছিলের জায়গায় গণতন্ত্রের অবশিষ্টের অন্তর্জলি যাত্রা হিসেবে বেশি কুখ্যাতি অর্জন করেছে। 

যত বেশি করে লাশ নিয়ে মিছিল বিজেপি ও আরএসএস করছে, তত বেশি করে দেশের প্রান্তে প্রান্তে কাশ্মীরি মানুষদের উপর বেছে বেছে হামলা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরে মুসলিম মানুষদের বেছে বেছে হামলার সম্মুখীন হতে হচ্ছে। তেরঙা ঝাণ্ডা নিয়ে মিছিল করে, পাকিস্তান কে গাল পেড়ে আসলে দেশজুড়ে মুসলিম বিদ্বেষের আগুনে হাওয়া দিয়ে নির্বাচনের আগে নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইছে বিজেপি ও মোদী সরকার। সারা দেশের সংখ্যাগুরু হিন্দু সমাজের মধ্যে তীব্র ভাবে কাশ্মীরি মানুষদের ব্যাপারে ও মুসলিম জনতার ব্যাপারে যে ভীতি গেড়ে বসে আছে তার আঁচে হাওয়া দিয়ে নিজের নির্বাচনী স্বার্থসিদ্ধি করে নেওয়াই এখন রাফ্যাল থেকে নীরব মোদী কাণ্ডে জর্জরিত বিজেপি’র অভিলাষ। এই অভিলাষ চরিতার্থ করতে বিজেপি ও আরএসএস কিন্তু যে কোন সীমা ছাড়িয়ে নোংরামো করতে পারে আর তা বুঝতে হলে আপনাকে রাজনীতি নিয়ে পিএইচডি করতে হবে না। 

প্যাটার্নটা কিন্তু সেই একই। জায়গায় জায়গায় কাশ্মীরি মানুষদের উপর আক্রমণের প্যাটার্নটা এক, আক্রমণের সমর্থনে সিআরপিএফের জওয়ানদের মৃত্যুর যুক্তি ব্যবহার করে অপরাধটাকে ঢাকার চেষ্টা চলছে। সেই ২০০২ সালে যেমন মোদী নিউটনের তৃতীয় নিয়ম উল্লেখ করে বলেছিলেন যে গুজরাটে মুসলিম নিধন যজ্ঞ আসলে গোধারা কাণ্ডের “রিয়্যাকশন” মাত্র, তেমনি আজ সাম্প্রদায়িক হিংসা কে, গণতন্ত্র-বিরোধী হিংসা কে জনগণের রোষ বলে চালানোর চেষ্টা করছে বিজেপি ও আরএসএস। 

দেশের সব বড়-ছোট সংবাদ মাধ্যমের মুখে কাপড় গুঁজে তাদের কোন ধরণের সরকারের সমালোচনা করতে দেওয়া হচ্ছে না। মোদী’র পদলেহী সব সংবাদ মাধ্যম যুদ্ধং দেহি মনোভাব নিয়ে এমন এক আলোচনা চালাচ্ছে যার সব দিকেই যুদ্ধ কে, হিংসা কে কাশ্মীরের মতন একটি জটিল সমস্যার সমাধান হিসাবে তুলে ধরা হচ্ছে। এ এক ভয়ঙ্কর পরিস্থিতি। সংখ্যালঘু মানুষরা, বিজেপি বিরোধীরা আর হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ-বিরোধীরা যে কেউ এই আক্রমণের শিকার হতে পারেন।

আর এই হট্টগোলে কেউ একবারও জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না যে পুলওয়ামায় সিআরপিএফের জওয়ানদের উপর আক্রমণ কাদের ব্যর্থতায় হলো? কে এর দ্বায়িত্ব স্বীকার করছেন? কে পদত্যাগ করলেন? কেন মোদী সরকারের কাশ্মীর নীতি কাশ্মীর কে রক্তের বন্যায় ভাসিয়ে দিল?   

দীর্ঘ ৭০ বছর ধরে কাশ্মীরের সমস্যা কে নিজ রণনৈতিক কারণে জিইয়ে রেখেছে ভারতের শাসকশ্রেণী। স্বাধীনতাকামী কাশ্মীরের মানুষের সাথে গণভোট নিয়ে দীর্ঘ ৪০ বছর ধরে প্রতারণা করার পরেই কিন্তু বিদেশী শক্তির অনুপ্রেরণায় ১৯৮৯ সাল থেকে জঙ্গী আন্দোলন গড়ে ওঠে কাশ্মীর উপত্যকায় যার জের আজ পর্যন্ত চলছে। 

চরম সামরিক আগ্রাসন ও দৈনিক অকথ্য অত্যাচার, গুমখুন, ধর্ষণ ও ব্যাপক হারে ভারত রাষ্ট্রের দ্বারা নিরীহ স্বাধীনতাকামী কাশ্মীরিদের নরসংহার হওয়া সত্ত্বেও কিন্তু কাশ্মীরের সাধারণ মানুষ স্বাধীনতার দাবির থেকে, নিজেদের আত্মনিয়ন্ত্রণের দাবির থেকে এক চুলও নড়েননি। প্রতি গ্রীষ্মে বরফ গললে তারা কিন্তু পথে নেমে বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনা বাহিনীর সাথে হাতে পাথর নিয়ে যুদ্ধ করেন, গুলি বা ছররা খেয়েও তারা গলা ফাটিয়ে ভারতের থেকে স্বাধীনতা চান।

হায়না যেমন লাশের ঘ্রাণ পেয়ে আহ্লাদে আটখানা হয়ে ওঠে, আমাদের পেট ভরে খেতে পাওয়া, মোটা অর্থ আয় করা, সাবর্ণ উচ্চবিত্ত ও শহুরে মধ্যবিত্ত শ্রেণীর তথাকথিত দেশপ্রেমের ধ্বজ্জাধারীরা ঠিক তেমনি কাশ্মীরের মাটিতে সেনা বা আধা বা সিকি সেনার গুলিতে প্রাণ হারানো কাশ্মীরি মানুষের লাশ দেখে সেই রকমই উল্লাস প্রকাশ করে। কাশ্মীরের শিশুর চোখ লক্ষ্য করে ভারত রাষ্ট্র ছররা ছুড়লে তারা হুইস্কির গ্লাসে তুফান তুলে সেই ঘটনা কে স্বাগত জানায়। তারা ক্ষেপে যায় শুধু কাশ্মীরের মানুষ কে পাল্টা প্রতিরোধ করতে দেখলে। তারা রেগে যায় জনগণ কে পাথর ছুড়তে দেখলে। কারণ তখন তাদের জাতীয়তাবাদী অনুভূতিতে সুড়সুড়ি লাগে। 

কাশ্মীরের মাটিতে বিদ্রোহ শুরু হওয়ার ৩০ বছরে প্রায় ১০০,০০০ মানুষ খুন হয়েছেন, যাদের সিংহভাগ’ই কিন্তু সাধারণ মানুষ। অনেক ভুয়ো এনকাউন্টার, কাস্টডিয়াল ডেথ, গুম খুন করে লাশ গোপন স্থানে কবর দিয়ে দেওয়া, নারীদের সামরিক বাহিনীর দ্বারা গণধর্ষণ করানো, ইত্যাদি, অকথ্য অত্যাচার দীর্ঘদিন ধরে বিরামহীন ভাবে চলছে। তবুও এই রাষ্ট্রীয় হিংসা, রক্তপাত ও নারীর উপর অত্যাচার হিন্দুত্ববাদের গরল পান করা তথাকথিত দেশপ্রেমিকদের উদ্বেলিত করে না। 

তারা প্রশ্ন করেননা ভারতের জনতার রক্ত ঘামের টাকা প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে আদায় করে নিজের রাজত্ব চালানো সরকার কে — যে কেন কাশ্মীরে এত রক্তপাত? কেন গণতান্ত্রিক ভাবে, আলোচনা করে এই সমস্যার রাজনৈতিক সমাধান না খুঁজে শুধুই বন্দুকের নলের থেকে সমাধান বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার? কেন সরকার কাশ্মীরি মানুষদের মানুষ না ভেবে শুধুই বন্দুকের টিপ প্র্যাকটিস করার উপকরণ হিসেবে গণ্য করছে? 

