তৃণমূল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তৃণমূল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সিঙ্গুরে মেঘে ঢেকেছে আকাশ, টাটার বিরুদ্ধে আইনি যুদ্ধে বিজয় কৃষকদের



সিঙ্গুরের টাটা কারখানার জন্যে অধিগৃহিত জমি কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ সহ ফেরত দেওয়ার যে রায় সুপ্রিম কোর্ট দিল তা চিরকাল কৃষক আন্দোলনের পাতায় জ্বল জ্বল করবে। ভারতবর্ষের মাটিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল থেকেই কৃষি জমির থেকে কৃষকদের জোতদার-জমিদারদের সাথে হাত মিলিয়ে উচ্ছেদ করা হয়েছে পুঁজিপতিদের স্বার্থে। বৃহৎ পুঁজির বিরুদ্ধে লড়াই করে কৃষকেরা যে জিততে পারবেন না এই ধারণা দীর্ঘ এক শতাব্দী ধরে ঠুসে ঠুসে কৃষকদের মনে ঢোকানো হয়েছিল এই দেশে। পশ্চিমবঙ্গের কৃষকেরা কিন্তু হিসেবের খাতাটা উল্টো করে দেখালেন। তাঁরা কিন্তু লড়াইয়ের ময়দানে পরাজিত করলেন দেশের সব চেয়ে বনেদি মুৎসুদ্দি পুঁজিপতি গোষ্ঠী টাটা কে, যে টাটা আজ বিদেশী একচেটিয়া পুঁজির সাথে হাত মিলিয়ে সারা বিশ্বে নিজের ব্যবসার জাল বিছিয়ে চলেছে। আইনের ঘেরাটপের মধ্যে থেকে টাটার মতন সংস্থা কে আদালতে পরাস্ত করা কিন্তু কৃষকদের পক্ষে সহজ ছিল না। যদিও নিজের ভোট ব্যাঙ্ক ও ভাবমূর্তি বজায় রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে এই লড়াইয়ে সরকারকে জড়াতে হয়েছে এবং তৃণমূলী উকিল দিয়ে কোর্টে কেস লড়তে হয়েছে, তবুও এই ঐতিহাসিক রায়ের পিছনে কৃষকদের নিরবিচ্ছিন্ন ও লাগাতার সংগ্রামের অবদানটাই মুখ্য।

ভারতের শাসক শ্রেণীর এক মুখ্য অঙ্গ টাটা গোষ্ঠী। আর এহেন টাটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় বের হওয়ায় অনেকেরই হয়তো আজ চোখ কপালে ঠেকছে। অথচ কোর্টের রায় একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে এই রায়ে কৃষকের উপকার হলেও এর মধ্যে কর্পোরেট বিরোধী গন্ধ খুঁজতে যাওয়া মূর্খতা। কোর্টের রায় গেছে বামফ্রন্ট সরকারের ঘৃণ্য নীতি ও কীর্তির বিরুদ্ধে। সর্বোচ্চ আদালত বার বার রাজ্য সরকারের জমি অধিগ্রহনের সিদ্ধান্ত কে সমালোচনা ও খন্ডন করেছে। বৃহৎ পুঁজির আগ্রাসী চরিত্র যে সরকার ও সরকারি ব্যবস্থাকে গোলাম বানিয়ে ফেলে, তা সর্বোচ্চ আদালত কখনোই স্বীকার করবে না আর এ ক্ষেত্রেও সেই ব্যবস্থার কোনো সমালোচনা আদালত করেনি। এই রায়ের মধ্যে কোথাও দোষীদের শাস্তির নির্দেশ নেই, যে বুদ্ধদেব, সূর্য, বিমান, শ্যামল, রবিন, গৌতমরা সিঙ্গুরের কৃষকদের রক্ত ঝরিয়েছিলো, যে সিপিএম আর টাটাদের হার্মাদ বাহিনী সেদিন তাপসী মল্লিক কে ধর্ষণ করে খুন করেছিল ওই সিঙ্গুরের মাটিতে, তারা কিন্তু আজও সেই অপরাধের শাস্তি ভোগ করেনি। আমাদের চোখের সামনেই তাদের অনেকেই আজ তৃণমূলের খাতায় নাম লিখিয়ে সরকারি পক্ষের লোক হয়ে দিব্যি রয়েছে, সিপিএমের বৃদ্ধ ভামেরা আজ অবসরপ্রাপ্ত জীবন যাপন করছে তৃণমূলের ছত্রছায়ায়, আর রতন বাবুর কোলের চাঁদ সাইরাসের নেতৃত্বে পরিচালিত টাটা গোষ্ঠীর প্রতি মমতা তো উদার করে দিয়েছে পশ্চিমবঙ্গের দরজা।এই নির্বাচনের কিছুদিন আগেই সিঙ্গুরের জনগণের সংগ্রামের প্রতি বিদ্রুপ করতে টাটা ন্যানো গাড়ি চেপে রবিন দেব সিঙ্গুর গেছিল সিপিএমের প্রচারে। সেদিন তৃণমূলের বিরুদ্ধে ধীরে ধীরে সংগঠিত মানুষ ঘৃণার সাথে আবার প্রত্যাখ্যান করেছিলেন সিপিএম কে। সিঙ্গুর থেকে সিপিএমের যে শ্মশান যাত্রা শুরু হয়, ২০১৬ নির্বাচনে সেই কর্পোরেট প্রেম দেখানোর কারণে চিতায় শোয়া হয়ে যায় সিপিএমের।

যেদিন রায় বেরিয়েছে সেদিনই মমতা দৃপ্ত কন্ঠে ঘোষণা করেছে যে টাটা গোষ্ঠীর বিরুদ্ধে, সিঙ্গুর-কলিঙ্গনগরের হত্যাকারীর বিরুদ্ধে, লোহান্ডিগুডায় আদিবাসী উচ্ছেদের খলনায়কের বিরুদ্ধে তৃণমূল সরকারের কোনো বিদ্বেষ নেই। টাটা কে বাংলায় শিল্প গড়তে অনুরোধ জানালো কৃষক দরদী সাজা মমতা। সুপ্রিম কোর্টের রায়ে যদি টাটা গোষ্ঠীর গায়ে ক্ষত লাগিয়ে দেয় তাহলে মমতার আহবানে রয়েছে সেই ক্ষতে মলম লাগানোর গুপ্ত অভিলাষ।মমতা আবার ঘোষণা করে দিলে যে সে রেল মন্ত্রী থাকাকালীন অনেকবার টাটাদের অনেক টেন্ডার পাইয়ে দিয়েছে। টাটার ঘাটে নোঙর ফেলার জন্যে ব্যাতিব্যস্ততা দেখে মনে হচ্ছে আগামী দিনে সিপিএমের সিঙ্গুর পর্বের তৃণমূলী সংস্করণ বাজারে আসতে বেশি সময় লাগবে না। 

সিঙ্গুরে টাটা ন্যানো কারখানা গড়ার নামে ২০০৬ সালে যে জমি বামফ্রন্ট সরকার জন স্বার্থের নামে দখল করেছিল, তার আয়তন ছিল প্রায় ৯৯৭ একর (প্রায় ৪ কিমি)। রতন টাটা সেই সময়ে বুদ্ধের সাথে শুধু সিঙ্গুরের জমির শর্তেই গাঁটছড়া বেঁধেছিল। টাটার কাছে তিন ফসলি ওই হুগলির জমি হঠাৎ এতই প্রিয় হয়ে ওঠে যে তার চেয়ে কমদামে রাঢ় বাংলা বা পুরুলিয়ায় জমি তারা কিনতে আগ্রহী হয়নি। শিল্পে হতদরিদ্র পশ্চিমবঙ্গের জনগণের আবেদন ছিল চাষের অযোগ্য জমিতে যেন কারখানা হয়, রাজ্যের মানুষের যেন কর্মসংস্থান হয়। কিন্তু টাটার গোঁ ছিল ওই ৯৯৭ একর জমিই। যখন কৃষকেরা বুদ্ধদেবের জমিতে শিল্প না হলে আকাশে হওয়ার তত্বের বিরোধিতা করে প্রশ্ন তোলেন যে ৯৯৭ একর জমি কেন ন্যানো কারখানার দরকার, তখন বুদ্ধরা সেই প্রশ্নের জবাব দিতে অস্বীকার করে বাণিজ্যিক গোপনতার শর্ত কে তুলে ধরে। তার সাথেই সিপিএম খাড়া করে অনিচ্ছুক আর ইচ্ছুক কৃষকের তত্ব। প্রথমবার বোধহয় ভারতবর্ষের বাম আন্দোলনের ইতিহাসে এত নগ্ন ভাবে কোনো দল পুঁজিপতিদের বাণিজ্যিক গোপনতার স্বার্থে কৃষক মারতে উদ্ধত হয়েছিল। আর এই সবের মধ্যেই একেবারে হাটের মাঝে ঝুলির থেকে হুলো বেড়ালটা বেরিয়ে পড়লো।

টাটা গোষ্ঠী সিঙ্গুরে যে জমি নিয়েছিল তা কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় বাম দিকে অবস্থিত। এই জমি রাস্তার ডান দিকের জমির চেয়ে বেশি উর্বর ছিল। টাটার সিঙ্গুরে জমি দেখার পিছনে নাকি কারণ ছিল কলকাতার কাছে হওয়ায় পরিবহনের সুবিধা। কিন্তু যে কারখানা টাটা গোষ্ঠী করতে চাইছিল তার জন্যে মাত্র ৪০০ একর জমিই যথেষ্ট ছিল। টাটার আনসিলরি ইউনিট ওই ৬০০ একর জমি জুড়ে যে হতো না সে কথা শিল্প সম্পর্কে একটু জ্ঞান রাখা মানুষও বলতে পারতেন। এর পিছনে ছিল কলকাতার কাছেই একটা ছোট খাটো উপনগরী গড়ে তুলে চড়া দামে উচ্চ মধ্যবিত্তদের বাড়ি বিক্রি করার পরিকল্পনা। যে পরিকল্পনার কথা গোপন করার স্বার্থেই বুদ্ধ বারবার ব্যবসায়িক গোপনীয়তার দোহাই দিত। আসলে কারখানার থেকে উৎপাদিত গাড়ির বাজার যে বছর ঘুরতেই পড়ে যাবে গুণ মানের কারণে আর বেশি দিন যে এক লাখি গাড়ি উৎপাদন করা যাবে না তা রতন টাটা ভালোই বুঝতে পেরেছিল। তাই কারখানার সাথে সাথে পরিকল্পনা করেছিল জমির ফাটকাবাজি আর রিয়েল এস্টেট শিল্পের মাধ্যমে লগ্নির থেকে কয়েক শতগুণ বেশি কামিয়ে পশ্চিমবঙ্গ থেকে কেটে পড়ার মতলব ছিল রতন টাটার।
বর্তমানে যখন ওই জমি কারখানার কাঠামো ভেঙে নতুন করে চাষ যোগ্য করে কৃষকদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তখন দেখার বিষয় হলো যে পশ্চিমবঙ্গে পঙ্গপালের মতন বৃদ্ধি পাওয়া সিন্ডিকেটবাজি আর প্রোমোটারির কারবার যে দলের নির্দেশে আর দাক্ষিণ্যে চলছে সেই দলের বেচারাম আর কেনারামরা কৃষকদের জমি নিয়ে নতুন করে ফাটকা খেলতে শুরু করবে না তো ? নতুন করে কৃষকদের থেকে ছলে-বলে-কৌশলে জমি হাতিয়ে নিয়ে বেচারাম আর অন্য রামেরা আবার রতনের ফেলে রাখা কাজে হাত দেবে না তো ? 


সিঙ্গুরের কৃষকদের উপর গত দশ বছর ধরে যে অবিচার হয়েছিল, সেই অবিচারের ক্ষতে হয়তো সুপ্রিম কোর্টের এই রায় সাময়িক প্রলেপের কাজ করবে, কিন্তু বাদ থেকে যাবে খুনি টাটা গোষ্ঠীর বিচার। যে গোষ্ঠী সিঙ্গুরে তাপসী মল্লিকদের ধর্ষণ করিয়ে আগুনে পুড়িয়ে মারতে পারে, লোহান্ডিগুডিতে আদিবাসীদের উচ্ছেদ করতে পারে আর কলিঙ্গনগরে কৃষক হত্যা করতে পারে, তারা সানন্দে মোদীর সাথে হাত মিলিয়ে ন্যানো কারখানা গড়ে আইনের প্রকোপ থেকে চিরকাল বেঁচে যেতে পারে। আদালতের বকুনি শুনিয়ে আমাদের মতন ইতরজনকে বোঝানো হবে যে টাটার কারখানার বিরুদ্ধে রায় বাড়িয়ে আদালত প্রমাণ করলো যে এই দেশের প্রশাসন যেন কতই না নিরপেক্ষ।সিঙ্গুরের কৃষকদের জমি ও ক্ষতিপূরণ দেওয়া যেমন জরুরী ঠিক তেমনই জরুরী হলো টাটা ও সিপিএমের পান্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাতে দেশের অন্যান্য প্রান্তের কৃষকদের কর্পোরেট আগ্রাসনের বিরুদ্ধে লড়াইতে জোয়ার আসে হিম্মত আর উৎসাহের।     

