শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০'র (NEP 2020) বিরুদ্ধে আজ আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই

নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০, NEP 2020

নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০ (NEP 2020)  ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী'র নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি'র (বিজেপি) সরকার। নয়া শিক্ষানীতিতে স্কুল এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে সংস্কারমুখী পদ্ধক্ষেপ গ্রহণ করা হলো। শিক্ষা নীতি সংক্রান্ত সিদ্ধান্তের অধিকার শুধু মাত্র কেন্দ্রের কুক্ষিগত করা হলো।

সরকার এই শিক্ষানীতি কে ছাত্র-ছাত্রীদের সুশিক্ষা ও ভবিষ্যৎ উজ্জ্বলের কথা বললেও আসলে এই শিক্ষানীতির দ্বারা শিক্ষাক্ষেত্র কে বেসরকারিকরণ ও মুক্ত চিন্তার পরিসর কে শেষ করে যান্ত্রিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত ভোকেশনাল এডুকেশন ও স্কুল স্তরে পাঠ্যসূচি সংক্ষিপ্ত করে মূল ধারনায় নামিয়ে আনার মানে ছাত্র-ছাত্রী দের যন্ত্রে পরিণত করা। বিশ্ব বাণিজ্য সংস্থা'র (WTO) শিক্ষানীতি মেনে স্কিলড লেবার বা দক্ষ শ্রমিক  তৈরীর চক্রান্ত ও দেশের হিউম্যান ইন্টেলিজেন্স কে গুরুত্ব না দিয়ে বিদেশি কোম্পানিগুলিতে সস্তায় খাটানোর জন্য স্কিলড লেবার তৈরী করা, এই হলো এই শিক্ষানীতির মূল লক্ষ্য।

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচলিত অর্থনৈতিক বৈষম্য কে, সরকারি এবং বেসরকারি নির্বিশেষে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য অভিন্ন রেগুলেশন চালু, আঞ্চলিক ভাষায় অনলাইন কোর্সে জোর ও ই-লাইব্রেরিতে জোর দিয়ে, আরো তীব্র করে তোলা হলো।

শুধুমাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় জোর দিয়ে সরকার মাতৃভাষায় সকল স্তরে শিক্ষা গ্রহণের ও শিক্ষান্তে কাজের অধিকার ও দাবিকে নাকচ করে দিল। এবং এমফিল তুলে দিয়ে স্নাতকোত্তর ডিগ্রী এক বছরের জন্য করে দিয়ে উচ্চশিক্ষার ব্যবস্থাকে শেষ করে দিলো। আগেই CBCS সিস্টেম এর মাধ্যমে শিক্ষাক্ষেত্রকে বেসরকারি কোম্পানির অধীনে নিয়ে চলে এসেছে সরকার।

"এক ভারত, শ্রেষ্ঠ ভারত" এর আওতায় ৬-৮ ক্লাসের ছাত্র-ছাত্রীদের প্রজেক্ট এর অপশন দিয়ে আসলে তাদের মধ্যে বিজেপির "এক দেশ, এক আইন, এক ভাষা" এই প্রচার ও শিক্ষাক্ষেত্রে গৌরিকিকরণ এর চেষ্টা চালানো হচ্ছে। সংস্কৃত ভাষা কে প্রায় বাধ্যতামূলক করার মাধ্যমে ঘুরিয়ে অহিন্দিভাষীদের উপর হিন্দি চাপিয়ে দিতে চাইছে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের অভীষ্ট অর্জন করতে।

গরীবের উপর লেখাপড়া করার বোঝা বাড়াতে ১২ বছরের প্রচলিত স্কুল শিক্ষা কে ৫+৩+৩+৪ এর ভিত্তিতে ১৫ বছরের যেমন করে দেওয়া হল তেমনি শিশু শ্রমের বয়েসের সীমারেখা পার করেই যাতে গরীব কিশোরেরা লেখাপড়া ছেড়ে দেয় তার ব্যবস্থা করে রাখলো এই জাতীয় শিক্ষানীতি ২০২০। ক্লাস নাইন থেকে টুয়েলভ চারটি সেমিস্টার। উচ্চমাধ্যমিকে, কলা ও বিজ্ঞানে কোনো ভেদ থাকবে না। স্নাতক স্তরে পুরো কোর্স না করেই পাওয়া যাবে সার্টিফিকেট। এই সবের ফলে গরীবের পড়াশুনো অসমাপ্ত থেকে যাবে। 

এই নীতি অনুযায়ী অধ্যাপকদের বেতন, পেনশন এর দায় নেবে না কেন্দ্রীয় সরকার। 

বিজেপি যখন ক্ষমতায় আসে তখন মোদী ঘোষণা করেছিলেন যে ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত বাৎসরিক দুই কোটি করে চাকরি দেওয়া হবে দশ কোটি বেকার কে, বেকারত্ব দূর করা হবে। তবে দীর্ঘ ছয় বছরে চাকরি তো কেউ পাইনি উপরন্ত বেকরত্বের হার বেড়েছে ৪৫ বছরে সর্বোচ্চ হারে। পরিসংখ্যান অনুযায়ী সরকারি ক্ষেত্রে জায়াগ ফাঁকা থাকলেও সেখানে চাকরির সিট কমিয়ে কর্পোরেট কোম্পানি গুলিকে নিজেদের মাটি শক্ত করতে সাহায্য করেছে বিজেপি সরকার।
 
পরিবেশ-বিরোধী EIA 2020'র মতোই নয়া শিক্ষানীতি প্রয়োগ করে সরকার শিক্ষাকে কর্পোরেটগুলির প্রতিষ্ঠানে পাকাপাকি ভাবে পরিণত করলো। লকডাউনের আড়ালে একের পর এক সরকারের জনবিরোধী ও কর্পোরেট স্বার্থের জন্য আনা আইন গুলি দেখে এটা সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে এই সরকারের একটিও নীতি ও আইন জনগণের পক্ষে কথা বলেনা। দেশের সমস্ত সম্পদ ও প্রতিষ্ঠান গুলি এই জনবিরোধী আইনের মাধ্যমে ও দেশের মানুষের মধ্যে বৈষম্য  তীব্র করে আসলে কর্পোরেট সংস্থাগুলোর হাতেই তুলে দিচ্ছে।

নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০'র দ্বারা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্টের বিরুদ্ধে ও সকল জনবিরোধী কর্পোরেট পুঁজির স্বার্থ রক্ষা আইনের বিরুদ্ধে আজ আন্দোলনে নামতেই হবে।

শিক্ষা কে পণ্যতে পরিণত করার বিরুদ্ধে জোট বাঁধা আজ ভীষণ জরুরী


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিন বছর পড়ার সময়ে আমাদের ফি দিতে হয়েছিল সেমেস্টারে ১৮০/- টাকা। সেই টাকার মধ্যে আমাদের ল্যাবরেটরি ফি-ও হয়ে যেত। আমাদের সাবসিডিয়ারি সাবজেক্ট-এর মধ্যে ছিল কেমিস্ট্রি, যে ল্যাবে আমরা যথেচ্ছ দামি কেমিক্যাল খরচা করেছি। আমাদের অনার্স সাবজেক্ট ছিল ফিজিক্স, যাতেও থিয়োরি ক্লাস ছাড়া ল্যাবও করতে হত। এত কিছু খরচা সত্ত্বেও ওই ফি-এর টাকায় আমাদের শিক্ষার ব্যবস্থা হয়ে যেত। কী ভাবে? সরকার এই খরচা বহন করত। সরকার কোথা থেকে পেত? পাবলিকের দেওয়া করের টাকা থেকে। সেই পাবলিকের মধ্যে আমরাও তো ছিলাম। সেই পাবলিকের মধ্যে ছিলেন অসংখ্য মানুষ যাদের শ্রমে চলছে বিশ্ববিদ্যালয় থেকে গোটা দুনিয়ার চাকা। একটা বিড়ি খেলেও যারা সরকারকে কর দেন। তাদের সবার দেওয়া টাকায় চলত আমাদের শিক্ষাব্যবস্থা। তদুপরি যাদবপুরে পড়ার সময়ে প্রাইভেট টিউশন নেওয়ার চল ছিল না। ফলে আমরা তিন বছরের গ্র্যাজুয়েশন করতে পেরেছিলাম ১৮০/- টাকা সেমেস্টার ফি জমা দিয়েই।

এর ফলে আমাদের লোন নিতে হয়নি। এর ফলে আমাদের বাড়ির কাছে হাত পাততে হয়নি। প্রথমটার বিপদের কথা অনেকে বলেন। দ্বিতীয়টার বিপদও খুবই মারাত্মক। বাড়ির কাছে হাত পেতে শিক্ষার খরচা নিতে হলে সেই 'শিক্ষার' নির্দিষ্ট প্রত্যাশার দাম চোকাতে চোকাতেও অনেক ছেলেমেয়ের ইচ্ছে-অনিচ্ছে চিরকালের মত শেষ হয়ে যায়।

সমাজ তাহলে ছাত্রদের পেছনে খরচা করল কেন? একটা প্রত্যাশা তারও কি ছিল না? ছিল তো বটেই। সমাজ খরচাটা করেছে মানুষ তৈরির কাজে। শিক্ষিত মানুষ, শিক্ষিত নাগরিক তৈরির কাজে খরচা করেছে সমাজ। সেই মানুষ, সেই নাগরিক সমাজকে ভবিষ্যতের কাজের মধ্যে দিয়ে তার দান ফিরিয়ে দেবে, বাঁচিয়ে রাখবে, অসুখ করলে সারিয়ে তুলবে, দেখভাল করবে, সিদ্ধান্ত নিতে পারবে, তর্ক তুলতে পারবে, সমালোচনা ও আত্মসমালোচনা করতে পারবে, অনুসন্ধান ও জিজ্ঞাসা জারি রাখবে -- এই প্রত্যাশা সমাজের রয়েছে।

তাহলে ঘুরেফিরে সেই প্রত্যাশা। কিন্তু লোন কোম্পানি বা বাপমায়ের প্রাইভেট প্রত্যাশা আর পাবলিক প্রত্যাশার মধ্যে এইখানে মূলগত ফারাক রয়েছে। প্রাইভেট প্রত্যাশা নিক্তিতে মেপে প্রাইভেট মুনাফা আদায় করে নেয়। ঠিক যে হিসেবে প্রাইভেট মেডিক্যাল ইন্সিওরেন্স কোম্পানি আপনার বয়েস, পারিবারিক রোগের প্রবণতা ইত্যাদি ঝুঁকি মেপে নিয়ে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য বিমায় পুঁজি বিনিয়োগ করে। ঠিক যেভাবে বেসরকারি কৃষিঋণ দেওয়ার সময়ে পুরনো বা হাল আমলের মহাজনরা হিসেব করে বুঝে নেয় কোন ফসল, কোন বীজ, কত ফলন,কৃষকের ভিটের বাজার মূল্য সবই। বিনিয়োগ করার সময় অঙ্ক কষে প্রাইভেট মুনাফার রিটার্ন বুঝে নেয়। ঠিক সেভাবেই শিক্ষার ক্ষেত্রেও প্রাইভেট পুঁজি বিনিয়োগ কাজ করে। সে বাপমায়ের পুঁজিই হোক বা লোন কোম্পানিরই হোক। সে ছাত্রকে একটা বিনিয়োগের মাধ্যম হিসেবে দেখে, অতএব স্বস্তিতে থাকতে দেয় না। স্বাধীন থাকতে দেয় না। স্বনির্ধারণ করতে দেয় না। তার চোখে সামাজিক ন্যায়ের কোনই মূল্য নেই, অতএব শিক্ষাব্যবস্থাকে কী করে সমতাপূর্ণ করতে হবে তা নিয়ে সে ভাবে না। সে শিক্ষার বিষয়কে বাজারের মূল্য দিয়ে মাপে, অতএব তার কাছে আজ পাবলিক সেক্টর ইকোনমিতে ইঞ্জিনিয়ারিং এর দাম আছে, কাল ফ্রি মার্কেট গিগ ইকোনমিতে 'লিবারাল আর্টস' এর। পাবলিক প্রত্যাশা এই হিসেবগুলো এভাবে কষেনা। শিক্ষায় বিনিয়োগকে মুনাফা দিয়ে মাপে না।

