মুসলমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মুসলমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অমিত শাহ ও বিজেপির এনআরসি আর নাগরিকত্ব বিল নিয়ে সাম্প্রদায়িক রাজনীতির কাটাছেঁড়া

মোদী ও অমিত শাহের বঙ্গ ভঙ্গ রাজনীতি

কিছুদিন আগে বিজেপি সভাপতি অমিত শাহ মালদায় এসে দলীয় সভা করে বাংলা দখল করার স্বপ্নের দুধের স্বাদ ঘোলে মেটালেন। ১৯শে ফেব্রুয়ারি চার লক্ষ মানুষের জমায়েত করিয়ে ব্রিগেড সমাবেশে মমতা বন্দোপাধ্যায় যে ভাবে ২২-২৩টি ছোট-মাঝারি-বড় বিজেপি-বিরোধী দল কে একত্রিত করে মোদী সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজের প্রধানমন্ত্রী হওয়ার অভিলাষা কে সুপ্ত ভাবে প্রকাশিত করলেন, তাতে বিজেপি'র অনেক হিসেবেই ভণ্ডুল হতে পারে। এই ব্রিগেড সমাবেশের পর থেকেই বিরোধী ঐক্য কে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির তাবড় নেতারা একের পর এক ভাষণ দিয়ে জনতা কে বোঝাবার চেষ্টা করছেন যে মোদীর কোন বিকল্প হয় না। এরই মাঝে অমিত শাহের বাংলায় আগমন কয়েকটা কারণে ভীষণ চর্চিত হয়ে ওঠে এবং তাই এই সফরের পিছনের রাজনীতিকে গভীরে গিয়ে বিশ্লেষণ করতে হবে।

ডিসেম্বর মাসে বিজেপি'র বহু চর্চিত তিনটি রথ যাত্রা কে জনতার চাপে আদালত কে নিষিদ্ধ করতে হয় এবং এর ফলে অমিত শাহের রাজ্যে এসে ঘটা করে মন্দিরের ঘণ্টা বাজিয়ে বিজেপি'র ২০১৯ লোকসভা নির্বাচনের প্রচার শুরু করা সম্ভব হয়ে ওঠেনি। ফেব্রুয়ারি মাসে জল মাপতে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে সভা করতে আসতে চেয়েছিলেন। বিজেপি'র পরিকল্পনা হলো হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে, সাম্প্রদায়িক হানাহানি লাগিয়ে যে করেই হোক পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের ২২টি জিতে সর্ব বৃহৎ দল হওয়া। অথচ মমতা বন্দোপাধ্যায়ের দ্বারা যে ভাবে সরকারি শক্তি ব্যবহার করে চার লক্ষ মানুষের ভিড় জোগাড় করা সম্ভব সেই ভাবে নরেন্দ্র মোদী’র দ্বারা বা বিজেপি'র দ্বারা তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে বাস, ট্রেন ও ট্রাক বোঝাই করে লোক আনা সম্ভব নয়। তাই রাজ্য বিজেপি কায়দা করে নরেন্দ্র মোদী'র সভা পিছিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আর ফাঁকে এসে অমিত শাহ সংখ্যালঘু মুসলিম জনবহুল মালদা জেলায় সমাবেশ করে হিন্দুত্ববাদী জিগির তুলে গেলেন আর তরুপের তাসের মতন ব্যবহার করলেন এনআরসি ও নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৬’র মতন জনবিরোধী অস্ত্রগুলি।

অমিত শাহ বললেন যে আসামে এনআরসি প্রক্রিয়ায় নাম বাদ চলে যাওয়ায় কোন বাঙালি হিন্দু কে আতঙ্কিত হতে হবে না, মোদী সরকার নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৬ ব্যবহার করে তাঁদের নাগরিকত্ব দেওয়াবে। এই ভাষণে তিনি বলেন যে “হিন্দু, শিখ, বৌদ্ধ কারুরই এনআরসি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।” এই কথা তিনি ঠিক এমন সময়ে বললেন যখন শুধু আসাম নয় বরং সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে চলছে নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৬ বিরোধী এক সুতীব্র আন্দোলন। বিজেপি'র সঙ্গ ত্যাগ করে অগপ’র মতন তীব্র অহমীয় উগ্র জাতীয়তাবাদী দলগুলি কিন্তু আজ বিরোধী শিবিরে যোগদান করেছে। মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, প্রভৃতি রাজ্যে এই বিলের বিরোধিতা করেছে বিজেপি'রই জোট সঙ্গীরা।

এরই মধ্যে আসামে বিজেপি'র অভ্যন্তরে বাঙালি হিন্দু বনাম আসামি বিরোধ তীব্র হয়ে ওঠায় হিমন্ত বিশ্ব শর্মার মতন সংঘের সবচেয়ে নাম করা নেতাদেরও রাম মাধবের মতন আরএসএস নেতাদের শরণাপন্ন হতে হয়। রাম মাধবের নেতৃত্বে বিজেপির নেতারা আসামে যখন দ্বন্ধ নিরসনে ব্যস্ত ঠিক তখন বিজেপি সভাপতি বাংলা'র মাটিতে দাঁড়িয়ে কেন হঠাৎ করে আগুনে ঘি ঢালার কাজ করলেন জোর গলায় ঘোষণা করে যে সমস্ত বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা বাঙালি হিন্দুদের সরকার আইন করে নাগরিকত্ব দেবে? বিজেপি’র কি আসাম, ত্রিপুরা সহ অন্যান্য উত্তরপূর্বের রাজ্যগুলিতে নিজের শক্তি ধরে রাখার কোন ইচ্ছা নেই? বিজেপি কি বাঙালি ভোট পেতে সমগ্র উত্তরপূর্বে নিজের জমি হারিয়ে দিতে রাজি? এটা কি বিজেপি'র নতুন বাঙালি প্রেম?

আসলে বিজেপি সভাপতি অমিত শাহের এই বাঙালি হিন্দু প্রীতি দেখানো আর মোদী সরকারের নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৬, পাশ করানোর প্রচেষ্টার মধ্যে নিহিত আছে এক গূঢ়  অভিসন্ধি। প্রথমতঃ অমিত শাহ ও নরেন্দ্র মোদী সহ সমগ্র সংঘ পরিবার জানে যে সংবিধানের ধারা ১৪ অনুসারে ভারত রাষ্ট্র মানুষের মধ্যে (নাগরিক ও অনাগরিক নির্বিশেষে) ধর্ম, জাতি, ইত্যাদির ভিত্তিতে কোন ধরণের প্রভেদ করতে পারবে না। সেই জায়গায় একটি ধর্মের মানুষ কে নাগরিকত্ব থেকে বেছে বেছে বঞ্চিত করার পরিকল্পনা আসলে সংবিধানের ভিত্তিকেই আক্রমণ করে। এই কারণেই দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে চ্যালেঞ্জ করা হলে এই আইন ধোপেও টিকবে না।

দ্বিতীয়তঃ এনআরসি’র ভিত্তি হলো আসাম চুক্তি ১৯৮৫, আর এই চুক্তি অনুসারে আসামে ২৪শে মার্চ ১৯৭১ এর পর থেকে প্রবেশ করা মানুষদের বিদেশী হিসেবে গণ্য করা হবে এবং তাঁদের নাগরিকত্ব খারিজ করা হবে। জনবিরোধী ও তীব্র জাতি-বিদ্বেষী (পড়ুন বাঙালি বিদ্বেষী) এই এনআরসি কে বিজেপি পূর্ণ সমর্থন করে, তবে ধর্মের ভিত্তিতে। এই এনআরসি’র চূড়ান্ত খসড়া তালিকায় নাম ওঠেনি ৩.২ কোটি মানুষের মধ্যে ৪০ লক্ষ মানুষের, যাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষই বাঙালি, হিন্দু ও মুসলিম উভয়ই। এবার বিজেপি'র আনা নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৬, অনুসারে মুসলিম বাদে যে সকল উদ্বাস্তু মানুষ বাংলাদেশ থেকে ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন তাঁরাই নাগরিকত্ব লাভ করবেন।

যদি বিজেপি'র আনা সংশোধনী আইন মেনে নাগরিকত্বের শেষ দিন নতুন ভাবে নির্ধারণ করা হয় তাহলে বাঙালি মুসলিমরা কেন ২৪শে মার্চ ১৯৭১ এর হিসেবে ‘বিদেশী’ হিসেবে গণ্য হয়ে নিজেদের অধিকার হারাবেন? কী কারণে মুসলিমদের সাথেই শুধু আসাম চুক্তি, ১৯৮৫, অনুসারে বিমাতৃসুলভ ব্যবহার করা হবে? কেন ভারতের সংবিধানের ১৪ নম্বর ধারা কে এই নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৬, এর মাধ্যমে লঙ্ঘন করা হবে? এই সমস্ত প্রশ্নগুলো উঠলে বিজেপি বা তার ভাড়াটে বাহিনীর পক্ষে জবাব দেওয়া সম্ভব না, শুধুই ধর্মীয় ঘৃণার জিগির তুলে এক দল লোককে ক্ষেপিয়ে তুলে মেরুকরণ করার চেষ্টা চালানোই বিজেপি ও মোদী সরকারের পক্ষে সম্ভব। আর আজ আসাম ও পশ্চিমবঙ্গ জুড়ে তাই করার চেষ্টা তারা চালাচ্ছে।

এবার ধরুন বাঙালি হিন্দু ও মুসলিমের প্রশ্নে। ইসলামিক ফ্যাসিবাদের অত্যাচার থেকে প্রাণ বাঁচিয়ে প্রথমে পূর্ব পাকিস্তান থেকে আর তারপরে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসামে এসেছেন লক্ষ লক্ষ বাঙালি হিন্দুরা। আসামে বহু বাঙালি মুসলিমরাও এসেছেন একটু রোজগারের আশায়, একটু পেট ভরে দুই বেলা খেতে পাওয়ার আশায়। তবে উদ্বাস্তু মুসলিমদের থেকে আসামে ব্রিটিশ শাসকদের দ্বারা উত্তরবঙ্গের থেকে, বিশেষ করে বর্তমান বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম জেলাগুলি থেকে বহু মুসলিম কৃষক পরিবার কে আসামে নিয়ে আসা হয় ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে যাতে তারা চাষাবাদ করে সরকারের খাজনা বাড়াতে পারে। তাই দক্ষিণ আসামের বা নমনি আসামের বহু জেলায় মুসলিম বাঙালিদের সংখ্যা বেশি। তেমনি শিলচর সহ সমগ্র বরাক উপত্যকায় বাঙালি হিন্দুদের সংখ্যা অনেক বেশি।

বাংলাদেশ থেকে ইসলামিক ফ্যাসিস্ট আক্রমণের কারণে ছিন্নমূল হয়েছেন যে সমস্ত বাঙালি হিন্দুরা, ঐতিহাসিক কারণেই তাদের একটা অংশ এখনো একটা ইসলাম বিদ্বেষে ভোগেন এবং তাই তাদের পক্ষে স্বাভাবিক ভাবে বাঙালি মুসলিমদের সাথে মিলেমিশে থাকা অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে, ফলে তাঁরা অচিরেই বিভেদকামী ও বাঙালি-বিদ্বেষী হিন্দুত্ববাদী শক্তির হাতের পুতুল হয়ে ওঠা শুরু করেন। অনেক বাঙালি হিন্দু উদ্বাস্তুরা বিজেপির প্রচারের বিরুদ্ধে গিয়েও তাদের বাঙালি ঐতিহ্য কে বাঁচিয়ে রেখেছেন এবং বাঙালি মুসলিমদের সাথে জোটবদ্ধ হয়েছেন হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ কে ও অহমীয় উগ্র জাতীয়তাবাদীদের পরাস্ত করতে।  

নিজের জন্মভূমিতে, নিজের মাটিতে মানুষের যদি দুই বেলার আহারের বন্দোবস্ত হয়, তাঁদের মাথার উপর যদি ছাদ থাকে আর তাঁদের প্রাণ যদি নিরাপদে থাকে তাহলে সেই মানুষদের কোন ভাবেই ছিন্নমূল হয়ে ভেসে বেড়াতে হয় না। ১৯৭১ সালের পর থেকেই ভারতের নয়া উপনিবেশ হিসেবে বাংলাদেশ টিকে আছে আর তাই অনেক বাঙালি মুসলিম ও হিন্দুরা কৃত্রিম সীমানা পেরিয়ে নিজেদের শক্তি ও সামর্থ্যে দুই বেলা করে কম্মে খেতে আসামে এসেছেন। এই বাঙালি মুসলিম ও আসামে যুগ যুগ ধরে শোষণ, বঞ্চনা ও অত্যাচার সয়ে বাস করা বাঙালি মুসলিমেরা মিলে একটা বড় ভোট ব্যাঙ্কে পরিণত হয়েছেন এবং এই ভোট ব্যাঙ্কটা থাকলে বিজেপি বা অহমীয় উগ্র জাতীয়তাবাদীদের ভোটে সুবিধা করা মুশকিল আর তাই এই ভোট ব্যাঙ্ক ভাঙ্গা এদের দুইজনের পক্ষেই প্রচন্ড দরকারি।

তাই এনআরসি দিয়ে যখন অহমীয় উগ্র জাতীয়তাবাদী শক্তি ধর্ম নির্বিশেষে বাঙালিদের জোর করে আসামের থেকে ভিটেচ্যুত করে আবার একবার উদ্বাস্তু বানাতে চায়, ঠিক তখনই বিজেপি চেষ্টা করে নেপোয় মারে দই’র মতন জোর করে বাঙালি হিন্দুদের নাগরিকত্ব প্রদান করে অহমীয় উগ্র জাতীয়তাবাদীদের আক্রমণের লক্ষ্যবস্তু বাঙালি মুসলিমদের করতে চায়। এতে বিজেপি'র এক ঢিলে দুই পাখি মারা সম্ভব হবে।

অহমীয় ও বাঙালি মুসলিম মিলিয়ে দেখলে আসামে মুসলিম জনসংখ্যা ভোটের ফলাফল নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের অর্ধেকের বেশি কে যদি ভোটার তালিকা থেকেই বাদ দেওয়া যায় তাহলেও কিন্তু বিজেপি বা অহমীয় উগ্র জাতীয়তাবাদীদের অনেক লাভ। আর যদি আসামে কয়েক লক্ষ বাঙালি হিন্দু ভোটার কে নাগরিকত্ব দিয়ে থিতু করানো যায় তাহলে সেই পথ ধরে পশ্চিমবঙ্গের উদ্বাস্তু বাঙালি হিন্দুদের কাছেও বিজেপি নিজের গ্রহণ যোগ্যতা বাড়িয়ে তুলতে পারবে। আসামের জনসংখ্যায় বাঙালি হিন্দু উদ্বাস্তুদের যদি একটি প্রকান্ড শক্তি হিসেবে স্থাপন করা যায় তাহলেই পশ্চিমবঙ্গে ও ত্রিপুরায় বিজেপির পোয়াবারো হবে।