তারা উদ্বেলিত হয় না কারণ তাদের দেশপ্রেম তাদের মতনই ঠুনকো। তাদের দেশপ্রেম অমর শহীদ ভগত সিং, রাজগুরু, সুখদেব, মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, ক্ষুদিরাম, ইত্যাদির দেশপ্রেমের মতন সাচ্চা না, বরং হেগড়েওয়ার, গোলওয়ালকার, সাভারকার বা শ্যামা মুখুজ্জ্যে’র মতন নকল দেশপ্রেম, সাম্রাজ্যবাদের জুতো চাটার বহিঃ আবেশ, যাতে তাদের আসল ঘৃণ্য চেহারাটা প্রকাশিত না হয়। 

এরা দেশ বলতে বোঝে এক টুকরো মাটিকে, পাথরকে, পাহাড় আর নদীকে, এরা দেশ বলতে বোঝে দেশের জমি ও সম্পদ কে। দেশের ব্যাখ্যায় এদের অভিধানে মানুষের কোন স্থান নেই। তাই মানুষ কে মেরে ফেলা চলবে তবে জমি এদের চাইই চাই। যখন বিদেশী কর্পোরেশনগুলি ভারতের সম্পদ লুঠ করে নিয়ে যায়, ভারতের মুৎসুদ্দি পুঁজিপতিরা যখন জনগণের করের টাকা চুরি করে নিজেদের সম্পদ বৃদ্ধি করে, দেশের প্রধানমন্ত্রী যখন বিদেশী পুঁজির গোলামী করে, তখন এদের দেশপ্রেম ঘুমিয়ে থাকে লেপ মুড়ি দিয়ে। 

যখন কোন বেহায়া হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী ব্রিটিশ সাম্রাজ্যের প্রাক্তন মহারানী ভিক্টোরিয়া’র জন্মদিন পালন করে তাঁকে দেশের রক্ষাকারী বলে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন কে স্বাগত জানায়, তখন এরাই নির্লজ্জের মতন তাঁকে সাবাস বলে পিঠ চাপড়ায়। অনাহারক্লিষ্ট আদিবাসীরা যখন না খেতে পেয়ে মরে যায় তখন এরা ফাস্টফুড খেতে ব্যস্ত থাকে, যখন রাইফেলের জোরে, রকেট লঞ্চারের জোরে ছত্তিশগড় বা ঝাড়খণ্ডের আদিবাসীদের সরকার তাঁদের গ্রাম, জঙ্গল বা জমির থেকে উচ্ছেদ করতে চায়, তখন “উন্নয়নের” ডঙ্কা বাজিয়ে এই অকাল কুষ্মান্ডের দল তা সমর্থন করে। এর ফলেই নির্লজ্জ ভাবে বুক বাজিয়ে কাশ্মীরের জনগণের ওপর চলমান অত্যাচার ও শোষণ কে এরা দুই হাত তুলে সমর্থন করতে পারে আর জনগণের পাল্টা প্রতিরোধ কে, তাদের পাল্টা সংগ্রাম কে ভীষণ ভাবে ঘৃণা করতে পারে, কারণ মানুষ এদের শত্রু আর বৃহৎ পুঁজির ছুড়ে দেওয়া হাড় এদের খাদ্য।

তাই আধা সেনা হত্যার বিরোধিতা করার নাম করে যারা আরো বেশি বেশি করে হিংসা চালাতে চাইছে, যারা সরকার কে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন না করে ঝুটা দেশপ্রেমের জিগির তুলে সরকার বিরোধীদের, বিশেষ করে গণতান্ত্রিক ও বামপন্থী বিরোধীদের উপর একেবারে পরিকল্পনা করে হামলা করতে শুরু করেছে, তারা কিন্তু আজ দেশের জনগণের, খেটে খাওয়া মানুষের বড় শত্রুতে পরিণত হয়েছে। 

সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে আরএসএস’র পুষ্যি বাহিনী বিরোধীদের বিরুদ্ধে কুৎসা রটনা করছে, সিআরপিএফের মৃত জওয়ানদের রেফারেন্স টেনে এনে বাম ও গণতান্ত্রিক বিরোধীদের হিটলারের কায়দায় হত্যা করার ষড়যন্ত্র কে উন্মোচন করছে। তার কারণ হলো এই বিরোধীরা মোদী সরকারের অপদার্থতা কে তুলে ধরে কঠিন প্রশ্ন তুলছেন, খেটে খাওয়া মানুষের খাদ্য-রোজগার-স্বাস্থ্য-শিক্ষা-সামাজিক সুরক্ষার দাবি তুলে সরকারকে তুলোধুনো করছেন, শ্রমিক-কৃষক ও মেহনতি মানুষের কথা তুলে উগ্র জাতীয়তাবাদী প্রচারের ঝড় কে রুখে দিচ্ছেন। তাই বিরোধীদের দমন করা আজ বিজেপি-আরএসএস ও তাদের পেয়াদাদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। 

সামনে কঠিন সময়। উগ্র জাতীয়তাবাদ, যুদ্ধের জিগির আর সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে বিজেপি আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে চাইবে। তারা চাইবে সমস্ত বিরোধীদের নিস্তব্ধ করে দিয়ে দেশের জনগণের শ্রম, দেশের খনিজ সম্পদ, মাটি, জঙ্গল ও জল বৃহৎ বিদেশী একচেটিয়া পুঁজি ও তাদের দালাল দেশী মুৎসুদ্দি পুঁজিপতিদের হাতে তুলে দিতে। মোদী চাইবে সাম্প্রদায়িক ভাবে বিভক্ত দেশের জনগণের উপর ছড়ি ঘুরিয়ে নিজের সিন্দুকে ধনের পাহাড় জড়ো করতে। দেশের মানুষ খেতে চাইলে, রোজগার চাইলেই তাদের পাকিস্তানের সাথে যুদ্ধ দেখানো হবে, দেশপ্রেমের নাম করে রাষ্ট্র প্রেম শেখানো হবে। আর এই সোজা হিসাবটা যদি কেউ জনগণের সামনে তুলে ধরতে চান তাহলেই তাকে “দেশদ্রোহী” তকমা পেয়ে আক্রমণের লক্ষ্যবস্তু হতে হবে। 

কাশ্মীরি জনগণের উপর চলতে থাকা আক্রমণ কে রুখতে, গণতান্ত্রিক ও প্রগতিশীল মানুষের উপর হতে থাকা আক্রমণ কে রুখতে, দেশের নানা প্রান্তে যুদ্ধ উন্মাদনা  সৃষ্টি করার বিরুদ্ধে লড়াকু শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের উপর চলমান রাষ্ট্রীয় নিপীড়ন ও হিন্দুত্ববাদী আক্রমণ কে রুখতে আজ পথ নিতে হবে সক্রিয় প্রতিরোধের আর তা করতে গেলে প্রথমেই সাধারণ খেটে খাওয়া মানুষকে রাজনৈতিক ভাবে জাগ্রত করে তাদের নেতৃত্বে উত্তীর্ণ করতে হবে এই প্রতিরোধ সংগ্রামের। 

খাদ্যের দাবি, কর্ম সংস্থানের দাবি, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবি, শ্রমিকের ন্যূনতম বেতন ₹১৮,০০০ করার দাবি, শিক্ষা খাতে জিডিপি’র ১০% বরাদ্দ করার দাবি, জনস্বাস্থ্য ব্যবস্থা কে ঢেলে সাজিয়ে জনগণ কে বিনামূল্যে শ্রেষ্ঠ চিকিৎসা দেওয়ার দাবি, দলিত-আদিবাসী-মুসলিম-খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের সমান অধিকার ও বৈষম্যহীন সুযোগের দাবি তুলে আজ জনগণ কে তাদের শত্রু মোদী ও তাঁর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে টেনে আনতেই হবে। একমাত্র শ্রমিক-কৃষক ও মেহনতি জনতার ঐক্যবদ্ধ সংগ্রামই পারবে মানুষের জীবন কে যুদ্ধের করাল গ্রাস থেকে রক্ষা করতে ও ভারতবর্ষের মাটিতে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ কে কবর দিতে। তাই বিলম্ব না করেই বাস্তবের মাটিতে এই লড়াইয়ে মানুষের শত্রু কে পরাস্ত করতে এগিয়ে আসুন, জনতার সাথে একাত্ম হোন আর প্রতিরোধের  রাজনীতি দিয়ে তাদের সৃজনীশক্তি’র বিকাশ ঘটান। 


কাশ্মীরের জনগণের স্বাধীনতার সংগ্রাম ভারতের সেনার পেশী শক্তিতে ভীত সন্ত্রস্ত নয়

কাশ্মীরের মাটিতে ভারতের সম্প্রসারণবাদের বিরুদ্ধে পাথর যুদ্ধে রত কিশোরী

কাশ্মীরের মাটিতে ভারতীয় সেনার বিরুদ্ধে বিক্ষোভ ও বিদ্রোহ বিপুল ভাবে ছড়িয়ে পড়ছে আর কাশ্মীরের আবাল-বৃদ্ধ-বণিতার ছোড়া প্রতিটি পাথর বিজেপি ও আরএসএস এর সেই “নোটবন্দি হওয়ায় পাথর ছোড়া বন্ধ হয়ে গেছে” গোছের দাবিকে চূর্ণ বিচূর্ণ করছে। আর এই জনজাগরণের বিরুদ্ধে ভারতে উঁচু জাতের হিন্দু মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা রোজ গলা চড়িয়ে সেনাবাহিনী কে গণহত্যা করার জন্যে দাবি জানানো সত্বেও এবং মোদী সরকারের দ্বারা কট্টর ব্রাক্ষণত্ববাদী বিপিন রাওয়াত কে কাশ্মীরিদের উপর অকথ্য অত্যাচার করে এই গণ সংগ্রাম বন্ধ করার দ্বায়িত্ব ন্যস্ত করা সত্বেও কাশ্মীরের মাটিতে সরকারি সন্ত্রাস ডাহা ফেল করছে। কাশ্মীরের জনগণ মাথা উঁচু করে সংগ্রাম করছেন।