কেউ বলছেন, কুড়ি বছরে রোলের দাম বেড়ে গেল, জামা প্যান্টের দাম বেড়ে গেল, শিক্ষার দাম বাড়লেই এত আহাউঁহু কেন বাপু। আবার সেই একই কথা বলতে হয়। রোল, জামাপ্যান্ট আর শিক্ষা এক নয়। বরং প্রশ্নর তীরটা ঘুরিয়ে দিন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে। প্রশ্ন করুন এই ব্যবস্থায় কার লাভ, কার ক্ষতি? প্রশ্ন করুন, কেন লোকসভার বেশির ভাগ সাংসদ রোলের দোকান না খুলে আজকের যুগে শিক্ষাব্যবসায় প্রাইভেট পুঁজিনিবেশ করে বসে আছে? প্রশ্ন করুন কেন আজকের সমস্ত শিল্পপতি কর ফাঁকি দেওয়া সিএসআর এর টাকায় বিশ্ববিদ্যালয় খুলে ডবল মুনাফা কামাচ্ছে? প্রশ্ন করুন কেন আজকে গ্লোবাল ধর্মগুরুরা শিক্ষা মার্কেটে বিনিয়োগ করছে? তারাই ঠিক করে দিচ্ছে ভবিষ্যতের নাগরিকের চরিত্র - গিগ ইকোনমিতে শাটল কক হয়ে থাকা, লোনের ভারে কুঁজো, চিন্তাভাবনায় অপারগ, এক অস্থির, অবসন্ন, বশংবদ কর্মী-বাহিনি - যে শুধু হুকুম তামিল করবে, বিরুদ্ধতা করবে না।

আমেরিকায়, ইংল্যান্ডে তো এভাবেই শিক্ষে দীক্ষে হয়...এই বলে কোঁত পারছেন যারা তারা একটু খোঁজখবর নিন কীভাবে সে ব্যবস্থা আজ ধ্বসের মুখে। এরকম সারি সারি আন্ডারগ্র্যাজুয়েট ছাত্রদের দেখেছি যাদের প্রমের জন্য দামী জামা কেনার, একটা লাইফস্টাইল বজায় রাখার পিয়ারপ্রেশার আছে, কিন্তু ভোর পাঁচটায় উঠে গ্যাস স্টেশনে কাজ করে, সন্ধ্যেয় রেস্তোঁরায় বাসন মেজে এবং শিক্ষান্তে কয়েক বছর বেগার খেটে সাধারণ আন্ডারগ্র্যাজুয়েট কোর্সের লোন শোধ করতে হয়। তার বেশি লোন নিয়ে ফেললে প্রায় কুড়ি বছরের অবধারিত গোলামি। দূর থেকে দেখে বুঝতেই যদি হয় তো কেন লোচ-এর ছবি দেখুন। নিজের সন্তানের জন্য ওরকম ভবিষ্যত দেখা ছাড়ুন। যেখানে আন্দোলন হচ্ছে সেখানে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ান। যেখানে আন্দোলন হচ্ছে না সেখানে ফি-মুক্ত শিক্ষাব্যবস্থার আন্দোলন গড়ে তুলুন। আর সবচেয়ে বড় কথা, আপনার সন্তানকে নিজের পুঁজি বিনিয়োগের মাধ্যম হিসেবে ভাবাটা বন্ধ করুন।

ঔরঙ্গজেব - কেন হিন্দুত্ববাদী ফ্যাসিবাদীদের কাছে একটি ঘৃণ্য নাম ?

ঔরঙ্গজেব কেন হিন্দুত্ববাদীদের কাছে একটি ঘৃণ্য নাম?


কিছুদিন ধরে কানে আসছিল যে আরএসএস নাকি এখন মুঘল সম্রাট ঔরঙ্গজেব কে নিয়ে নানা ধরণের প্রচার চালাচ্ছে, যা একপ্রকারে আমরা ছোটবেলার থেকে ভারতের স্কুল শিক্ষা ও হিন্দু পারিবারিক শিক্ষায় যা শিখে এবং শুনে আসছি তারই নামান্তর। ঔরঙ্গজেব নাকি ভীষন অত্যাচারী সম্রাট ছিল এবং হিন্দুদের সে নাকি দু চক্ষে দেখতে পারত না, তাঁর শাসনকালে নাকি লক্ষ লক্ষ হিন্দুদের ধরে ধরে মুসলমান বানানো হয়েছে এবং সে নাকি ভারতের বহু হিন্দু মন্দির ধবংস করেছে। ঔরঙ্গজেব মানেই খুন খারাপ, অত্যাচার, লুন্ঠন ও হিন্দুদের মুসলমানে ধর্মান্তরিত করার অপচেষ্টা। এই শিক্ষাটি আমাদের শিরায় শিরায় আরএসএস এর জন্মদাতা ব্রিটিশ সাম্রাজ্যবাদ দুই শত বছর ধরে ঢুকিয়ে আসছে যাতে ভারতীয়রা তাঁদের স্বাধীন মুঘল সাম্রাজ্যকাল থেকে ব্রিটিশদের পদদলিত হয়ে দাসের জীবন বাঁচা কে শ্রেয় মনে করে।  