এদিকে পশ্চিমবঙ্গের লোকসভা আসন সংখ্যা হলো ৪২ আর সমগ্র উত্তরপূর্বের সাত ভগিনী রাজ্যের মিলিত লোকসভা আসন সংখ্যা হলো ২২। ফলে বিজেপি'র পক্ষে বাঙালি আর বিশেষ করে বাঙালি হিন্দু উদ্বাস্তু ভোট ব্যাঙ্কটিকে স্বযত্নে লালনপালন করা ও সাম্প্রদায়িক গরল ঢেলে এই সম্প্রদায়টিকে বাঙালি মুসলিমদের বিরুদ্ধে তাঁতিয়ে তোলা অত্যন্ত লাভজনক। এরই সাথে সমগ্র উত্তরপূর্বে আদিবাসী, উপজাতি খ্রিস্টান ও পেগান জনগণের উপর হিন্দুত্ববাদের প্রতিপত্তি কায়েম করার জন্যেও কিন্তু বাঙালি হিন্দুদের ব্যবহার করা যাবে খুবই সহজে।

অনেকে যদি মনে করে থাকে যে বাঙালি হিন্দু উদ্বাস্তুরা বিজেপির নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৬, এর মাধ্যমে লাভবান হবেন তাহলে তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। বাঙালি হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার চেয়ে বেশি একটা ভোট ব্যাঙ্ক বানানো, মুসলিম ভোটব্যাঙ্ক ধ্বংস করা ও এই বাঙালি হিন্দু বনাম বাঙালি মুসলিম দ্বন্ধের সুযোগ নিয়ে সমস্ত উত্তরপূর্বের থেকে সম্পদ লুঠ করার প্রক্রিয়া কে তীব্র করে তুলবে বিজেপি আর এর লাভ তুলবে হাতেগোনা কিছু হিন্দি-ভাষী বেনিয়া মুৎসুদ্দি পুঁজিপতিরা ও তাঁদের মালিক - বৃহৎ বিদেশী একচেটিয়া ও লগ্নি পুঁজি।

আজ সঠিক লাইন এনআরসি বিরোধিতা করা ও নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৬ সমর্থন করা নয়, আজ সঠিক লাইন নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৬ বিরোধিতা ও এনআরসি সমর্থন করাও নয়। সঠিক লাইন হলো গণতান্ত্রিক অধিকারের দাবিতে, অর্থনৈতিক সমতা ও জনতার হাতে প্রকৃত গণতান্ত্রিক ক্ষমতার জন্যে বৃহৎ ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলা আর এই কাজে আসামে ও পশ্চিমবঙ্গে বসবাস করা সকল গরিব মানুষের অংশগ্রহণ খুবই জরুরী। এই অংশগ্রহণ করাবার জন্যে প্রথমে খেটে খাওয়া গরিব বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম, বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন  জনজাতির মানুষ ও অহমীয় হিন্দু ও মুসলিমদের একত্রিত করতে হবে কে আসল মিত্র আর কে আসল শত্রু তা চিনিয়ে দিয়ে।

জনগণ যদি শ্রেণীসংগ্রামের রাজনীতি কে  আঁকড়ে ধরতে পারেন, একটি প্রগতিশীল, বিপ্লবী ও গণতান্ত্রিক নেতৃত্ব যদি জনগণ কে আগুয়ান হয়ে পথ দেখাতে পারে, নিজ সৃজনশীল দক্ষতা কে ব্যবহার করে যদি ফ্যাসিবিরোধী সংগ্রাম কে সঠিক রণনীতি ও রণকৌশল অনুসরন করে পরিচালনা করা যায় তাহলে অমিত শাহের বাঙালি মননে ও চেতনায় বিরাজ করে রাজত্ব করার সাধ ঘুঁচিয়ে দেওয়া সম্ভব।

২২-২৩টি সংসদীয় দলের রামধনু রঙের সুবিধাবাদী জোটের দ্বারা ভোটের মাঠে বিজেপি কে কোথাও কোথাও ল্যাং মারা সম্ভব হলেও, আরএসএস দ্বারা প্রচারিত মুসলিম-বিদ্বেষ ও হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী রাজনীতির রেশ কিন্তু কাটবে না বরং তলে তলে বেড়ে চলবে আর পাঁচ বছর পরে আবার পুনরায় তীব্র শক্তি নিয়ে ফিরে আসার চেষ্টা চালাবে। তাই হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ ও সন্ত্রাসবাদ কে খতম করার পথ হলো গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে যে অর্থনৈতিক ব্যবস্থা, যে আর্থ-সামাজিক পরিস্থিতি এবং যে সকল উৎপাদন সম্পর্ক এই শত্রুদের সমর্থন করছে ও রসদ যোগাচ্ছে তাদের উৎখাত করা।

অমিত শাহ ও নরেন্দ্র মোদী'র বাংলা কে দখল করে নিজেদের ঘাঁটি বানানোর প্রচেষ্টা কে  রুখে দিতে, আসাম ও পশ্চিমবঙ্গ সহ নানা জায়গায় বাঙালি হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা কে আটকাতে আজ এক বৃহৎ ও ঐক্যবদ্ধ গণতান্ত্রিক সংগ্রাম দরকার, যে সংগ্রাম এই বিজেপি ও আরএসএস এর সরবাহ লাইনকে কাটতে সক্ষম হবে ও বাংলার রাজনৈতিক পুণ্য ভূমিতে সাম্প্রদায়িক হিংসা, বিদ্বেষ ও মানুষে-মানুষে বিভেদের রাজনীতি’কে  চিতা কাঠে তুলতে পারবে। সেই সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে আজ সমস্ত গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল ফ্যাসিবিরোধী মানুষ কে একত্রিত করে পথে নামতে হবেই। সময় ফুরিয়ে যাচ্ছে, আর তাই আমাদের লেনিনের মহান উক্তি - “বিলম্ব মানেই মৃত্যু” মনে রেখে নিজেদের গতি ও মনের প্রসারতা, দুটোই বাড়াতে হবে।

মমতার নন্দীগ্রাম: তৃণমূল শাসনের ভাঙ্গন ভাঙড় থেকে শুরু

ভাঙড়ে ১০ই জানুয়ারির প্রতিবাদ সভার ছবি। Credit: sanhati.com
ভাঙড়ে ১০ই জানুয়ারির প্রতিবাদ সভার ছবি। Credit: sanhati.com  

ভাঙড়ে ভাঙ্গন শুরু তৃণমূল রাজত্বের  

ভাঙড়ে ভাঙলো তৃণমূল আর মমতার কৃষক দরদী ভাবমূর্তি আর প্রকাশিত হলো বুদ্ধদেবের বামফ্রন্টের সাথে “মা-মাটি-মানুষের” সরকারের সাদৃশ্য। পুলিশের সাথে হাত মিলিয়ে নিজের হার্মাদ বাহিনী নিয়ে গ্রামে গ্রামে ঢুকে মানুষকে খুন করে, গুম করে, মেয়েদের শ্লীলতাহানি করে লক্ষণ শেঠের ভূমিকাটা ভাল ভাবে পালন করলো আরাবুল ইসলাম। মঙ্গলবার ১৭ই জানুয়ারি যখন পুলিশের গুলিতে আন্দোলনরত মফিজুল খান আর আলমগীর শেখ যখন লুটিয়ে পড়লেন তখনও নন্দীগ্রামের দশ বছর হতে প্রায় দুই মাস বাকি, সেই নন্দীগ্রাম যেখান থেকে বামফ্রন্টের পতনের আর মমতার উথ্বানের শুরু।

ভাঙড় মানেই তৃণমূলের একাধিপত্য, আরাবুল ইসলামের খাস তালুক, যেখানে আরাবুলের সামনে মাথা নত না করলে সেই মাথা কেটে নেয় দিদির দুষ্টু ভাইয়েরা। ভাঙড়ের আরাবুল বাম জমানার মজিদ মাস্টার বা হলদিয়ার লক্ষণ শেঠের তৃণমূলী সংস্করণ। যার এমন দাপট যে তাকে একবার দল থেকে তাড়িয়ে দিয়েও ভোট ব্যাঙ্ক (রিগিং ব্যাঙ্ক) ধরে রাখতে ঠিক ভোটের মুখেই আবার দলে ফিরিয়ে আনতে হয় মমতা বন্দোপাধ্যায়ের মতন ব্রাক্ষণত্ববাদী নেত্রী কে। সেই ভাঙড়ে কিন্তু এবার ভাঙ্গন ধরলো তৃণমূলের সমর্থন ভিত্তিতে। আরবুলের পিস্তল-বোমা আর চোখ রাঙানি উপেক্ষা করে এলাকার গরিব মানুষ রুখে দাঁড়ালেন নিজেদের জমি ও জীবিকা রক্ষার স্বার্থে, পরিবেশ কে বাঁচিয়ে রাখার স্বার্থে।

ভাঙড়ের কৃষক সংগ্রামের প্রেক্ষাপট ও ঘটনাক্রম 


ভাঙরের  কৃষকেরা দীর্ঘদিন আগেই তৃণমূলের চাপে ভয়ে ভয়ে নিজেদের জমি দিয়ে দিয়েছিলেন আরাবুলের বাহিনীকে, বলা হয়েছিল যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়া হবে এবং প্রচুর সাধারণ মানুষ চাকরি পাবেন।কিন্তু কিছুদিনের মধ্যেই বোঝা গেল পুরোটাই গল্প, বরং নামমাত্র মূল্যে বন্দুক আর বোমার জোরে জমি কেড়ে নিয়ে আরাবুল ইসলাম আর তৃণমূল কংগ্রেস সেই জমি চড়া দামে বিক্রি করবে পাওয়ার গ্রিড কর্পোরেশন কে যারা ভাঙ্গরে গড়ে তুলবে পাওয়ার গ্রিড বা বিদ্যুৎ গ্রিড। ফলে সেই প্রকল্পে চাকরি হবে হাতেগোনা কিছু তৃণমূল কর্মীদের আর বাকিদের পক্ষে রইলো কাঁচকলা। পাওয়ার গ্রিডের হাই টেনশন তারের ফলে আবার প্রকৃতি ও মানুষের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও প্রবল হয়ে ওঠে। এর মধ্যে দূষণের ফলে বিদ্যাধরী নদীর অবস্থা শোচনীয় হয়ে পড়ে এবং মাছের ভেড়ি থেকে মাছ ধরে রোজগারও বন্ধ হয়ে যেতে থাকে।

এই পরিস্থিতিতে ভাঙড়ের সাধারণ জনগণ শুরু করেন নিজেদের প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে; আরাবুলের বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা এই লড়াইয়ে প্রথমে তৃণমূলের রেজ্জাক শিবিরের মদত থাকলেও পরবর্তী কালে এই লড়াইয়ের জঙ্গিরূপ দেখে রেজ্জাক সাহেবেরও পিলে চমকে ওঠে। গ্রামে গ্রামে প্রতিবাদীরা সংগঠিত হন এবং বিদ্যুৎ গ্রিডের বিপদ সম্পর্কে বিজ্ঞানীদের বক্তব্য মানুষকে সহজ ভাষায় বোঝাতে অনেক ছাত্র-ছাত্রীরা এই এলাকায় যান। গড়ে ওঠে জমি-জীবিকা-পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটি। যে কমিটির নেতৃত্বে সমগ্র ভাঙরে তৃণমূলের স্বেচ্ছাচারী সরকারের বিরুদ্ধে, আরাবুল ও তার চেলাদের অত্যাচারের বিরুদ্ধে গড়ে ওঠে সংগ্রাম।

২০১৬ সালের ডিসেম্বর মাসে লড়াই তুঙ্গে ওঠে পাওয়ার গ্রিডের নির্মাণ কার্যের  বিরুদ্ধে।  অবস্থা বেগতিক থেকে মমতা বন্দোপাধ্যায়ের সরকার ২৮শে ডিসেম্বর খামারাইট এর ১.৫কিঃমিঃ ব্যাসার্ধ জুড়ে  জারি করে ১৪৪ ধারা। গ্রামবাসীদের সমাবেত হওয়ার থেকে বিরত করতে এবং আন্দোলন কে ভাঙতে এই সিদ্ধান্ত নেওয়া হয় ভাঙড় দুই নম্বর ব্লকে। সাথে সাথে এই  সিদ্ধান্তের বিরুদ্ধে এবং  বিদ্যুৎ গ্রিডের প্রকল্প বাতিল করার দাবিতে সেই ২৮শে ডিসেম্বরেই মাছিভাঙ্গার খালপাড়ে বিশাল সমাবেশ করেন এলাকার জনগণ। সেই মিছিলে দূর দূরান্ত থেকে আসা মানুষকে ঠেকাতে নিজের ভাড়াটে হার্মাদদের রাস্তায় নামায় আরাবুল আর সাথে থাকে পুলিশ। তবুও জনজোয়ার ঠেকাতে আরাবুল অপারগ হয়। জয় হয় ভাঙড়ের জনগণেরই।  

জানুয়ারি ২০১৭ থেকে গণ আন্দোলনের ঢেউ এত তীব্র হতে শুরু করে যে আরাবুলের নিজের গ্রাম গাজীপুরে তার স্বৈরতন্ত্র কে উচ্ছেদ করতে গ্রামবাসীরা এগিয়ে আসেন। আরাবুলের বোমা-পিস্তল-ভোজালি দেখে মানুষ ভয় পাওয়া বন্ধ করতেই আরাবুল নবান্নের শরণাপন্ন হয় নিজের দাপট ও খাস তালুক রক্ষা করতে। আরাবুলের সংকটের সুযোগ নিয়ে যদিও রেজ্জাক এলাকায় নিজের প্রতিপত্তি কায়েম করার চেষ্টা করে তবু গণ জোয়ারের সামনে ওর সিপিএম থেকে পাল্টি খাওয়া তৃণমূলী গুন্ডারা খড় কুটোর মতন ভেসে যায়।