মমতার রাজত্বে বেহাল স্বাস্থ্য পরিষেবার কারণ সত্যিই এক বৃহৎ ষড়যন্ত্র

মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন লাগার পর থেকেই যেন রাজ্য স্বাস্থ্য দফতরের অন্দরে আগুন লেগেছে। তাপ যে স্বাস্থ্য মন্ত্রক নিজের দখলে রাখা মমতার পক্ষে কষ্টদায়ক হচ্ছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে সাংবাদিক বৈঠকে আলপটকা মন্তব্য শুনে।আগুনের পিছনে কি কারণ তা যদিও দমকল দফতরের তদন্ত করা উচিত কিন্তু মহাময়ী মমতা সরকারের নির্দেশে এবার সে কাজে নামবে রাজ্য সিআইডি, যে সংস্থার একমাত্র কাজ হলো পুলিশ মন্ত্রী মমতার খাড়া করা তত্ব কে সত্যে প্রমাণিত করা। নির্বাচনে গদি হারিয়ে খিড়কির দরজা দিয়ে রাজ্যের একটি নিধিরাম সর্দার স্বাস্থ্য সমিতির উচ্চ পদে আসীন চন্দ্রিমা ভট্টাচার্য যে কি ভীষণ দূরদর্শী তা বোধহয় "চক্রান্তের" তত্ব আসার আগে বাংলার মানুষ জানতে পারেননি। জানতে পারলে বোধহয় এবার চন্দ্রিমা কে ভোটে গো হারা হারতে হতো না।

তৃণমূলের রাজত্বে পশ্চিম বাংলার রাজনীতি যে কোন গড্ডালিকায় ঢুকেছে তা দেখতে বেশি দূরদৃষ্টি লাগে না


চক্রান্তের তত্ব তো প্রতিষ্ঠা হয়েই গেছে। এয়ার কন্ডিশনার চালিয়ে মুখ্যমন্ত্রীর গদি কাড়তে নাকি অধীর চৌধুরীর লোকেরা হাসপাতালে আগুন লাগাতে চেয়েছিল। তিনজন মানুষ, যার মধ্যে একটি ছোট মেয়েও আছে, তাঁরা হঠাৎ মারা গেলেন আর তাঁদের নিকট আত্মীয় স্বজনরা জানলেন যে মৃত্যু যে হাসপাতালে আগুন লাগলো সেই হাসপাতালের উর্দ্ধতন কতৃপক্ষ বা স্বাস্থ্য দফতরের গাফিলতির ফলে লাগেনি বরং লেগেছে কংগ্রেস আর সিপিএমের (মুর্শিদাবাদে সিপিএমের হাল যদিও হরিশ চ্যাটার্জি স্ট্রিটের থেকেও বেহাল) চক্রান্তের কারণে। স্বজন হারানোর বেদনায় কাতর মানুষের কাছে সরকারের ফরমান এলো, তাঁরা যেন বেশি দাবি দাওয়া না করেন, করলে বিপদ আছে সে কথাও বুঝিয়ে দেওয়া হলো। আর মমতার রাজত্বে স্বাস্থ্য দফতরের অব্যবস্থার কথা বলাও বা ভাবাও মহা পাপ। কারণ এই রাজ্য উন্নয়নের স্বর্গরাজ্য, এই হলো সব পেয়েছির রাজ্য। তাই তো বিরোধীরা গায়ের জ্বালা মেটাতে হাসপাতালে আগুন লাগায় !

তৃণমূলের রাজত্বে পশ্চিম বাংলার রাজনীতি যে কোন গড্ডালিকায় ঢুকেছে তা দেখতে বেশি দূরদৃষ্টি লাগে না। এক দিকে প্রতিটি সরকারি হাসপাতালে ডাক্তার, নার্স, ওষুধ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অত্যাধুনিক প্রযুক্তি যেমন আল্ট্রা সাউন্ড, এমআরআই, সিটি স্ক্যান, মায় এক্সরে মেশিনের অভাব, অন্যদিকে প্রতিদিন বেড়ে চলেছে রুগীর সংখ্যা। অপ্রতুল পরিকাঠামো আর গড়িমসির সরকারি ব্যবস্থার মধ্যে থেকেও যে সকল ডাক্তার, নার্স, ও হাসপাতাল কর্মীরা মানুষ কে সুস্থ করে তোলার ভয়ানক যুদ্ধ করছেন, আর এর মধ্যেই অবহেলার ঘটনা স্বাভাবিক ভাবে বেড়ে চলেছে যার ফলে মৃত্যু হচ্ছে শিশু থেকে প্রৌঢ় সকলের, আর প্রতিটি মৃত্যুর পরেই সেই মৃতের পরিবার ও স্বজনদের ক্রোধের শিকার সরকারের বদলে, তৃণমূলের মেজ-সেজ নেতাদের বদলে হচ্ছেন ডাক্তার, নার্স, আর হাসপাতাল কর্মীরা। এই ভয়ানক পরিস্থিতিতে মুর্শিদাবাদের মতন যে দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ঘটছে তার আসল কারণ তো সরকারের উদাসীনতা আর অবহেলা। কিন্তু সেই সত্য জনতা জনার্দনের থেকে গোপন করে রাখার তাগিদটা আমাদের গণতন্ত্রের ভজন গাওয়া তৃণমূলীদের কাছে বড় বেশি প্রয়োজন, তাই দরকার যে কোনো বিরোধী দলের সদস্য বা নেতাকে ধরে জেলে পুরে একটা ষড়যন্ত্রের তত্ব খাড়া করা। বয়স্ক মানুষদের আশা করি মনে আছে ১৯৭০ এর দশকে কথায় কথায় নিজের সরকারের ব্যর্থতা ঢাকতে ইন্দিরা গান্ধীর ব্যবহার করা "বিদেশী হাতের" গল্প। মমতার দলের জন্ম তো সেই ফ্যাসিবাদী - মিথ্যাচারী কংগ্রেসের ঔরসেই, ফলে সেই পুরানো ষড়যন্ত্রের মদ কে নতুন বোতলে নতুন লেবেল সেঁটে বিক্রি করায় আশ্চর্য হওয়ার কোনো ব্যাপার নেই।

নাটকের বিষয়বস্তু যাই হোক না কেন, সেই নাটক কে অতিরঞ্জিত করে একেবারে স্বপন সাহার সিনেমা বানানোতে মমতা বাঁড়ুজ্যের জুটি নেই। শুধু মমতা বাঁড়ুজ্যের একটিই খামতি থাকে যে সে জনগণ কে চিরকালই গবেট ভেবে এসেছে। এই ধরুন যখন রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার এমন মরণ দশা, যখন ডেঙ্গি, চিকুনগুনিয়া, ইত্যাদী রোগে ভোগা মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছেন না, যখন হাসপাতালে আগুন লাগায় বা চিকিৎসা ব্যবস্থার বেহাল দশার কারণে মমতার রাজত্বে রুগীদের প্রাণ যাচ্ছে সেই হাসপাতালে যেখানে তাঁরা সুস্থ হওয়ার অভিপ্রায় নিয়ে এসেছিলেন, তখন  সরকারের নিজস্ব ত্রুটি ও দুর্বলতার কথা স্বীকার করে নিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে এই অব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করা কি বেশি জরুরী ছিল না ? কিন্তু ভারতবর্ষে কোন কালে কোন নেতা বা মন্ত্রী নিজের দলের বা সরকারের গাফিলতির কথা জন সমক্ষে স্বীকার করে ক্ষমা চেয়েছে ? মমতা তাই সেই মমতাতে, কারণ জনসমক্ষে ক্ষমা চেয়ে নেওয়া মুখ্যমন্ত্রীর সাজে না। কারণ যে সামন্ততান্ত্রিক মানসিকতা নিয়ে মমতা বা তার দল রাজনীতি করে, সেই মানসিকতা জনগণ কে গণতন্ত্রে শাসক নয় বরং প্রজা, তাও ভিখারি প্রজা, হিসেবে গণ্য করে। যাদের কিছু দান খয়রাত করলেই, দুই জন পার্টি কর্মী কে সাময়িক চাকরি দিয়ে সিভিক পুলিশ বানালেই, অসম্ভব রকমের আনুগত্য পাওয়া যায়। তাই নিজের দলের নেতৃত্বে পরিচালিত সরকারের কোনো আত্মসমালোচনা মমতার করা সাজে না। রাজা কে বলা যায় যে ব্যাটা তুই ন্যাংটা, রাজা নিজে কখনোই সে কথা স্বীকার করবে না।

যাবতীয় তাত্বিক ও নৈতিক কচকচানির মধ্যে একটি সত্য কিন্তু প্রকাশ্যে জ্বল জ্বল করছে, তা হলো এই যে পশ্চিমবঙ্গের সরকারি, বা গণ স্বাস্থ্য পরিষেবা, চরম সংকটে ডুবে আছে, আর এই ডুবিয়ে রাখার পিছনে আছে এক গভীর ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র কোনো বিরোধী দলের দুষ্ট বুদ্ধির পরিণাম নয়, বরং দীর্ঘ সময় ধরে সমস্ত সংসদীয় দলগুলোর সম্মিলিত ষড়যন্ত্রের ফসল।

পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কে পঙ্গু করার কার্য শুরু করে জ্যোতি বোসের সরকার, সেই ১৯৮০ এর দশকের শেষের দিক থেকে। তখন সবে সবে নয়া উদারনৈতিক অর্থনীতির হাওয়া ঢুকতে শুরু করেছে আর তারই সাথে সাথে শুরু হয় নার্সিং হোমের আগমন। অতীতের ছোট ছোট নার্সিং হোম ও বেসরকারি বা দাতব্য হাসপাতালের জায়গায় আস্তে থাকে বড় আর মাঝারি মাপের নার্সিং হোম যাদের বেশির ভাগের মালিক ছিল সরকারি হাসপাতালে চাকরি করা ডাক্তাররা, আবার অনেক নার্সিং হোমে কমিশনের ভিত্তিতে নিয়োগ করা হতো সরকারি ডাক্তারদের। সিপিএমের লোকাল কমিটি আর ডাক্তারি গণ সংগঠন কে হাত করেই এই ব্যবসার ভিত গভীরে শিকড় গাড়ে।পরবর্তী কালে মনমোহনীয় নয়া উদারনৈতিক বাতাসে ভেসে আসে রুবি, পিয়ারলেস থেকে এই কয়েক বছর আগে আগুন লাগা আমরি। পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোয় মানুষে কুকুরে একসাথে থাকতে শুরু করে, একটা বেডের জন্যে দালাল থেকে পার্টির নেতা সবাই কমিশন খেতে শুরু করে। ফলে প্রথমে স্বছল মধ্যবিত্ত পরিবারগুলো আর পরবর্তী কালে নিম্ন মধ্যবিত্ত ও গরিব মানুষদেরও একটু ভালো চিকিৎসার আশায় সারা জীবনের কষ্টে সঞ্চিত অর্থ ব্যয় করে নার্সিং হোম ও বেসরকারি হাসপাতালের শরণার্থী হতে হয়। আর এই ফাঁকেই জ্যোতি বোস আর বুদ্ধ ভট্টাচার্যের আমলে কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করে বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে নার্সিং হোমগুলো। অন্যদিকে হুহু করে মান পড়তে থাকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার। রাজ্যের সবচেয়ে নাম করা চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা কেন্দ্র এসএসকেএম (পিজি হাসপাতাল), মেডিক্যাল কলেজ, নীল রতন সরকার মেডিক্যাল কলেজ, ইত্যাদী ধুঁকতে থাকে পরিকাঠামো আর চিকিৎসকের অভাবে। রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে বামফ্রন্ট সরকার চিরকাল স্বাস্থ্য ব্যবস্থায় নিজেদের কুকীর্তি চেপে রাখার চেষ্টা করতে থাকে।

পরিবর্তনের হাওয়ায় চেপে যখন মমতা ক্ষমতায় আসে তখন জন মোহিনী প্রকল্পের আড়ালে সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের হাল ফেরানোর কথা বলা হলেও (২০১২ সালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চালু হয়) স্বাস্থ্য ব্যবস্থা থাকে সেই তিমিরেই। বড় বড় কর্পোরেট সংস্থার স্বার্থে মমতার নেতৃত্বে চলা তৃণমূল সরকার ধীরে ধীরে পশ্চিমবঙ্গের ধুঁকতে থাকা স্বাস্থ্য ব্যবস্থাকে আরও জোরে গড্ডালিকায় দিকে ঠেলে দেয়। ফলে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের হাল তো আরও খারাপ হতেই থাকে আর তার সাথে সাথে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর লাভের অঙ্ক লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।স্বাস্থ্য দফতর কে মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখার সাথে সাথে আরইটি স্বাস্থ্য সমীক্ষা ২০১১-১২ সালের পরে আর প্রকাশ হতে দেয়নি, এর ফলে শেষ সমীক্ষার পরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঠিক অবস্থানটা কোথায় তা বোঝা দুস্কর হয়ে গেছে। কথায় কথায় নয়া উদারনৈতিক অর্থনীতির ফর্মুলা অনুসারে পশ্চিমবঙ্গের গণ স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানোর দাওয়াই সেই বস্তা পঁচা পাবলিক - প্রাইভেট পার্টনারশিপ মডেলের মধ্যে খোঁজার গল্প বাদে মমতার খাতায় হাতে রয়েছে শুধু পেন্সিল।