আবুল মুজ্জাফার মুহিউদ্দিন মুহাম্মদ ঔরঙ্গজেব স্বাধীন ভারতের শেষ শক্তিশালী মুঘল সম্রাট ছিলেন। তাঁর শাসনকালে মুঘল সাম্রাজ্য ভারতের ভূখন্ডে দক্ষিন ও মধ্য পশ্চিম ভারতকে অন্তর্ভুক্ত করার জন্যে যুদ্ধ চালায়। তাঁর নেতৃত্বে ভারতের দক্ষিন অঞ্চলের দুই মুসলমান শাসিত রাজ্য, আদিল শাহীর বিজাপুর ও কুতুবশাহীর গোলকন্ডা ভারতের মুঘল সাম্রাজ্য যুদ্ধ করে দখল করে।  বিদারের যুদ্ধে সিরি মারজান কে পরাস্ত করতে ভারতের মুঘল ফৌজ প্রথমবার রকেট ও গ্রেনেড ব্যবহার করে যা আমাদের দেশের সেই সময়ে ভাঙ্গন ধরা সামন্তবাদী ব্যবস্থা ও উদীয়মান দেশী পুঁজিবাদের একটি লক্ষণ ছিল।  ১৬৬৩ তে ঔরঙ্গজেবের নেতৃত্বে ভারতের মুঘল সরকার লেহ ও লাদাখে নিজেদের প্রতিপত্তি কায়েম করে।    


যে কোনও জাতি, ব্যক্তি, ধর্ম, ঘটনার বিশ্লেষণ বা বিচারের আগে আমাদের প্রয়োজন সেই সব ব্যক্তি, জাতি, ধর্ম বা ঘটনার সময়কালের পারিপার্শ্বিক দুনিয়াকে জানা এবং সেই পরিবেশের, চেতনার মানের, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করা। ঔরঙ্গজেব একজন অত্যাচারী সম্রাট ছিলেন, প্রশ্ন হলো সম্রাট মাত্রেই কি অত্যাচারী হতেন না ? কিছু ব্যতিক্রম ছিলেন যাদের নিয়ে আজও বহু আলোচনা হয় আর বাকিদের ব্যাপারে সভা কবিদের বন্দনা ভজনা কে মনে রেখে কেউ কেউ তাঁদের বীরত্বের গাথা আজও গান আর কেউ কেউ কোনও রাজা - বাদশার নাম শুনলেই গালাগাল দেন। ঔরঙ্গজেব অন্যান্য রাজা - বাদশাদের থেকে কোনও ভাবেই আলাদা ছিলেন না। তাঁর লক্ষ্য ছিল মুঘল সাম্রাজ্য কে বাঁচিয়ে রাখা এবং তার পরিধি বৃদ্ধি করা। সেই লক্ষেই ঔরঙ্গজেব তাঁর রাজত্ব চালিয়েছিলেন যা তাঁর পিতা শাহজাহানের থেকে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়।  কিন্তু ষোড়শ শতকে যখন ঔরঙ্গজেব রাজত্ব করছিলেন তখন ধর্ম নিরপেক্ষ সরকার বলে কিছু হত না, কারণ মানব সভ্যতা তখনও সেই স্তরে উন্নত হয়নি যে গণতন্ত্র - প্রজাতন্ত্র ইত্যাদী মানুষের চেতনায় জায়গা নেবে।  জনগণ সেই সময়ের অর্থনৈতিক অবস্থা, উত্পাদনের প্রক্রিয়া ও সম্পর্কের মধ্যে আবদ্ধ থেকে ধীরে ধীরে সামন্তবাদের ধ্বংসের দিকে যাচ্ছিলেন।  যে ব্রাক্ষন্যবাদ শত শত বছর ধরে ভারতের জনগণের উপর জগদ্দলের মতন চেপে বসে ছিল সেই পাথরকে ইসলামে দীক্ষিত মুঘল সম্রাটরাও সরাবার চেষ্টা করেনি তাঁদের রাজত্ব বাঁচাবার ও সাম্রাজ্য বাড়াবার তাগিদে।


ঔরঙ্গজেব ধর্মনিরপেক্ষ ছিলেন না। ইতিহাসে কোনও রাজা সম্রাট ধর্ম নিরপেক্ষ ছিলেন না কারণ তাঁদের নিজেদের সভার ধর্মগুরুদের মতামত নিয়ে স্বিদ্ধান্ত গ্রহণ করতে হত।  কিন্তু ঔরঙ্গজেব কি অন্য ধর্মের প্রতি অত্যাচার করা কে তাঁর রাজনীতি বানিয়েছিলেন? বা এমন কোনো মুঘল বাদশাহ ছিলেন কি যিনি অন্যধর্মের প্রতি বিদ্বেষ প্রচার করে গেছেন? ঔরঙ্গজেব ইসলামিক শারিয়া আইন চালু করে সেই সময়কার উত্তর ভারতে মদ্যপান, জুয়া ও বৈশ্যাবৃত্তি নিষিদ্ধ করেন।  তাঁর রাজত্ব কালে রাজপুত জয় সিংহ তাঁর সেনাপতি হিসাবে বিখ্যাত হন, রাজপুতদের তিনি মনসাব্দারী দেন এবং মধ্য ও দক্ষিন ভারতে যুদ্ধ চালাবার সময়ে মুঘলদের সৈন্যদের হাতে কোনো মন্দির ভাঙ্গা হয়নি, যদিও সেই সময় তাঁরা ঔরঙ্গজেব এর বিরোধী ব্রাক্ষণ গোষ্টির নেতৃত্বে চলা উত্তর ভারতের বহু মন্দির ভেঙ্গে দেন।  ১৬৬৬ সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব ভারতে সতী প্রথা নিষিদ্ধ করেন, যা আকবরের আমলে প্রথম নিষিদ্ধ হওয়ার পর আবার পুরোদমে চালু হয়ে যায়। ঔরঙ্গজেব শাহজাহান বা জাহাঙ্গীরের মতন সরকারী অর্থে মোচ্ছব পালন করা, মহল ও প্রাসাদ তৈরি থেকে দুরে থাকেন ও হিন্দুদের উপর ৫% হারে জিজিয়া কর চাপান ও মুসলমানদের উপর ২.৫% জাকাত কর চাপান।  এর ফলে তিনি ব্রাক্ষণদের বিরাগভাজন হন।