যদিও ভারতীয় সেনা বাহিনীর জেনারেল বিপিন রাওয়াত, নিজ সামন্ততান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়ে একবিংশ শতাব্দীতেও ঘোষণা করে চলেছে যে আধিপত্য বজায় রাখতে হলে ভারতীয় সেনা কে জনগণের মধ্যে নিজ-সম্পর্কে ভীতি সঞ্চার করতেই হবে, তবুও কার্যক্ষেত্রে এই সামন্ততান্ত্রিক চেতনা দিয়ে গড়ে তোলা - নয়া ঔপনিবেশিক শাসন ব্যবস্থা কে রক্ষা করার বাহিনী - ভারতীয় সেনা কিন্তু আজ রোজ অসংখ্য মানুষ কে গুলি করে মেরেও ভারত কাশ্মীরের জনগণের মধ্যে ভীতি সঞ্চার করতে পারছে না, আর যেহেতু ভারতের সেনা বাহিনী জনগণের মধ্যে নিজের শক্তি সম্পর্কে ভীতি জাগ্রত করেই নিজের প্রতিপত্তি কায়েম করতে সক্ষম হয় তাই সেই কাজে অক্ষম হয়ে এই বাহিনী কাশ্মীরের মাটিতে হেরো বাহিনীতে পরিণত হয়েছে।

লিতুল গগৈ এর মতন এক ঘৃণ্য যুদ্ধাপরাধী কে ভারতীয় সেনার দ্বারা মেডেল দেওয়া কোন বড় ব্যাপার নয় কারণ লিতুল গগৈ’র আগে ভারতের শাসক শ্রেণীর, টাটা-আম্বানি-আদানি ও জোতদার-জমিদারদের স্বার্থ রক্ষাকারী সেনা বাহিনী ও আধা সেনা বাহিনী সেই সমস্ত অফিসার ও সৈনিকদের পুরস্কৃত করেছে যারা নানা ভাবে জনগণের উপর অত্যাচার করে বা সন্ত্রাস ছড়িয়ে শাসক শ্রেণীর প্রভাব ও আধিপত্য বিস্তার করতে সাহায্য করেছে। তাই কুনান পোশপারায় গণধর্ষণ থেকে শুরু করে কাশ্মীরের অসংখ্য গণহত্যা ও গুমখুনের হোতা সেনা জওয়ানদের দেওয়া হয় বড় বড় পুরস্কার ও প্রচুর অর্থ ও সুযোগ সুবিধা। সেই খুনি ও ধর্ষকদের বিরুদ্ধে পাথর ধেয়ে আসলেই বলা হয় “গরিবের ছেলেটা কে মারছে” আর সেই মধ্যবিত্তরা, যারা দিল্লিতে একটি ছাত্রীর গণধর্ষণের পরে সারা দেশ জুড়ে আন্দোলনের পথে নেমেছিল, তারাই কুনান পোশপারায় ৯ বছর থেকে ৭০ বছরের নারীদের গণধর্ষণকারী জওয়ানদের বাহবা দেয় দেশ প্রেমের মূর্ত স্বরূপ বলে।

ভারতের মাটিতে কাশ্মীর কে কেন্দ্র করে যেহেতু সংখ্যাগরিষ্ঠ সাবর্ণ হিন্দু উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের কে ভারতের শাসক শ্রেণী এক ছাতার তলে আনতে সক্ষম হয়েছে এবং কাশ্মীরের উপর ভারতীয় অধিগ্রহণ কে বজায় রাখার সামাজিক স্তম্ভ রূপে এই সমর্থন কে কাজে লাগাতে সক্ষম হয়েছে, তাই নরেন্দ্র মোদীর সরকারের পক্ষে ভারতের মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের কাছে কাশ্মীরের জনগণের উপর অকথ্য সামরিক দমনপীড়ন ও অত্যাচার চালানোর জন্যে কোন অনুশোচনা করতে যেমন হচ্ছে না, তেমনি কোন রকমের জবাবদিহিও করতে হচ্ছে না। জনগণের করের টাকায় কাশ্মীরের মানুষ মারার জন্যে বেশি বেশি করে সৈন্যবল কে পাঠানো হচ্ছে জনগণের রক্তে হোলি খেলার জন্যে ও ভারতের ঔপনিবেশিক শাসন ও আগ্রাসন কে বজায় রাখার জন্যে। মনিপুর, নাগাল্যান্ড থেকে কাশ্মীরে তাই নির্বিচারে গণহত্যা করা আজ একেবারে জলভাত হয়ে গেছে। আর সাবর্ণ মধ্যবিত্তদের ও উচ্চবিত্তদের কাছে এই রক্তপাত আজ স্বস্তিদায়ক, তাঁদের মুসলিম বিদ্বেষী আত্মা আজ পরিতৃপ্ত।  

বর্তমানে অনেক বিরোধী দল ও শক্তি নরেন্দ্র মোদীর সরকার ও আরএসএস এর দিকে কাশ্মীর সমস্যাকে বেড়ে যেতে দেওয়ার অভিযোগ করে তর্জনী তুলেছে। ব্যাপারটা এমন ভাবে পেশ করা হচ্ছে কিছু কর্পোরেট সংবাদমাধ্যমে, যেন কাশ্মীরের সমস্যা কে খুব সহজেই সমাধান করা যেত, কিন্তু যেহেতু নরেন্দ্র মোদী কাশ্মীরের মাটিতে হিংসার আবহাওয়া কে জিইয়ে রেখে রাজনৈতিক ভাবে হিন্দুত্বের ঝান্ডা কে বলিষ্ঠ ভাবে ভারতীয় সাবর্ণ হিন্দু উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে গেড়ে দিয়ে নিজের প্রতিপত্তিকে শক্তিশালী করতে উদগ্রীব, তাই এই সমস্যার কোন সমাধান হচ্ছে না। আর মূলধারার প্রচার মাধ্যমের তথাকথিত সরকার-বিরোধী পক্ষের এই যুক্তি মোদী ও হিন্দুত্ববাদ-বিরোধী ভারতের বেশির ভাগ মানুষই মেনে নিতে বাধ্য হচ্ছেন। কাশ্মীরের সমস্যা সমাধানের পথ বাতলানো হচ্ছে আলোচনার টেবিলের মাধ্যমে, যদিও সেইরকম হাজারো আলোচনা অতীতে ভেস্তে গেছে ও কোন ধরণের সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করেনি।  

তবে আমাদের কাছে আজ সমস্যাটা নরেন্দ্র মোদীর অপশাসনের নয় বরং কাশ্মীর নিয়ে ভারতের শাসকশ্রেণীর দীর্ঘ দিন ধরে চলে আসা নীতির প্রশ্ন। কাশ্মীর কি ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ? কাশ্মীরের জনগণ কি নিজেদের ভারতের নাগরিক হিসেবে মনে করেন? ভারতের সেনা কে কি কাশ্মীরের জনগণ ডেকে নিয়ে গেছিলেন উপত্যকায়? কাশ্মীরের বিক্ষোভকারীরা কি জনগণের একটা ছোট অংশমাত্র?

উপরোক্ত প্রশ্নগুলির জবাব আপনি নানা শিবিরে নানা রকমের শুনবেন। যদি আপনি বিজেপির শিবিরে যান বা অর্ণব গোস্বামীর মতন ঝানু হিন্দুত্ববাদী সাংবাদিকের বাচালি শোনেন, অথবা যদি আপনি বলিউডের “দেশপ্রেমিক” মশলা মেশানো সিনেমা দেখেন তাহলে আপনার মনে হবে কাশ্মীরের মানুষ ভারত কে নাকি ভালোবাসেন এবং কাশ্মীর নাকি ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, বা কাশ্মীরের মাটিতে সেনাবাহিনী সঠিক কাজই করছে, ইত্যাদী। অথচ, যদি আপনি সেই একই প্রশ্নের জবাব খুঁজতে দক্ষিণ থেকে উত্তর সমগ্র কাশ্মীর চষে বেড়ান তাহলে শুনবেন একটাই কথা, কাশ্মীর দক্ষিণ পূর্ব এশিয়ার প্যালেস্তাইন বা উত্তর আয়ারল্যান্ড আর ভারতের ভূমিকা এখানে জায়নবাদী ইস্রায়েল বা ব্রিটিশ সাম্রাজ্যবাদের চেয়ে কম নয়।