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর চাপে ভারতের শাসক শ্রেণী যখন দেশের জনগণ কে ঢপের কীর্তন শুনিয়ে শান্ত করে রাখার "উন্নয়নমূলক রাষ্ট্রের" শেষ স্তম্ভ, খাদ্য-স্বাস্থ্য-শিক্ষা ব্যবস্থাকে ভেঙে, বেসরকারিকরণের মাধ্যমে, বৃহৎ বিদেশী একচেটিয়া ও লগ্নি পুঁজির হাতে তুলে দিতে বদ্ধপরিকর তখন কোনো প্রদেশেই গণ স্বাস্থ্য ব্যবস্থার সুস্থ্য হয়ে ওঠার আশা করা একটা অলীক কল্পনার বেশি কিছুই হবে না। কারণ বিশ্ব জুড়ে বৃহৎ পুঁজির লোভ ও লালসাকে চরিতার্থ করতে যেভাবে প্রকৃতি কে ধ্বংস করে একের পর এক দেশকে নিঃশেষ করা হচ্ছে তার ফলে বেড়ে চলা প্রাকৃতিক ও কৃত্রিম ভাবে সৃষ্ট দূষণের ফলে মানুষের স্বাস্থ্যে অবনতি হওয়া ভীষণ সাধারণ ব্যাপার। ধীরে ধীরে বেড়ে চলেছে মারণ রোগগুলোর প্রকোপ ও সংখ্যা। প্রতি বছর অসংখ্য মানুষ ডেঙ্গি, চিকুনগুনিয়া, কালা জ্বর, জন্ডিস, সহ অসংখ্য রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের দিকে পা বাড়াচ্ছেন। যাদের মধ্যে উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা যেমন আছেন তেমনি আছেন নিম্ন মধ্যবিত্ত, গরিব, আরে একেবারে হতদরিদ্র শ্রেণীর মানুষ। উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্তরা যদিও বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সাহায্যে আরোগ্য লাভ করতে পারেন কিন্তু সেই পরিষেবার দিকে যেতে নিম্ন মধ্যবিত্তদের পা কাঁপে, গরিব বা হতদরিদ্রদের কথা বাদ দেওয়াই ভালো। কিন্তু এই ৭০ শতাংশ মানুষের আশা ও ভরসার গণ স্বাস্থ্য ব্যবস্থায় অনেক উৎসাহী ও পরিশ্রমী এবং সৎ ডাক্তার ও স্বাস্থ্য কর্মী থাকা সত্বেও শুধু মাত্র লোকবল, পরিকাঠামো, আর্থিক অনুদান, এবং আমলাতান্ত্রিক ফিতের ফাঁসের চাপে এই স্বাস্থ্য ব্যবস্থায় জনগণের কোনো কল্যাণ হচ্ছে না।

২০১০-১১ সালের স্বাস্থ্য বিষয়ক সমীক্ষার ফলে দেখা গেছিল যে ভারতবর্ষে প্রায় ৬.৩ কোটি মানুষ প্রতি বছর স্বাস্থ্যের পিছনে খরচের কারণে দরিদ্র সীমার নিচে নেমে যান।গ্রামাঞ্চলে ৬.৯ শতাংশ মানুষ এবং শহরাঞ্চলে ৫.৫ শতাংশ মানুষ এই ব্যবস্থার শিকার।  এই সংখ্যাটা এই ছয় বছরে নিশ্চয় মনমোহন ও নরেন্দ্র মোদীর বিদেশী পুঁজি ও নয়া উদারনৈতিক অর্থনীতির দামামা বাজিয়ে পুজো করার সৌজন্যে বেড়েছে, এবং এর প্রকোপ যে পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে সে কথাও নিশ্চয় সত্য, কারণ সমগ্র দেশে ২০০৪-০৫ সালের পরিসংখ্যানে ১৫ শতাংশ মানুষ ব্যাপক হারে বেড়ে চলা স্বাস্থ্য পরিষেবার মূল্যের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, আর ২০১১-১২ তে সেই সংখ্যা বেড়ে হয়েছিল ১৮ শতাংশ। জনগণের এই সংকটের সুযোগ নিয়েই তো আজ দুর্গাপুরের একটা বেসরকারি হাসপাতাল টিভিতে বিজ্ঞাপন দিয়ে রুগী (গ্রাহক) টানার চেষ্টা করার সুযোগ পাচ্ছে। আমরি থেকে অ্যাপোলো, হাসপাতালের জায়গায় পাঁচ তারা হোটেল খুলে রুগীদের ঘাড় ভেঙে টাকা নিচ্ছে। এমনকি মৃত মানুষ কে ভেন্টিলেটরে রেখে যতদিন সম্ভব টাকা রোজগার করে চলেছে।এর সাথেই তাল মিলিয়ে কেন্দ্রের মোদী সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের ছত্রছায়ায় একের পর এক বেসরকারি মেডিক্যাল কলেজ ব্যবসার ঝাঁপি সাজিয়ে বসছে, এমনকি কোটি কোটি টাকা ক্যাপিটেশন ফি দিয়ে এই সব কলেজে বকলমে ভর্তিও চলছে। অনেক দিন আগে, ১১ অক্টোবর ২০১২ এর আনন্দবাজার পত্রিকা কে দেওয়া এক সাক্ষাৎকারে এই পিপিপি মডেলের মেডিক্যাল কলেজের বিরোধিতা করেছিলেন বিখ্যাত সার্জেন ডাঃ দেবী শেঠী। তিনি সাক্ষাৎকারে বলেছিলেন যে এর ফলে মেডিক্যাল পড়াশুনা শুধু যে গরিবের হাতের বাইরে চলে যাবে তাই নয় বরং এই সব কলেজ থেকে পাশ করে যে সব স্বচ্ছল বাড়ির ছেলে মেয়েরা কোনোদিন গরিব মানুষের সেবা করবে না বরং এই ডাক্তারি বিদ্যা ব্যবহার করবে কোটি কোটি টাকা রোজগারের জন্যে।

ষড়যন্ত্র করে ধীরে ধীরে যে ভাবে ভারতের মতন গরিব মানুষের  দেশে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আইএমএফ ও ডব্লিউটিও'র নির্দেশে, তার ফলে আগামী দিনে অনেক বেশি বেশি করে ভুগতে হবে সাধারণ মানুষকে। ১৯৯৫ সালে ভারতের জনসংখ্যা ছিল ৯৬ কোটি আর দেশের স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি লগ্নি ছিল ১.১ শতাংশ, আর ২০১৪ সালে ১২৩ কোটি মানুষের দেশ হয় সত্বেও স্বাস্থ্যের পিছনে বরাদ্দ বেড়ে জিডিপির ১.৪ শতাংশ হয় মাত্র। মোদী সরকার স্বাস্থ্য পরিষেবার নামে শুধু নানা কায়দায় স্বাস্থ্য বীমা বিক্রি করে জনগণের ন্যূনতম স্বাস্থ্য সুরক্ষার সাথে ছিনিমিনি খেলছে। মমতা সরকারও সেই একই খেলা উন্নয়ন ও জনকল্যাণের মোড়কে মুড়ে খেলছে। বড় বড় কর্পোরেট সংস্থার হাতে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি বেচে দেওয়ার স্বার্থে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কে শুধু গাফিলতি করে পঙ্গু করা হচ্ছে না বরং ষড়যন্ত্র করে বিকল করে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের আশার শেষ ঠিকানা সরকারি স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালগুলোকে। মমতা আর চন্দ্রিমার ষড়যন্ত্রের সমীক্ষায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আগুন লেগে হয়তো মৃত্যু হয়েছে তিন জনের, কিন্তু যদি সরকার আর কর্পোরেট সংস্থাগুলোর এই ষড়যন্ত্র কে আমরা আরো গভীরে গিয়ে দেখি তাহলে হয়তো দেখতে পাবো যে এই ষড়যন্ত্রের জালে পড়ে সারা দেশে প্রতি বছর অসংখ্য মানুষ এই জন্যে মারা যাচ্ছেন যে ইচ্ছাকৃত ভাবে গণ স্বাস্থ্য পরিষেবাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আগুনে জ্বলে মৃত্যু হলে সরকারকে বিরোধিতার তীরে বিদ্ধ করা সম্ভব হয়, কিন্তু সারা দেশ জুড়ে যে দানা মাঝিরা আজ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পঙ্গুত্বের কারণে প্রিয়জনদের হারাচ্ছেন তাঁদের ক্ষতি করার মূল কু চক্রী যে সরকারি নেতা-মন্ত্রী-আমলা আর কর্পোরেট প্রভুরা, তারা খুব সহজেই এই অন্যায়ের শাস্তির থেকে নিজেদের বাঁচিয়ে নিতে সক্ষম হয়।জনগণকে হত্যা করার দায়ে এই অপরাধীদের শাস্তি কোন আদালত দেবে ?

    
   


   

গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা এবং মমতা বন্দ্যোপাধ্যায়

একদিকে দেশজুড়ে মোদী সরকারের বিরুদ্ধে সমস্ত অ-কংগ্রেসী ও বাম বিরোধী শক্তিদের ঐক্যবদ্ধ করে সিপিএমের স্বপ্নের তৃতীয় ফ্রন্ট গড়ে তোলার তাগিদ আর অন্যদিকে ঘরের মাঠে বিরোধীদের দলের লোকেদের ভয় দেখিয়ে আর লোভের ফাঁদে ফেলে একের পর এক জেলা পরিষদ ও পুরসভা দখল করার তাগিদ, মোদ্দা কথা হলো নিজের ঘর কে বিরোধী শূন্য করে বিরোধীদের দাম না দেওয়ার অভিযোগ করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীর ছোড়া হলো আজ মমতা বন্দোপাধ্যায়ের প্রধান রাজনৈতিক চাল। দেশজুড়ে মোদী বিরোধী গণ বিক্ষোভের সুযোগ নিয়ে তলে তলে পুরানো দোস্ত বিজেপির সাথে সেটিং বজায় রেখেও বিরোধিতার পারা চড়িয়ে দেশের অন্যান্য বিরোধীদের মধ্যমণি হয়ে এবার প্রধানমন্ত্রীর কুর্সির দিকে যখন মমতা বন্দোপাধ্যায় নজর দিচ্ছেন, রাজ্যের প্রতি বঞ্চনা, বিরোধীদের প্রতি অবজ্ঞা, ইত্যাদী অভিযোগের তীর যখন তিনি প্রধানমন্ত্রীর দিকে ছুড়ছেন, ঠিক সেই সময়ে পশ্চিমবঙ্গের প্রতিটি বিরোধী দল দ্বারা পরিচালিত গ্রাম পঞ্চায়েত থেকে পৌরসভা আজ তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত রাজ্য সরকার কে সেই একই অপরাধের অভিযুক্ত হিসেবে গণ্য করছেন, অভিযোগ করছেন রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার এবং ছলে-বলে-কৌশলে বিরোধী শিবিরে ভাঙ্গন ধরানোর প্রয়াস করার।

গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা এবং মমতা বন্দোপাধ্যায়


মমতা বন্দোপাধ্যায় সহ সমগ্র দক্ষিণপন্থী ও অতি দক্ষিণপন্থীরা চিরকাল কমিউনিস্ট ও বামপন্থীদের গণতন্ত্র বিরোধী বলে গালাগাল করে থাকলেও তাঁরা নিজেরা সরকারে থাকলে বিরোধীদের কি চোখে দেখেন সে কথা আজ সবারই মোটামুটি জানা হয়ে গেছে। সিপিএমের সামাজিক-ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে মমতার অভিযোগ ছিল যে জ্যোতি বোস - বুদ্ধদেবরা কোনদিন বিরোধীদের মতামতকে গ্রাহ্য না করে দম্ভ নিয়ে বিরোধীদের কোনঠাসা করে নিজেদের রাজত্বকে মজবুত করার চেষ্টা করতো। মূলত সিপিএমের ৩৪ বছরের শাসনকালে পশ্চিমবঙ্গ বিরোধী শূন্য ছিল শেষ দুই - তিন বছর বাদ দিলে। তার আগে সিদ্ধার্থ রায়ের আমলেও পশ্চিমবঙ্গ বিরোধী শূন্য ছিল কারণ বিরোধীরা জেলে বা বধ্যভূমিতে ছিলেন, রক্তে ভেসে ছিল গণতন্ত্রের পথ। আজ মমতার আমলেও সেই পুরানো মদ কে নতুন বোতলে করে চোলাই করে চালান দেওয়া হচ্ছে। সৌজন্যে জোতদার পুত্র শুভেন্দু অধিকারী, ডিল সেটিং এর মাস্টার মুকুল রায় আর তৃণমূলের অন্যান্য সকল মেজ ও সেজ নেতারা। গণতন্ত্র আজ বিরোধী শূন্য রাখলেই কামাই বেশি হয়, মমতার দল আর দলের ভাই বোনেদের হাত খরচা ভালো হয়, আর এই কামাই বাড়াবার একমাত্র রাস্তা হলো সকল বিরোধী দলের জনপ্রতিনিধিদের প্রাণ আর মালের ভয় দেখিয়ে নিজের দিকে টেনে আনা। তাই কাল অবধি জলপাইগুড়ির যে সকল তথা কথিত বামেরা নীতি আর আদর্শের কথা বলে মমতার পিতৃ শ্রাদ্ধ করছিলেন তাঁরা আজ সকলে মুকুল - শুভেন্দুর সাথে হাতে হাত মিলিয়ে তৃণমূলের ঝান্ডা নাড়াচ্ছেন। ঠিক যেমন গতকাল অবধি যে লোকটা সিপিএমের ভিতরে বিপ্লবী-বিদ্রোহী বুলি ছুটিয়ে বিমান-বুদ্ধদের নীতি কথার শুলে বিদ্ধ করতো, সেই লোকটাই নীতি কথা কে শৌচালয়ে ফ্লাশ করে তৃণমূলের টিকিটে ভোটে জিতে মমতার গুণ কীর্তন করছে। এদের দলে নিয়ে নিজেকে সততা আর পরিছন্নতার প্রতীক হিসেবে তুলে ধরা মমতা বন্দোপাধ্যায় কি নীতির পরিচয় দিচ্ছেন তা আজ পশ্চিমবঙ্গের মানুষের জানা হয়ে গেছে।