নবান্ন ভাঙড়ে তৃণমূলের আধিপত্য কায়েম রাখতে  পুলিশি সন্ত্রাস বাড়িয়ে দেয় এবং ঠিক সেই নন্দীগ্রামের কায়দায় পুলিশের সাথে পুলিশের জ্যাকেট পড়ে, মুখে মাফলার বেঁধে আরাবুলের গুন্ডারা দফায় দফায় আক্রমণ শুরু করে কিন্তু প্রায় ২০০০ মানুষের ঐকবদ্ধ প্রতিরোধ আরাবুল কে তার দলবল সহ গাজীপুর এলাকার থেকে তাড়িয়ে দেয় জানুয়ারির প্রথম সপ্তাহেই।

সোমবার ১৫ই জানুয়ারি আধা-সামরিক বাহিনীর সমর্থনে পুলিশ হামলা শুরু করে নতুনহাট আর খামারাইট এলাকায়। গ্রামবাসীদের বাড়িতে ঢুকে বেধড়ক পেটানো হয় পুরুষদের, নারীদের শ্লীলতাহানি করার চেষ্টা করে রাজ্য পুলিশ ও অবাঙালি আধা-সামরিক বাহিনীর জওয়ানরা। অনেক দোকানপাটে পুলিশ লুঠপাট আর ভাঙ্গচুর চালায়। এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠতে থাকে আর তখনই গাজীপুর থেকে গণ আন্দোলনের কর্মী কালু শেখ কে পুলিশ গ্রেফতার করে। সমগ্র গাজীপুর সহ ভাঙড় দুই ব্লক গর্জে ওঠে প্রতিবাদে আর গড়ে ওঠে প্রতিরোধ। গণ আক্রোশের চাপে পড়ে পুলিশ কে কালু শেখ কে ছেড়ে দিতে হয়।

আরাবুল পুলিশের কর্তাদের সাথে মিলে গাজীপুর, নতুনহাট, মাছিভাঙ্গা, শ্যামনগর ইত্যাদি অঞ্চলে মঙ্গলবার ১৭ই জানুয়ারি সকাল থেকে আক্রমণ শুরু করে। প্রতিটি আক্রমণে পুলিশের সাথে আরাবুলের হার্মাদ বাহিনী ছিল এবং সমস্ত গ্রামবাসীদের সাথে এদের তীব্র সংঘর্ষ শুরু হয় যাতে ক্ষিপ্ত  পুলিশ কর্মীরা আরাবুলের তৃণমূলী হার্মাদ বাহিনীর নির্দেশে খুব কাছ থেকে গুলি করে আলমগীর ও মফিজুল কে হত্যা করে। ক্ষিপ্ত জনগণ পাল্টা প্রতিরোধ গড়ে তুলতেই পইপই করে ছুটে পালায় তৃণমূলী হার্মাদ বাহিনী ও পুলিশ।

দুই যুবকের মৃত্যুর সাথে প্রায় ১৬ জন আন্দোলনকারীর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ নন্দীগ্রামের সংগ্রামী গ্রামবাসীদের গুম করে খুন করে মৃতদেহ সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনার সাথে ভাঙড়ের এই ঘটনার তুলনা করছেন। লক্ষণ শেঠের চেয়েও নিপুণ ভাবে আরাবুল এই কাজ সেরেছে বলে অভিযোগ। ঘটনার সত্যতা নিয়ে পুলিশ এখনো সংবাদ মাধ্যমের সামনে কোন বিবৃতি দেয়নি। মমতা বন্দোপাধ্যায় বা তৃণমূলের নেতৃত্বও এই নিয়ে টু শব্দ করেনি।

গণ আন্দোলনের ফলে ভয় পেয়ে যদিও মমতা বন্দোপাধ্যায় পাওয়ার গ্রিড প্রকল্প কে বাতিল করার কথা ঘোষণা করে, ঠিক যেমন নন্দীগ্রামের জমি অধিগ্রহণের নোটিস পরে ফেরত নেয় বামফ্রন্ট সরকার, তবুও আন্দোলনরত কৃষকদের এই নাটকে ভোলানো যায়নি। ক্ষিপ্ত হয়ে মমতা “বহিরাগত নকশাল” ধরার আদেশ দিয়ে পুলিশ কে বকলমে সন্ত্রাস তীব্র করার অনুমতি দিচ্ছে আর তার ফলে ভাঙড়ের মাটিতে তাড়া খেয়ে মুকুল আর রেজ্জাক কে পালিয়ে ফিরতে হচ্ছে কলকাতায়।

 ভাঙড়ে মমতার নন্দীগ্রাম পর্ব শুরু 


ভাঙড়ের গ্রামবাসীদের উপর পুলিশি সন্ত্রাস ও আরাবুলের নৃশংস অত্যাচারই শুধু যে নন্দীগ্রাম পর্বের বামফ্রন্ট সরকারের কথা মনে করিয়ে দিচ্ছে তা কিন্তু নয়, বরং সামগ্রিক ভাবে দেখতে গেলে মমতা বন্দোপাধ্যায়ের আস্ফালন, তৃণমূল কংগ্রেসের মেজাজ, এবং সরকারি যন্ত্রের প্রচারের ধরন দেখেও বুদ্ধের সরকারের কথা মনে পড়ে যাচ্ছে। গ্রামবাসীদের জাগ্রত চেতনা কে, আরাবুলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কে মমতা বন্দোপাধ্যায় কিছুতেই মেনে নিতে পারছে না। কারণ ভাঙড়ের জনগণের জাগ্রত চেতনা মানেই তো তৃণমূলের সিন্ডিকেটবাজির সন্ত্রাসের অন্তর্জলি যাত্রা শুরু, আরাবুলের পতনের শুরু, সামগ্রিক ভাবে মুসলমান সমাজ কে টুপি-বোরখা পড়িয়ে মোল্লা শাসনে রাখার চক্রান্তের পতন, ও সর্বোপরি মমতার অহংকারের বিরুদ্ধে জনগণের বিজয় যাত্রার সূচনার ডঙ্কা বেজে ওঠা।

তাই বুদ্ধের পথ ধরে মমতা আজ আবার “মাওবাদী” আর নকশাল ভূতের গন্ধ শোঁকা শুরু করেছে। ভোটপন্থী নিরামিষাশী সিপিআই (এম-এল) রেডস্টার কে ভাঙড়ের আন্দোলনে পেয়ে ওই দলের কর্মী সমর্থকদের উপর অকথ্য অত্যাচার করার জন্যে পুলিশ লেলিয়ে দিচ্ছে। জনগণের ক্ষোভ ও তৃণমূলের প্রতি তীব্র ঘৃণা কে “বহিরাগতদের উস্কানি” বলে মমতা আর তৃণমূল চেপে দিচ্ছে আর তার সাথে ছাত্র-ছাত্রী এবং প্রগতিশীল বুদ্ধিজীবীদের গ্রামবাসীদের সাথে একাত্ম হয়ে স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই গড়ে তোলার কাজে বাঁধা দিতে সমস্ত গোয়েন্দা দফতর কে হুকুম দেওয়া হচ্ছে। ২০০৭ সালে বুদ্ধ আর বিমানের কর্ম পদ্ধতিও একই রকমের ছিল বলে তো মনে পড়ছে।

বোঝাই যাচ্ছে যে এই ভাবে মমতা বন্দোপাধ্যায়ের সরকার ঝুটো কেস দিয়ে গ্রামবাসীদের রাজনৈতিক ভাবে সক্ষম করে তুলতে যে সব রাজনৈতিক কর্মীরা কাজ করছেন, তাঁদের উপর পুলিশি নিপীড়ন চালাবে।  আর এর সাথেই কিন্তু মমতা বন্দোপাধ্যায় ধর্মীয় আবেগে সুড়সুড়ি  দিতে তৃণমূলের ছত্রছায়ায় লালিত পালিত এবং সরকারি কোষাগার থেকে ভাতা প্রাপ্ত ইমাম ও মোল্লাদের এবার ভাঙড়ের গ্রামবাসীদের ভাগ করতে পাঠাবে। যারা অবশ্যই ভাঙড়ের সংগ্রামী মুসলমান গ্রামবাসীদের “বহিরাগত” কাফেরদের থেকে মুক্ত হয়ে  ‘মুমিন ভাই’ আরাবুল কে আপন করে নিতে চাপ দেবে কাল্পনিক সব হাদিস শুনিয়ে।

ইতিহাসের পাতায় এক দশক আগে সিপিএম এর নেতৃত্বাধীন বামফ্রন্ট  সরকার এই সকল চালগুলোই চেলেছিল জনগণ কে লড়াইয়ের পথ থেকে দূরে সরিয়ে দিতে। কিন্তু সেই ইতিহাসই আজ সাক্ষী দেবে যে সেই প্রচেষ্টার কি ফল বামফ্রন্ট পেয়েছিল আর আজ ইতিহাসের কোন আস্তাকুঁড়েতে বুদ্ধ আর বিমান নিক্ষেপিত হয়েছে। সেদিন যে মহিলা একা স্বল্প শক্তি নিয়ে তেড়েফুঁড়ে বামফ্রন্টের রোলার সিঙ্গুর থেকে নন্দীগ্রামে থামিয়েছিল সেই মহিলা আজ ওই রোলারের ড্রাইভারের আসনে বসে, তাই হিসেবটা একটু উল্টো পাল্টা হয়ে গেল। তবে যেহেতু ইতিহাসের রসিকতা বড়ই নিষ্ঠুর তাই মমতার বর্তমান অবস্থা দেখে তার তীব্র প্রতিদ্বন্ধীরও ভীষণ মায়া হবে।

মমতার “মা-মাটি-মানুষের সরকার” আজ সেই বামফ্রন্টের পথে চলে নিজের কবর খোঁড়ার বন্দোবস্ত করছে। তৃণমূল ছাড়ার সময়ে সোমেন মিত্র বলেছিল যে মমতার শাসন কালে মা ধর্ষিতা, মাটি লুন্ঠিত, আর মানুষ প্রতারিত, শোষিত, অত্যাচারিত। সোমেন মিত্রের কথার সাথে বাস্তবের মিল পশ্চিমবঙ্গের জনগণ প্রতিদিন, প্রতি মুহূর্তে টের পাচ্ছেন।  ভাঙড় আজ চোখে আঙ্গুল তুলে দেখাচ্ছে যে কৃষকের জমি না কাড়ার, কৃষি জমির থেকে কৃষকদের উচ্ছেদ করে শিল্প না করার মমতার প্রতিশ্রুতি কতই ভঙ্গুর।  ফলে দলে দলে মানুষ আজ মমতার বিরুদ্ধে, তৃণমূলের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, আরাবুল আর রেজ্জাকদের মতন ভূ-মাফিয়াদের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে নির্ভয়ে পথে নামছেন, এমনকি মৃত্যু ভয় কে জয় করেও।

মমতা বন্দোপাধ্যায়ের জেনে রাখা উচিত যে জনগণ তাকে ও তার পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে সেই জনগণ কিন্তু রাস্তায় নেমে তার সরকার কে সিংহাসন থেকে টেনে নামাতেও সক্ষম। তাই মমতা বন্দোপাধ্যায় যদি জনগণ কে ভীতু এবং রাজনৈতিক ভাবে অন্ধ ভেবে নিজের স্বৈরতান্ত্রিক কায়দায় চলে পুলিশি সন্ত্রাসের সাহায্যে গণ আন্দোলন কে পরাস্ত করতে চায় তাহলে ভাঙড় থেকে যে ফুলকি গোটা রাজ্যে ছড়িয়ে যাচ্ছে তা এক এমন গণরোষের  সৃষ্টি করবে যার সামনে মমতা বন্দোপাধ্যায়ের দাপট আর আরাবুলের দাদাগিরি নিমেষে উড়ে যাবে। মমতা বন্দোপাধ্যায় ভালো করেই জানে যে জনগণের রোষের সামনে পড়ে বড় বড় দাপুটে রাজনৈতিক নেতারা আজ কি ভাবে অস্ত গেছে পশ্চিমের আকাশে। মমতা বন্দোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের শত চেষ্টা সত্বেও, বিজেপির সাথে মিলেমিশে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি কে নষ্ট করার শত প্রচেষ্টা সত্বেও, জাগ্রত কৃষকের - জাগ্রত শ্রমিকের রোষানলে তৃণমূলের সরকার খুব শীঘ্রই পতিত হবে পাথুরে জমিতে। ভাঙড় থেকে তৃণমূলের ডাঙায় ভাঙ্গন ধরার শুরু হলো, সমগ্র পশ্চিমবঙ্গে যার ফল তৃণমূল হাতেনাতে পাবে।


ঢোলাহাট থেকে তারক বিশ্বাস পর্ব - মোদী ও মমতার সখ্যতা সাম্প্রদায়িক দাঙ্গার বিষবাষ্প ছড়াচ্ছে পশ্চিমবঙ্গে


লোকমুখে ও ইন্টারনেটে মমতাকে আরএসএস ও বিজেপি মুসলমান তোষণকারী ও হিন্দু বিরোধী বলে প্রচার করছে এবং কলকাতা সহ সমস্ত শহরতলীতে একটা চাপা প্রচার চালাচ্ছে যে পশ্চিমবঙ্গে হিন্দুরা নাকি খুবই দুর্বল এবং বাংলাদেশ থেকে নাকি ভোট ব্যাঙ্ক গড়তে প্রচুর পরিমানে মুসলমান অনুপ্রবেশকারী কে ঢুকিয়ে এই রাজ্যে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি করাচ্ছে তৃণমূল। বিজেপি ও তার পিতৃপ্রতিম সংস্থা আরএসএস এর সাথে সংযুক্ত হিন্দুত্ববাদী সংবাদসংস্থাগুলো এই আষাঢ়ে গল্পের গরু কে শুধু মই দিয়ে গাছে চড়িয়েই ক্ষান্ত হচ্ছে না, মইটাকে চুরি করে পালিয়েও যাচ্ছে।তৃণমূলের নেতৃত্বের কাছে বা খাস মমতার কাছে এই প্রচারের কথা অজানা নয়, তবুও মমতা চুপ করে থেকে এই প্রচার কে সত্য হিসেবে প্রতিপন্ন করার ষড়যন্ত্রে সামিল হয়েছে। যে বা যারা সাচার কমিটির রিপোর্ট পড়েছেন (সম্প্রতি বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে সাচার কমিটির রিপোর্ট কে আস্তাকুঁড়েতে ছুড়ে ফেলেছে) তাঁরা জানেন যে পশ্চিমবঙ্গে মুসলমান সম্প্রদায়ের দুর্দশার আসল ছবিটা কি আর সেই দুর্দশা দূর করতে যেহেতু বামফ্রন্ট সরকার কিছুই করেনি তাই মুসলমান সম্প্রদায়ের সমর্থন পেয়ে ভোটে জিতেছিল মমতা বন্দোপাধ্যায়। কিন্তু আদতে মুসলমান সম্প্রদায়ের জন্যে ইমাম ভাতা আর ঈদের দিনে মদন আর ববি কে টুপি পড়িয়ে বাজারে ছেড়ে বা কখনো কখনো নিজের মাথায় হিজাব পড়ে দোয়া করা ছাড়া মমতা বা তৃণমূল কোনোদিন কিছুই করেনি বরং বারবার চেষ্টা করে এসেছে যাতে মুসলমান সম্প্রদায়, বিশেষ করে মুসলমান যুব সমাজ ধর্মীয় গোঁড়ামি ও কুপমুণ্ডুকতার বাইরে বের হয়ে জীবনযাপন না করতে পারে, আর্থিক ভাবে স্বচ্ছল না হতে পারে, সামাজিক ও রাজনৈতিক ভাবে ব্রাক্ষণত্ববাদী শক্তির সমকক্ষ না হতে পারে।তাই দেখুন আজও মুসলমান সম্প্রদায় ব্রাক্ষণত্ববাদী ভদ্রলোকদের তুলনায় শিক্ষা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে কত পিছিয়ে। সকাল সন্ধ্যে মুসলমান সম্প্রদায় যাতে খালি পেটে আর খালি পকেটে শুধু আল্লা আল্লা করে শান্ত থাকে তার বন্দোবস্ত করা ছাড়া বাস্তবে মমতার সরকার আর কি করেছে মুসলমান সম্প্রদায়ের জন্যে? বিশেষ করে বাঙালি মুসলমানদের জন্যে - যাঁদের অধিকাংশ কে আজ কলকাতা শহর থেকে খেঁদিয়ে দেওয়া হয়েছে?