কাশ্মীরের মানুষ আপনাকে শোনাবেন যে তাঁরা চান স্বাধীনতা, নিজেদের ভাগ্য নিজে নির্ধারণ করতে চান তাঁরা। কাশ্মীরের জনগণের কাছে ভারতের ফৌজ এক বিদেশী আগ্রাসী বাহিনী বাদে কিছুই নয় এবং এই ফৌজের বিরুদ্ধে সংগ্রাম করা কে তাঁরা নিজেদের পবিত্র কর্তব্য হিসেবে গণ্য করেন।  তাঁরা অনেকদিন শান্তিপূর্ণ ভাবে নির্বাচনের পথে অংশগ্রহণ করেছিলেন কারণ বিএসএফ বা রাজপুতানা রাইফেল তাঁদের মাথায় রাইফেল ঠেকিয়ে তাঁদের ভোটদানে অংশগ্রহণ করতে বাধ্য করেছিল বলে। যে অল্প কয়েকজন মানুষ স্বেচ্ছায় ভোট দেন, তাঁরা ভোট দেন অনেক সময় জলের কল, রাস্তার পিচ, বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবার জন্যে, তাঁরা কাশ্মীরের সমস্যার রাজনৈতিক সমাধান খোঁজার লক্ষ্যে ভোট দেননা।  

ভোটের চেয়ে কার্যকরী কাশ্মীরের জনগণ আন্দোলন ও সংগ্রামের পথ কে মনে করেন আর তাই তাঁরা কাশ্মীরের রাস্তায় আজ অবলীলায় নেমে আসছেন, নারী-পুরুষ নির্বিশেষে, এবং নিজেদের মধ্যে ঢুকে থাকা সালাফিবাদী জাকির মুসার মতন বেইমানদের ছুড়ে ফেলছেন কারণ তাঁরা বুঝেছেন যে বিরাট গণ আন্দোলন বা সংগ্রাম ছাড়া ভারতের থেকে তাঁদের স্বাধীন হওয়ার সব রাস্তা বন্ধ। তাঁদের আন্দোলন ইন্টারনেট ব্যান, বিচ্ছিন্ন টেলিফোন ও প্রচার মাধ্যমের কারণে সর্বদা বাইরে আসতে সক্ষম নয়, তাঁদের ছোট ছোট বিজয়গুলোর খবর ভারতের সংগ্রামী জনগণ সবসময়ে জানতে পারেন না, তবুও প্যালেস্তাইনের থেকে দৃঢ় হয়ে আর আয়ারল্যান্ডের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হয়ে কাশ্মীরের মানুষ আজ লড়ছেন।  

আন্তর্জাতিক ভাবে যেহেতু ভারত বিশ্বের উপর প্রভুত্ব কায়েম করা মার্কিন একচেটিয়া ও লগ্নি পুঁজি কে লোভনীয় বাজার, সস্তা কাঁচামালের উৎস, ও সস্তা শ্রমের যোগান দেয়, এবং যেহেতু এখানকার শাসকশ্রেণী বিনা দ্বিধায় পশ্চিমী সাম্রাজ্যবাদের সেবা করে তাই ভারতের  শাসক শ্রেণী কাশ্মীরে জঘন্য গণহত্যা করা সত্বেও কাশ্মীরের জনগণের জন্যে রাষ্ট্রসংঘের মঞ্চে কান্নাকাটি হয় না আর ভারত সরকার কে কড়া ভাষায় মার্কিন সরকার ভৎসনা করে না। ফলে আন্তর্জাতিক ভাবে সাম্রাজ্যবাদের সমর্থনপুষ্ট ভারতের পক্ষে কাশ্মীরের মানুষের থেকে ন্যূনতম গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নিয়ে তাঁদের উপর নির্মম অত্যাচার চালানো কোন রকম ভাবেই কষ্টকর হয় না আর ভারতের সেনা বাহিনী বরং মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির ও জায়নবাদী ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সামরিক সম্বন্ধ গড়ে তোলে এই অছিলায়।

তবুও কাশ্মীরের জনগণ কে দমিয়ে রাখতে অপারগ হয় ভারতের শাসক শ্রেণী ও তার খুনি বাহিনী। হাজারো মানুষ কে খুন করে, নারীদের ধর্ষণ করে, বাচ্চাদের চোখে ছররা চালিয়ে অন্ধ করেও, বন্দুকের নল থেকে রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করেও, কাশ্মীরের জনগণ কে এবং তাঁদের চেতনা কে পদদলিত করতে ব্যর্থ হচ্ছে ভারত সরকার। সারা বিশ্বের সাম্রাজ্যবাদ ও বৃহৎ দেশী পুঁজির সাহায্যে ও সমর্থনে বলীয়ান নরেন্দ্র মোদীর সরকার, অর্ণব গোস্বামী, সুধীর চৌধুরী, স্বপন দাসগুপ্ত, বা কাঞ্চন গুপ্তর মতন পেটোয়া সাংবাদিকদের নিরন্তর প্রচার সত্বেও আজ কোন ভাবেই কাশ্মীরের মাটিতে স্বস্তির নিশ্বাস নিতে পারছে না। এমনকি গণহত্যার রক্তের স্রোতে রাস্তা ঘাট ভাসিয়ে দিয়েও তারা কাশ্মীরের জনগণের স্বাধীনতার আকঙ্ক্ষা কে পর্যদুস্ত করতে ব্যর্থ হচ্ছে।

কাশ্মীরের সমস্যাটা নরেন্দ্র মোদীর শাসনের সমস্যা নয়, কাশ্মীরের সমস্যা আরএসএস এর দ্বারা মিলিটারি কে পরিচালনা করার সমস্যা নয়, বরং কাশ্মীরের সমস্যা হলো জনগণের মুক্তি আন্দোলনের সমস্যা, স্বাধীনতা আন্দোলনের সমস্যা। এই সমস্যার সমাধান ভারতের সরকারে একের বদলে অন্য পার্টি এনে হবে না, এই সমস্যার সমাধান হবে কাশ্মীরের জনগণের ন্যায্য স্বাধীনতার দাবিকে নতমস্তকে মেনে নিয়ে তাঁদের কাছে দীর্ঘদিন ধরে চলে আসা অত্যাচার ও অবিচারের জন্যে ক্ষমা চেয়ে। আর নরেন্দ্র মোদী বা আরএসএস যে বিনা লড়াইয়ে এক সুচাগ্র মেদিনীও দেবে না সেকথা কাশ্মীরের ছোট ছোট বাচ্চারা জানে বলেই তাঁরা পাথর ছুড়ছেন।

ভারত ও তার শাসক শ্রেণী এবং বিদেশী লগ্নিকারী সংস্থাগুলো যে কাশ্মীরের স্বাধীনতার দাবি শান্তিপূর্ণ ভাবে মেনে নেবে, সেই রকমের  অলীক কল্পনা আমাদের করা উচিত নয়। ভারত একটি গায়ের জোরে গঠিত জাতি-রাষ্ট্র, যাকে এক করে রেখেছে সেনাবাহিনীর বজ্র আঁটুনি। বকলমে সামরিক শাসন ও জনগণের মধ্যে সেনা সম্পর্কে গভীর ভীতির সঞ্চার করিয়ে নিজ শাসন কে গণতান্ত্রিক বলে কি ভাবে পরিচালনা করতে হয় তা ভারতের শাসক শ্রেণীর চেয়ে বেশি ভাল কেউ করে দেখাতে পারেনি আর তাই এই শাসনব্যবস্থার পক্ষে কাশ্মীরের স্বাধীনতার দাবি স্বীকার করে নেওয়া মানে হলো নিজ শাসনের গোঁড়ায় কুড়োল মারা। কারণ কাশ্মীর মুক্ত হলে মনিপুর, নাগাল্যান্ড, আসাম তো বটেই, এমনকি দক্ষিণ ভারতের দ্রাবিড় রাজ্যগুলিও  দ্রাবিড়নাডুর দাবি তীব্র করবে।

কাশ্মীরের জনগণের স্বাধীনতার একমাত্র পথ হলো গণ সংগ্রাম ও মুক্তির লক্ষ্যে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিগুলো কে একত্রিত করে আপোষহীন সংগ্রাম করা। কাশ্মীরের স্বাধীনতার দাবিতে এখন অনেকেই পথে নেমেছেন আর অনেক সংগঠন বিভিন্ন লক্ষ্যে তাঁদের পরিচালনা করছে। আজ কাশ্মীরের জনগণের দরকার একটি আগুয়ান বিপ্লবী কেন্দ্র ও রাজনৈতিক সংগঠন যা তাঁদের কে শুধুই ভারতের সামরিক শাসনের থেকে মুক্ত করার লড়াইয়েরই নেতৃত্ব দেবে না, বরং মুক্ত কাশ্মীরের জনগণের আর্থিক বৈষম্য দূর করতে এবং সামন্ততন্ত্র কে নিঃশেষ করে একটি নয়া গণতান্ত্রিক অর্থনীতি ও সমাজ গড়ে তোলার লড়াইয়েরও নেতৃত্ব দেবে। যতদিন না এমন একটি সংগঠন, যা একটি বাস্তব ভিত্তিক তত্ব দ্বারা ও একটি ঐক্যবদ্ধ ও দূরদর্শী কেন্দ্র দ্বারা পরিচালিত, কাশ্মীরের জনগণের সংগ্রামে নেতৃত্ব দিতে উঠে না আসছে, ততদিন পর্যন্ত কাশ্মীরের উপর থেকে ভারতের শাসকশ্রেণীর শাসনের অবলুপ্তি ঘটানো সম্ভব হয়ে উঠবে না।