গণতন্ত্রের গান গাওয়া সরকারী আর আধা সরকারী বাম ও প্রাক্তন নকশালদের আজ প্রচন্ড ব্যথা লেগেছে মমতার এহেন আচরণে। অথচ সেই বাম আমলেও এই খেলাই যে চোরাগোপ্তা ভাবে চলতো সে কথা এখনো এই রাজ্যের মানুষের স্মৃতি থেকে মুছে যায়নি। হয়তো অনেক রাখ ঢাক করে বাম আমলে দুর্নীতি আর বিরোধীদের সপক্ষে টেনে এনে পঞ্চায়েত থেকে পৌরসভা অবধি কমিশন কামাবার প্রক্রিয়াটা চলতো, যা আজ মমতার আমলে চোখের সামনে একেবারে দিনের আলোয় চলছে, তবুও ঘটনা হচ্ছে যে এই রাজ্যে আজ যারা অভিযোগ করছেন গণতন্ত্র হরণের তাঁরা প্রত্যেকেই কোনো না কোনো কালে কোনো না কোনো ভাবে বিরোধীদের সাথে ঠিক এই ভাবেই ব্যবহার করেছেন। আর তাই হয়তো মমতার ভয়ে আর ক্ষমতার লোভে যখন বিরোধী শিবিরে ভাঙ্গন ধরছে তখন রাজ্যের মানুষ অবাক হচ্ছেন না। সমগ্র বিরোধীদের চেয়ে মাত্র কয়েক লক্ষ বেশি ভোটে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মমতার দম্ভ বুদ্ধের চেয়ে কম বাড়েনি এ কথা আজ দিনের আলোর মতন স্পষ্ট। তৃণমূল নেত্রী জানেন যে দল কে ২০২১ সালের নির্বাচনী বৈতরণী ও তার আগে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন ও ২০২০ সালের পুর নির্বাচনে জিততে হলে এখন থেকেই সন্ত্রাস কে লাগামহীন ঘোড়ার মতন ছোটাতে হবে। জনসমক্ষে ভাবমূর্তি ধরে রাখতে দুই একটি প্রমোটার আর কাউন্সিলার কে না হয় কিছুদিন জেলে রেখে পরে জামিনে বের করে আনা যাবে, কিন্তু প্রমোটারীর আর ঠিকাদারির দালালির টাকার উপর থেকে রাজ্যের কোনো অঞ্চলে নিজের একচেটিয়া অধিকার মমতা বন্দোপাধ্যায় শিথিল করতে পারেন না। তিনি এবার বেগ দিচ্ছেন কেন্দ্রে ক্ষমতার চাঁদ ধরার জন্যে, অনেকটা ২০০৯ সালের পুনরাবৃত্তি করার আশায় আর কেন্দ্রে প্রতিযোগিতা করতে চাই কাঁড়ি কাঁড়ি টাকা যা এই গরিব রাজ্যে প্রমোটারী আর সিন্ডিকেট রাজ বাদ দিয়ে অন্য কোথাও পাওয়া দুস্কর। পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল নৈব নৈব চ করে টিকে আছে, আর তাই সারা দেশের মধ্যমণি হয়ে ২০১৯ সালে ময়দানে নামার তাগিদটা বেশি বলে রাজ্যের মানুষকে দেখতে হবে নির্লজ্জ তৃণমূল নেতাদের টাকা খাওয়া আর শুনতে হবে নেত্রীর শুদ্ধিকরণের প্রতিশ্রুতি।

বিরোধী শূন্য গণতন্ত্র নাকি গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে, গণতন্ত্রে নাকি শাসকের চেয়ে বিরোধীদের মূল্য বেশি, গণতন্ত্র মানে নাকি বিরোধীদের কথাও শোনা এবং সবাই কে সাথে নিয়ে চলা। আশা করি এই সমস্ত প্রবচন পাঠকেরা এর আগেও আনন্দ বাজার মার্কা বাজারী সংবাদ মাধ্যমের পাতায় বারবার পড়েছেন, কিন্তু বাস্তব জীবনে এর সাথে কোনো মিল খুঁজে পাননি। মাঝে মাঝে আমাদের কর্পোরেট মিডিয়া গোষ্ঠীগুলি বিলেতের উদাহরণ টেনে এনে আমাদের যদিও বলে যে গণতন্ত্রে বিরোধীদেরও বিশাল ভূমিকা আছে, তবুও বাস্তবে ঘটনা হলো যে ভোটে জিতে যে ক্ষমতায় আসে সে কোনদিন বিরোধীদের কথা শুনে কাজ করতে আসে না, সে আসে পাঁচ বছরে আখের গুছিয়ে নিয়ে পরবর্তী পাঁচ বছরে ক্ষমতায় থাকার পথ সুগম করতে।কেউ কেউ তৃণমূলের মতন তাড়াতাড়ি চেটেপুটে থালা পরিস্কার করার ঠেলায় পড়ে সারদা - নারদা প্রভৃতি কান্ডে জড়িয়ে পড়ে আর কেউ কেউ সরকারী বামেদের মতন ৩৪ বছর ঠাকুরঘরে লুকিয়ে লুকিয়ে কলা খেয়ে শেষে ধরা পড়ে যায়। এই তথাকথিত গণতান্ত্রিক সেট আপে রাজনীতি করতে আসার মূল উদ্দেশ্য হলো টু পাইস ইনকাম করা। শুনেছি মুম্বাই আর দিল্লিতে নাকি বিলেতের কায়দায় রাজনৈতিক পার্টিতে রীতিমত বেতন নিয়ে চাকুরী করা যায়। সিপিএম আবার এই ব্যবস্থাটি কে একটু বিপ্লবী বাম আতর চড়িয়েছিল এক কালে হোল টাইমারদের বেতন দিয়ে পুষে রেখে। তাই এই দেশে, বা এই ব্যবস্থায় যারাই রাজনীতিতে আসে তাঁদের উদ্দেশ্য হয় কিছু পয়সা কামিয়ে নেওয়া, আর পয়সা কামানো যাবে একমাত্র বড় বড় ব্যবসায়ী আর কর্পোরেট সংস্থাগুলোর থেকে, গ্রামের জোতদার আর আড়তদার-মজুতদার-কালোবাজারীদের থেকে, পাড়ার প্রমোটার আর বৈশ্যালয়ের মক্ষীর থেকে, আর এরা তখনই টাকা দেবে যখন এদের ব্যবসার ভালো মন্দ এই রাজনৈতিক ব্যক্তিদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে, বা সোজা কথায় যখন সেই রাজনৈতিক ব্যক্তি ও দলের সরকারী ক্ষমতা থাকবে বা অন্তত পক্ষে ভোটে জিতে ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা থাকবে, যেমন ধরুন এই ২০১১ সালে মমতার পিছনে কি বিপুল ভাবে বড় বড় কর্পোরেট সংস্থাগুলো, প্রমোটাররা, জমি আর নারীর দালালরা, জোতদাররা টাকা ঢেলেছিল, অথবা এই ২০১৪ সালের নির্বাচনে কি বিপুল পরিমানের অর্থ বড় বড় বহুজাতিক ও দেশী মুৎসুদ্দি কর্পোরেট সংস্থাগুলো মোদীর পিছনে ঢেলেছিল। এই টাকা দেওয়া হয় শান্তিতে ব্যবসার নামে লুটপাট চালাবার জন্যে, আইনের খোঁচা থেকে বাঁচতে, আর যে কোনো সমস্যায় সম্পূর্ণ রাজনৈতিক সমর্থন পেতে। আর জমি, নারী, খনিজ পদার্থ থেকে বাড়ি, গাড়ি, ঠান্ডা পানীয় নিয়ে ব্যবসা করে কামিয়ে খাওয়া লোকেদের জন্যে কোন রাজনৈতিক পার্টি ভোটে জিতলো তার চেয়ে বেশি জরুরী হলো যে কার রাজত্বে বেশি আমদানির সুযোগ আছে। ঠিক তেমনি  ভাবেই সমস্ত নির্বাচনী (সরকারী ও আধা সরকারী বাম সহ) পার্টির কাছে এবং এই দলের নেতাদের কাছে ভোটে জেতার তাগিদ হলো বেশি আমদানির তাগিদ বা কোথাও কোথাও বর্তমান আয় কে বজায় রাখার একমাত্র পথ। আচ্ছা ধরুন ক্ষমতাহীন এসইউসি বা সরকারী নকশালপন্থী দলগুলোকে স্বেচ্ছায় বড় বড় ব্যবসায়ী আর দালালেরা টাকা দেবে কেন যদি না এদের কোনো সংসদীয় ক্ষমতা না থাকে? কিন্তু সরকারী ভাবে পশ্চিমবঙ্গের ক্ষমতায় না থেকেও রাজ্যে শক্তির হিসেবে আর কিছু টিম টিম করে জ্বলতে থাকা পুরসভায় ক্ষমতায় থাকার দরুন কংগ্রেস আর সিপিএম তবুও অনেক টাকা আয় করতে পারে। আর সেই টাকার উত্সের মূল জায়গা হলো এদের দখলে থাকা জেলা পরিষদ বা পুরসভাগুলো, যেখানে ঠিকা পাওয়ার জন্যে কমিশন চলে আর কমিশনের বা দালালির বখরা সেই দরজায় দাড়ানো আর্দালি থেকে রাজ্য নেতৃত্ব অবধি পৌঁছয়। তৃণমূলের টাকার ক্ষিদে এতই বেশি যে পশ্চিমবঙ্গে শিবরাত্রির সলতের মতন জ্বলতে থাকা সমস্ত বিরোধীদের আস্তানায় এবার ওরা হাত মেরেছে আর টেনে নিচ্ছে তৃণমূলের বিরুদ্ধে ভোটে লড়ে জেতা জনপ্রতিনিধিদের। আর এখানেই কাটা ঘায়ে একেবারে নুন ঘষা হয়ে গেছে বিরোধীদের জন্যে। প্রবল জোরে তাঁরা চিৎকার শুরু করেছে “গণতন্ত্র বিপন্ন” বলে।

আমাদের সামনে যে বস্তুটাকে সাজিয়ে গুছিয়ে রং করে “গণতন্ত্র” হিসেবে পরিবেশন করা হয় তার স্বরূপ বা শাঁসটা কিন্তু খোলের চেয়ে একেবারে আলাদা।এই গণতন্ত্র নামক বস্তুটা আসলে বড় লোকেদের, টাকাওয়ালা কুমিরদের স্বার্থে তৈরি একটা গরিব মারার মেশিন যার মধ্যে যে কোনো সাধু ব্যক্তিই নিজের সততা রক্ষা করতে পারবে না। বিদেশী একচেটিয়া ও লগ্নি পুঁজি এবং তার ভারতীয় মুৎসুদ্দি কর্পোরেট দালালেরা প্রথমেই ঠিক করে নেয় যে কাদের দিয়ে ওদের ব্যবসায়িক উদ্দেশ্য পূরণ হবে এবং সেই রাজনৈতিক শক্তি কে, এমনকি তারা যদি চরম বিপ্লবী সেজে থাকা বামপন্থী হয় তবুও তাদের নির্বাচন জেতাতে বিভিন্ন কর্পোরেট শিবির খেলায় নামে। প্রত্যেকটি সংসদীয় রাজনৈতিক দল কোনো না কোনো বৃহৎ বহুজাতিক কর্পোরেট সংস্থার দালাল এবং এই দলগুলির মধ্যে যে নির্বাচনী প্রতিযোগিতা হয় তা আসলে বিভিন্ন বড় বড় কর্পোরেট সংস্থার নিজেদের ব্যাবসায়িক প্রতিপত্তি, বিভিন্ন বিদেশী শক্তির নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিপত্তি বাড়ানোর প্রতিযোগিতা বাদে আর কিছুই নয়। কারণ বর্তমান বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে আসল প্রতিযোগিতা হলো গুটিকয়েক বৃহৎ কর্পোরেট সংস্থার দ্বারা এশিয়া-আফ্রিকা-দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে বাজার দখল করে, প্রাকৃতিক সম্পদ, ও শ্রম লুট করে চরম মুনাফা আয় করার প্রতিযোগীতা। আর এর ফলেই সৃষ্ট হয় শাসকশ্রেণীর স্বার্থ রক্ষাকারী বিভিন্ন রাজনৈতিক দলের পরস্পরের সাথে ক্ষমতা নিয়ে মারামারি। যদিও এদের নীতি আর আদর্শ মোটের উপর একই রকমের, তবুও এরা লড়াই করে নিজেদের বিদেশী মালিক ও তাদের দেশী দালালদের স্বার্থে। কংগ্রেস আর বিজেপি তো বটেই তৃণমূল আর সিপিএমের মতন দলগুলোও কোনো না কোনো বৃহৎ কর্পোরেট শক্তির স্বার্থ রক্ষা করে আর তাই এদের ক্ষমতা দখলের লড়াই ঝুটো গণতন্ত্রের দেউড়ি পার হয়ে রক্তাক্ত লড়াইয়ে পরিণত হয়। আর এই লড়াইতে চাপে পড়ে বা বেশি খাওয়ার লোভে শিবির পরিবর্তন করা কোনো বড় কথা নয়। আর গণতন্ত্রে বিরোধীদের অধিকার নিয়ে যেসব টেক্সট বুক গণতন্ত্রী আর তথাকথিত সমাজবাদী বামেরা গলা ফাটায় তারা আসলে লুটের মাল সরকারপক্ষ কে বিরোধী পক্ষের সাথে ভাগ করে খাওয়ার পক্ষে ওকালতি করে। কারণ শেষ বিচারে এদের রাজনীতি করার উদ্দেশ্য হলো অর্থ আয় করা, অনেক অনেক অর্থ আয় করা, চক্ষু লজ্জার মাথা খেয়ে অনুজ পাণ্ডের মতন, উত্তর প্রদেশ সহ অন্যান্য উত্তর ভারতীয় রাজ্যের রাজনীতিবিদদের মতন, রাজার হলে জীবন যাপন করা গরিব প্রজার মাঝে। এত খাঁটি সামন্তবাদী চেতনার মানুষ এই সোনার দেশের বাইরে কোথায় আর পাওয়া যাবে?