মমতা বন্দোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তাদের মাতৃসম পার্টি কংগ্রেসের মতনই তীব্র হিন্দুত্ববাদী - গোঁড়া ব্রাক্ষণত্ববাদী পার্টি যারা মুসলমানদের শুধু ধর্মীয় কুপমুণ্ডুক আর মৌলবাদের ঘেরাটপে বন্দী করে রাখতে চায়, ইমাম-মুফতি-মৌলানাদের হাত করে সমগ্র মুসলমান সম্প্রদায়কে অন্ধকারে ঠেলে রেখে ব্রাক্ষণত্ববাদী উচ্চ জাতিগুলোকে অর্থনৈতিক উন্নয়নের গুড় খেতে দেয়। এই মমতা বন্দোপাধ্যায় ও তার পার্টি সেই নেহরু কে শ্রদ্ধাঞ্জলি দেয় যার প্রচ্ছন্ন মদতে ভারত ভাগ হয় আর লক্ষ লক্ষ মুসলমান কে পাঞ্জাব, বাংলা, জম্মু ও হায়দ্রাবাদে হত্যা করা হয়। সেই নেহরুর কাছে মুসলমান উন্নয়নের রাজনীতির মূলমন্ত্র ছিল গোঁড়া ও ধর্মান্ধ মৌলবাদী মৌলানা আজাদের মতন লোককে মুসলমান সমাজের নেতা বানানো, যে লোকটা মুসলমান মহিলাদের স্বাধীনতার ও স্বাবলম্বী হওয়ার ঘোরতর বিরোধী ছিল, যাতে মুসলমান সম্প্রদায় কোনো দিন আধুনিকতার আলো না দেখতে পায়। যে নেহরু সরকার আরএসএস এর মতন সংগঠন কে ভারতে বিস্তৃত হওয়ার বকলমে সুযোগ করে দিয়েছিল, মুখে বিরোধিতা করেও। এরা সেই ইন্দিরা গান্ধীর মূর্তিতে মালা দেয় যে ইন্দিরা গান্ধীর শাসন কালে জরুরী অবস্থা জারি হয় আর অসংখ্য মুসলমান মানুষকে সঞ্জয় গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকার হত্যা করে দিল্লির তুর্কমেন গেট এলাকায়। এই তৃণমূল কংগ্রেস রাজীব গান্ধী কে শ্রদ্ধাঞ্জলি দেয়, যে রাজীব গান্ধী নিজে হাতে বাবরি মসজিদের ভিতর রামলালা মন্দিরের তালা খুলে পুজো দিয়ে আরএসএস ও বিজেপি কে রাম মন্দির আন্দোলনের ঝড় তোলার কাজে সহযোগিতা করেছিল, যার পরিণাম হয় বাবরি মসজিদ ধ্বংস এবং মুসলমান নিধন যজ্ঞ। এই তথাকথিত ধর্মনিরপেক্ষ মমতা বন্দোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে খাল কেটে কুমির ঢোকানোর মতনই ১১৯৮ সাল থেকে বিজেপি আর তার হিন্দুত্ববাদী সহযোগীদের রাজ্যে ঘাঁটি গড়ে তুলতে সাহায্য করেছিল কেন্দ্রে বাজপেয়ী সরকারে মন্ত্রিত্বের বিনিময়ে।১৯৯৯ সালে যখন দারা সিংহ ও অন্য্ সব বজরং দল কর্মীরা মিশনারি গ্রাহাম স্টেইন কে তাঁর দুই নাবালক পুত্র সহ পুড়িয়ে হত্যা করেছিল বা ২০০২ সালে যখন নরেন্দ্র মোদী হাজার হাজার মুসলমানের শব দেহের উপর চলে গুজরাটের ভোটে বিজেপিকে জিতিয়েছিল তখন ধর্মনিরপেক্ষ ও মুসলমান - সংখ্যালঘু দরদী মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির সাথে মধুর সম্পর্ক বজায় রেখেছিল, ফুলের তোড়া দিয়ে নরেন্দ্র মোদী কে অভিনন্দন জানিয়েছিল মমতা সেই সময়ে যখন মোদীর কব্জি দিয়ে চুইয়ে পড়ছিল মুসলমানের রক্ত।           
  
মোদী আর মমতার ফুলের তোড়ার যুদ্ধের আড়ালে পুরানো বন্ধুত্ব পশ্চিমবঙ্গের মাটিতে শ্রমিক-কৃষক আন্দোলন কে ধ্বংস করার কাজে বৃহৎ কর্পোরেট পুঁজি ও জোতদার-সামন্তপ্রভুদের একান্ত প্রয়োজনীয়। দুই জনের রাজনীতিই ব্রাক্ষণত্ববাদ কে সমর্থন করে, দলিত-আদিবাসী ও মুসলমান সম্প্রদায় সহ সকল সংখ্যালঘুদের স্বার্থের বিরুদ্ধে শুধু মাত্র অভিজাত হিন্দুদের স্বার্থ রক্ষা করে। আজ যে বিজেপি নেতা ও কর্মীরা, যে আরএসএস কর্মীরা মমতা কে প্রকাশ্যে গালিগালাজ করছে, মুসলমান সম্প্রদায়ের দালাল বলছে, তলে তলে তারা সবাই মমতা ও তৃণমূলের প্রশ্রয়ে পশ্চিমবঙ্গে নিজেদের জমি শক্ত করতে পারছে। মমতার পুলিশ আর প্রশাসন রাজ্য জুড়ে বেড়ে চলা হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদের চাঁইদের বকলমে তোষণ করছে আর তার সাথে সাথেই তোষণ করছে একদল চরম ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল মোল্লা শ্রেণীর মুসলমানদের, যারা পশ্চিমবঙ্গের বাঙালি ও উর্দু ভাষী মুসলমান সম্প্রদায়কে সাম্প্রদায়িক রাজনীতির দেউড়িতে গন্ডিবদ্ধ করে তাদের দিয়ে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অভিলাষা চরিতার্থ করার চক্রান্ত সফল করার কাজ করছে।আর তৃণমূলের রাজনৈতিক লক্ষ্যবস্তু হলো ব্রাক্ষণত্ববাদী শাসন ব্যবস্থা কে পিছনের দরজা দিয়ে প্রতিষ্ঠা করানো, বিদেশী পুঁজির মালিকানাধীন কর্পোরেট সংস্থাগুলোর সাহায্যে মোদী সরকারের সাথে হাতে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গের জনগণের সাম্প্রদায়িক মেরুকরণ করা এবং দাঙ্গার পরিবেশ সৃষ্টি করা, যাতে শ্রমিক-কৃষক-খেটে খাওয়া জনতা-দলিত-আদিবাসী ও সংখ্যালঘু সমাজ কখনোই এক হয়ে মাটি-জল-বাতাস লুঠের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে না পারে, যাতে শ্রমিক-কৃষকের লড়াই গড়ে উঠতে না পারে, আর পশ্চিমবঙ্গকেও গুজরাটের মতন হিন্দুত্ববাদীদের শক্ত ঘাঁটি হিসেবে গড়ে তোলা যায়। এই কারণেই আমরা দেখতে পাই তৃণমূলের নেতৃত্বে কালিয়াচক - ঢোলাহাট কান্ড থেকে তারক বিশ্বাস নামক ব্লগারের গ্রেফতারি, সবই খোরাক যোগাচ্ছে হিন্দুত্ববাদী শক্তির পেশী শক্তি বাড়ানোর প্রক্রিয়ায়।     

ঢোলাহাট নিয়ে তুলকালাম - পশ্চিমবঙ্গের মুসলমান অধ্যুষিত এলাকায় দাঙ্গা করার পরিকল্পনা করছে আরএসএস - বিজেপি



দক্ষিণ ২৪ পরগণার  ঢোলাহাটের ঘটনাই ধরুন। গত ৪ঠা সেপ্টেম্বর একজন গরু ব্যবসায়ী রউফ লস্কর (২৮) হাট থেকে বাড়ি ফেরার ঠিক পরেই তাঁর মোবাইল ফোনে একটা কল আসে যে সস্তায় অনেক গরু পাওয়া যাচ্ছে, ঈদের মরশুমে যে খবরটা শুনে যে কোনো গরু ব্যবসায়ীর চোখ লোভে চক চক করে উঠবে। সেই ফোনে কথা বলেই রউফ লস্কর বাড়ি ছেড়ে গেলেন আর ফিরলেন লাশ হয়ে, তাঁর মৃতদেহ ভেসে ওঠে লক্ষীনারায়নপুরের পুকুরে, ডান চোখ উপড়ানো, ঠোঁট আর কান দুটো কেউ খাবলে নিয়েছে। রউফ লস্করের মৃতদেহ ভেসে উঠেছিল যে পুকুরে সেটা তাঁর বাড়ির থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভাজনা গ্রামের কাছে। সেই ভাজনা গ্রামে বিগত কয়েক বছর ধরে তৃণমূলের প্রচ্ছন্ন মদতে ঘাঁটি গেড়ে নিজেদের শক্তি বৃদ্ধি করছে আরএসএস ও তার বিভিন্ন সহায়ক সংগঠন। ভাজনা গ্রামের উঁচু জাতের ব্রাক্ষণত্ববাদী যুবদের নিয়ে যথারীতি গো-রক্ষা সমিতি গড়া হয়েছে এবং এই এলাকায় বিশ্ব হিন্দু পরিষদ ও তপন ঘোষের হিন্দু সংহতির মতন মার্কিন মদত প্রাপ্ত দাঙ্গাবাজ সংগঠন নিজেদের ষড়যন্ত্রমূলক কাজকর্ম শুরু করেছে। গ্রামবাসীরা পুলিশের কাছে গো-রক্ষক ও আরএসএস এর বিরুদ্ধে রউফ লস্কর কে খুন করার অভিযোগ করলেও পুলিশ সেই অভিযোগ নথিভুক্ত করতে চায়নি। জনগণ পুলিশের এহেন আচরণ দেখে ক্ষিপ্ত হন এবং তীব্র প্রতিবাদ করেন, অনেকে ইঁট পাটকেল ছুড়ে পুলিশ কে দেহ নেওয়ার থেকে আটকান। পরে পুলিশের বড় কর্তারা স্থানীয় জনগণ কে তৃণমূলের স্থানীয় নেতাদের সাথে নিয়ে ১১ সেপ্টেম্বর ঢোলাহাট থানায় দেখা করতে বলে এবং তাঁদের কথামত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেহ নিয়ে যায়। ১১ সেপ্টেম্বর দলে দলে মানুষ থানায় গিয়ে জানতে পারেন যে পুলিশের বড় কর্তারা কেউ নেই আর কোনো মিটিং হবে না। ফলে স্পষ্টতঃ এলাকার মুসলমান জনগণ দেখলেন যে বকলমে হিন্দুত্ববাদী দাঙ্গাবাজদের পক্ষপাতিত্ব করছে “মুসলমান-দরদী” সাজা মমতা বন্দোপাধ্যায়ের ব্রাক্ষণত্ববাদী প্রশাসন। ফলে জনগণ ক্ষোভে ফেটে পড়েন ও পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো শুরু করেন।  সরকারের বিরুদ্ধে জনমত যাচ্ছে দেখেই এলাকার তৃণমূলের মৌলবাদী নেতারা গুন্ডা বাহিনী এনে জনতার শান্তিপূর্ণ লড়াইকে বানচাল করতে শুরু করে বোমা বর্ষণ আর আগুন লাগানো, ঠিক কালিয়াচকের কায়দায়, আর এই সুযোগে পুলিশ সরাসরি জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে, ঈদের দুইদিন আগেই এই হট্টগোল থেকে বাঁচতে সাধারণ মানুষ  যখন পালাতে থাকেন ঠিক তখন পুলিশ গুলি করে সালেম লস্কর কে।তাঁর পিঠে গুলি লাগে, যে গুলি নাকি পুলিশ আত্মরক্ষার জন্যে চালিয়েছিল। গুলিতে সালেম লস্করের মৃত্যু হয় এবং পুলিশ কেস দিয়ে ৪৯ জন কে জেলে পোরার চেষ্টায় রত। কিন্তু আশ্চর্যজনক ভাবে প্রশাসন গো-রক্ষক দল সম্পর্কে একেবারে চুপ। শুধু প্রেস কনফারেন্স চলাকালীন মমতা সেই পুরানো কায়দায় “আমি বরদাস্ত করবো না” বলে গো-রক্ষকদের শাসানি দিলেও তা যে একেবারে কোনো কাজের নয় তা গো-রক্ষকদের চেয়ে বেশি মমতার জানা আছে।     