শিখ গুরু গোবিন্দ সিংহের সাথে ঔরঙ্গজেবের লড়াই বহুদিন চলে এবং এই লড়াইতে উস্কানি দেন পাহাড়ি রাজ্যের হিন্দু রাজারা, যারা মুঘল সম্রাটের কাছে শিখ গুরুকে পরাস্ত করার আবেদন জানান। কিন্তু শিখ গুরু গোবিন্দ সিংহের সাথে ছিলেন বহু মুসলমান এবং মুঘল সম্রাটের পক্ষে ছিলেন বহু হিন্দু এবং একজন পৌত্তলিকা পুজারী না হয়ে তিনি অন্য একজন পৌত্তলিকা পূজা বিরোধীকে কেন পৌত্তলিকা পূজারীদের কথা শুনে মারতে চাইছেন - এই প্রশ্ন তুলে গুরু গোবিন্দ সিংহ ঔরঙ্গজেব কে ভর্ত্সনা করেন।  এ ছাড়াও মহারাষ্ট্রে শিবাজীর বিরুদ্ধে মুঘল সম্রাট তাঁর সামরিক অভিযান চালান এবং পরবর্তীকালে শিবাজীর পুত্র কে হত্যা করেন।  হয়তো বা এই সব নিদর্শন তুলে আমাদের দেশের হিন্দু ফ্যাসিবাদী শক্তি ঔরঙ্গজেবের বিরুদ্ধে জনমত তৈরি করতে চায় তাদের সাধের হিন্দু ফ্যাসিস্ট রাষ্ট্র গড়ে তোলার স্বার্থে ও মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে।  কিন্তু তারা কেউ এ কথা বলে না যে ঔরঙ্গজেবের সমস্ত সামরিক কর্মকান্ড ছিল রাজনৈতিক এবং এর সাথে ধর্মের প্রচারের চেয়ে বেশি জরুরি ছিল তাঁর সাম্রাজ্য বাড়াবার তাগিদ। যে তাগিদ সেই সময়ের সমস্ত রাজার মধ্যেই ছিল কারণ সকলেই তাঁদের সাম্রাজ্য কে বিস্তারিত করতে চাইতেন।


তবে ঔরঙ্গজেব যে কারণে ইতিহাসে ঘৃণিত হয়েছেন তার কারণ এদেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদ যখন তাদের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে তখন থেকেই ইতিহাস কে বিকৃত করে পরিবেশন করে সাম্প্রদায়িক বিষবাস্প ছড়ানো ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও তাদের ঔরসজাত আধুনিক হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের মজ্জাগত হয়ে গেছে।   স্বাধীন মুঘল ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রথম বড়সর ধরনের পরাজয় স্বীকার করতে হয় ১৬৮৬-১৬৯০ অবধি চলা চাইল্ড যুদ্ধে। বোম্বাই ও মাদ্রাসে ব্রিটিশ ফৌজ ঘেরাবন্দী হয়।  সিদ্দী ইয়াকুব এর নেতৃত্বাধীন নৌ বহর এবং তার সাথে হাবিশ ফৌজের আক্রমণে ব্রিটিশ ফৌজরা ধরাশয়ী হয়।  সমঝোতা করতে যখন ব্রিটিশরা মুঘল সাম্রাজ্যের পায়ে পড়ে তখন মুঘল সম্রাটের দরবারে তাদের বিশাল অঙ্কের অর্থ ক্ষতিপূরণ দিতে হয় এবং মুঘল সম্রাটের সামনে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের মাথানত করে গড় করতে হয়, যার ফলে তারা ছাড়া পায়। এর পরে হেনরি এভরি নামক জলদস্যু যখন হজযাত্রীদের জাহাজ আক্রমন করে তখন ঔরঙ্গজেব ব্রিটিশদের উপর আবার আক্রমণ নামিয়ে আনেন এবং ব্রিটিশদের সমস্ত কারখানা ও ব্যবসা বন্ধ করিয়ে দেন।  এর ফলে ব্রিটিশরা সেই সময়ে ৬ লক্ষ পাউন্ড ক্ষতিপূরণ দিয়ে শাস্তির হাত থেকে বাঁচে এবং পৃথিবীতে প্রথমবার বিশ্বজুড়ে একজন অপরাধী কে ধরতে অভিযান শুরু হয়।  যদিও সেই সময় হেনরি এভরি পালিয়ে যেতে সক্ষম হয়।


ব্রিটিশদের বিরুদ্ধে ঔরঙ্গজেবের এই যুদ্ধগুলি, ব্রিটিশদের পরাজয়, এবং মাটিতে নাক খত দেওয়ার কাহিনী আজও আমাদের ঔপনিবেশিক শিক্ষার ঔরসজাত আধা ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ছাত্র - ছাত্রীদের জানতে দিতে চায় না। কারণ এই যুদ্ধগুলি ছিল স্বাধীন ভারতের দ্বারা তত্কালীন বিশ্বের সর্ব শক্তিমান রাষ্ট্রের বাহিনীকে পরাস্ত করার ঘটনা।  যা হয়তো আমাদের দেশের যুব ছাত্ররা জানলে তাঁদের মধ্যে মুঘল সাম্রাজ্য নিয়ে গর্ব বোধ হবে এবং ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি হবে।  


ব্রিটিশরা কোনো কালেই এই অপমান হজম করতে পারেনি এবং এর ফলে তারা মুঘল সাম্রাজ্যের ইতিহাসকে বিকৃত করে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার ঘৃণ্য কৌশল গ্রহণ করে। যার ফলে আজও শৈশব থেকে ইতিহাসের পাতায় ঔরঙ্গজেব সম্পর্কে পক্ষপাতদুষ্ট নেতিবাচক শিক্ষাই দেওয়া হয় এবং কোনও ঐতিহাসিক এই নিয়ে বিশেষ উত্সাহ নিয়ে স্বাধীন গবেষণা করেন না। ব্রিটিশদের ফেলে যাওয়া শিক্ষা ব্যবস্থা তকে পাশ করে এই দেশের ছাত্র -ছাত্রীদের মধ্যে ব্রিটিশ ও মার্কিণ সাম্রাজ্যবাদের প্রতি এক বিশেষ ধরণের দুর্বলতা জন্মায়। তাঁরা ভাবে যে ব্রিটিশ ও আমেরিকানরা ভারতীয়দের থেকে অনেক শ্রেষ্ঠ এবং আমরা আজও অসভ্য। আমরা ট্রেনে - বাসে -ট্রামে - অফিসে এই আলোচনা অনেক শুনেছি যে ব্রিটিশরা থাকলে নাকি দেশের অনেক উন্নতি হত ! এবং এই কথা বলেন এ দেশের তথা কথিত শিক্ষিত মধ্য বিত্ত ও উচ্চবিত্ত মানুষেরা !