গণতন্ত্র চিরকাল শাসক শ্রেণীর, অর্থাৎ যে সামাজিক-আর্থিক শ্রেণী একটি দেশে বা সমাজে সবচেয়ে শক্তিশালী শ্রেণী হিসেবে বিরাজ করে, সেই শ্রেণীর স্বার্থে চলে। এই গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ প্রচন্ড ভক্তি সহকারে শাসক শ্রেণী, অর্থাৎ জোতদার, জমিদার, দালাল পুঁজিপতি, বৃহৎ কর্পোরেট সংস্থাগুলোর স্বার্থে খাটে আর লাভের গুড় শাসক শ্রেণী কে চাটায়। এই ব্যবস্থার ভিতরে গিয়ে গরিব মানুষ, শোষিত জনজাতির মানুষ, খেটে খাওয়া মানুষ কোনোদিনই মুক্তি পাবেন না তাঁদের উপর চলতে থাকা নির্মম শোষণ ও অত্যাচার থেকে। শোষিত মানুষের মুক্তির সব চেয়ে বড় শত্রু তো এই জগদ্দল পাথরের মতন চেপে বসে থাকা পঁচা গলা ব্যবস্থাটাই। তাই এই ব্যবস্থাটাকে, শোষণের উপর টিকে থাকা ব্যবস্থাটাকে উৎখাত করেই গরিব মানুষ মুক্তি অর্জন করতে পারেন শোষণ ও অত্যাচার থেকে আর সেই উৎখাত করার স্বার্থে আজ গরিব মানুষকে ব্যাপক সংগ্রাম করতে হবে সকল ধরনের শাসক শ্রেণীর দালালদের বিরুদ্ধে। এ ছাড়া মুক্তির আর কোনো পথ নেই, কোনোদিন ছিলও না।    

ত্রিশঙ্কু বিধানসভা হলে কি মমতা আর মোদীর জোট হওয়া সম্ভব নয়?

মোদী সাহেব এলেন আর এসে বললেন বাংলার মানুষের নির্বাচনে কি করা উচিত, কেন বিজেপিকে জেতানো উচিত, কেন তৃণমূল কে হারানো উচিত এবং এই চোর-চোর  সরগোলে মোদী হঠাৎ বলে বসলেন যে ভগবানের কৃপায় ভোটের মুখেই ওই বড়বাজারের সামনের বিবেকানন্দ সেতু ভেঙ্গে পড়েছে।এই কথা বলে মোদী সাহেব স্পষ্ট করে দিলেন যে মানুষের জীবনের মূল্য এই দাঙ্গাবাজ, গণহত্যাকারীর কাছে কতই তুচ্ছ, ২০০২ এর সমান আজও। হায়দ্রাবাদের ঠিকেদার সংস্থা এই দুর্ঘটনা কে ভগবানের কীর্তি বলে নিজের পশ্চাতদেশ বাঁচাবার প্রচেষ্টায় রত হয়েছিল। বাংলার মাটিতে দাঁড়িয়ে, নিদারুন আস্পর্ধা দেখিয়ে বাংলার মানুষকে অপমান করতে গুজরাটি মোদী ওই ঠিকেদারদের থেকে এক কদম এগিয়ে বললেন যে ভগবানের কৃপায় সেতু আজ ভোটের সময়ে ভেঙ্গেছে। ভগবান তো চাইছেন যে তৃণমূল যেন হেরে যায় এবং যেন বিজেপি জিতে যায়, তাই তো তিনি ওই সেতু ভেঙ্গে অনেকগুলো নিরপরাধ মানুষকে মেরে তৃণমূলের হেরে যাওয়ার রাস্তা প্রশস্ত করলেন। এই সব অর্বাচীন ভাষণ দিয়ে পশ্চিমবঙ্গের উচ্চ জাতির অবাঙালি ভোটারদের মেরুকরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।নির্বাচন প্রচারে আম্বানি আর আদানি গোষ্ঠী ভালো টাকা ঢেলেছে। নজর রয়েছে বাংলা - ঝাড়খন্ড-উড়িষ্যা সীমান্তের জঙ্গলমহল, খনিজ সম্পদ এবং ভারতীয় মজদুর সংঘের প্রতিপত্তি বাড়িয়ে বন্ধ কল কারখানার জমিতে বড় বড় রিয়েল এস্টেট প্রকল্প গড়ে তোলা।


পশ্চিমবঙ্গে নির্বাচনের বুথের সামনে সারিবদ্ধ মানুষ যারা গণতন্ত্রের উত্সব কে সফল করতে দাঁড়িয়ে আছেন



মমতা বন্দোপাধ্যায় কম থাকেন কিসে, মেয়রকে থাপ্পর মেরেও ভোট তৃণমূল কে দেওয়ার জুতো মেরে গরু দানের অদ্ভুত নীতি আমদানি করার পরেই পুরানো মিত্র বিজেপির বিরুদ্ধে রোষ দেখিয়ে আসানসোলের সভায় মিচকে হেঁসে তিনি বললেন যে বিজেপি "ভয়ানক জালি পার্টি"। কথাটা ভালো শোনালেও ওই দশ লিটার দুধে এক ফোটা চোনা কিন্তু ইতিহাস ফেলে দিল। যদি বিজেপি এতই ভয়ানক ও জালি পার্টি হয় তাহলে ১৯৯৮ সাল থেকে সেই পার্টির লেজুর হয়ে সাত - আট বছর কেন লটকে ছিলেন মমতাদেবী ও তাঁর পার্টি? ২০০২ এর সংগঠিত গণহত্যার সোপান বেয়ে যখন নরেন্দ্র মোদী গুজরাটের মসনদে আসীন হলেন তখন তাঁকে কেন  ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়েছিলেন মমতাদেবী।সেই সময়ে আপনার ব্রাক্ষণ চামড়ায় ওই মুসলমানদের জ্বলে পুড়ে শেষ হয়ে যাওয়া শরীরগুলোর তাপ কোনো প্রভাব ফেলেনি তাই না?

পশ্চিমবঙ্গে তৃণমূলের ভোট ব্যাঙ্ক বলতে সত্যিই কিছু নাই, ঠিক সিপিএমের শেষবেলার মতন অবস্থা হয়েছে এখন। শুধু যদি তৃণমূলের গুন্ডাবাহিনী ও সিন্ডিকেট সেনা কে রোখা যায় তাহলে তৃণমূলের হেভি ওয়েট প্রার্থীদের বিরুদ্ধে কলা গাছকেও ভোটে দাঁড় করালে কলা গাছই জিতবে। পশ্চিমবঙ্গের মানুষ একদিন এমনি করেই সিপিএমের শেষ দেখতে চেয়েছিলেন এবং তখন তৃণমূল কলা গাছ হয়ে দাঁড়িয়েছিল আজ সেই কলা গাছের লড়াইতে সামিল সিপিএম-কংগ্রেস ও বিজেপি।সিপিএম ও কংগ্রেসের জোট নিয়ে যত কম বলা যায় তত ভালো, কারণ বেশি বলা মানে সময় আর শক্তির অপচয়।এই জোট কিসের উপর দাঁড়িয়ে ভোটে লড়ছে তার কোনো ঠিক নেই।কংগ্রেস আর বামফ্রন্টের জোট যে কিছুদিনের মধ্যেই বালির দুর্গের চেয়ে বেশি কিছু থাকবে না সে কথা পশ্চিমবঙ্গের শিশুরাও হলফ করে বলতে পারবে। সমস্যা হচ্ছে বিজেপি কে নিয়ে, যে দল নিজ শক্তিতে ভোটে জিতে সরকার গড়ার ক্ষমতা না রাখলেও ত্রিশঙ্কু বিধানসভায় নিজের সমর্থনের বদলে নিজের নীতি ও আদর্শকে সেই ১৯৪০ এর পর প্রথমবার পশ্চিমবঙ্গের মাটিতে প্রত্যক্ষ ভাবে সরকারী সাহায্যে প্রয়োগ করার সুবিধা পাবে।অবশ্যই জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে বিজেপির অকুন্ঠ সমর্থন শুধু তৃণমূল কংগ্রেসই পেতে পারে। মুসলমান মৌলবাদী ও হিন্দু ফ্যাসিবাদের মিলনের অদ্ভুত মেলা এই কলকাতার বিধানসভা যে হবে না তা কে হলফ করে বলতে পারে।

পশ্চিমবঙ্গ ও অসমের মাটিতে বিজেপি সৃষ্টির অনেক আগে থেকেই আরএসএস এর নানা শাখা ব্রাক্ষণ ও উচ্চ জাতির অবাঙালিদের মধ্যে এবং কিছু উচ্চ জাতির বাঙালিদের মধ্যে কাজ করা শুরু করে। শাখাগুলির নিয়মিত ব্যায়াম ও কসরত কলকাতা সহ মফস্বলের নানা জায়গায় বাবরি মসজিদ কান্ডের অনেক আগে থেকেই দেখা যেত এবং সরকারী বামেদের ধুতির মালকোচা এই হাফ প্যান্টধারীরা কোনদিন মাড়ায়নি বলে বহু বছর সিপিএমের ছত্র ছায়ার তলে ধীরে ধীরে বিষাক্ত বট বৃক্ষে পরিণত হয়।পশ্চিমবঙ্গে আরএসএস প্রথম বৃহৎ আকারে শক্তি পরীক্ষা করে বিভিন্ন শিল্পাঞ্চলে ১৯৯২ এর বাবরি মসজিদ ধংসের জন্যে চলমান আন্দোলনের জন্যে করসেবক নামক পদাতিক বাহিনীতে লোক ভর্তি করিয়ে।  প্রধানত মারোয়ারী ও গুজরাটি এবং অন্য কিছু অবাঙালি উচ্চ জাতির ব্যবসায়ীদের থেকে টাকা এবং লোকবল পায় আরএসএস। কিছু সংখ্যক অবাঙালি দলিতদের নিজের পক্ষে সেই সময়ে আনতে সফল হয় আরএসএস। বাবরি মসজিদ ভাঙ্গার পরে যে সাম্প্রদায়িক দাঙ্গার আগুন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে তার আঁচ পশ্চিমবঙ্গেও পড়ে, বিশেষ করে আসানসোল, দুর্গাপুর, হাওড়া, মেদিনীপুরের খড়গপুর, এবং হুগলি ও দুই চব্বিশ পরগণার শিল্পাঞ্চলে হিন্দু উচ্চ জাতিকে মুসলমানদের বিরুদ্ধে তাঁতিয়ে তুলতে আরএসএস ভালো ভূমিকায় পালন করে এবং জ্যোতি বাবুর সরকার সেদিন এই সব কুকীর্তি দেখেও শুধু কার্ফু ঘোষণা করে দুরে বসে জাবর কাটতে থাকে।সেদিন সিপিএমের সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনগণের ঐক্য নিয়ে হাজার গন্ডা প্রচার করলেও একবারের জন্যেও ভারতের একটা চরম সন্ত্রাসবাদী ও জন বিরোধী সংগঠনের চক্রান্তমূলক কার্যকলাপ কে ভঙ্গ করার কোনো প্রচেষ্টা করেনি। যদিও সেদিন সেই কাজ করার সমস্ত সরকারী শক্তি বাম সরকারের হাতে ছিল। মাওবাদী সংগঠনগুলিকে নিষিদ্ধ করতে এবং পুলিশ - আইবি লেলিয়ে ধ্বংস করার প্রচেষ্টা ওই "আমরা গণতন্ত্রে বিশ্বাসী" জ্যোতি-বুদ্ধ-অনিল-বিমান চক্র অনেক করে থাকলেও শেষ পর্যন্ত কবে তেনারা কোনো হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করতে রাষ্ট্র শক্তি ব্যবহার করেছেন তা অনেক ভেবেও মনে পড়ছে না। এর পিছনে যে পশ্চিমবঙ্গের বামফ্রন্টের বেইমান শোধনবাদীদের নিজেদের শিরায় বয়ে চলা সুপ্ত ব্রাক্ষণত্ববাদী রক্তের গুণ দায়ী নয় কে বুক চিতিয়ে বলতে পারবে ?

১৯৯৮ এ ব্রাক্ষণ সন্তান মমতা ব্যানার্জীর হাত ধরে পশ্চিমবঙ্গে এই বিজেপির সরকারি ভাবে প্রবেশের দ্বার খোলে। প্রথমবার পশ্চিমবঙ্গ থেকে দুই জন সাংসদ বিজেপির টিকিটে নির্বাচিত হন।জুলু মুখুজ্জ্যে আর তপন শিকদারের হাত ধরে বিজেপি ক্যান্সারের মতন করে পশ্চিমবঙ্গের বাঙালি সমাজের, বিশেষ করে উচ্চ জাতির সচ্ছল পরিবারগুলির মধ্যে নিজের স্থান করে নেয়। সেইদিন অস্ত্র আজকের মতনই টিভিই ছিল। শাশুড়ি - বৌমার গল্প হিসেবে বিজেপি তথা আরএসএস এর আদর্শ অনুসারে সৃষ্ট সাংসারিক নিয়মগুলিকে আপামর বাঙালি মননে গেঁথে দেওয়ার কাজ সেই শুরু হয় ১৯৯৯ সালে যা ২০০৯ সাল থেকে ভেঙ্কটেশ ফিল্মের সৌজন্যে এবার বাংলায় হাজির হয়েছে ছোট পর্দায়। এই টিভি সিরিয়াল আর সিনেমার মাধ্যমে সাংস্কৃতিক আগ্রাসন শুরু করে হিন্দু ফ্যাসিবাদী শক্তিগুলি। তাদের পেছনে সেদিন পাখা দিয়ে হাওয়া করছিল তৃণমূল। দুই দলের ভাঙ্গাভাঙ্গি হয় ২০০৬ এ যখন ৮০ গাড়ির কনভয় করে এসে আডবানি মমতাকে তাঁর টাটা বিরোধী সিঙ্গুর আন্দোলন তুলে নিতে অনুরোধ করেন, কিন্তু সেদিন লোকসভায় এক আর বিধানসভায় ৩২ বিধায়কে নেমে আসা মমতার কাছে লালকৃষ্ণ আডবাণী একজন অতীতের বোঝা বাদে কিছুই ছিলেন না।  তার কারণ মমতার তখন দরকার হয়ে পড়ে রাজ্যের সংখ্যালঘুদের সমর্থন এবং পশ্চিমবঙ্গে নন ফ্যাক্টর বিজেপি ঘাড়ে ঝুলে থাকলে সেই ভোট পাওয়া মুশকিল ছিল। সেই সময়ে পশ্চিমবঙ্গের মাটিতে ভোটের বাক্সের সাম্প্রদায়িক মেরুকরণ হয়নি এবং তাই বিজেপিকে মমতার দরকার ছিল না।