কাশ্মীরের মাটি থেকে ভারতের আগ্রাসী বাহিনী কে দূর করে দিতে এই রকমই একটি সংগঠনের আজ ভীষণ বেশি প্রয়োজন হয়ে উঠেছে এবং এই প্রয়োজন কে পূর্ণ করার দ্বায়িত্ব নেওয়ার থেকে, কাশ্মীরের মানুষ কে তাঁদের ন্যায্য দাবিতে আন্দোলন করার পথে এগিয়ে যাওয়ার জন্যে সহযোগিতা করার দ্বায়িত্ব থেকে যদি আজ সমস্ত প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তি নিজ হাত গুটিয়ে নেয় তাহলে, জনগণ কে বশ মানাতে ডাহা ফেল করেও, কাশ্মীরের মাটিতে ভারতের সম্প্রসারণবাদী শাসকশ্রেণী নিজ আধিপত্য বজায় রাখতে সক্ষম হবে।

আসুন কাশ্মীরের পাশে দাঁড়াই ও ভারতের শাসক শ্রেণীর ও তার মিলিটারির দ্বারা কাশ্মীরের জনগণ কে ভীতি প্রদর্শন করে বা অকথ্য অত্যাচার করে নিজ ক্রীতদাসে পরিণত করার চক্রান্ত কে চূর্ণ করতে আমরা সকলে, এক গণতান্ত্রিক - স্বাধীন - প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ কাশ্মীরের জন্যে কাশ্মীরের জনগণের সংগ্রাম কে সঠিক রূপ দান করতে সহযোগিতা করি।  

উরির সেনা ছাউনিতে জঙ্গী হামলা ভারতের শাসক শ্রেণীর কাছে শাপে বর

Attack on Uri camp is beneficial for Indian ruling classes


উরির সেনা ছাউনিতে জঙ্গী হামলার পর থেকেই সারা দেশজুড়ে আবার হিংস্র দেশপ্রেমের ফোয়ারা ছুটছে, উঁচু জাতের স্বচ্ছল মানুষের সমবেত ডাক হলো যে পাকিস্তানের সাথে যুদ্ধে যাক ভারত সরকার। এমনকি সে যুদ্ধ যদি পারমাণবিক যুদ্ধ হয় তবুও যাক। বিজেপির মেজ-সেজ-ছোট সমস্ত শেয়ালরা এক রা ধরলো – যে করেই হোক পাকিস্তান কে শায়েস্তা করতে হবে । আর খুব স্বাভাবিক ভাবেই আমাদের দেশের কর্পোরেট মিডিয়াগুলো এই “রক্ত চাই, রক্ত চাই” স্লোগানে গলা মেলালো, পাকিস্তানের উপর বোমা বর্ষণ করার থেকে শুরু করে মার্কিন কায়দায় পাকিস্তানের  ভিতরে ঢুকে তথাকথিত সার্জিকাল স্ট্রাইক চালাবার উপদেশও দিল অনেক বড় বড় সামরিক ও সুরক্ষা বিষয়ে পান্ডিত্য অর্জন করা টেলিভিশন সেলিব্রিটিগণ । কাশ্মীর প্রসঙ্গে দেশে ও বাইরে মুখ পুড়িয়ে মোদী সরকার যেন ঠিক এই রকমই একটা ঘটনার অপেক্ষায় ছিল, যে ঘটনা কে ব্যবহার করে দেশের উঁচু জাতের হিন্দুদের মধ্যে উগ্র দেশপ্রেম কে পিনের খোঁচায় জাগানো যায়, আর যেহেতু বর্তমান ভারতবর্ষে দেশপ্রেম মানেই হলো পাকিস্তানের প্রতি অতিশয় ঘৃণা তাই এই আবহাওয়াকে ব্যবহার করে নিজের সকল রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যর্থতা থেকে জনতার দৃষ্টি ঘোরাতে সচেষ্ট হলো মোদী সরকার । এটা রাজনৈতিক মহলে সকলের জানা যে মার্কিন একচেটিয়া পুঁজির সমর্থন ছাড়া ভারত বা পাকিস্তানের সরকার বা শাসকশ্রেণী এক পাও আগে চলতে পারবে না, বিশেষ করে আজকের পরিস্থিতিতে যদি মার্কিন সমর্থন না থাকে তাহলে তো মোদী হোক বা নওয়াজ শরিফ, মুখ তো কেউই খুলবেই না, হাত পা চালানো দূর অস্ত। তাই মেপে মেপে মোদী সরকার নানা সময়ে বাজানো  সেই পাকিস্তান ও সন্ত্রাসবাদের ফাটা রেকর্ড কে আঠা দিয়ে জুড়ে আবার বাজালো - পাকিস্তান কে আন্তর্জাতিক মহলে এক ঘরে করে দেওয়া হবে, পাকিস্তান কে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষনা করা হবে, ইত্যাদী সব পরিচিত হুমকি আবার শোনালো। এখনই যুদ্ধে যাওয়ার মার্কিন সবুজ সংকেত আসেনি সে কথা স্পষ্ট করে বোঝা গেল। আর বোঝা গেল যে তলে তলে বিরিয়ানির পাতের বন্ধুত্ব কে নওয়াজ আর নরেন্দ্র সেই অটল বিহারী বাজপেয়ীর জমানার মতন করেই গড়িয়ে নিয়ে যাচ্ছে । মনে পড়ে ১৯৯৯ সালে সেই ঘরে বাইরে ভয়ানক মূল্য বৃদ্ধির মধ্যে ভারতবর্ষে কয়েক ভোটে অনাস্থা প্রস্তাব হেরে যাওয়া অটল বিহারীর বিজেপি সরকারের যখন কোনো ভাবেই ভোটে জিতে ফিরে আসা সম্ভব ছিল না ঠিক সেই সময়ে নিজের লস্কর বাহিনী পাঠিয়ে একটা যুদ্ধ যুদ্ধ খেলা খেলে আর পাঁচ শত ভারতীয় সেনা কে গুলি মেরে ওই সংঘ পরিবারের পুরানো বন্ধু - মুসলিম লীগের নওয়াজ সাহেব আবার অটল বিহারীকে ভোটে জেতার সুবর্ণ সুযোগ এনে দিয়েছিল ? সেই অটল-নওয়াজ পিরীতের মতনই এবার নওয়াজ-নরেন্দ্র পিরীত এগিয়ে চলেছে এক সুন্দর মধুচন্দ্রিমার দিকে, যেখানে লক্ষ হলো একে অপরের স্বার্থে, মিলে মিশে মার্কিন আদেশ অনুসারে কাজ করা ।
ভারতবর্ষে যখনই কোন না কোন জঙ্গী হামলা হয় বা সন্ত্রাসবাদী আক্রমণ হয় তখনই হঠাৎ কোনো তথ্য বা প্রমাণের অভাব সত্বেও আমাদের কর্পোরেট মিডিয়া সরাসরি সরকারি ভাষা ও প্রেস বিজ্ঞপ্তির প্রতিধ্বনি শোনায়। সরকারের বয়ান কে একেবারে বৈদিক সত্য মেনে নিয়ে সেই বক্তব্য কে বার বার নানা কায়দায় প্রচার করে মানুষের মধ্যে সরকারের বক্তব্যকে, শাসক শ্রেণীর দৃষ্টিভঙ্গী কে সুদৃঢ় ভাবে প্রতিষ্ঠা করাই আজ মূল ধারার সংবাদ মাধ্যমের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। কোনো মিডিয়া গোষ্ঠী এই প্রশ্নটা তুললো না যে বারামুল্লা জেলার সীমান্তের নিকটে উরির সামরিক ছাউনিতে যে চার জন জঙ্গী হামলা করে ১৭ জন সৈনিক কে মারলো তাঁরা পাকিস্তানি না আফগান না কাশ্মীরি সে কথা লড়াই চলাকালীন সময়ে কি ভাবে ভারত সরকার বা দেশের শাসক গোষ্ঠী আর সমস্ত সংসদীয় রাজনৈতিক দলের নেতারা জানতে পারলো? কোনো সংবাদ মাধ্যমের চাকুরে সাংবাদিকেরা প্রশ্ন তুললেন না যে পাকিস্তান কে দোষ দেওয়ার পিছনে কি সত্যিই কোনো বস্তুগত প্রমাণ বা নথি রয়েছে? জঙ্গীরা কাশ্মীরেরই বিক্ষুব্ধ যুবক নন সে কথা এতো শীঘ্র দেশের সেনা বাহিনী ও মোদী সরকার কি করে জানতে পারলো ? পাকিস্তান যদি কাউকে ভারতের সেনা ছাউনিতে আক্রমণ করতে পাঠায় তাহলে তাদের অস্ত্র ও মালপত্রে নিজের দেশের সিলমোহর মেরে দুনিয়া কে কেন জানান দিতে যাবে যে এই জঙ্গীরা পাকিস্তানের পোষ্য? কোনো দেশের পেশাদার গোয়েন্দা সংস্থা তো দূরের কথা আমাদের কলকাতার পকেটমারদের দলও কোথাও নিজের অপরাধে কোন এমন সূত্র ছেড়ে আসবে না যার মাধ্যমে পুলিশ ওদের নামে কেস দিতে সক্ষম হয়।ভারতের গোয়েন্দা সংস্থা র’ পাকিস্তানের যে সব জঙ্গীদল কে সমর্থন করে তাদের হাতে কি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ছাপ মারা রাইফেল তুলে দেয়?    
ভারত সরকারের মতনই এই দেশের কর্পোরেট সংবাদ সংস্থাগুলোর একটি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে বিনা তথ্য ও প্রমাণ নিয়ে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে উগ্র দেশপ্রেমের জোয়ার সৃষ্টি করা। আর যেহেতু সমালোচনায় নিস্পৃহ ভারতের উচ্চ জাতের লোকেরা নিঃশর্ত বিশ্বাস নিয়ে ভারতের কর্পোরেট মিডিয়ার প্রচারে বিশ্বাস করে, সরকার আর তার ঘুষখোর দুর্নীতিবাজ অফিসারদের বয়ান কে ঘোর সত্য বলে মনে করে, তাই তারা যে এই প্রচারের সততা নিয়ে কোনোদিন প্রশ্ন তুলবে না তা বলা বাহুল্য।