ঔরঙ্গজেব সম্রাট ছিলেন স্বাধীন ভারতের, যে ভারতের মানুষ কে বিদেশীদের গোলামী করতে হতো না, যে ভারতে মানুষকে অন্য দেশের পুঁজির স্বার্থে নিজের শ্রম, জল, জঙ্গল, জমি, জীবিকা উত্সর্গ করতে হত না।  তাঁরা বাঁচতেন স্বাধীন ভারতের মাটিতে, যে মাটিতে আমরা প্রায় ৩০০ বছর ধরে বিদেশী পুঁজির গোলামী করছি প্রাণ ও মান খুইয়ে। সত্যিকারের কোনো দেশপ্রেম থাকলে তা অবশ্যই বিদেশী পুঁজির গোলামী কে ঘৃণা করবে এবং দেশের স্বাধীন বিকাশের ইতিহাসকে শ্রদ্ধা করবে। যারা এর উল্টোটা করে তারা মেকি ও ভন্ড দেশ প্রেমিক এবং এদের অবিলম্বে দেশ থেকে নির্বাসিত করা হোক।                    
     










তৃণমূলী ছাত্র পরিষদের দক্ষিনপন্থী সন্ত্রাস ও পশ্চিমবাংলা

তৃণমূলী আক্রমনে এবার শিকার হলো কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে উপাচার্য পর্যন্ত। মুলনায়ক প্রফেসর শঙ্কু বাবুর চ্যালা সৌরভ অধিকারী ও তার মাথায় অভয়্দানের হাত রাখা রুদ্র প্রতাপ তৃণমূলী ছাত্র নেতৃত্ব। সারা বাংলা সহ সমগ্র ভারতবর্ষের গণতন্ত্রপ্রেমী ও প্রগতিশীল মানুষ, সত্যিকারের ছাত্র - ছাত্রীরা, শিক্ষক, অধ্যাপক থেকে শুরু করে বিদ্বজন, এরা -ওরা - আমরা - তোরা হয়ে মামুলি শ্রমজীবি মানুষ, যাদের আবার শিক্ষিত মানুষেরা সমগোত্রের না হওয়ার কারণে তীব্র ঘৃণার সাথে অছ্যুত গোষ্ঠীর বানিয়ে রাখেন, তাঁরা পর্যন্ত তীব্র প্রতিবাদের অংশ হলেন এই ফ্যাসিস্ট হামলার বিরোধিতা করে।  নেত্রী এই সব ক্ষেত্রে চুপ থাকেন না হলে তিনি চিত্কার করে পাল্টা হুমকি দেন বা শঙ্কু স্যারের বাহিনীকে কলকে খাইয়ে পথে নামান যাতে তারা চিত্কার করে, আস্ফালন করে, পেশী প্রদর্শন করে মানুষ কে ভয় দেখিয়ে নিজেদের আধিপত্য কায়েম করতে সফল হয়।  

বস্তুত সিপিএমের পঁচা-গলা সমস্ত কারুকার্য মাছি মারা নকল করেই তৃণমূলী পান্ডারা দিদি - পিসির সরকার কে বাঁচিয়ে রাখতে চাইছে এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনটি "চুপ চাপ - জোড়া ফুলে ছাপ " করিয়ে নেওয়ার অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছে। বাংলার মানুষ ৩৪ বছরের তথাকথিত বাম শাসনের সবচেয়ে কালো ২০০৭-২০১১ কালেও সন্ত্রাসের এই নগ্ন চেহারা দেখেনি।  হয়তো বা বহুদিন ধরে ক্ষমতা থেকে দুরে থাকা চরম কংগ্রেসী প্রতিক্রিয়াশীল জোতদার -জমিদারদের গোষ্ঠীগুলি ও তাদের তাবেদার প্রমোটার মাফিয়া চক্র একটু বেশিই উত্সাহিত হয়ে গেছে শোষনের রোলার জনগণের উপর চালাতে। আর সবের উপরে আছে মমতাময় মুখ্যমন্ত্রী, যার কথা রাজ্যে শেষ কথা।  তার মুখে মুখে কথা বলায় ডাক্তার গড়াইয়ের মতন স্নায়ু চিকিত্সককে শুধু চাকরি থেকে বসিয়ে দেওয়া হয় না বরং দিদির গুড বুক এ নাম তোলার প্রচেষ্টায় রত, নেতার কুকুরের এসএসকেএম এ ডায়ালিসিসের সুপারিশ করা, তথাকথিত ডাক্তার নির্মল মাঝির দ্বারা এম সি আই স্বীকৃতি বাতিলের স্তর অবধি যেতে হয়।  সব শিল্প - কারখানা মালিকের সাথে ষড়যন্ত্র করে একদিকে এই রাজ্যের কলকারখানা বন্ধ করিয়ে প্রমোটার - মাফিয়াদের দিয়ে সেই জমিতে বহুতল ফ্ল্যাট বানাবার রমরমা শিল্প চলছে দিদির আশীর্বাদে, অন্যদিকে বেকার যুবরা মুখ্যমন্ত্রীর ক্যারিয়ার কাউন্সেলিং এর মাধ্যমে জানতে পারছেন যে তেলে ভাজার শিল্পই যথার্থ শিল্প। এহেন পরিস্থিতিতে বাংলার শুভ চেতনা সম্পন্ন মানুষ কোনো ভাবেই তৃণমূলী শাসন কে বরদাস্ত করতে পারছেন না।  বার বার তাঁরা ফেটে পড়ছেন বিক্ষোভে, প্রতিবাদে, এবং বার বার তাঁদের উপর নেমে আসছে পুলিশী লাঠি, তৃণমূলী বোমা - গুলি। কারণ সন্ত্রাস ছাড়া মানুষ কে পদদলিত করে রাখার কোনও পন্থা মমতা ব্যানার্জি ও তার সাঙ্গপাঙ্গদের জানা নেই, আর এই পথই এদের গণতন্ত্রের একমাত্র পরীক্ষিত পথ যা দিয়ে মানুষ কে বশে রাখা যায়, বিশেষ করে এই রাজ্যে,  কারণ এই রাজ্যের নাম পশ্চিম বাংলা এবং এখানে তৃণমূলের বিকল্প তৃণমূল, আর গণতন্ত্রের সূর্য অস্ত গেছিল সেই সিদ্ধার্ত রায়ের জমানাতেই। তারপর থেকে পরে আছে শুধু মঙ্গল চন্ডির উপোস, শনি ঠাকুরের দুয়ারে মাথা ঠোকা, আর রাজনৈতিক নৈরাজ্য।  
                   