আজ যদি, এবং বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে ত্রিমুখী লড়াইয়ের ফলে যা দেখা যাচ্ছে, বিজেপি সরকার গড়ার খেলায় অংশীদার হয় তাহলে বিজেপি ও তৃণমূলের ঐক্য কেউই আটকাতে পারবে না। যদি কংগ্রেস বা সিপিএম ভালো নাম্বারও বানায় তবুও বিজেপি তাদের জোটে খোলাখুলি ভাবে সমর্থন করতে পারবে না কিন্তু সরকারের বাইরের থেকে মমতাকে বকলমে সমর্থন করা বিজেপির পক্ষে অসম্ভব নয়।  মনে আছে কাশ্মীর ? কি ভাবে কাশ্মীরে পিডিপির মতন পার্টির সাথে জোটবদ্ধ হতে অমিত শাহের কোন অসুবিধাই হয়নি। কিন্তু সমস্যা হবে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া আপামর সাধারণ মানুষের, যাঁদের দৈনন্দিন জীবন কে বিষিয়ে তুলতে ঝাঁপিয়ে পড়বে এই ধর্মীয় সন্ত্রাসবাদী গেরুয়া শিবিরের নেতৃত্ব এবং পিছন থেকে হাওয়া দেবে তৃণমূল।

এই নির্বাচন কে ঘিরে ২০১৪ সালের পরে এই বছর সবচেয়ে বড় ধর্মীয় মেরুকরণের খেলা শুরু হয়েছে, বিশেষ করে মালদার মাটিতে সংখ্যালঘু বিরোধী বিদ্বেষ সৃষ্টি করে আরএসএস নেতা জিষ্ণু বোস, দিলীপ ঘোষ, প্রভৃতি নেতারা বাংলার মাটিতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার প্রচেষ্টা চালানো শুরু করে। মমতার সরকার এই সমস্ত ঘৃণার বাণী নিসৃত করা দাঙ্গাবাজ শক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে স্পস্ট করেছিলেন যে ত্রিশঙ্কু বিধানসভা হলে তিনি বিজেপির সমর্থন পাবেন।  আর বিজেপিও চায় যে কোনো ভাবে পশ্চিমবঙ্গে মমতার আঁচল ধরে নিজের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে পরবর্তী কালে কংগ্রেস-সিপিএমের দেউলিয়াপনার সুযোগ নিয়ে উচ্চ জাতির হিন্দু মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের মেরুকরণ করে শহর অঞ্চলগুলিতে তৃণমূল ও কংগ্রেসের বাঙালি ভোট ব্যাঙ্কে বড়সর থাবা বসাতে।বিজেপি জানে বাঙালি উচ্চ জাতির সামগ্রিক সমর্থন যদি মেরুকরণের মাধ্যমেও বিজেপি টানতে পারে তাহলে বাকি ভোটগুলো অন্য দলগুলির মধ্যে ভাগ হলেও ২০২১ সাল নাগাদ বিজেপি এই রাজ্যে একটি বৃহৎ শক্তি হয়ে উঠতে সক্ষম হবে।কারণ ইতিমধ্যেই বিজেপি রাজ্যের অবাঙালি উচ্চ জাতির হিন্দু, জৈন, ও শিখ ভোট ব্যাঙ্ক কংগ্রেস ও তৃণমূলের থেকে কেড়ে নিয়েছে।আরএসএস এই পরিকল্পনায় নিম্ন জাতির বাঙালিদের এবং আদিবাসী মানুষদেরও টেনে আনতে চায়, বিশেষ করে বীরভুম জেলায় যেখানে বিজেপি আদিবাসীদের হিন্দু ধর্মের আওতায় টেনে এনে জেলার মুসলমান মানুষদের সাথে তাঁদের লড়াই বাঁধাতে চাইছে।  তাই এক কালে দুধ কুমার মন্ডলের মতন এক নিম্ন জাতির নেতাকে ব্রাক্ষণত্ববাদী বিজেপির অনেক নেতার আপত্তি সত্বেও আরএসএস তুলে এনেছিল।

বিজেপি সারদা কান্ডে মমতা বিরোধিতায় ইতি টেনেছিল সুদুর রাজনৈতিক লক্ষ্যের দিকে তাকিয়ে। আরএসএস এর অনেক বছরের পরিশ্রম ও বড় বড় পুঁজিপতি ও জোতদারদের টাকা লাগানো হয়েছে পশ্চিমবঙ্গে ব্রাক্ষণত্ববাদী শাসন ব্যবস্থা গড়ে তুলে বাংলার মানুষকে আর বাঙালি হিন্দুর মানসিকতা কে বৃহৎ হিন্দু সাম্রাজ্যের অনুগত করে তোলার জন্যে।  তার জন্যে দরকার হিন্দির প্রতি প্রেম, অবাঙালি হিন্দু রীতি ও নীতির আনুষ্ঠানিক ভাবে প্রভাব বিস্তার এবং বাঙালির নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য কে চিরতরে নির্মূল করে দেওয়া। ভেঙ্কটেশ ফিল্ম, একতা কাপুর, থেকে আমাদের বিয়ে বাড়িতে হিন্দি গান, হিন্দি সিনেমার প্রতি চরম আকর্ষন এবং সর্বত্রে মুসলমান বিরোধী প্রচার ও কুত্সার ফলে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের বুকে গো বলয়ের উচ্চ জাতির হিন্দু পার্টি বিজেপি বাঙালির অন্দর মহলে ঢুকতে সক্ষম হচ্ছে।আজ বাঙালির নিজস্বতা কে, বিশেষ করে গরিব বাঙালির, শোষিত দলিত বাঙালির, আদিবাসীদের নিজস্বতা কে এই হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট আক্রমণ থেকে বাঁচাবার জন্যে কোনো দলই দাঁড়াবে না। কারণ সবাই মোটামুটি "nation  state " এর তত্বে বিশ্বাস করে এবং তাই আজ গরিব -শোষিত-অত্যাচারিত-দলিত  বাঙালি এবং আদিবাসীদের দরকার এক বিপ্লবী ও প্রগতিশীল রাজনৈতিক শক্তির ছত্রতলে ঐক্যবদ্ধ হয়ে হিন্দুত্ববাদী বিজেপির তৃণমূল কংগ্রেস কে ব্যবহার করে পশ্চিমবঙ্গের মসনদে উঠে আসার প্রচেষ্টাকে সর্ব শক্তি দিয়ে রুখে দেওয়া এবং পশ্চিমবঙ্গের বুকে ব্রাক্ষণত্ববাদী শক্তিগুলিকে রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে পরাস্ত করা।                     

সুগত বসুর জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে দেওয়া ভাষণ তৃণমূলের সুবিধাবাদী অবস্থান স্পস্ট করলো

অবশেষে তৃণমূল জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মুখ খুললো, মমতা বন্দোপাধ্যায়ের মুখে এই ইশ্যূতে কুলুপ আঁটা থাকলেও খুব কায়দা করে তৃণমূলের ব্যাক বেঞ্চ সাংসদ ও মার্কিন দেশের প্রাক্তন অধ্যাপক সুগত বসু কে দিয়ে শুদ্ধ ইংরাজী ভাষায় খুব মার্জিত ভাবে একটা বিরোধিতা করা হলো। সুগত বসুর ভাষণ শুনে অবশ্য বোঝা গেল না যে তিনি ও তাঁর পার্টি আদতে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপর নৃশংস রাষ্ট্রীয় দমন পীড়নের বিরোধিতা করছেন না কি বিজেপির প্রতি একটা সুপ্ত সমর্থনের পরিবেশ তৈরি করছেন।

যে মমতা দেশের সব ব্যাপার নিয়ে গত দেড় বছর ধরে হট্টগোল করেন, যে দলের সাংসদরা এই কিছুদিন আগে পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সকল জন বিরোধী নীতির বিরুদ্ধে নানা রকম নর্তন কীর্তন করে নিজেদের দেশের প্রধান বিরোধী দল হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাতো, আচমকা এমন কি হলো যে দেশের মানুষের উপর এত বড় একটা ফ্যাসিবাদী হামলার সময়ে সেই পার্টির কেষ্ট বিস্টুরা সবাই চুপ আর তাত্বিক বচন বাগীশ সুগত বসুর মতন লোক সংসদ ভবনে বগল বাজিয়ে নিজের জ্ঞানের বহর প্রকাশ করছেন?

সুগত বসু রাজনীতির ময়দানে নতুন মুখ হলেও আসলে তিনি মার্কিন বৃহৎ একচেটিয়া ও লগ্নি পুঁজির বাঙালি মুখপত্র। তাঁর বক্তব্যের সার করলে দেখা যাবে তিনি খুব ধূর্ততার সাথে শাসক বিজেপি ও আরএসএস কে বুদ্ধি দিলেন যে হঠকারিতা না করে ছাত্র আন্দোলন কে খুব ঠান্ডা মাথায় দমন করতে । তিনি চতুরতার সাথে বললেন যে কানহাইয়া কুমারের ভাষণের কিছু অংশের সাথে তিনি সহমত, আর কিছু অংশের সাথে তিনি সহমত নন। তার মানে তিনি (এবং তাঁর পার্টি) এটা মানে যে জেএনইউ এর ছাত্রদের কার্যকলাপে "দেশদ্রোহ" রয়েছে। সুগত বাবু তাঁর পান্ডিত্য ঝেড়ে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি সরকারকে জানাতে চাইলেন যে মমতা বিজেপির পক্ষেই আছে শুধু প্রকাশ্যে নিজের পায়ে নিজে কুড়ুল মারা বন্ধ করুক বিজেপি।

বিজেপির প্রতি মমতার যে সুপ্ত একটা সমর্থন আছে সে কথা সবাই জানেন। অতি মাত্রায় ব্রাক্ষণত্ববাদী মমতা বন্দোপাধ্যায় সর্ব প্রথমে পশ্চিমবঙ্গের জমিতে খাল কেটে বিজেপির কুমির কে সেই ১৯৯৮ সালে ঢুকিয়েছিলেন।তার আগে যদিও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ১৯৪৭ সাল থেকেই শিবির গেড়ে বসে ছিল, তবুও মারোয়ারী ব্যবসায়ী, কিছু হিন্দি ভাষী উত্তর ভারতীয় উচ্চ জাতির হিন্দুদের ছাড়া কেউ এই হিন্দুত্ববাদী কেউটে সাপদের  কাছে ভিড়তো না। মমতা বন্দোপাধ্যায় কংগ্রেস ছাড়ার পরেই এই হিন্দুত্ববাদী নেংটিধারীদের সাথে ঐক্যবদ্ধ হন এবং এদের কে পশ্চিমবঙ্গে ভিত গড়তে সাহায্য করেন। তিনি এই সেদিনও বিজেপির লেজ ধরে ঝুলছিলেন যেদিন মোদী ও তাঁর সাগরেদরা গুজরাটের মুসলমান নিধন যজ্ঞ করছিল। নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুসলমানদের গণহত্যা ও গণধর্ষণের মই বেয়ে বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় অধিষ্ট হন সেই ২০০২ এর শেষ দিকে তখন এই মমতা বন্দোপাধ্যায় ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়েছিলেন মোদীকে।

২০০৪ সালের লোকসভা নির্বাচনে একমাত্র সাংসদ নির্বাচিত হয়ে এবং ২০০৬ সালের নির্বাচনে গো হারা হেরে মমতার আক্ষেপ শুরু হয় ভোট ব্যাঙ্ক খুয়ে যাওয়ায় এবং বামফ্রন্ট সরকারের সামাজিক-ফ্যাসিবাদী হামলায় যখন সিঙ্গুর - নন্দীগ্রামের মানুষ জেরবার হচ্ছিলেন ঠিক সেই সময়ে আচমকা মুসলমানদের দুঃখে বুক ফেটে গেল মমতা বন্দোপাধ্যায়ের মতন ব্রাক্ষণদের। শুরু হলো মুসলমান তোষণ, সেই প্রাচীন নেহরু-গান্ধী পদ্ধতিতে, যার মূল কথা হলো মোল্লা আর মুফতিদের তেল মেরে হাত করে সামগ্রিক মুসলমান সমাজের উপর নিজের প্রতিপত্তি কায়েম করার চেষ্টা করা। সামগ্রিক ভাবে মুসলমানদের দেখানো যে ব্রাক্ষণত্ববাদীরা তাঁদের মঙ্গল কামনা করে কিন্তু কার্যত সেই মুসলমানদের আরও পিছিয়ে দিতে, আরও বেশি ধর্ম ঘেঁষা, ধর্মান্ধ বানানোর প্রচেষ্টা বাদে এটা কিছুই না। ঠিক যেমন নেহরু-গান্ধীর সাথে চলতেন মৌলানা আবুল কালাম আজাদ, যাঁর নীতি ছিল প্রতিক্রিয়াশীল এবং যিনি হাড়ে হাড়ে মুসলমানদের আধুনিক হওয়ার বিরোধিতা করতেন। সেই খেলায় আজ মজেছেন মমতা এবং তাই মুসলমানদের সামগ্রিক আর্থ-সামাজিক বিকাশ না করে শুধুই মৌলবাদী কিছু শক্তিকে বাঁশে ঠেলে উপরে চড়িয়ে যাচ্ছে এই সরকার।