উরি সেনা ছাউনির উপর আক্রমণের কয়েক মাস আগে, ঠিক ২০১৬ সালের শুরুর দিকে পাঞ্জাবের পাঠানকোটের বায়ু সেনার ঘাঁটিতে হঠাৎ হামলা চালায় কিছু জঙ্গী। হামলা চলাকালীন আমাদের সবজান্তা সংবাদ মাধ্যমগুলো ঘোষণা করে দিলে যে এই কাজ পাকিস্তান থেকে আসা কিছু জঙ্গীর কাজ।  জঙ্গীরা নাকি মোদী সরকারের উপর ভীষণ ক্ষিপ্ত আর তাই ওরা পাঠানকোটে হামলা করে। সুক্ষ ভাবে মিডিয়া বোঝাতে চেয়েছিল এই দেশের অভিজাত ব্রাক্ষণত্ববাদীদের যে মোদী সরকারের উপর যে বা যারা ক্ষিপ্ত তাঁরা এই জঙ্গীদের মতনই “দেশ-বিরোধী শক্তি”। রীতিমত এই পাকিস্তান আর আইএসআই এর যুক্ত থাকার অভিযোগের গুলি আমাদের জলে গুলে জোর করে গেলানো হয়েছিল প্রতিবারের মতন। ঠিক যেমন বালুচিস্তানে কোন হামলা হলে পাকিস্তানের সরকার আর কর্পোরেট মিডিয়া তার পিছনে ভারতীয় হাত খোঁজে ঠিক তেমনি করে ভারতীয় উচ্চ জাতের হিন্দুদের মধ্যে, অভিজাত শহরবাসী পলিসি মেকারদের বার বার করে পাকিস্তানের হাত খুঁজতে বলা হয় প্রতিটি ঘটনায়। চোখের সামনে বৃহৎ করে দেখানো হয় ভারত আর পাকিস্তানের মধ্যেকার দ্বন্ধ কে আর সাথে সাথে খুবই ধূর্ততার সাথে পাকিস্তান বিরোধিতার সুরটা  মুসলমান বিরোধী সুর হয়ে যায় আর আদিত্যনাথ বা সাক্ষী মহারাজদের গলার পারদ চড়ে যায়, পাকিস্তানের শাসক শ্রেণী চলে যায় অন্তরালে আর আক্রমণের লক্ষ্য বস্তু হয় ছা পোষা খেটে খাওয়া সাধারণ মুসলমান জনগণ।এই ভাবেই রাষ্ট্র যন্ত্রের সরাসরি প্ররোচনায় সৃষ্টি হয় অসংখ্য  গুজরাটের, মুজ্জাফরনগরের, দাদরির, মেওয়াতের, বা বিজনোরের।হিন্দুত্ববাদের ত্রিশূলের আঘাতে প্রাণ যায় গরিব মুসলমানের আর মসনদের গদির চামড়া নিয়ে কামড়া কামড়ি করতে থাকা নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধীরা এই হত্যালীলার তপ্ত উনুনে নিজেদের ভোগের খিচুড়ি  রান্না করে। ভারতের সংবাদ মাধ্যমের একটা অংশকে  কে যদিও বিজেপি ও আরএসএস এর নেতারা বৈশ্যা বলে ডাকলেও শেষ দৃষ্টিতে দেখতে গেলে ব্রাক্ষণত্ববাদী সংবাদ মাধ্যম কিন্তু নানা ছল-কপট-কায়দার সাহায্যে হিন্দুত্ববাদী শক্তিরই সাহায্য করে থাকে।          

ভারতের শাসক শ্রেণীর বা ওদের প্রতিনিধি সরকারের কোনো সর্বাঙ্গীণ জাতীয় সুরক্ষা নীতি নেই। এই নীতি না থাকার পিছনে রয়েছে ভারতের শাসক শ্রেণীর অভ্যন্তরীণ দ্বন্ধ ও সারা বিশ্বে মার্কিন আধিপত্য কায়েমের রণনীতি। যে সুরক্ষা নীতিকে আজ আঁকড়ে ধরে মোদী থেকে অজিত দোভাল সকলেই দেশপ্রেম আর জাতীয় স্বার্থ সুরক্ষার কথা বলছে সেই নীতি ভারতের স্বার্থে ভারতে রচিত নয়, বরং সুদূর মার্কিন মুলুকের পেন্টাগনের পন্ডিতেরা বসে দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী শক্তির স্বার্থ রক্ষার জন্যে ভারতের জাতীয় সুরক্ষা নীতির রচনা করেছে বিগত দেড় দশক ধরে। এই নীতির মূল কাজ হলো সামরিক ভাবে চীন কে টেক্কা দেওয়া আর যে করেই হোক দক্ষিণ পূর্ব এশিয়ার রণাঙ্গনে মার্কিন স্বার্থ বিরোধী শক্তি কে বিনাশ করতে ভারতীয় সামরিক শক্তিকে ব্যবহার করা। গুরগাঁও বা বেঙ্গালুরু শহরে আউটসোর্সিং এর কাজ শুরু হওয়ার ঢের আগে থেকেই কিন্তু মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ আর মার্কিন ফৌজ নিজেদের কাজকর্ম ভারতের মতন নয়া ঔপনিবেশিক দেশগুলোর সরকারকে আউটসোর্স করেছিল। আজ ভারতের শাসক শ্রেণী মার্কিন-ইজরাইলি জোটের সাথে হাত মিলিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজের আধিপত্য কায়েম করতে, এই অঞ্চলের প্রাকৃতিক, খনিজ, ও সামুদ্রিক সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী শক্তিগুলো কে লুঠ করতে সাহায্য করাও ভারতের শাসক শ্রেণীর কমিশন কামানোর একটা গুরুত্বপূর্ণ পথ। মার্কিন সেনাকে ভারতের জমি, জল, ও বায়ু পথ ব্যবহার করার যথেচ্ছ ছাড়পত্র দিতে মোদী সরকার এলইএমওএ, বা লজিস্টিক্স এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে এবং বেশ কয়েক সপ্তাহের মধ্যেই এই চুক্তি কার্যকর করা শুরু হবে। এই চুক্তির মাধ্যমে বকলমে ভারত মার্কিন সেনার ঘাঁটি হয়ে উঠবে এবং মধ্য প্রাচ্যে চলা মার্কিন সৈন্য অভিযানে টাকার বিনিময়ে নানা প্রকারের পরিষেবা প্রদান করবে।  