কাকদ্বীপের নিকটবর্তী এই সকল অঞ্চলে এক কালে বামপন্থী কৃষক আন্দোলন শক্তিশালী থাকায় জোতদারদের এলাকায় পসার সাজিয়ে বসতে অসুবিধা ছিল। নিচু জাতির ও নমঃশূদ্র দলিত হিন্দু এবং মুসলমান কৃষকেরা কাঁধে কাঁধ মিলিয়ে জমি ও রাজনৈতিক ক্ষমতার জন্যে লড়াই করেছিলেন। পরবর্তীকালে সিপিএমের রাজত্বকালে ধীরে ধীরে কৃষকদের জঙ্গী আন্দোলন কে পিছন থেকে ছুরি মেরে মেরে ধ্বংস করা হয় এবং ধর্মীয় মৌলবাদীদের এই এলাকায় খালি মাঠে গোল করার সুযোগ করে দেয় জ্যোতি বোস ও বুদ্ধ ভট্টাচার্যের সরকার। তৃণমূল শাসন কালে এই এলাকায় ধর্মীয় মৌলবাদ আরও গভীর ভাবে প্রবেশ করতে থাকে, ধর্মের নামে কাঠি মেরে নমঃশূদ্র দলিতদের ব্রাক্ষণত্ববাদী উঁচু জাতের হিন্দুদের পতাকাতলে এনে ধর্মীয় মেরুকরণের কাজ চালায় আরএসএস ও তার সাঙ্গপাঙ্গরা। বেশ কয়েক মাস ধরে, বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে থেকেই ঢোলাহাট অঞ্চলে গরু কে কেন্দ্র করে চক্রান্তের ফাঁদ পাতে হিন্দুত্ববাদী শক্তি। যদিও কুলপি বিধানসভা কেন্দ্রে ভোটে জেতে তৃণমূলের যোগরঞ্জন হালদার, কিন্তু বিজেপি এই কেন্দ্রে যে দাঁত কাটতে শুরু করেছে বিগত পাঁচ বছরে তা নির্বাচনের পরিণাম দেখে বোঝা যায়। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এই কুলপি কেন্দ্রে ৩৬২৪টি ভোট পেয়েছিল আর ঠিক মমতার শাসনের পাঁচ বছর পরেই সংখ্যাটা হয়ে দাঁড়ালো ৮৪৩৪! ২০১৪ সালের “মোদী হাওয়ায়” সমগ্র মথুরাপুরের দলিতদের জন্যে সংরক্ষিত আসনেও বিজেপি তিন নম্বরে উঠতে সক্ষম হয়েছিল, আর তার পর থেকেই এই সমগ্র এলাকায় মুসলমান বিরোধী বিদ্বেষ বেশি বেশি করে ছড়ানো হয় তৃণমূলের সহায়তায়। কখনো গরুর অছিলায় আর কখনো হিন্দু মেয়ে কে মুসলমান ছেলে ফুঁসলিয়ে নিয়ে যাচ্ছে এই অছিলায় এই এলাকা সহ সমগ্র দক্ষিণ ২৪ পরগণায় দাঙ্গা করার চেষ্টা করে আরএসএস ও তাদের সহযোগী হিন্দু সন্ত্রাসবাদী সংগঠনগুলি।


তৃণমূল কংগ্রেস যে ভাবে এই গ্রামবাসীদের ন্যায়সঙ্গত লড়াইকে ভেস্তে দিতে যথেচ্ছ গুলি ও বোমা ব্যবহার করে দোষ মুসলমান সম্প্রদায়ের উপর চাপিয়ে দিতে পারলো তা কিন্তু বিজেপি বা আরএসএস’র দ্বারাও সম্ভব হতো না, আর এভাবেই তো হিন্দুত্ববাদী শক্তির রক্ষায় এগিয়ে এসেছে মোদীর দোসর মমতা আর তার তৃণমূল কংগ্রেস।ঢোলাহাটের ঘটনা পশ্চিমবঙ্গে তেমন প্রভাব ফেলতে না পারলেও সমগ্র ভারতের কর্পোরেট মিডিয়া ঘটনাটিকে মুসলমান মৌলবাদীদের তাণ্ডব বলে চিত্রিত করে হিন্দুত্ববাদীদের পয়েন্ট বাড়াতে সাহায্য করেছে আর আতংকিত করেছে সমস্ত মথুরাপুর সংসদীয় এলাকার নমঃশূদ্র দলিত সম্প্রদায় কে, যার ফলে আরএসএস ও তপন ঘোষের হিন্দু সংহতির সুবিধা হয়ে গেল এই এলাকার দলিত নমঃশূদ্রদের মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার থেকে আটকে ব্রাক্ষণত্ববাদের পতাকাতলে সামিল করতে। এই ঘটনার রেশ মিটতে না মিটতেই আবার তৃণমূল এগিয়ে এলো হিন্দুত্ববাদী শক্তির সমর্থনে। এবার আবার সরাসরি তৃণমূলের সংখ্যালঘু সেলের এক জেলা স্তরের নেতা সানাউল্লাহ খান সরকারি ভাবেই বিদ্বেষ সৃষ্টির খোরাক যোগান দিল।
    

নাস্তিক ব্লগার তারক বিশ্বাসের গ্রেফতারে নতুন অস্ত্র খুঁজে পেল হিন্দুত্ববাদী সন্ত্রাসী শক্তি



কালিয়াচকের দাঙ্গার আসল কারণ এবং ঘটনাবলী আমরা আগেও পড়েছি, সম্প্রতি মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির নামে তৃণমূল কংগ্রেস আবার বাক স্বাধীনতায় হামলা করলো কেন্দ্রীয় মোদী সরকার বা পড়শি পাকিস্তান-বাংলাদেশ সরকারের মতন। তারক বিশ্বাস নামে এক ব্লগার ইন্টারনেটে বহুদিন ধরে নানা ধর্মের সমালোচনা করে আসছিলেন জঙ্গী নয়া-নাস্তিক আন্দোলনের কায়দায়। যে আন্দোলন ধর্মের সাথে সমাজের আর্থিক-সামাজিক ও রাজনৈতিক প্রগতির স্তরের সম্পর্ক কে বাদ দিয়ে, উৎপাদন ব্যবস্থা ও উৎপাদন সম্পর্ক কে বাদ দিয়ে, শুধু ধর্মকে সমালোচনা করে, বিশেষ করে ইসলাম ধর্ম কে, সেই আন্দোলনের এক অংশগ্রহণকারী হলেন তারক বিশ্বাস। এই তারক বিশ্বাসের লেখায় হঠাৎ তৃণমূলের নেতা সানাউল্লাহ খানের ধর্ম বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিতে এমন আঘাত লাগলো যে সে পুলিশে মামলা করলো আর তৃণমূলের নেতার মামলার চোটে হঠাৎ কল্যাণী থেকে না বলে কয়ে জোর করে পুলিশ উঠিয়ে নিয়ে যায় তারক বিশ্বাস কে এবং ভারতীয় দন্ডবিধির ২৯৫ এ ও ২৯৮ ধারা সহ তথ্য ও প্রযুক্তি আইনের ৬৬, ৬৭, ও ৬৭ এ’র মতন সব ভয়ঙ্কর ধারার মামলা পুলিশ এই ব্লগারের নামে করেছে। এর পিছনে তৃণমূলের ভূমিকাটা স্পষ্ট আর এই ঘটনা কে কেন্দ্র করে রাজ্যের সাম্প্রদায়িক মেরুকরণের খেলায় একেবারে ফাউতে পেনাল্টি শট পেয়ে গেল সংঘ পরিবার। অন্তত ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় তো বটেই। যে সানাউল্লাহ খান তারক বিশ্বাসের নামে পুলিশে অভিযোগ করেছিল সে নিজে ফেসবুকে নিজেকে ধর্ম প্রচারক তৃণমূল নেতা হিসেবে প্রতিপন্ন করে থাকে। সে তার তৃণমূলী প্রতিপত্তি ব্যবহার করে তারক বিশ্বাস কে গ্রেফতার করিয়েছে কারণ পিছনে ছিল মমতা আর শুভেন্দু অধিকারীদের মতন মন্ত্রীদের সমর্থন। এই গ্রেফতারির ফলে একদিকে হিন্দুত্ববাদী উগ্রপন্থীদের কাছে ইসলাম ধর্মালম্বীদের কে বাঁধাধরা “মৌলবাদী” ও “ধর্মান্ধ” গোত্রে ফেলে চরম বিদ্বেষমূলক প্রচার আরও সহজ হয়ে গেল। ইন্টারনেট জুড়ে আরএসএস এর ভাড়াটে বাহিনী একজন নাস্তিক আন্দোলনে জড়িতের নাম কে “অত্যাচারিত হিন্দু” ও “মমতার মুসলমান তোষণের” সাথে জুড়ে নিজেদের রাজনৈতিক প্রচার কে তুঙ্গে তুলে দিল। এর ফলে চাপা থেকে গেল যে কি ভাবে রাজ্যের গ্রামে গ্রামে হিন্দুত্ববাদী জঙ্গীরা গরু রক্ষা আন্দোলনের নামে বিষিয়ে দিচ্ছে সাম্প্রদায়িক আবহাওয়াকে। শুধু চারদিকে মুসলমান সম্প্রদায় মুক্ত আলোচনা ও বাক স্বাধীনতার শত্রু এই বলে সমগ্র সম্প্রদায় কে আক্রমণ করার এক ভালো সুযোগ পেয়ে গেল হিন্দুত্ববাদী শক্তিগুলি, আর এদের সমর্থনে আলতো আলতো করে পা ফেলে এগোতে থাকলো সানাউল্লাহ খানের মতন “মুমিনেরা”। এপিডিআর এর মতন সামাজিক সংগঠন যদিও তারক বিশ্বাসের সমর্থনে এগিয়ে এসেছে এবং পুলিশি হস্তক্ষেপের নিন্দা করেছে তবুও ভোটপন্থী বামেদের এখনো এই দাবি সরাসরি তুলতে দেখা যায়নি।  


পশ্চিমবঙ্গের সমগ্র প্রগতিশীল মানুষকে এই সমস্ত চক্রান্ত কে আজ খুঁটিয়ে দেখতে হবে এবং বস্তুগত বিশ্লেষণ করতে হবে। সারা ভারতবর্ষ জুড়ে যে ভাবে ব্রাক্ষণত্ববাদী শক্তি কায়দা করে মুসলমান সম্প্রদায় কে শিক্ষা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রশাসনিক ভাবে পিছিয়ে রেখেছে তার ফলে পশ্চিমবঙ্গের মাটিতেও তথাকথিত বামপন্থীদের ৩৪ বছরের শাসনের পরেও এই রাজ্যের মুসলমান সম্প্রদায়ের চেতনার মান অনেক নিম্নে। শিক্ষা, চাকরি, ব্যবসা সহ সকল ক্ষেত্রেই বৈষম্যের শিকার মুসলমান সমাজের পক্ষে বর্তমান শাসন ব্যবস্থা ও শাসক শ্রেণীর অধীনে নিজ সম্প্রদায়ের উন্নয়ন আশা করাও হাস্যকর হবে। এহেন পিছিয়ে থাকা মুসলমান সম্প্রদায় কে, দলিত ও আদিবাসীদের সাথে নিয়ে ব্রাক্ষণত্ববাদী শাসক শ্রেণীর বিরুদ্ধে জমি-জল-জঙ্গল ও আর্থিক-রাজনৈতিক-সামাজিক স্বাধীনতার দাবিতে গড়ে ওঠা লড়াইয়ে সামিল করাতে হবে এবং তার জন্যে সমস্ত শোষিত জাতি ও সম্প্রদায়ের রাজনৈতিক চেতনা কে আজ জাগ্রত করার ভীষণ দরকার, কারণ এই চেতনা জাগ্রত না হলে, উচ্চ স্তরে না উঠলে জঙ্গী হিন্দুত্ববাদের পতাকাবাহী ব্রাক্ষণত্ববাদী শক্তি কে পরাস্ত করা যাবে না, এমন কি ব্রাক্ষণত্ববাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও সানাউল্লাহ আর মমতার মিমিঃকিরির ফলে নেপোয় মারে দই হয়ে যাবে।


সাধু সাবধান ! পর্বতে ধোঁয়া দেখা দিয়েছে, আর দেশলাই হাতে মমতা-দিলীপ-তপন ঘোষেদের ঘুরতে দেখা গেছে।  


   


পশু প্রেমের নামে কোরবানি ঈদের বিরোধিতার পিছনে রয়েছে ব্রাক্ষণত্ববাদী শক্তির ষড়যন্ত্র


খুশির ঈদ বলা হলেও আদতে ঈদ অন্যান্য সকল ধর্মের উৎসবের মতনই ধনী মানুষের উৎসব। ঈদ উল ফিতর করার কোনো বাণী কোরানের পাতায় নেই, বরং সত্যি বলতে ঈদ শব্দটি যীশুর শেষ আহারের ঘটনা বাদে কোরানে আর কোথাও উচ্চারিত হয়নি। মোহাম্মদের সময়ে এবং পরবর্তীকালে আরবদের নানা আদি উৎসব ইসলাম ধর্মে প্রবেশ করে, ঠিক যেমন রোমানদের নানা উৎসব ক্যাথলিক ধর্মে প্রবেশ করে সরকারি মর্যাদা পায়, ঠিক সেই ভাবেই ঈদ উল ফিতর ও ইহুদিদের কোরবানির উৎসব ঈদ হিসেবে আরব ইসলামে প্রবেশ করে। যাই হোক ভারতীয় উপমহাদেশে কোরবানির ঈদ চিরকাল ধনী আর উচ্চ মধ্যবিত্তদের ধনের জৌলুস দেখানোর একটি বিশেষ দিন, কে কটা গরু, ছাগল, উট, ভেড়া কাটতে পারে তার দিন। কোরবানির সাথে জুড়ুন হিন্দুদের পাঁঠা আর মোষ বলি, যা বোধহয় প্রতি সপ্তাহে হয় আর অজস্র জানোয়ার হাঁড়ি কাঠে কাটা পড়ে ধর্মের দোহাইতে। মুসলমানের আল্লাহ আর হিন্দুর মা কালি নাকি জানোয়ারের রক্তে প্রসন্ন হন, মানুষের ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ও ভালোবাসার নিদর্শন হলো পশু বলি বা কোরবানি।