মোদী ক্ষমতায় আসার পর থেকেই লুকোচুরি খেলা চলছে তৃণমূল আর বিজেপির। প্রথমে বিজেপির উপর আক্রমণ চালিয়ে নিজেকে ধর্ম নিরপেক্ষ হিসাবে পাচার করার প্রচেষ্টা চালান মমতা এবং পরবর্তীতে মমতার বিরোধিতা করে এগিয়ে এসে বিজেপি সারদা কান্ড নিয়ে হইচই করেও কিছু প্রসাদ আর সিন্নি খেয়ে ঠান্ডা হয়ে বসে গেল।

বিজেপি জেএনইউ তে পুলিশ ও আরএসএস এর গুন্ডা পাঠানোর অনেক আগেই মমতা ২০১৪ সালে যাদবপুরের বেচাল ছেলে মেয়েদের পিটুনি দিতে বিশাল পুলিশ বাহিনী পাঠান যার ফলে সৃষ্ট হয় 'হোক কলরব' আন্দোলনের। ২০১৪ সালের সেই বৃষ্টি ভেজা দিনগুলিতে পথে নামেন হাজার হাজার ছাত্র-ছাত্রী, যার জবাব দিতে চট জলদি তত্কালীন পিসির আদুরে ভাইপো (বর্তমানে ব্রাত্য) প্রফেসর শঙ্কু ওরফে শঙ্কু পান্ডা তৃণমূলী ছাত্রদের (গাঁ ঝেঁটিয়ে তুলে আনা ভিড় আর সরকারী ছাত্র গুন্ডা বাহিনী) নিয়ে কলকাতায় মমতার আর এক ভাইপো অভিষেক বাড়ুজ্যের উস্কানিতে মিছিল করেন। সেদিনও আরএসএস এর সদস্য রাজ্যপাল ছাত্রদের কড়া ধমক দিয়ে ঠান্ডা করতে চেয়েছিলেন, শাঁসিয়েছিলেন এমন ভাবে যেন যাদবপুরের ছাত্ররা উত্তর প্রদেশ বা হরিয়ানার গো বলয়ের এবিভিপি সমর্থক, তাঁর শাসানি শুনে থমকে যাবে। যাদবপুর তবুও ছাত্র শক্তির জোর রাষ্ট্রীয় ক্ষমতার আলিন্দে বসা মমতাকে দেখিয়েছিল, যার চাপে সেদিন ওই তৃণমূলের পদলেহী উপাচার্য অভিজিত চক্রবর্তী কে পদত্যাগ করে লেজ গুটিয়ে পালাতে হয়।

আজ যখন জেএনইউ এর ছাত্রদের পাশে, হিন্দুত্ববাদী-ব্রাক্ষণত্ববাদী সন্ত্রাসের বিরুদ্ধে বুক চিতিয়ে যাদবপুর লড়াই করছে তখন ওই অবাঙালি কিছু আরএসএস গুন্ডা কে দিয়ে প্রথমে যাদবপুরে ভাঙচুর করিয়ে তারপর বিজেপির দ্রৌপদী রুপা গঙ্গোপাধ্যায়, লকেট চাটুজ্যে প্রভৃতি নাট্যকাররা আরএসএস এর বানর সেনা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হাঙ্গামা করার চেষ্টা করেন, তখন মমতার গণতন্ত্র প্রেম কোথায় থাকে আর কোথায় লুকিয়ে পড়ে হিন্দুত্ববাদ বিরোধিতা, তা আর কারুর চোখে পড়ে না। মমতার মার্কিনি অধ্যাপক সাংসদ ছাত্রদের উপর হামলার ঘটনায় চোখ থেকে কুম্ভিরাশ্রু ঝরান, আর মমতারই 'দুষ্টু' ছোট ছেলের দল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে ঢুকে অবস্থানকারী ছাত্রদের পেরেক লাগানো ডান্ডা দিয়ে পিটিয়ে বুক চিতিয়ে ঘোরে। দিল্লি পুলিশের তাঁবেদারি আর বর্ধমান পুলিশের তাঁবেদারির মধ্যে আদেও কি কোনো ফারাক আছে? আমার জন্মভূমি, শ্রমিক আন্দোলনের পবিত্র মাটি, কাজী নজরুলের পবিত্র মাটি, আসানসোলের (যে শহর থেকে অবাঙালি ও উচ্চ জাতির বাঙালি হিন্দু ভোটে জিতেছিলেন গাইয়ে সুপ্রিয় বড়াল, ওরফে বাবুল সুপ্রিয়) বুকে দাঁড়িয়ে বিজেপির অবাঙালি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ব্রাক্ষণত্ববাদী ফ্যাসিবাদী হুঙ্কার ছেড়ে ঘোষণা করে যে পশ্চিমবঙ্গে ভোটে জিতে উনি যাদবপুরের ছাত্রদের লাথি মেরে বের করে দেবেন। আর মমতার প্রশাসন শুধু ভিজে বেড়ালের মতন বসে থেকে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রী, পশ্চিমবঙ্গের একটি নামী প্রতিষ্ঠানের নামে এই বিষ মেশানো ভাষণ শুনলো। কোথায় ছিল তখন মমতার বঙ্গ প্রীতি ?

মমতা আর মোদীর গট আপ গেম ভালোই চলছে, একজন মোল্লা তোষণ করছে তো অন্যজন অবাঙালি ও উচ্চ জাতির হিন্দু বাঙালি ভোটারদের মেরুকরণ করে চলছে। এই পাঁকে পশ্চিমবঙ্গের গরিব, শোষিত মানুষ কে ধর্মের ভিত্তিতে ভাগ করার প্রচেষ্টা চলছে, যাতে বিদেশী বৃহৎ পুঁজি-দেশীয় দালাল পুঁজি-নব্য জোতদার-জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম করার থেকে এই ব্যাপক অংশের মানুষ কে বিরত করা যায়।

বাজপেয়ীর আমলে বিদেশী কর্পোরেটদের কোটি কোটি টাকা তখনও বিজেপির ঝুলিতে সেই ভাবে ঢোকেনি যেমনটি আজ মোদী শাসনকালে ঢুকছে। কর্পোরেট গোষ্ঠীগুলি তাদের বিশাল অর্থ বলের সাহায্যে যে কোনো রাজনৈতিক শক্তিকে কিনে রাখতে পারে। সংসদীয় বাম থেকে তৃণমূল কংগ্রেস, আদি কংগ্রেস থেকে বিজেপি আজ তাদের পকেটে। দেশের কোনায় কোনায় আদিবাসী জনগণ কে তাঁদের জল - জঙ্গল - পাহাড় থেকে খেদিয়ে সেই জমি আর জঙ্গল, যার নিচে লুকানো আছে খনিজ সম্পদ, আজ সস্তায় বিদেশী একচেটিয়া পুঁজি ও তার দেশীয় দালালদের কাছে খুচরো পয়সার দরে বিক্রি করে কমিশন কামাচ্ছে বিজেপি-কংগ্রেস সহ সকল শাসক পার্টি। যতদিন বামফ্রন্ট পশ্চিমবঙ্গের মসনদে বসে ছিল ততদিন তাঁরাও ভাগ পেয়েছে, আজ পাচ্ছে তৃণমূল, আর তাই তৃণমূলের বিরুদ্ধে কামাই থেকে বঞ্চিত সিপিএম কংগ্রেস এক হয়েছে।

দেশের সম্পদ, জমি, প্রকৃতির এই লুণ্ঠনের বিরুদ্ধে প্রগতিশীল জনগণ, ছাত্র-যুবরা আদিবাসী ও দরিদ্র কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন। যদিও ভারত সরকার ২০০৯ সাল থেকে আদিবাসী সমাজকে তাঁদের জমি ও জঙ্গল থেকে ছুড়ে ফেলতে বিদেশী ও দিশি পুঁজির টাকায় চলা খনি কর্পোরেশনগুলির স্বার্থে এক যুদ্ধ ঘোষণা করেছে। নয়া উদারনৈতিক অর্থনীতির প্রবক্তারা আজ দেশ জুড়ে কৃষক আত্মহত্যা, আদিবাসীদের উপর শোষণ অত্যাচারের বিরোধী আওয়াজ কে কন্ঠরুদ্ধ করতে চাইছে, দেশপ্রেমের জোয়ার তুলে দেশ বেচার প্রচেষ্টায় রত হয়েছে পরগাছা চাটুকার বিদেশী পুঁজির দালালদের দল, যাদের সদর দফতর আজ আরএসএস এর নাগপুর কেন্দ্র। 

কিন্তু বাংলার মাটিতে এই ভাঁড়দের প্রচেষ্টায় বাঁধা হচ্ছেন পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া কৃষক ও শ্রমিকের ঐক্য, যাঁরা দশকের পর দশক এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর বিরুদ্ধে লড়েছেন, যাঁরা ভাগ করো শাসন করো নীতিকে ভালো করে জানেন, যাঁরা ধর্ম-বর্ণ-জাতের উর্দ্ধে এসে একসাথে সিঙ্গুর-নন্দীগ্রাম-জঙ্গল মহলের ব্যাপক সংগ্রাম গড়ে তুলতে পারেন। তাই তো বাংলার এই গরিব, খেতে না পাওয়া, শীর্ণ - জীর্ণ মানুষগুলোকে বিদেশী একচেটিয়া পুঁজি ও তাদের দেশী দালালরা এত ভয় পায়। তাই মমতার সমর্থনে বিজেপির ব্যাটন নাচ দেখছে পশ্চিমবঙ্গের মানুষ, ঠিক যেমন কেন্দ্রীয় স্তরে বিজেপির সমর্থনে তৃণমূলের খেমটা নাচ দেখছে দেশের মানুষ।

যাদবপুরে আমি কোনো দিন পড়িনি, জানি ওটা প্রেসিডেন্সির মতনই একটা এলিটিস্ট এবং অনেকাংশে জনগণ থেকে বিছিন্ন একটা প্রতিষ্ঠান, যেখানে ছাত্ররা আজ ব্যারিকেড গড়ে লড়াই করেও ছাত্র জীবনের শেষে পরীক্ষা দিয়ে হাকিম হবেন, নীতি নির্ধারক হবেন শাসক শ্রেণীর। তবুও বহু ছাত্র-ছাত্রী আবার ওই ক্যারিয়ার গড়ার ইঁদুর দৌড় থেকে দুরে থেকে শোষিত - নির্যাতিত মানুষের স্বার্থে কাজ করে যান। ঐতিহাসিক ভাবে দেখতে গেলে আমার ঠাকুরদা যাদবপুরের প্রথম ব্যাচের ইঞ্জিনিয়ার ছিলেন, যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্লাস হতো মুরারীপুকুরের সেই বিখ্যাত বোমা বাড়ির কাছে। সেই সময়ে জঙ্গল কেটে  ১৯২৪ সালে অরবিন্দ ভবন তৈরি হওয়ার পরে যখন বিশ্ববিদ্যালয়ের পঠন যাদবপুরে চলে আসে, মার্কসবাদী দর্শন ভারতে সুপরিচিত হওয়ার আগেই, তখন ঠাকুরদা সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাদা চামড়ার সাহেব ও তার নীল চোখের ঘোড়সাওয়ার পুলিশদের পেঁদিয়ে বৃন্দাবন দেখিয়েছিলেন।

আজ যখন দেশের ছাত্র-ছাত্রীরা রাজনৈতিক ভাবে বেশি চেতনাসম্পন্ন ও শক্তিশালী, যখন তাঁদের পক্ষে সমগ্র বিশ্ব দাঁড়িয়ে পড়তে পারে, তখন ওই ক্যাম্পাস থেকেই বিজেপির বাতুলতা কে আজ যাদবপুরের পূর্বতন ছাত্র ছাত্রীদের মতন  ব্রিটিশ বিরোধী লড়াইয়ের কায়দায় জবাব দিয়ে যাদবপুরের ছাত্র-ছাত্রীদের মানুষকে দেখাতে হবে যে ফ্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করে পরাজিত করা যায়।সত্যি কারের দেশপ্রেম কি আর সত্যিকারের জাতীয়তাবাদ কি সেই শিক্ষা যাদবপুরের আর গোটা বাংলার ছাত্র-ছাত্রীদের অবাঙালি কৈলাশ বাবু ও তাঁর নাচিয়ে-গাইয়ে-বাজিয়েদের অবশ্যই দিতে হবেই। গরিব মানুষের সকল সংগ্রাম কে, শ্রমিক - কৃষক, দলিত-আদিবাসী-সংখ্যালঘুদের সকল সংগ্রাম কে আজ বিশেষ করে হিম্মত দেবে ছাত্র-ছাত্রীদের বীরত্বপূর্ণ লড়াই। 

ছাত্র আন্দোলন সম্পর্কে সরোজ দত্ত বলে গেছেন যে 'কোঁতকা বাপ বলাবে' - সংসদীয় বাম রাজনীতিবিদরা যখন দেশের ছাত্র শক্তিকে ভেড়ার পাল বানাবার প্রচেষ্টা চালাচ্ছেন তীব্র ফ্যাসিস্ট আক্রমণের মুখে ঠিক তখনই ওই কোঁতকা ভীষন জরুরী হয়ে পড়েছে ফ্যাসিস্টদের ভিতরে ভীতির সঞ্চার করতে। ছাত্র শক্তির পাল্টা প্রতিরোধের সংগ্রামই তৃণমূল ও বিজেপির ঐক্য কে, সুগত বসুর দ্বিচারিতা কে এবং রুপা-লকেট-দিলীপদের ফাঁপা দেশপ্রেমের  হাঁড়ি হাটের মাঝে ভাঙবে।

ফ্যাসিস্ট জাতীয়তাবাদ আর মেকি দেশপ্রেমের চোঙ্গা পড়ে থাকা বিজেপির অবাঙালি দাঙ্গাবাজদের আজ বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার সময় এসেছে। মনে রাখবেন, যত দেরী করবেন তত বেশি কামড়াবে ফ্যাসিবাদ। সময় থাকতে ওদের বিষ দাঁত কে প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে গুঁড়িয়ে দিতেই হবে।   