ভারতের বিশাল বাজার, বিশাল খনিজ সম্পদ, সস্তা শ্রম ও নয়া উদারনৈতিক অর্থনীতির গড্ডালিকায় গা ভাসানো সরকারি নীতির ফলে ভারত মার্কিন পুঁজির ও মার্কিন সরকারের কাছে পাকিস্তানের চেয়ে বেশি প্রিয়। ফলে ১২৩ পারমাণবিক চুক্তি, মার্কিন-ভারত সৈন্য চুক্তি, এলইএমওএ, ইত্যাদি বন্ধনে ভারতকে বাঁধতে বেশি উদগ্রীব ওয়াশিংটন ডিসি ও পেন্টাগন। এর ফলে ভারতের শাসক শ্রেণী মার্কিন পুঁজির শ্রেষ্ঠ দালাল হিসেবে উঠে আসায়, সাত দশক ধরে মার্কিন দালালি করা পাকিস্তানের শাসক শ্রেণীরও গায়ে জ্বালা ধরছে। এ যেন বৈশালয়ে চেনা খদ্দেরের অন্য ঘরে চলে যাবার মতন ব্যাপার।তাই পাকিস্তানের শাসক শ্রেণীও চাইছে যে ভারতের শাসক শ্রেণীর মতন তাদেরও কোলে দোল খাওয়াক মার্কিন বাবারা।  কিন্তু সমস্যা হলো ওই মার্কিন নির্দেশে ১৯৮০’র দশকে যে ইসলামিক মৌলবাদের পথ ধরেছিল পাকিস্তান বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির কন্ঠরোধ করতে, সেই মৌলবাদ আজ পাকিস্তানের অভ্যন্তরে এমন আগুন লাগিয়েছে যে পাকিস্তানের বাজার আর নয়া উদারনৈতিক বাণিজ্য বা কাঁচা মাল লুঠ করার জন্যে খুব একটা সুরক্ষিত নয়। তাই তো তালিবানের হাতে গুলি খাওয়া মালালা ইউসুফজাই সারা বিশ্বে নারী ও শিশুর অধিকারের লড়াইয়ের চেহারা হয় আর কাঁচা মাল ও খনিজ সম্পদ লুঠের স্বর্গ রাজ্য ভারতের বুকে অসংখ্য সুরেখা ভোতমাঙ্গে তাঁর কন্যা প্রিয়াঙ্কা ভোতমাঙ্গে সহ ধর্ষিত আর খুন হন আর কোনো আন্তর্জাতিক মঞ্চে তাঁর নাম ওঠে না, কোনো কর্পোরেট সংস্থা মহারাষ্ট্র থেকে দলিত নিপীড়ন মোছার অঙ্গীকার করে না, কেউ মোমবাতি নিয়ে সুরেখা ভোতমাঙ্গের জন্যে মিছিল করে না, সুরেখা-প্রিয়াঙ্কার জন্যে কেউ ন্যায় চায় না। আফস্পা যেমন সৈন্য বাহিনীকে বেপরোয়া হয়ে খুন ধর্ষণ করার অধিকার দেয় ঠিক তেমনি ব্রাক্ষণত্ববাদ সাবর্ণ সমাজ কে দলিত-আদিবাসী-মুসলমান ও অন্যান্য সংখ্যালঘুদের হত্যা ও ধর্ষণ করার অবাধ অধিকার দিয়েছে।    

ভারতের সাথে পাকিস্তানের দ্বন্ধ যে কাশ্মীর নিয়ে চলছে সেই কাশ্মীরের মানুষের উপর আরও বেশি করে সামরিক শক্তি প্রয়োগ করতে, আরও বেশি করে কাশ্মীরের নিরীহ জনতা কে গুলি আর ছররা মেরে হত্যা করতে, আরও বেশি করে মানসিক ভাবে কাশ্মীরিদের ভারতীয় শাসক শ্রেণীর সামনে হীন মনস্ক করে তুলতে, উরি আর পাঠানকোটের মতন হামলা ভারতের শাসক শ্রেণী কে সাহায্য করে। যখন দেশ জোড়া আন্দোলনের ফলে পোটার মতন জনবিরোধী কালা কানুন কে ভারতের শাসক শ্রেণী বাধ্য হয়ে ফিরিয়ে নেয় ঠিক তখনই কোথাও না কোথাও সন্ত্রাসবাদী হামলা হয় আর সেই ঘটনা ও ব্যাপক হারে মানুষের মৃত্যুর ঘটনা কে ব্যবহার করে ভারতের শাসক শ্রেণী আবার নতুন কালা কানুন বানিয়ে জনতার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাই কাশ্মীরি জনতার উপর বর্বর হামলা করার পরে গোটা দেশ ও বিশ্বে ব্যাকফুটে পৌঁছে যাওয়া ভারত সরকারের কাছে অবশ্য কর্তব্য হয়ে উঠেছিল নিজের পক্ষে পরিস্থিতি কে শক্ত করে তোলা আর সেই কাজে খুব নিপুন ভাবে কাজে লাগলো উরি সেনা ছাউনির উপর আক্রমণ। এই আক্রমণ আইএসআই করিয়েছে না ভারতের গুপ্তচর সংস্থা র’ নিজেই করিয়েছে সে প্রশ্ন অবান্তর, কারণ এখানে মূল বিষয় হলো যে এই আক্রমণের ফলে কোন শক্তির উপকার হলো। একটু গভীরে ঢুকলেই দেখা যাবে যে এই ঘটনার পরে পাকিস্তানের চেয়ে বেশি লাভজনক পরিস্থিতিতে রয়েছে ভারতের শাসক শ্রেণী আর তার প্রতিনিধিদের সর্দার নরেন্দ্র মোদী।

এই মোদীর খাস লোক আর সংঘ পরিবারের কাশ্মীর বিষয়ক পন্ডিত রাম মাধব এই কিছুদিন আগেই আরএসএস এর সংস্থা ইন্ডিয়া ফাউন্ডেশন ও মুৎসুদ্দি বেনিয়াদের সংগঠন ফিকির যৌথ উদ্যোগে জাতীয় সুরক্ষার উপর একটা অধিবেশনে ভাষণ দিতে গিয়েছিল। সেখানে রাম মাধব বলেছিলো যে যেহেতু ভারতীয়রা (আরএসএস এর অভিধান হিসেবে পড়ুন হিন্দুরা) ভীষণ সহিষ্ণু ও উদার তাই চীনের রাজারা চীনের সুরক্ষার জন্যে প্রাচীর গড়লেও ভারতীয় শাসকেরা কোনোদিন খাইবার পাসের কাছে পর্বতের পথে কোনো বাঁধ তৈরি করেননি। রাম মাধব আরও বলেছিল যে ভারতের উচিত একটি এমন সুরক্ষা ব্যবস্থা তৈরি করা যা জাতীয় শত্রুদের নিমেষে নিকেশ করে দেওয়ার পথ প্রশস্ত করবে। এই কথা বলে রাম মাধব আবার কায়দা করে সেই বস্তা পঁচা বহিরাগত মুসলমানদের তত্ব কে হাজির করার চেষ্টা করেছিল, যে তত্ব কে ভাঙ্গিয়ে আর উঁচু জাতের হিন্দুদের মধ্যে লালিত পালিত মুসলমান বিরোধী বিদ্বেষ কে কাজে লাগিয়ে আজ সারা ভারতে আরএসএস প্রসারিত হচ্ছে।রাম মাধবের বক্তব্যের উপর চোখ বোলালে বোঝা যায় যে আরএসএস এই মুহূর্তে কাশ্মীরের উপর সামরিক শাসনের বেড়িকে আরও কষে বাঁধতে চায় এবং এই কাজের জন্যে ভারতের মধ্যে সরকার বিরোধী, মোদী বিরোধী, ও ভারতের সম্প্রসারণবাদী নীতি বিরোধী শক্তিগুলোকে চিরতরে চুপ করানো একান্তই প্রয়োজন। আর এই ব্যাপক হারে বিরোধীদের (সংসদীয় নয়) চুপ করাবার কাজে সাহায্য করতে পারে সন্ত্রাসবাদের ভূত, যা ভারতের সরকার মার্কিন দেশ থেকে সেই অটল বিহারি আর লাল কৃষ্ণ আডবানির যুগে শিখেছিল।  

সন্ত্রাসবাদের জুজু দেখিয়ে ভারতের শাসকশ্রেণী মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের নিজের কব্জায় রাখতে পারে। এর অন্যতম কারণ হলো যে দেশের শহুরে মধ্যবিত্তদের সিংহভাগ হলো উঁচু জাতের হিন্দু, যাদের মধ্যে জাতি ঘৃণা ও সাম্প্রদায়িক ঘৃণা প্রবল এবং মূলতঃ ব্রিটিশ ঔপনিবেশিক ব্যবস্থার ফেলে যাওয়া শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া শেখার কারণে এদের দ্বান্ধিক ভাবে বস্তুর বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নেই। ফলে এই শ্রেণীর সিংহভাগ লোকই চিরকাল নিজেদের বিশ্বাস কে চিরন্তন সত্য হিসেবে গণ্য করে এবং এই ভাবে শাসক শ্রেণীর নীতির প্রতি ধীরে ধীরে আনুগত্য দেখায়, ততদিন দেখায় যতদিন না সেই নীতিগুলি এদের পেটে লাথি না মারে। মুসলমানদের প্রতি যে অবিশ্বাস ও ঘৃণা এবং দলিত ও আদিবাসীদের তুলনায় জাতিগত শ্রেষ্ঠত্বের যে চেতনা সাবর্ণ হিন্দুদের মধ্যে শৈশব থেকে ঢোকানো হয় তার ফলে  ইসলামিক সন্ত্রাসবাদ সংক্রান্ত যে সব আষাঢ়ে গল্প ভারতের ব্রাক্ষণত্ববাদী শাসকশ্রেণী শোনায়, তাতে নিঃশর্ত বিশ্বাস করা শুরু করে এই স্বচ্ছল শ্রেণী। মধ্যবিত্তদের রাজনৈতিক চেতনা যেহেতু শ্রমিক ও খেটে খাওয়া জনগণকে চরম ভাবে প্রভাবিত করে তাই এই মধ্যবিত্ত শ্রেণীকে রাজনৈতিক ভাবে নিজের দিকে টেনে আনলেই ব্রাক্ষণত্ববাদী শাসকশ্রেণীর পক্ষে এক ঢিলে দুই পাখি মারা সম্ভব হয়ে যায়। তখন উরি হামলার মতন ঘটনা কে ব্যবহার করে, মন্ত্রী, ডিজিএমও, মিডিয়া প্রভৃতি ব্যবহার করে ভারতের শাসকশ্রেণী শুধুই মধ্যবিত্তদের নয় বরং শ্রমিক-কৃষক ও মেহনতি জনতাকেও উগ্র দেশপ্রেমের নামে ক্ষেপিয়ে তুলতে সক্ষম হয়।