একদিকে তৃণমূলী বড় খোকারা সন্ত্রাসী আক্রমণ চালিয়ে গ্রাম -মফ্ত্স্বল- শহর সর্বত্রে সৃষ্টি করেছে ব্যাপক আতঙ্কের পরিবেশ। অনুব্রত ওরফে কেষ্ট বোমা মেরে ও বোমা মারার হুমকি দিয়েও পাঁচ মিনিটে জামিন পায়, তাপস পাল ধর্ষণ করার হুমকি দিয়েও পাঁচ ঘন্টায় জামিন পায়, মনিরুল ইসলাম - আরাবুল ইসলামরা কলার চড়িয়ে ঘোরে, মদন মিত্র চ্যালা চামুন্ডাদের সাথে বসে জেলে মদের ফোয়ারা ছোটায়, আর রাজ্যের ১ নম্বর ভাইপো বিরোধীদের উদ্দ্যেশে হাত কেটে দেওয়ার - চোখ উপড়ে ফেলার হুমকি দিয়েও বহাল তবিয়তে ঘুরে বেড়াতে পারে। এই দেখে ছোট খোকা তৃণমূলী ছাত্র পরিষদ উত্সাহ পায় কলেজে কলেজে সিপিএমের কায়দায় সন্ত্রাস চালিয়ে, ছাত্র চমকিয়ে, চাঁদা তুলে বড় দাদাদের গুড বুকে নাম তোলাতে।  বড়রা তাদের বকে না, বরং বলে 'যা এগিয়ে যা আমরা তো আছিই', আর এর ফলেই হয় কলেজে কলেজে ছাত্রদের উপর হামলা, ছাত্রীদের শ্লীলতাহানি, বোমাবাজির মাধ্যমে, ছাত্র বোর্ড গড়ে কলেজ ফান্ডের টাকা আত্মসাত করে তৃণমূলী  ছাত্র পরিষদের এগিয়ে যাওয়া। 

সিন্ডিকেট রাজের থেকেও বড় এই রাজ্যে ছাত্র গুন্ডা নেটওয়ার্ক। তাদের টাকা না দিয়ে কোনও ভাবেই কলেজে ঢোকা যাবে না, ভর্তি হওয়া চলবে না এবং সর্বপরি কোনও ভাবে বামপন্থী কোনও ছাত্র সংগঠন করা চলবে না।  তৃণমূলেরই মদতে বস্তুত বেড়ে চলেছে বিদ্যার্থী পরিষদের প্রতিপত্তি, কারণ এই রাজ্যে এক কালে তৃণমূলের আঁচল ধরেই বিজেপির বিষধর সাপ প্রবেশ করেছিল এবং সেই সময় দুই ছাত্র সংগঠনের মিত্রতা খুবই মধুর ছিল।      

প্রশ্ন হলো তৃণমূলী ছাত্র পরিষদ করে কারা? তারা কাদের বাড়ির ছেলে - মেয়ে আর কি তাদের উদ্দেশ্য ? একটু ঘাঁটলে দেখা যাবে যে তৃণমূলী ছাত্র পরিষদ, কংগ্রেসী ছাত্র পরিষদ বা সংঘের বিদ্যার্থী পরিষদ একই শ্রেণী বিন্যাসের ছাত্র -ছাত্রীরা করে।  তারা সমাজের উচ্চ শ্রেনীর, মূলত বনেদী ও উচ্চ জাতির ছেলে মেয়ে, যাদের বাবা কাকারা হয় কংগ্রেসী বা তৃণমূলী বা আরএসএস এর নীতির প্রতি অভিভূত, যারা গরিবদের ঘৃনা করে, অথবা যে কোনও ধরনের দু নম্বরি কারবারে জড়িত। এদের পরিবারের প্রভাবেই ছোট বেলার থেকে এদের মধ্যে অতি দক্ষিনপন্থী চিন্তাধারার জন্ম হয়, তারা প্রথমে বাবা কাকার দৌলতে পাড়ার রংবাজিতে হাত পাকায়, ইস্কুলে মারামারি ঝামেলায় জড়িয়ে থাকে, এবং বাবা কাকার রাজনৈতিক যোগাযোগ থেকে তারা স্কুল পাশ করে কলেজে ভর্তি হয় যেখানে তাদের গুন্ডাগিরির হাতে খড়ি হয়।  প্রথমত তারা নিজেদের শিক্ষাগত অপারগতা ঢাকতে রাজনীতি কে হাতিয়ার করে, পরবর্তিতে সেই রাজনীতির প্যাঁচে ফেলে শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয় সকলকে তাদের প্রমোশন দিতে বাধ্য করে, আর এর ফাঁকে চলে ছাত্র - ছাত্রী মহলে নিজের প্রতিপত্তি বিস্তার করার সংগ্রাম। 