        


২রা সেপ্টেম্বরের দেশজোড়া শ্রমিক - কর্মচারীদের ধর্মঘট কে জিততেই হবে

২রা সেপ্টেম্বরের দেশ জোড়া শ্রমিক সংগঠনগুলির ডাকা সর্বভারতীয় সাধারণ ধর্মঘট কে ভাঙ্গার কথা প্রকাশ্যে ঘোষনা করে মমতা ব্যানার্জী সরাসরি মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রতি তার নৈতিক সমর্থনের ইঙ্গিত দিলেন, তার সাথে তিনি তার স্বভাবসিদ্ধ ঢঙে তাতিয়ে তুললেন তার ছাত্র পরিষদ কর্মী সমর্থক থুড়ি গুন্ডা বাহিনী কে যাতে তারা ৬০-৭০ এর দশকের যুব কংগ্রেস - ছাত্র পরিষদের মত সরাসরি বামপন্থী কর্মী সমর্থকদের উপর হামলা করে ধর্মঘট ভাঙ্গার কাজ করতে পারে। এই আস্ফালনের প্রেক্ষাপট হলো মমতার পুলিশের দ্বারা ২৭শে অগাস্ট নির্মম ভাবে নবান্ন অভিযানে সামিল কৃষকদের মিছিলের উপর দমন পীড়ন। একদিন মিছিল আটকে মমতা ও তৃণমূলী সরকারের স্থির বিশ্বাস হয়েছে যে তারা শ্রমিক ও কৃষকদের যে কোনও লড়াই ভাঙ্গতে পারবে তাদের দলদাস প্রশাসনকে লেলিয়ে দিয়ে।   

২রা সেপ্টেম্বরের দেশ জোড়া শ্রমিক - কর্মচারীদের ধর্মঘটের ডাক দিয়েছিল ডান - বাম মিলিয়ে ১১ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কিন্তু ধর্মঘট থেকে শেষ মুহুর্তে আরএসএস এর চাপে পিছু হটে সংঘ পরিবারের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ। এই ধর্মঘট ডাকা হয়েছে মোদী সরকারের জন বিরোধী নীতিগুলির বিরুদ্ধে। গত এক বছর ধরে বিজেপির কেন্দ্রীয় সরকার তার পূর্বসূরী কংগ্রেস সরকারের পথ ধরে চলে বড় বড় কর্পোরেটগুলির, বিদেশী বৃহত একচেটিয়া লগ্নি পুঁজি ও তার দেশী দালাল পুঁজির স্বার্থ রক্ষা করার জন্যে জনগণের ঘাড়ে নামিয়ে আনছে একের পর এক ভয়ানক কোপ।  যেমন শ্রম আইন সংস্কার করে দেশের শিল্প ক্ষেত্রে কর্মরত এক বিরাট অংশের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার থেকে বঞ্চিত করা হলো। ন্যুনতম মজুরি বাড়ানোর যে সংগ্রাম সারা দেশব্যাপী মূল্য বৃদ্ধির বাজারে শ্রমিক শ্রেণী চালিয়ে আসছে তার প্রতি নির্মম পরিহাস করে লোক দেখানো ভঙ্গিতে যত সামান্য বাড়ানো হলো মজুরি, অন্যদিকে কর ছাড় সহ নানা সুযোগ সুবিধা দিয়ে মালিক শ্রেণীকে দেওয়া হচ্ছে অঢেল লাভ কামাবার উপায়।  ৮ ঘন্টার কর্মদিবস আউটসোর্সিং ও এসইজেড এর দৌলতে আগেই শ্রম দুনিয়া থেকে চলে গেছে অতীতের রক্ষনাগারে, এবার ১০-১২ ঘন্টার নিয়মিত কর্ম দিবস করার প্রয়াস চালানো হচ্ছে শ্রমিক শ্রেণীকে ক্রীতদাসের মতন ব্যবহার করার স্বার্থে। ওভারটাইমের জায়গায় এখন নিয়মিত কর্মদিবসেই শ্রমিক ও কর্মচারীদের বেশি বেশি খাটিয়ে প্রচুর মুনাফা কামাবার লালসায় বৃহত একচেটিয়া লগ্নি পুঁজিপতিরা, তাদের ভারতীয় দালাল পুজিপতি ও তাদের পেটোয়া বাজারী সংবাদ মাধ্যমগুলি এই তথা কথিত শ্রম আইন সংস্কারের নামে শ্রমিকদের উপর শোষনের বোঝা ভারী করার ষড়যন্ত্র কে 'সাহসী পদক্ষেপ', 'বলিষ্ঠ পদক্ষেপ', ইত্যাদী বলে সাধুবাদ দিছে। 

দেশের বেসরকারী ক্ষেত্রে কর্মরত কর্মচারীদের অবস্থাও শ্রমিকদের মতনই অসহনীয় পর্যায় নেমে গেছে।  বিপুল মূল্যবৃদ্ধির বাজারে বিদেশী বৃহত একচেটিয়া পুঁজি ও তাদের তল্পিবাহকদের প্রতিষ্ঠানগুলিতে নিম্ন পদে কাজ করা কর্মচারীদের বেতন বাড়ছে যত সামান্য, অন্যদিকে ম্যানেজমেন্ট এর বেতন বাড়ছে হুহু করে। সরকারী কর্মচারীদের বেতন বাড়িয়ে, শূন্যপদে লোক নিয়োগ বন্ধ রেখে ঠিকা কর্মচারীদের দিয়ে পূর্ণ কর্মচারীদের বেতনের ১/১০ অংশ দিয়ে কাজ করানো হচ্ছে, বেসরকারী ক্ষেত্রের মতন কোনও সুযোগ সুবিধা কর্মচারীদের দেওয়া হচ্ছে না। তার উপর শ্রমিক - কর্মচারীদের  সারা জীবন ধরে সঞ্চিত প্রভিডেন্ট ফান্ড এর টাকা এবার সরকারের পক্ষ থেকে বৃহত একচেটিয়া লগ্নি পুঁজি কে ভেট হিসাবে দান করা হচ্ছে শেয়ার বাজারে ফাটকা খেলার জন্যে। এর ফলে অবসরের পরে পথে নামবেন বহু শ্রমিক ও কর্মচারীরা, আর তাঁদের টাকা মেরে দিয়ে লালে লাল হবে এক শ্রেনীর ফাটকাবাজ পুঁজিপতি।      

এই পরিস্থিতিতে একদিকে মমতা যখন বৃহত এক চেটিয়া পুঁজির চাপে ও সারদা কেলেঙ্কারির ঠেলায় তার পুরানো মিত্র বিজেপির সাথে সন্ধি করেছেন গোপনে - ধরি মাছ না ছুই পানি - নীতি অবলম্বন করে এবং আক্রমণের তীর ঘুরিয়েছেন শ্রমিক কৃষকদের সংগ্রামের দিকে তখন স্পষ্টতই তার মন্তব্যের ও হুমকির মধ্যে দিয়ে এটা পরিস্কার হচ্ছে যে তিনি কাদের স্বার্থ রক্ষা করতে চান।  কেন তিনি শ্রমিক - কৃষক বিরোধী মোদী সরকারের অর্থনৈতিক নীতিগুলির আর খোলাখুলি বিরোধিতা করতে পারছেন না সে কথা তিনি স্পস্ট করে  বাংলার খেটে খাওয়া মানুষদের জানাতে দ্বিধা বোধ করছেন কেন ? তার ধর্মঘট বিরোধিতার অর্থই হলো যে তিনি খোলাখুলি ভাবে মোদী সরকারের কর্পোরেট তোষণ রাজনীতির পক্ষে দাঁড়ালেন, যেমন দাঁড়িয়েছিলেন বাজপেয়ীর সরকারের বিলগ্নীকরণ ও উদারীকরণের নীতির পক্ষে সেই ২০০০-২০০৪ সালে। কিন্তু শুধু মাত্র মুসলমান ভোট খুয়ে যাবার আতঙ্কে উনি এখনো সর্ব সমক্ষে বিজেপির সাথে হাত মেলাচ্ছেন না।  

মমতার সরকার কিছুদিন মুখে মুখে বিজেপির বিরোধিতা করলেও সংসদে অন্যান্য বিরোধীদের থেকে নিজেদের দূরত্ব বজায় রেখে দর কষাকষি চালিয়ে যায় বিজেপির বিরুদ্ধে।  তাই পেঁয়াজ সহ সমস্ত তরী তরকারী, চাল, ডাল, তেল সহ খাদ্য বস্তু ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চরম মূল্যবৃদ্ধি সত্তেও তারা কোনও কেন্দ্র বিরোধী লড়াইয়ে জোট বাঁধেনি। রাজ্যের কোনও জায়গায় পেঁয়াজের কালোবাজারী রুখতে রেশন ব্যবস্থার মাধ্যমে সরকারী উদ্যোগে সঠিক দামে পেঁয়াজ বন্টনের ব্যবস্থাও মমতা ব্যানার্জীর সরকার করেনি। এরা ভাত দেওয়ার মুরোদ রাখেনা, কিন্তু কিল মারার গোঁসাইয়ের ভূমিকায় ভালো ভাবেই উত্তীর্ণ হয়।    
পশ্চিম বাংলায় একদিকে যখন আজ মূল্যবৃদ্ধির সূচক বেড়ে চলেছে, গরিব ও নিম্ন মধ্যবিত্তদের হেঁসেল থেকে ধীরে ধীরে অদৃশ্য হয়েছে মাছ, মাংস, ডাল, ও সবুজ তরী তরকারী, কর্ম সংস্থানের সুযোগ কমায় লোটা কম্বল নিয়ে প্রবাসে যেতে বাধ্য হচ্ছে অসংখ্য তরুণ - তরুণী, অন্যদিকে যখন এই রাজ্যে অবস্থিত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি, কর্পোরেট সংস্থাগুলি কলকাতা ও পশ্চিম বাংলাকে কোনও এক অজ্ঞাত কারণে 'কম খরচের জায়গার' নাম দিয়ে অন্যান্য রাজ্য ও শহরের তুলনায় প্রচুর কম বেতনে কর্মচারীদের দিয়ে একই রকমের কাজ করায় (যদিও দিল্লি ও কলকাতায় জীবন যাপন করার খরচায় কোনও তারতম্য নজরে পরেনি ডালহাউসি তে রাস্তায় সস্তার ভাত মাছ ছাড়া) তখন কিন্তু আমরা মমতার গর্জন শুনি না ওই বিদেশী একচেটিয়া পুঁজিপতিদের বিরুদ্ধে, তাদের দেশীয় মারোয়ারী - গুজরাটি - বাঙালি পুঁজিপতিদের বিরুদ্ধে। সমস্ত গর্জন আর হুমকি তিনি লুকিয়ে রাখেন শ্রমিক ও কৃষকদের, কর্মচারী ও ছাত্র যুবদের বিরুদ্ধে। তার কারণ, মমতার শ্রেণী স্বার্থ বিজেপির থেকে অভিন্ন, তার শ্রেণী স্বার্থ জড়িয়ে আছে জোতদার - জমিদার বিদেশী ও দেশী পুঁজিপতিদের সাথে।তাই শুনি প্রতিবার ধর্মঘট ভাঙ্গার হুমকি, শ্রমিক -কৃষক-ছাত্র-যুব-মহিলাদের সংগ্রাম দমনের হুঙ্কার।            

ধর্মঘট গণতান্ত্রিক ব্যবস্থায় শ্রমিক শ্রেনীর এক অবিচ্ছেদ্য অধিকার, তাঁর গণতান্ত্রিক লড়াইয়ের হাতিয়ার। এই অধিকার তাঁর থেকে কেউ কেড়ে নিতে পারবে না এবং কারুর চাপে সে নিজে থেকে এই হাতিয়ার সমর্পণ করবে না। আগামী ২রা সেপ্টেম্বর দেশ জোড়া ধর্মঘট সংগ্রামে বিপুল ভাবে শ্রমিক ও কর্মচারীরা অংশ গ্রহণ করে মোদী সরকারের কর্পোরেট তোষণের নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে নিজেদের দাবি জানাবেন এবং নিজেদের অধিকার কেড়ে নেওয়ার লড়াইতে তীব্র গতিতে এগিয়ে যাবেন।  মমতার পুলিশ, যুব তৃণমূল, তৃণমূলী ছাত্র পরিষদ, গুন্ডা বাহিনী, বোমা-গুলি-লাঠি কোনও কিছুই শ্রমিকদের ন্যায্য দাবির এই লড়াইকে রুখতে পারবে না। 

সেই ১৯৫৯ সালের ৩১শে অগাস্ট বিধান রায়ের কংগ্রেসী পুলিশ নির্মম ভাবে কলকাতার রাজপথে পিটিয়ে পিটিয়ে খুন করেছিল ৮৯ জন নিরীহ - ক্ষুদায় কাতর কৃষকদের, ২০১৫ সালের ২৭শে অগাস্ট মমতার তৃণমূলী পুলিশ পিটিয়ে আহত করলো নিরস্ত্র কৃষকদের, আর ২রা সেপ্টেম্বর লড়াই হবে শ্রমিকের আত্মসম্মান প্রতিষ্ঠার সংগ্রামের সাথে মমতার বৃহত পুঁজির স্বার্থে শ্রমিকদের উপর ফ্যাসিস্ট দমন পীড়ন নামিয়ে আনার ষড়যন্ত্রের। এ হবে রাজপথে খোলাখুলি দুই শ্রেনীর, শোষিত ও শোষকের শ্রেণী যুদ্ধ, এবং এই লড়াইতে শ্রমিকশ্রেণী কে বীরত্বপূর্ণ সংগ্রাম করে জিততে হবেই।              



এই ব্লগের সত্বাধিকার সম্বন্ধে