বিগত দুই দশক ধরে হিন্দুত্ববাদী শক্তির শকুনের নজর গিয়ে পড়েছে কোরবানির ঈদে, নৈপথে প্রথমে ছিল গো রক্ষা আর এবার জুটেছে নৃশংসতার প্রশ্ন। হিন্দুত্ববাদের ধবজ্জাধারী আরএসএস ও তার সাঙ্গপাঙ্গরা অনেকদিন ধরে হিন্দু ধর্মের উত্তর ভারতীয়করণ করার প্রচেষ্টায় জড়িত। উত্তর ভারতীয় উচ্চ জাতির ব্রাক্ষণ ও বৈশ্য জাতির মানুষেরা নিরামিষাশী হয় জৈন ধর্মের প্রভাবে পড়ে। সেই নিরামিষাশী হিন্দুত্ব কে আজ সারা ভারতে ছড়িয়ে দেওয়া হচ্ছে আরএসএস এর শাখাগুলোর মাধ্যমে। আরএসএস ও বিজেপির কাছে চ্যালেঞ্জের রাজ্য হলো কেরল, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মনিপুর, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, ও গোয়ার মতন রাজ্য যেখানে হিন্দুদের মধ্যে মাংস খাওয়ার প্রবণতা চালু আছে। কেরলে হিন্দুদের একটা বড় অংশ গো মাংস ভক্ষণ করে, কলকাতা শহরেও অনেক হিন্দু বাঙালি হাপুস হুপুস করে গরুর বিরিয়ানি খান। কিন্তু এক জাতি, এক ভাষা, এক ধর্মের ভিত্তিতে যে হিন্দু রাষ্ট্র আরএসএস হিন্দি-হিন্দু-হিন্দুস্তান স্লোগানের আড়ালে প্রতিষ্ঠা করতে চায়, সেখানে ইসলামের ওয়াহাবি-সালাফি ধারার মতনই হিন্দু ধর্ম ও তার রীতিনীতি সারা দেশজুড়ে একই হবে। মোদ্দা কথা হলো দেশের মানুষ নিরামিষাশী হবে, বড় জোর মাছ আর মুরগি খাবে, আর বাকি সমস্ত পশু বিদেশে রফতানি হবে বিদেশি মুদ্রা কামাবার জন্যে। ব্রাক্ষণত্ববাদের এই নিশানায় বাঁধা সেঁধেছে অহিন্দি ভাষী হিন্দুরা আর দলিত ও আদিবাসী সমাজ, যাঁদের উপর প্রায় জোর করে উত্তর প্রদেশ, হরিয়ানা, রাজস্থান ও গুজরাটে ব্রাক্ষণত্ববাদের নয়া নিরামিষবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে। বিগত তিন দশক ধরে সারা দেশে বাড়ি ভাড়া দেওয়ার নামেও খাদ্য অভ্যাস কে অন্যের ঘাড়ে হয় চাপিয়ে দেওয়া হচ্ছে বা বাড়ি ভাড়া বা ক্রয়-বিক্রয় করার ক্ষেত্রে ভেদাভেদ করা হচ্ছে।

মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় দোষ হয়ে দাঁড়িয়েছে মাংস খাওয়ার অভ্যাস। ভারতবর্ষে যেন পশু হত্যা করে খাওয়া ঘৃণ্য অপরাধ হয়ে গেছে, বিজেপি শাসিত বেশির ভাগ রাজ্যে, বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলোয়, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, ইত্যাদি রাজ্যে গরুর মাংস খাওয়া ও বিক্রি করায় নিষেধাজ্ঞা জারি হয়েছে, মুসলিম প্রধান কাশ্মীর উপত্যকায় রণবীর পেনাল কোডের মাধ্যমে গরুর মাংস নিষিদ্ধ হয়েছে, আর এবার সারা দেশ জুড়ে চলছে পাঁঠা, মোষ, ভেড়া ইত্যাদি নিষিদ্ধ করার চেষ্টা চলছে। মাংস খাওয়া কে রোখার জন্যে ধর্ম আর আইনের বোঝা জনগণের ঘাড়ে, বিশেষ করে মুসলমান-খ্রিষ্টান-আদিবাসী ও দলিতদের ঘাড়ে চাপানো হচ্ছে।   


পশ্চিমবঙ্গে আর অসমে যখন পুজোর নামে সারা বছর জুড়ে পশু বলি চলে, ঠিক তখনই বছরে একবার ঈদের দিন ধর্মের নামে জানোয়ার কাটার জন্যে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর কাজ চলছে। শহরাঞ্চলে এর প্রভাব তীক্ষ ভাবে টের পাওয়া যায়, গ্রামাঞ্চলে (দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, হুগলি, বর্ধমান এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কুচবিহার বাদে) দীর্ঘদিন ধরে গরিব হিন্দু আর গরিব মুসলমান একসাথে মিলেজুলে বাস করার ফলে দ্বন্ধ ও ঘৃণা এত তীব্র হয়নি। কোরবানির ঈদের চাঁদ আকাশে দেখার কয়েক সপ্তাহ আগে থেকেই পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে ব্রাক্ষণত্ববাদী শক্তিগুলো প্রচার শুরু করে পশু হত্যার বিরোধিতা করার নামে। মুসলমানদের নামে তীব্র অপপ্রচার চালানো হয় এবং বিশেষতঃ উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের বিভিন্ন প্রান্তে গরু কাটার গুজব ছড়িয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা করে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ,  বজরং দল ও এদের রাজনৈতিক গণসংগঠন বিজেপি। গত বছর উত্তর প্রদেশের দাদরি জেলার বিদাসা গ্রামে কোরবানি ঈদের ঠিক পরেই গরু কাটার অভিযোগে একদল বিজেপি ও আরএসএসের লোকেরা পিটিয়ে পিটিয়ে হত্যা করে মোহাম্মদ আখলাক নামক এক প্রৌঢ় কে। এই বছর হরিয়ানার মেওয়াত এলাকায় গরু খাওয়ার অভিযোগ তুলে কোরবানি ঈদের ঠিক আগেই হঠাৎ পুলিশি অভিযান শুরু হয় আর একটি মুসলমান পরিবারের দুই সদস্যকে হত্যা করে দুই জন মহিলাকে, যার মধ্যে একজন নাবালিকা,  গণধর্ষণ করে চার জন দুষ্কৃতী যারা নিজেদের গো রক্ষক হিসেবে পরিচয় দিয়ে ধর্ষণ পীড়িতদের বলে যে এই খুন আর ধর্ষণ গরু খাওয়ার শাস্তি। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই অপরাধ করার জন্যে একদল মানুষ কে কি ভাবে তাঁতিয়ে তোলা হচ্ছে। আর যারা তাঁতিয়ে তুলছে তাদের সাথে প্রকাশ্যে হাত মিলিয়ে হরিয়ানায় গরু প্রেমী খাট্টার সরকার সমস্ত রকম ভাবে গরু নিয়ে, ছাগল কাটা নিয়ে বিদ্বেষের পরিবেশ সৃষ্টি করে জাঠ সম্প্রদায়ের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার চেষ্টা করছে।
উত্তরপ্রদেশেও নিরামিষ খাওয়ার প্রবণতা বৃদ্ধির মাধ্যমে কোরবানির ঈদের বিরোধিতা করা হচ্ছে প্রবল ভাবে, গ্রামে গ্রামে উঁচু জাতের জোতদাররা চেষ্টা করছে দলিত ও নিম্ন জাতির হিন্দু কৃষকদের গরুর নামে মুসলমানদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা হচ্ছে যাতে গুজরাটের উনার ঘটনার পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা দলিত সম্প্রদায়ের ব্রাক্ষণত্ববাদ বিরোধী ঘৃণার স্রোত কে মুসলমানদের বিরুদ্ধে বইয়ে দিয়ে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগেই মেরুকরণের কাজ সম্পন্ন করা যায়।


আমাদের দেশে বৈচিত্র কে মিটিয়ে মানুষকে ভেড়ার মতন এক শ্রেণীতে ফেলার আরএসএসের পরিকল্পনা যদিও সহজ নয়, তবুও মনে রাখতে হবে যে দীর্ঘদিন ধরে আরএসএস সিনেমা, টেলিভিশন, সংবাদ মাধ্যম ও প্রচারের নানা মাধ্যমে নিজের একচেটিয়া কতৃত্বের মারফৎ সারা দেশে উত্তর ভারতের হিন্দুত্ববাদ কে সারা ভারতে পাচার করেছে। প্রায় ১৭-১৮ বছর আগে শুরু হওয়া স্টার টিভির "কিউঁকি সাঁস ভি কভি বহু থি", "কাহানি ঘর ঘর কি" ইত্যাদি সোপের কথা মনে পড়ে? এই ধারাবাহিকগুলোয় বারবার করে উত্তর ভারতের উঁচু জাতের হিন্দুদের জীবন যাত্রা কে সমগ্র দেশের জন্য অনুসরণ যোগ্য এক আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়। মহিলাদের স্বামী ও সন্তানের প্রতি দ্বায়িত্ব পালনের সনাতন জ্ঞান দেয় স্মৃতি ইরানি ও সাক্ষী তানবার। এই ধারাবাহিকগুলোর থেকে শুরু করে আজ পর্যন্ত উত্তর ভারতের হিন্দুদের নানা অনুষ্ঠান ও পার্বন পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। দেখতে পাবেন করবাচৌত, মেহেন্দি, বিয়ের মন্ডপে উদ্দাম নাচ, ইত্যাদি বাঙালি হিন্দুর জীবনে হুহু করে প্রবেশ করেছে। ঠিক যেমন বাঙালি মুসলমানের জীবনে প্রবেশ করেছে দাড়ি-টুপি-বোরখার মতন জিনিস।


আজ আরএসএস সমগ্র দেশের বৈচিত্রময় নানা জাতির নিজস্ব জীবনশৈলী কে শেষ করে দিতে চায় হিন্দুত্বের নেশন স্টেট তৈরি করার বাসনায়। কোরবানির ঈদের নামে পশু হত্যার বিরুদ্ধে যে আরএসএস বলবে সেই আরএসএস কিন্তু কালীঘাটে বা কামাখ্যা মন্দিরে খাঁড়ার আঘাতে দ্বিখন্ডিত হওয়া পশুর প্রতি সহমর্মিতা দেখাবে না। কারণ ঈশ্বরের সাথে সাথে মনে হয় পশু হত্যায় পাপের ভার হালকা হয়। আমাদের মনে রাখতে হবে যে এক সম্পূর্ণ বৈচিত্রময় ও বিবিধ ভারত আরএসএস ও বিজেপির হিন্দু ফ্যাসিস্ট রাষ্ট্র গড়ার পথে এক বিশাল বাঁধা, বিশেষ করে এই দেশের দলিত ও আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব জীবন শৈলী সংঘ পরিবারের কাছে এক চ্যালেঞ্জের বস্তু। তাকে রক্ষা করা ও নানা নিপীড়িত জাতির ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব পরম্পরা ও উৎসব পার্বন কে পালন করার স্বাধীনতা কে রক্ষা করা বর্তমান সময়ে এক বড় দ্বায়িত্ব। এই দ্বায়িত্ব পালন করা আজ সমস্ত গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষের সবচেয়ে জরুরী কর্তব্য।  বলি বা কোরবানির থেকে ধীরে ধীরে শিক্ষিত করে মানুষ কে দূরে সরিয়ে দেওয়ার প্রয়াস অবশ্যই চালাতে হবে বৈজ্ঞানিক বিচারধারা কে প্রতিষ্ঠা করতে, কিন্তু কারুর উপর কিছু চাপিয়ে না দিয়েই এই কাজ করতে হবে জনতার মুক্তি সংগ্রামের সাথে সাথে।


কর্পোরেটমুখী উন্নয়নের চরণামৃত চেটে পশ্চিমবঙ্গের গরিব মানুষ চলে না নরেন্দ্র

নরেন্দ্র পশ্চিমবঙ্গে বারবার ফিরে আসছে আর হিন্দি ভাষায় বাঙালি কে জ্ঞান দিচ্ছে যে বিজেপি জিতলে সে কি ভাবে বাংলার চতুর্দিক উন্নয়ন দিয়ে ভরিয়ে দেবে।কি ভাবে বাংলার দুর্দশা দূর হবে আর বাঙালি উন্নয়নের প্লাবনে গা ভাসাবে। নরেন্দ্র আরও বললো যে সে নাকি প্রচুর টাকা মমতার সরকারকে দিয়েছে কিন্তু মমতা নাকি কোনো কাজ করেনি, সেই টাকা নাকি মারা গেছে। তাই বাংলার মানুষের যদি সঠিক পরিবর্তন চাই তাহলে এই বাংলার পাঁকে এবার পদ্মফুল কে ফুটবার সুযোগ করে দিতেই হবে। নরেন্দ্র আর অমিত উপুর হয়ে মাথা ঠেকছে বাঙালির পায়ে ভোটের জন্যে এর চেয়ে বেশি ভালো দৃশ্য আর কি হতে পারে সেই দেশে যে দেশে গুজরাটি ব্যবসায়ী শ্রেণী চিরকালই বাঙালিদের, এমনকি খাস কলকাতা শহরের বুকে হেয় করে এসেছে।


Photo Credit: rishibando via Compfight cc


যাই হোক ফিরে আসি উন্নয়নের প্রশ্নে।  নরেন্দ্র বলেছে যে মূল সমস্যা হলো উন্নয়নের আর বিজেপি আসলে রাজ্যের উন্নয়ন হবে, এমন উন্নয়ন যে তাতে আমাদের সব ক্ষোভ - দুঃখ - বেদনা - ঘৃণা - প্রতিশোধের স্পৃহা মুছে যাবে ঝাঁ চকচকে পিচের রাস্তা, বিজলি বাতি, হুশ হুশ করে চলে যাওয়া গাড়ি, ট্যাপ কলের জল, হাগু করার পায়খানা ঘর, হেগে জল ঢালার ফ্লাশ মেশিন, ঘরের বাইরে রেলগাড়ি, ইত্যাদী সব দেখে একেবারে মানিক বাবুর সোনার কেল্লার দুষ্টু লোকের মতন ভ্যানিশ হয়ে যাবে। মুকুল দেখবে যে তাঁর আতঙ্কের বস্তুটি গায়েব।তা বেশ নরেন্দ্র, তুমি আমাদের এই রূপ নগরে পাঠাতে চাও তাহলে তো বেশ ভালো কথা, কিন্তু বাপু ঘর পোড়া গরুর মতন আমরা ভেতো বাঙালিরা একটু সিঙ্গুরে মেঘ দেখে ডরাই তো - তাই কটা কথা ভীষন জানতে ইচ্ছে করে।