এই ভাবেই প্রতিনিয়ত সৃষ্টি হয় অশোক - সৌরভ - শঙ্কুদের মতন গুন্ডা ছাত্র নেতাদের, যাদের লেখাপড়ার পাট তাড়াতাড়ি চুকে যায় কিন্তু ছাত্র নেতাগিরি চলতে থাকে বহু বছর অবধি। প্রতিরোধ না পেয়ে এরা কালসাপের মতন জড়িয়ে ধরে বাংলার ধুঁকতে থাকা শিক্ষা ব্যবস্থাকে, ফলে কলেজে ভর্তি থেকে মার্কশীট বার করার জন্যে তাদের বর্ধিত অঙ্ক তোলা তুলে আদায় করার ব্যবসাও ফুলে ফেঁপে চলে এবং বিরোধী শুন্য বাংলায় ছাত্র রাজনীতিকে এই ভাবে পাঁকে ডোবাবার ষোলো কলা পূর্ণ হয়। প্রেসিডেন্সি, যাদবপুর, ইত্যাদি জায়গাগুলি যেখানে একটু মেধা সম্পন্ন বাঙালি ছাত্রদের সংখ্যা বেশি, সেগুলি বাদ দিলে বাকি পুরো বাংলার শিক্ষা জগতেই তৃণমূলের একচেটিয়া শাসন কায়েম হয়ে গেছে।  এবং তার সাথে এই তথাকথিত গনতন্ত্র প্রেমী মহিলার দলের বোমা গুলির শব্দে বার বার কেঁপে উঠছে তথাকথিত শিক্ষার মন্দির।  

এত সত্বেও এই বাংলার মাটিতে আর অতীতের মতন কোনও প্রতিবাদ প্রতিরোধ নেই।  যাদবপুরের পর আর কোথাও তৃণমূল কে প্রতিহত করতে ছাত্রদের কোনও সংঘবদ্ধ উদ্যোগ চোখে পরে না। যেহেতু বেশির ভাগ সম্পন্ন ঘরের ছেলে - মেয়েরা উচ্চ মাধ্যমিক পাশ করেই রাজ্য ছেড়ে চলে যায় উচ্চ শিক্ষা ও ভালো কর্ম সংস্থানের খোঁজে। গরিব মানুষের ছেলে মেয়েরা কোনও কালেই কলেজ তো দুরের কথা স্কুলের মুখ দেখতে পায় না, আর যারা পায় তাদের পক্ষে নুন আনতে পান্তা ফুরানো অবস্থায় রাজনৈতিক প্রতিরোধের চেয়ে কোনও মতে লেখাপড়া শেষ করে মা বাবার স্বপ্ন পূর্ণ করার তাগিদই বেশি থাকে।  কারণ তাঁদের উপর থাকে ভবিষ্যতে সংসার টানার চাপ আর তাই জলে থেকে কুমিরের সাথে বিবাদের পথ তাঁরা স্বাভাবিক ভাবেই নিতে পারেন না। আর এই কাল চক্রেই এই রাজ্যের শাসক দল ও তার পেটোয়া বাহিনী গর্ভধারণ থেকে কেওড়াতলার লাইন সব ক্ষেত্রেই নিজেদের আধিপত্য বজায় রাখে এবং কোনও বিকল্প রাজনৈতিক শক্তিকেই বেড়ে উঠতে দেয় না।  প্রতিবাদের - প্রতিরোধের দিন আজ পশ্চিম বাংলায় দরকার খুবই, না হলে আগামী দিনে মানুষের বেঁচে থাকা দায় হয়ে যাবে।  

পরিত্যক্ত বাম শিবির ও তার নেতা সিপিএমের দ্বারা মানুষ কে বাঁচানোর সংগ্রাম গড়ে তোলা অসম্ভব কারণ তাদের দলের অস্তিত্ব বাঁচবে কিনা সেই কথা বিমান -বুদ্ধ - সূর্যরা আজ হলফ করে বলতে পারবে না। এদের মিনমিনে প্রতিবাদ ও আন্দোলনের কথা শুনে বাংলার মানুষের কানে ব্যথা হয়ে গেছে , তাই আজ খুবই দরকার হলো প্রগতিশীল বিকল্প বাম ছাত্র আন্দোলন গড়ে তোলার, যার লক্ষ্য কলেজ বোর্ড গড়ার চেয়ে বেশি হতে হবে ছাত্র - ছাত্রী ও শিক্ষক সমাজ কে ঐক্যবদ্ধ ভাবে তৃণমূলী সন্ত্রাস ও বিদ্যার্থী পরিষদের ফ্যাসিবাদী হিন্দুত্ববাদী আক্রমনের বিরোধিতায় ও প্রতিরোধে সামিল করা এবং বাংলার মাটিতে প্রতিক্রিয়াশীল শক্তিগুলিকে পরাস্ত করা।  এই কার্য সিদ্ধি করতে প্রথমত বিকল্প প্রগতিশীল বাম ছাত্র সংগঠনগুলি কে ঐক্যবদ্ধ করা দরকার এক বৃহত যৌথ মঞ্চে এবং একটি সাধারণ কর্মসূচির দ্বারা পরিকল্পনা গ্রহণ করা দরকার যা রাজ্যের শিক্ষা ক্ষেত্রে তৃণমূলী সন্ত্রাস ও বিদ্যার্থী পরিষদের সাম্প্রদায়িক ষড়যন্ত্র কে প্রতিহত করতে পারবে। 

যতদিন না আমাদের বাম ছাত্র বন্ধুরা এই রকম কোনও উদ্যোগ নেওয়া শুরু না করছেন ততদিন পর্যন্ত কিন্তু বাংলার অন্যান্য ক্ষেত্র গুলি সহ  শিক্ষা ক্ষেত্রেও তৃণমূলী সন্ত্রাস ও একনায়কতন্ত্র কায়েম থাকবে এবং বাংলার ছাত্র সমাজের শিক্ষাগত মানের অবক্ষয় হতেই থাকবে। শিক্ষা ক্ষেত্র থেকে তৃণমূল কে বিতাড়িত করার প্রচেষ্টায় যত দেরী হবে ততই ফাঁস গলার উপর শক্ত হয়ে চেপে বসবে।   
                

এই ব্লগের সত্বাধিকার সম্বন্ধে