আধুনিক কালে আবিষ্কৃত সন্ত্রাসবাদ চিরকালই শাসকশ্রেণীকে মদত করে নিজ অভীষ্ট লক্ষকে ঘুরিয়ে অর্জন করতে। ভারতের শাসকশ্রেণী মার্কিন শাসক শ্রেণীর মতন চতুরতার সাথে সন্ত্রাসবাদের জুজু দেখিয়ে ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে জনগণের দৃষ্টি এক অদৃশ্য সন্ত্রাসবাদী শক্তির দিকে ঘুরিয়ে রাখে।কেউ দেখেনি, কেউ চেনেনি এমন এক একটি কাল্পনিক দল কে শাসক শ্রেণীর গোয়েন্দা দফতর দেশের শত্রু, হিন্দু সাবর্ণ সমাজের শত্রু, দেশের তথাকথিত অখণ্ডতার শত্রু হিসেবে চিহ্নিত করে এবং নিজেদের তত্বকে ওজনদার করতে মাঝে মধ্যেই বেশ কিছু মুসলমান যুবক ও যুবতীদের ধরে জেলে ঢোকায় সন্ত্রাসবাদী হিসেবে। ব্রাক্ষণত্ববাদী উচ্চ জাতির হিন্দুরা তখন আতঙ্কগ্রস্ত হয়, তারা বিশ্বাস করে যে সত্যিই ভারতবর্ষ কোনো ইসলামিক জঙ্গী গোষ্ঠীর নিশানায়, সত্যিই পুলিশ আর গোয়েন্দারা একেবারে ধর্মরাজ যুধিষ্ঠিরের মতন সদা সত্যি কথা বলে। যদিও অশ্বথামা হত’র পরে ইতি গজ কোনোদিন আমাদের ব্রাক্ষণত্ববাদী উচ্চ জাতির লোকেরা শুনতে পায়না অথবা শুনতে চায় না। যখন ১১ বা ১২ বছর সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে একজন মুসলমান জেল খাটার পরে বেকসুর হয়ে ছাড়া পায় তখন সেই গোয়েন্দা আর পুলিশের নিন্দা কেউ করে না, তখন একটা মানুষের জীবনের অনেকগুলো অমূল্য দিন, তার যৌবন, তার স্বপ্ন কে ধ্বংস করার জন্যে  সেই সরকারের কাছে কেউ ক্ষতিপূরণ দাবি করতে পারে না যে সরকার বিনা প্রমাণে নিরীহ লোকেদের শুধুমাত্র ধর্মের ভিত্তিতে গ্রেফতার করে জেলে বন্দি করছে।জাতীয় সুরক্ষা লঙ্ঘন করা হবে যে ! বেঙ্গালুরু শহরে ১৬ সেপ্টেম্বর সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগে ২০১২ থেকে জেলে বন্দি ১৩ জন মুসলমান যুবকেরা জজ সাহেবের সামনে এই জন্যে নিজেদের দোষী হিসেবে স্বীকার করে নেয় যে এর ফলে তাঁদের আর মাত্র এক বছর জেল খাটতে হবে কারণ আইন অনুযায়ী শাস্তি হবে পাঁচ বছর যার মধ্যে চার বছর তাদের জেল খাটা হয়ে গেছে। তাঁরা জানতেন যে যদি তাঁরা দোষ স্বীকার করে না নেন তাহলে ভারতের আইন ব্যবস্থায় হয়তো তাঁদের দুই দশকের বেশি সময় ধরে জেলে থাকতে হবে, কারণ তাঁরা যে মুসলমান।

উরির সেনা ছাউনিতে জঙ্গী হানার ঘটনা কে কেন্দ্র করে এখন আবার দেশ জুড়ে সংঘ পরিবার হিন্দু সাবর্ণ ও দলিতদের মুসলমানদের বিরুদ্ধে মেরুকরণের মাধ্যমে নিজেদের শিবিরে টেনে আনতে চাইবে এবং উগ্র দেশপ্রেমের নামে হিংসাত্মক প্ররোচনা দেবে এবং সব চেয়ে বেশি চেষ্টা করবে কাশ্মীরের জনগণের উপর নৃশংস দমন পীড়নের পক্ষে ব্রাক্ষণত্ববাদী সাবর্ণদের সমর্থন কে সুনিশ্চিত করার। যাতে আগামী দিনে আরও বেশি করে কাশ্মীরি জনতা কে হত্যা করা যায়, পেলেট ছুড়ে অন্ধ করা যায় আর দেশের নানা প্রান্তে যে সমস্ত বিপ্লবী ও গণতান্ত্রিক শক্তি এই নৃশংস দমন পীড়ন ও সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করছেন তাঁদের বিরুদ্ধে উচ্চ জাতির হিন্দুদের ক্ষেপিয়ে তুলে পুলিশি দমন পীড়ন নামিয়ে আনা যায়। আমরা যে জরুরী অবস্থার মধ্যে বাস করছি, বকলমে একটি ফ্যাসিস্ট পুলিশ রাষ্ট্রে বাস করছি সেই সত্যটা এই রাষ্ট্র যন্ত্র ও তার শাসক শ্রেণী আমাদের প্রতিদিন জানান দেবে। যদি এই অপপ্রচার, সাম্প্রদায়িক মেরুকরণ, জাতি বিদ্বেষ, মুসলমান সহ সংখ্যালঘুদের প্রতি তীব্র ঘৃণার প্রসারণ, ইত্যাদীর আড়ালে দেশের জনগণকে মার্কিন সেনার কামানের খোরাক বানানোর, দেশের খনিজ ও প্রাকৃতিক সম্পদ কে লুঠ করতে দেওয়ার যে ষড়যন্ত্র ভারতের ব্রাক্ষণত্ববাদী শাসক শ্রেণী ও তাদের প্রতিনিধি আরএসএস ও বিজেপির নেতৃত্বে চলা ফ্যাসিবাদী নরেন্দ্র মোদীর সরকার চালাচ্ছে তার বিরুদ্ধে দেশ জুড়ে গরিব কৃষক, শ্রমিক, দলিত, আদিবাসী ও সংখ্যালঘু সমাজ কে ঐক্যবদ্ধ করে যদি এক ব্যাপক গণ ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট না গড়া যায়, তাহলে খুব তাড়াতাড়ি এই উগ্র স্বদেশ প্রেমের নামে ভারত সরকার এক যুদ্ধে সামিল হবে মার্কিন পুঁজির স্বার্থে ও তার খরচের বোঝা এই দেশের গরিব মানুষের কাঁধে চাপবে। স্বদেশ কে রক্ষা করতে আজ আমাদের দেশের সকল শোষিত, নিপীড়িত ও দেশপ্রেমী শক্তিকে লড়তে হবে ব্রাক্ষণত্ববাদী সামন্ত প্রভু, দালাল পুঁজিপতি ও বিদেশী পুঁজির পা চাটা দালাল সংঘ পরিবারের সাবর্ণ ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এক নতুন গণতান্ত্রিক ও শোষণ মুক্ত ভারতবর্ষ গড়ার লক্ষ্যে।লড়াই ছাড়া, সংগ্রাম ছাড়া আজ দেশের শোষিত ও অত্যাচারিত জনতার সামনে আর কোনো রাস্তা নেই নিজেদের গণতান্ত্রিক অধিকার কে সুরক্ষিত করার ও এক ধর্ম নিরপেক্ষ ব্যবস্থা গড়ে তোলার। তাই আপনি যদি গণতন্ত্রের পক্ষে হন, আপনি যদি ধর্ম নিরপেক্ষতার পক্ষে হন, আপনি যদি গরিব মানুষের প্রগতি ও আর্থিক উন্নয়নের পক্ষে হন, আপনি যদি স্বদেশের সমৃদ্ধির পক্ষে হন তাহলে আজ আপনাকে এই বৃহত্তর ফ্যাসি বিরোধী সংগ্রামে যোগ দিতেই হবে। কারণ মানব ইতিহাস সত্যিই আমাদের কোনো সহজ বিজয়ের পথ দেখায়নি।       

এই ব্লগের সত্বাধিকার সম্বন্ধে