এই যে তুমি উন্নয়নের পাঁচালি আমাদের প্রতিবার ভোটের আগে এসে শোনাও তার উপর ভিত্তি করে আমরা জানতে চাই যে গরিব মানুষের স্বার্থ রক্ষা হয়, শ্রমিক ও কৃষকের স্বার্থ রক্ষা হয়, আদিবাসী ও দলিত সমাজের স্বার্থ রক্ষা হয় এই রকম কতগুলি উন্নয়ন প্রকল্প তুমি এ জন্মে রুপান্তরিত করেছ? আমরা তো এযাবৎ কাল দেখে এসেছি যে তোমার সকল প্রকল্প, সকল উন্নয়ন কর্মসূচি সাধারণ খেটে খাওয়া জনগণের নয় বরং ওই উচ্চবিত্তদের, দালাল পুঁজিপতি আর সামন্তপ্রভুদের স্বার্থ রক্ষা করে। ২০১৪ সালে যেদিন তুমি দিল্লির মসনদে দেশের ৩১ শতাংশ জনগণের রায় নিয়ে বসলে, সেদিন থেকে তোমার মোদী সরকার কি ভাবে একের পর এক প্রতিশ্রুতির থেকে পিছনে সরে গেছে সে জিনিসটা দেশের জনগণ ভালোভাবেই দেখেছেন। শুধু এক জায়গায় তোমার কোনো জুড়ি মেলা ভার। তা হলো তোমার মতন নির্লজ্জ বেহায়া হয়ে কেউই দেশী ও বিদেশী পুঁজির জুতো চাটতে পারবে না। তোমার মতন কানকাটা হয়ে কেউই বলবে না যে সে বিদেশের মাটিতে এসেছে ভারত বিক্রির চেষ্টায়, ইংরাজীতে বললে - হার্ড সেলিং ইন্ডিয়া। এমনকি নিজ মুখে তোমার পূর্বসুরী এবং বিশ্ব ব্যাঙ্কের কাঠপুতুল মনমোহন সিংহ স্বীকার করে নিয়েছে যে তোমার মতন গুজরাটি বিক্রি বিদ্যা তার জানা না থাকায় তাকে একটা পর্বে এসে গর্তে সেঁধিয়ে যেতে হয়েছে। 

যাই হোক আমরা সবাই মানছি যে বামফ্রন্ট বিরাট বড় জগদ্দল পাথর ছিল, আমাদের শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের সংগ্রামের কেউ যদি আপামর ক্ষতি করে থাকে তাহলে সেটা ওই জ্যোতি আর বুদ্ধের বামফ্রন্ট।এককালে বিপ্লব আর সমাজ বদলের বুলি কপচালেও পরবর্তী কালে ওই নয়া উদারনৈতিক অথনীতির দালালি ওরা ঠিক তোমার মতনই করেছিল। সেই যেমন তোমাদের পছন্দের চীনা নেতা বলেছিল বেড়াল কালো হোক বা সাদা আসল ব্যাপার হলো সেটা ইঁদুর ধরতে পারছে কিনা, ঠিক তেমনই আমাদের বামফ্রন্ট সরকার আমাদের ওই সালেম আর টাটার জন্যে ইঁদুর দৌড়ে নামিয়েছিল, গর্তে ঢোকার রাস্তা বন্ধ করে আমাদের পেছনে সাদা, কালো, হলুদ, খয়েরি, ইত্যাদী নানা রঙের বেড়াল ছেড়ে দিয়েছিল। সেদিন হঠাৎ তোমার পুরানো সখী মমতা ক্ষিপ্ত হয়ে পথে নেমে ভীষন বিপ্লবী সেজেছিল বলে আজ তোমার সাধের গুজরাটে রতন টাটা ওর স্বপ্নের একলাখি গাড়ির কারখানা তুলে নিয়ে গিয়ে তোমায় শিল্পবান্ধব হিসেবে পরিচিত করালো। জানা নেই ওই সিঙ্গুরে কেন তোমার গুরু আদবানি সেদিন ৮০ গাড়ির কনভয় নিয়ে গেছিল আর মমতার কানে কানে কি প্রস্তাব দিয়ে এসেছিল। কারণ গাড়ির কারখানার নামে যে জমি দেশের সবচেয়ে বড় ও প্রাচীন ভূ মাফিয়া গোষ্ঠী দখল করেছিল সেই ২০০৬ সালে তা আজও কৃষকরা ফেরত পাননি, তাঁদের কপালে জুটেছে শুধু বেচারাম মান্না।সে এক লম্বা গল্প, অন্যদিন করবো, কিন্তু ওই বামফ্রন্টের উন্নয়নের গুঁতো আমাদের সহ্য হয়নি। মানে আমরা যারা দিন আনি, দিন খাই, আমরা যারা কোনদিন মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাইনা, আমরা যারা বেশির ভাগ দিন আলুসিদ্ধ-কাঁচালঙ্কা দিয়ে ভাত খেয়ে সন্তুষ্ট হই, সেই আমরা ওই বেড়াল ছাপ উন্নয়ন চাইনি কোনদিন। আমরা তাই পরিবর্তনের বোতামে চাপ দিয়েছিলাম, কিন্তু আমরা মোটেই মমতার কাছ থেকে পরিবর্তন, মানে বৈপ্লবিক পরিবর্তন আশা করিনি। আমরা চেয়েছিলাম ছিপিএম মানে সিপিএম থেকে মুক্তি।তাই যখন দেখলাম লোকাল কমিটির অফিসগুলো জ্বলে যাচ্ছে আমাদের মনে একটা অদ্ভুত অনুভূতি জাগতো, এই অফিসগুলো থেকে আমাদের খাওয়া, পড়া, হাগা, মোতা সব এক সময়ে নিয়ন্ত্রণ করা হতো আর আজ ওই অফিসগুলো হয় নীল সাদা - তিরঙ্গা না হয় ভেঙ্গে চুরে খান খান হয়ে গেছে, আর কিছু যা টিকে আছে তাতে আজ দোকান খুলে ধুপ ধুনো দেওয়ার লোক পাওয়া যায়না। 

মমতার শাসনে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকলাম একথা সত্য আর আমরা অবশ্যই মমতার থেকে বেশি কিছু চাইনি। সমস্যা হলো ৩৪ বছর ক্ষমতার থেকে দুরে থাকায় যে ক্ষিদেটা এই কংগ্রেসী / তৃণমূলী ভাইদের আর ছোট ছানাদের মধ্যে ছিল তার ফলে এদের লোকেরা আশপাশের সবকিছু বেমালুম ভুলে গিয়ে নেংটা হয়ে জনসমক্ষে শুধু চুরি করেই গেছে এবং নিজেদের মহলে মানুষের হাড় জমা করেছে, নারীর ইজ্জত লুটেছে, হার্মাদদের করনীয় সবকিছুই খুব সুন্দর ভাবে করেছে। মাঝে মদন-মুকুল-কুণাল চুরি করে ধরা পড়েছে আর কেউ জেলে গেছে কেউ ঘুষ দিয়ে আর বাটোয়ারা করে নিজেকে হাজত থেকে বাঁচিয়েছে।এতো জ্যোতির ভাষায় - এমনটা তো হয়েই থাকে-গোছের কেস। তাই পশ্চিমবঙ্গের জনগণ চুরি দেখেও, মমতার খিল্লি উড়িয়েও মমতাকে ভোট দিয়েছে কারণ পাড়ার দাদা, ক্লাবের পল্টু, মহাজন, জোতদার, পঞ্চায়েত প্রধান, সিন্ডিকেট কারবারিদের চাপ ছিল। 

এবার নিজের নাম্বার বাড়াতে তোমার পেছনে যে নাগপুর খুব চাপ দিয়েছে বোঝা যাচ্ছে। উন্নয়নের গল্প শুনিয়ে তুমি উচ্চ জাতির বড়লোক আর সচ্ছল উচ্চবিত্তদের ভোট ভালোই কামাতে পারবে বলে মনে হচ্ছে। কিন্তু গরিব মানুষের কাছে পশ্চিমবঙ্গে সমস্যার কারণটা উন্নয়ন নয়, বরং অধিকারের, যে অধিকার থেকে তাঁদের চিরকাল বঞ্চিত করে রেখেছে তোমার মালিকরা। তাই আধপেটা খেয়ে ওই গরিব চাষা, চা বাগানের অনাহার ক্লিষ্ট শ্রমিকগুলো, জুটমিল আর বন্ধ কারখানার শ্রমিকরা সিপিএম-তৃণমূল সবার বিরুদ্ধেই লড়ছে একটা এজেন্ডা নিয়ে আর তা হলো মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার পাওয়া। তোমার গোয়ালে বাঁধা তপন ঘোষের মতন ষাঁড়েরা হয়তো সাম্প্রদায়িক লড়াই ছড়াবার জন্যে অনেক মণ ঘী পুড়িয়েছে, হিন্দুসেনা, বাঁদর সেনা,ইত্যাদি বানিয়ে তোমরা অনেক হুজজতি করে কালিয়াচক থেকে শুরু করে বসিরহাট আর বীরভূম করার চেষ্টা করেছো, রূপা আর রাহুল কে দিয়ে গরিবের বন্ধু সেজে পেছনে বাঁশ দেওয়ার চেষ্টাও অনেক করেছো, তবু বাংলার গরিব মানুষগুলো কিন্তু ভালোই জানে যে তোমাদের উন্নয়নের মডেলে তাঁদের জন্যে অপেক্ষা করছে আরও বস্তি উচ্ছেদ, কৃষি জমির উপর কর্পোরেট আগ্রাসন, হকার খেদিয়ে রাস্তা সাজানো, শ্রমিকের বেঁচে থাকা কয়েকটি অধিকার কেড়ে নিয়ে তাঁদের ক্রীতদাসে পরিণত হওয়া। এ ছাড়া দেশের সংখ্যাগরিষ্ট মানুষকে তোমাদের উন্নয়নের গুজরাট মডেল কি দিয়েছে? নরেন্দ্র,  বছর খানেক আগে তুমি মহারাষ্ট্রে বিজেপির জন্যে উন্নয়নের নামে ভোট চেয়েছিলে, তোমার ভোট ভিক্ষার নাটকে সারা দিয়ে মানুষ বিজেপি কে দলে দলে ভোট দিল মহারাষ্ট্রে। আজ সেই মহারাষ্ট্রে সর্বাধিক কৃষক প্রাণ হারাচ্ছেন হয় খরার কবলে তৃষ্ণায়, না হয় দেনা আর শোষণের তাড়নায় নিজেই আত্মহত্যা করে। যখন মহারাষ্ট্রের  কৃষকের জীবন দুর্বিষহ হচ্ছে দেনা আর খরায় ঠিক তখনই তোমার দোস্তের মেয়ে, যে বাপের মৃত্যুর খোরপোষ হিসেবে মন্ত্রিত্ব পেয়েছে, সেই পঙ্কজা মুন্ডে নেচে কুঁদে সেলফি তুলছিল খরা কবলিত এলাকায়। কই! উন্নয়নের কান্ডারী তোমার উন্নয়নের জাদুদন্ড যখন বোম্বাই থেকে আহমেদাবাদের মধ্যে গুজরাটি ব্যবসায়ীদের স্বার্থে বুলেট ট্রেন বানাতে ব্যস্ত তখন তোমায় দেখলুম না তো খরা কবলিত এলাকার কৃষকদের ঋণ মকুবের ব্যবস্থা করতে! ওই কৃষকদের পোষা গরু-বলদ যখন জল তৃষ্ণার কারণে ছটফট করে মরছে তখন দেখলাম না তো গো মাংস নিষেধ কে শিথিল করে গরিব মানুষগুলোর একটু সুরাহা করতে। তোমার সাধের গুজরাট জ্বলছে, ছত্তিসগড়ের আদিবাসীদের উপর বায়ু সেনা হেলিকপ্টার নিয়ে হামলা করছে, আর তুমি বাংলার মাটিতে ন্যাকা কান্না কেঁদে পাবলিককে বলদ বানাবার চেষ্টা করছো? নরেন্দ্র জেনে রাখো এই বাংলার মাটিতে, এই ভারতের মাটিতে, গরিব খেটে খাওয়া শ্রমিক আর কৃষকরা তোমাদের ঢেমনামো ঢের দেখেছেন। তাঁরা ভালোই জানেন যে তোমার ওই উন্নয়নের প্রতিশ্রুতি গুটিকয়েক আম্বানি, আদানি, টাটা, এসার, বেদান্ত, পস্কো, আর জিন্দালদের হাতে মাটি, জঙ্গল, জল আর পাহাড় বেচার পরিকল্পনার অংশ। গরিব মানুষ ভালোই জানে যে ভূমি সংস্কার করে দরিদ্র আর ভূমিহীন কৃষকদের জমি দেওয়ার কথা তোমাদের বলা নিষেধ, বেসরকারিকরণ করে চাকরির নিরাপত্তা কেড়ে নেওয়া তোমাদের কাছে আজ জল ভাত, জঙ্গল সাফ করে খনি আর আকরিক কারখানা করা আজ তোমাদের প্রধান লক্ষ্য, আর এই লুট তরাজ কে আজ উন্নয়নের প্যাকেজে ভেজাল করে চালাবার চেষ্টা করছো? নরেন্দ্র, মমতা আর সূর্যের মতন তোমার উন্নয়নের ভাঁট বকবক আসলে ওই উচ্চ জাতির ব্রাক্ষণত্ববাদী উচ্চবিত্ত আর উচ্চ মধ্যবিত্ত সমাজের স্বার্থে তৈরি, যা বাংলার ৮৫ শতাংশ মানুষের পেটে আর পশ্চাৎ দেশে লাথি মেরে ১৫ শতাংশের উদরপূর্তির ব্যবস্থা করা ছাড়া আর কিছুই নয়। তোমার হিন্দু পিরিত যদি এতই বেশি তাহলে সারা দেশজুড়ে হিন্দু শ্রমিকদের জন্যেই ন্যূনতম মজুরি ১৫,০০০ টাকা করে দেখাতে। যদি তোমাদের উন্নয়নের চরণামৃত খেয়ে যে কৃষকরা আত্মহত্যা করছেন তাঁদের মধ্যে সবাই তো হিন্দু, কই তাঁদের তো ঋণ মকুব বা কৃষি সঙ্কট সমাধানের কোনো প্রচেষ্টা তোমরা করছো না। তোমার উন্নয়নের মডেল হলো ছত্তিশগড়, ঝাড়খন্ড, ওড়িশা। ওই জ্বলন্ত বাস্তার তোমার উন্নয়নের মডেল। কিন্তু আমাদের বাংলার আপামর গরিব মানুষগুলো তোমার ওই উন্নয়নের মডেল কে ঘৃণা সহ বর্জন করেছেন, তাঁরা চান সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে এবং তাই তাঁরা চান শ্রমিকের ন্যূনতম মজুরি এবং সংঘবদ্ধ হওয়ার অধিকার, তাঁরা চান চাকরী এবং বেতনের সুরক্ষা, তাঁরা চান প্রভিডেন্ট ফান্ড যেন বাজারে লগ্নি করা না হয়, তাঁরা চান কৃষিতে ভর্তুকি বৃদ্ধি, তাঁরা চান সুষম ভাবে ভূমিসংস্কার ও বন্টন, তাঁরা চান গ্রামাঞ্চল থেকে সামন্তপ্রথার উচ্ছেদ, তাঁরা চান বিনা সুদে কৃষি ঋণ, সার ও বীজের মূল্য হ্রাস, খাদ্য সুরক্ষা ও দুর্নীতি মুক্ত গণবন্টন ব্যবস্থা, বিনামূল্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসার ব্যবস্থা (সস্তার স্বাস্হ্য বীমা নয়), তাঁরা চান আন্দোলনের অধিকার, জল-জঙ্গল-জমির উপর কর্পোরেট আগ্রাসন বন্ধ হোক এই তাঁদের দাবি, আর এবার অমিতকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো তোমার পিতৃতুল্য মোহনকে, তোমার হাতখরচ যে আদানি, আম্বানি, বেদান্তের আগারওয়াল দেয় তাদের জিজ্ঞাসা করো যে এত  কিছু কি দেওয়া যেতে পারে? যেদিন হ্যাঁ শুনবে সেদিন এসো আমাদের দোরে গড় করতে, কারণ ততদিন ওই উচ্চ জাত হিন্দু শহুরে উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত বাঙালি ও অবাঙালি বনিয়ারা ছাড়া কেউ তোমার দিকে মুখ করে মোতাও পছন্দ করবে না। এটাই বাংলার মাটির কথা নরেন্দ্র, শুনে নাও আর বাংলার মাটি থেকে দূর হটো।


আমরা দেশদ্রোহী তাই আমরা মানুষ হত্যার চরম বিরোধিতা করি

Indian paramilitary lathicharge on Kashmiri protestors


আমরা দেশদ্রোহী তাই আমরা প্রশ্ন করি। দেশদ্রোহী বলেই তো আমরা তোমাদের সাধের কাশ্মীর নিয়ে ন্যাকা কান্না কাঁদি না বরং হান্দওয়ারা নিয়ে প্রশ্ন তুলি, তোমার রাষ্ট্রীয় সংস্করণে প্রকাশিত গল্পকে খারিজ করে চোখে চোখ রেখে রাজদ্রোহীর মতন প্রশ্ন করি যে কেন একটি কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ করার দায়ে থানায় আটকে রাখা হবে? কেন তাঁর উপর লালসা চরিতার্থ করতে যে ভারতীয় সেনার বীর পুঙ্গবটি এসেছিল তাকে গ্রেফতার করা হলো না। আমরা কুনান পোশপরা থেকে শাপিয়ানে ধর্ষণ কান্ডে জড়িত ভারতীয় সেনা কে দেশভক্তির দৃষ্টান্ত হিসাবে স্বীকার করি না বলেই আমরা দেশদ্রোহী। আমরা দেশ বিক্রি, নারী ধর্ষণ, গণ হত্যা ও সামরিক শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলি বলেই হয়তো আমরা দেশদ্রোহী।

এই দেশের উচ্চ বর্ণের পয়সাওয়ালা লোকেরা পায়ের উপর পা তুলে বলবে ওই বাচ্চা ছেলে মেয়েগুলো দেশের শত্রু, জঙ্গী, ওদের মেরে ফেলায় বা ওই মুসলমান মেয়েদের একটু ধর্ষণ করলে ক্ষতি নেই।  এর মধ্যে দিয়েই ভারতের স্বার্থ সুরক্ষিত হবে, ভারতের সীমা আরও সুরক্ষিত হবে। আর যদি আমরা প্রশ্ন তুলি যে যখন প্রায় ৭০ লক্ষ মানুষ আমার দেশের সাথে থাকতে চাইছে না, কারণ এই দেশ কোনদিন তাঁদের দেশ ছিল না, ঠিক যেমন বাংলাদেশ কোনো কালেই নেপালের অঙ্গ ছিল না, তাহলে তাঁদের জোর করে ধরে রেখে, খুন ধর্ষণ করে, টিয়ার গ্যাস মেরে কি করে ধরে রাখা যাবে? কোনো দিনই তো কাশ্মীরের জনগণ ভারতের শাসন কে মন থেকে মেনে নিতে পারবেন না। প্রতি পাঁচ বছরে বন্দুকের নলের মুখে তাঁদের ভোট দিতে বাধ্য করিয়ে উপত্যকায় গণতন্ত্র-গণতন্ত্র খেললেই তো সেই মানুষগুলি আর দাসত্বের বন্ধন স্বীকার করবে না। এটা তো একবিংশ শতাব্দী ! ঠিক তখনই আমাদের উপর নিক্ষেপিত হবে বাছা বাছা বিশেষন ও খিস্তির বন্যা। দিল্লি - বোম্বাই হলে গেরুয়া লম্পটের দল জাতীয়তাবাদের পতাকা নিয়ে লাথি মারতে উদ্ধত হবে, কলিকাতার বুকে লকেট-রুপা-দিলীপের নাট্য মন্ডলী ক্ষিপ্ত হয়ে গুঁতা মারতে আসবে, আর সর্বাধিক প্রচারিত দৈনিক ও সর্ব শ্রেষ্ঠ টিভি চ্যানেলগুলি দাঁত খেঁকিয়ে তাড়া করবে। দেশ প্রেম শেখোনি ? ভারত ছেড়ে পাকিস্তান যাও!

তবুও আমরা নির্লজ্জ কান কাটা বেহায়ার মতন কিছু অপ্রিয় কথা জিজ্ঞাসা করে যাব। জানতে চাইবো কেন কাশ্মীরের মহিলারা আজও ওই "শান্তির দূত" ভারতীয় সেনার ঘাঁটির সামনে দিয়ে একলা যেতে, কোথাও বা দল বেঁধে যেতেও ভয় পান? কেন মনিপুরের মহিলারা রাস্তায় নেমে নগ্ন হয়ে ভারতীয় সেনা বাহিনী কে চ্যালেঞ্জ ছোড়েন যে - আয় আমাদেরও ধর্ষণ কর? কেন ছত্তিশগড়ের আদিবাসী নারীদের উপর শুধু দল বেঁধে ধর্ষণই নয় বরং তাঁদের স্তন টিপে দেখা হয় যে তাঁরা নকশাল কিনা ? দেশের তথাকথিত অবিচ্ছেদ্য অঙ্গগুলির অর্ধেকের বেশি যখন আজ হয় সেনা বাহিনীর শাসনের অধীন বা দেশী-বিদেশী কর্পোরেশনগুলির ভাড়াটে বাহিনী হিসেবে কার্যরত পুলিশ - আধা সামরিক বাহিনীর বন্দুকের শাসনে চলছে তখন কোন গণতন্ত্রের কথা আমাদের গৃহমন্ত্রী সহ তাবর মন্ত্রী সান্ত্রী ও তাদের মালিক পুঁজিপতিরা বলে? গণতন্ত্র মানে নির্বিচারে মানুষ হত্যা এবং হত্যাকারীকে সর্বোচ্চ রক্ষা কবচ প্রদান? গণতন্ত্র মানে দেশের সবচেয়ে গরিব ৮৩ কোটি মানুষের উপর যুদ্ধ ঘোষণা করা ? গণতন্ত্র মানে সাম্প্রদায়িক হত্যাকান্ড ঘটিয়ে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়ে ভোটে জেতা ? গণতন্ত্র মানে আদানি, আম্বানি, বেদান্ত, টাটা, জিন্দল, বিজয় মালয়া, রামদেব, সাক্ষী মহারাজ, যোগী আদিত্যনাথ, সাধ্বী প্রজ্ঞাদের শাসন? সেই গণতন্ত্র নামক বস্তুটিকে মুখ বুজে মেনে নিয়ে বিদেশী পুঁজির জুতো চেটে জীবন নির্বাহ করে "মোদী বাবার জয়" বলে গাধার মতন চেচানো কে দেশপ্রেম বলে না দালালি করা বলে সে কথা কি আজও স্পষ্ট করে বলার দরকার পরে?

এক কালে জহরলাল নেহরু সাহেব কাশ্মীরের জনগণ কে কথা দিয়েছিলেন যে হানাদারদের তাড়িয়ে কাশ্মীরে শান্তি ফিরিয়ে এনে ওখানকার জনগণ কে ভারত সরকার আত্মনিয়ন্ত্রণের অধিকার দেবে এবং রাষ্ট্র সংঘের পর্যবেক্ষণে গণভোটের মাধ্যমে সেই আত্মনিয়ন্ত্রণের অধিকারের ফয়সালা হবে। সংবিধান পাশ করিয়েই নেহরু ও কংগ্রেস চালাকি করে সেই প্রস্তাবকে আস্তাকুঁড়েতে ছুড়ে ফেলে দেয় এবং সেই দিন থেকে কাশ্মীরের মানুষকে নাগা-মিজো-মনিপুরীদের মতন জোর করে ভারতের অধীনে রাখার কাজ শুরু হয়। দাসত্বের বাঁধন ভেঙ্গে স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষায় প্রাণ যায় বহু মানুষের। ভারত আর পাকিস্তানের শাসক শ্রেণী কাশ্মীরের মানুষকে নিয়ে ভয়ানক জুয়া খেলা শুরু করে। দুই দেশের শাসকশ্রেণী প্রমান করার চেষ্টা চালায় যে কাশ্মীরের স্বার্থ তার সাথে থাকায় ভালো হবে। পাকিস্তান তৈরি করে এক ঝুটো "আজাদ কাশ্মীর", আর ভারতের শাসকশ্রেণী তো আজাদী শব্দটিকেও সহ্য করতে পারে না। তারা আরও নির্লজ্জ হয়ে ঘোষণা করে যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং তাই মিলিটারী নামিয়ে সমস্ত রকমের আন্দোলন সংগ্রাম কে দমন করতে ভারতের শাসকশ্রেণী কুন্ঠা বোধ করে না।

কিন্তু দেশপ্রেমী নই বলেই হয়তো আমরা প্রশ্ন করি যে আর কতদিন দেশপ্রেমের নামে কাশ্মীরের ছেলেমেয়েদের রক্তে লাল হবে উপত্যকার রাস্তা? আমরা জানতে চাই কেন কাশ্মীরের মানুষকে আমাদের নামে হত্যা করা হচ্ছে যখন এই দেশের অধিকাংশ মানুষ, খেটে খাওয়া শ্রমিক-কৃষক-মেহনতি জনগণ এই হত্যা, গুম, ধর্ষণের বিরুদ্ধে? যে ঝাড়খন্ড-উড়িষ্যা-ছত্তিশগড়ের আদিবাসীদের আজ বড় বড় কর্পোরেট সংস্থাগুলির স্বার্থে ভারতের সরকার খুন করছে, জমি-জঙ্গল-জল থেকে বেদখল করছে সেই মানুষগুলির নামে কেন কাশ্মীরের মানুষের উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে? 

আমরা দেশপ্রেমী নই বলেই হয়তো আমরা দাবি তোলার হিম্মত দেখাই যে আমাদের নামে কাশ্মীরে হত্যা ধর্ষণ চালাতে আর দেব না। আমাদের নামে কুনান পোশপরা চালাতে দেব না। আমরা আমাদের নামে নিরীহ মানুষের রক্ত ঝরতে দেব না। এটাই যদি রাজদ্রোহ হয় তাহলে আমাদের সকলেরই, আমরা যাঁরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি, আমরা যাঁরা মানব অধিকারে বিশ্বাস করি, আমরা যাঁরা ওদের কালা আইন মানতে চাই না - সেই সকলেরই রাজদ্রোহী হয়ে গর্বিত বোধ করা উচিত। কারণ আমরা সকলেই তো দেশের ৯০ শতাংশ মানুষের স্বার্থের সাথে সঙ্গতি রেখে ওই ১০ শতাংশ ক্লীব ও মেরুদন্ডহীন দালালদের থেকে নিজেদের আলাদা করে নেওয়ার সাহস দেখিয়েছি। 

আমরা গর্বিত রাজদ্রোহী হয়ে, আমরা গর্বিত তোমার দেশ বিরোধী হয়ে, কারণ তোমার দেশ আমার দেশ নয় আর আমার দেশ তোমার দেশ নয়। তাই ১০ শতাংশ ওই আমাদের দেশবিরোধী কর্পোরেট তাঁবেদারদের দেশছাড়া করতে সকল গণতন্ত্র প্রেমী জনগণকে ঐক্যবদ্ধ হতে আহ্বান করি। মনে রাখবেন আমরা সত্যের পক্ষে - তাই জয় আমাদের হবেই। ওদের লাঠি-গুলি-বেয়নেট যত বেশি চলবে বুঝতে হবে ওরা তত বেশি ভয় পেয়েছে। যত বেশি কিশোরকে ওই কাশ্মীরে সেনা বাহিনী হত্যা করবে পাথর ছোড়ার জন্যে বা লোড শেডিং এর বিরোধিতা করার জন্যে তত বেশি বুঝতে হবে যে ওরা ভয় পেয়েছে। যত বেশি বস্তার থেকে লাতেহার, নাগাল্যান্ড থেকে মনিপুরে ওরা মানুষ মারতে সেনা পাঠাবে তত বেশি বুঝতে হবে যে রাজা আজ ভয় পেয়েছে। ওষুধে মানুষ বশ থাকবে না রাজা, জনতা শীঘ্রই দেবে ডাক - দড়ি ধরে মারো টান - রাজা হবে খান খান।
  

এই ব্লগের সত্বাধিকার সম্বন্ধে