সন্ত্রাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সন্ত্রাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সার্জিক্যাল স্ট্রাইকের আড়ালে কর্পোরেট স্বার্থে বিজেপি করাচ্ছে গণহত্যা

ঝাড়খণ্ডের হাজারীবাগের বরকাগাঁওয়ে  বিক্ষোভ প্রদর্শনের সময়ে গ্রামবাসীদের উপর চালানো পুলিশের গুলিতে আহত যুবক ছবির সত্বঃ নয়া সাবেরা বিকাশ কেন্দ্র ও দা ওয়্যার 


যতদিন যাচ্ছে দেশের মিডিয়া গোষ্ঠীগুলো যুদ্ধের দামামা বাজানোর কাজে বেশি বেশি করে জড়িয়ে পড়ছে আর এদের হাব ভাব ও সরকারের প্রতি ভক্তি দেখে মনে হচ্ছে যে মার্কিন মুলুক থেকে এদের সর্দারেরা হয়তো বার্তা পাঠিয়েছে যে শুধু ২০১৭ সালের উত্তর প্রদেশ নির্বাচনেই নয়, বরং ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও মোদীকেই আবার জিতিয়ে ফিরিয়ে আনতে হবে দিল্লির মসনদে। বিজেপি কে বাদ দিয়ে অন্য কোনো সংসদীয় দল যে এত উলঙ্গ চাটুকারিতার সাথে মার্কিন একচেটিয়া পুঁজির স্বার্থ রক্ষা করতে পারে না। তাই বোধহয় শেয়ার হোল্ডার থেকে মহাজনদের চাপে সাংবাদিক মহলে বেশ বিদ্রোহী ইমেজ বজায় রাখা সাংবাদিকেরাও মোদীর গুণকীর্তন  করতে, সার্জিক্যাল স্ট্রাইকের জয়জয়কার করে বিশ্রী হট্টগোল করতে, ন্যাংটো হয়ে সেই পাঁকেই নেমেছে, যে পাঁকে নামা গো ভক্ত সাংবাদিককূলকে এই সেদিনও এরা গালমন্দ করতো, সরকারের দালাল বলতো। পেটের দায় যে বড় দায়, সরকার বাহাদুরের সাথে ঝগড়া করা যায় কিন্তু লগ্নিকারী মার্কিন কর্পোরেশনগুলোর সাথে তা করলে যে বাংলো-গাড়ি-ব্যাংক ব্যালান্স বা বিদেশে গচ্ছিত কালো টাকা, সবই ফেঁসে যাবে !

সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বলে যখন ব্রাক্ষণত্ববাদী মিডিয়া ধেই ধেই করে নাচছে আর সরকারি বামপন্থী সংবাদ মাধ্যম যখন এই মুজরোতে করতাল বাজিয়ে তাল দিচ্ছিল ঠিক তখনই সবার অলক্ষ্যে কাশ্মীরের জনগণ তো বটেই এমনকি এই আমাদের পশ্চিমবঙ্গের সীমানার থেকে অনতিদূরেই হাজারীবাগে কৃষক হত্যা করছে রঘুবর দাসের বিজেপি সরকার। এনটিপিসি’র তাপ বিদ্যুৎ প্রকল্পের জন্যে খনন কার্যের জন্যে হাজারীবাগ জেলার তিন ফসলি জমি দখল করার বিরোধিতা করে দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা লড়ছিলেন, গত ১লা অক্টোবর সকালবেলায় গ্রামবাসীদের উপর হামলা করে ছয় জন কে খুন এবং ৪০ জনকে আহত করে রঘুবর দাসের খুনি পুলিশ বাহিনী।

ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার করণপুরা উপত্যকায় ৪৭ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কয়লা খননের বরাত পায় রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি, যে সংস্থার ব্যাপক হারে বেসরকারিকরণ করেছে কংগ্রেস আর বিজেপি সরকার। ২০০৪ সাল থেকেই এই অঞ্চলে নিজের প্রতিপত্তি বিস্তার করার প্রচেষ্টা শুরু করে এনটিপিসি, কিন্তু ব্যাপক গণ বিক্ষোভ ও কৃষকদের প্রতিরোধের ফলে বেশি দাঁত বসাতে অপারগ হয় সংস্থাটি। কিন্তু কেন্দ্রে মোদী সরকার আর রাজ্যে  রঘুবর দাসের সরকার প্রতিষ্ঠার পরেই আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে খননের অধিকার প্রাপ্তি করা জলভাত হয়ে যায় কর্পোরেট সংস্থাগুলোর পক্ষে। ১৭,০০০ হেক্টরের মধ্যে প্রায় ২৫০০ হেক্টরে খননের জন্যে বন মন্ত্রকের থেকে অনুমতি প্রাপ্ত হলেও আইন অনুসারে জঙ্গল এলাকার ৭০ শতাংশের বেশি গ্রাম সভার সম্মতি ছাড়া সেই অঞ্চলে জমি অধিগ্রহণ ও খনন কার্য না করা গেলেও বিজেপির মদতে এনটিপিসি এই বছরের মে মাস থেকে খনন কার্য শুরু করে।যার বিরুদ্ধে গর্জে ওঠেন সাধারণ গ্রামবাসীরা এবং তাঁরা শান্তিপূর্ণ ভাবে ‘সত্যাগ্রহের’ পথ ধরে আন্দোলন করতে থাকেন এই খনন কার্যের পরিকল্পনার বিরুদ্ধে।

পাকড়ি বারোয়াদিহ অঞ্চলে ১৬০০ কোটি টন কয়লা মজুত আছে আর এই কয়লা ব্লকের আগে কখনো কেন্দ্রীয় সরকার এত বড় ক্যাপটিভ ব্লক  বরাদ্দ করেনি। এনটিপিসি এই অঞ্চলের খনন কাজের ঠিকা দেয় দুইটি এমন সংস্থা কে যাদের উপর দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ লেগে আসছে, বেআইনি খননের অভিযোগও আছে। থ্রিবেনি আর্থ  মুভার্স ও সৈনিক মাইনিং নামক এই দুই সংস্থা কেওনঝড় আকরিক লোহা উত্তোলনের কেলেঙ্কারি থেকে কয়লা কেলেঙ্কারিতে জড়িত ছিল এবং থ্রিবেনি আর্থ মোভার্স এর বিরুদ্ধে শাহ কমিশন ও সুপ্রিম কোর্টের তদন্তেও অনেক বার দুর্নীতির দ্বারা সিদ্ধান্ত প্রভাবিত করার অভিযোগ ছিল। এই দুই সংস্থার কর্তাদের সাথে ঝাড়খণ্ডের বিজেপি নেতৃত্বের ভীষণ গভীর প্রণয়ের সম্পর্ক স্থাপন হওয়ার ফলে একেবারে আইন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে এরা পুলিশ ও প্রশাসন কে ব্যবহার করে খনন কার্য শুরু করে এবং কংগ্রেসি বিধায়ক নির্মলা দেবীর নেতৃত্বে পরিচালিত শান্তিপূর্ণ সংগ্রাম কে মাওবাদী প্রভাব যুক্ত বলে পুলিশ লেলিয়ে দেয় প্রতিবাদী গ্রামবাসীদের উপর। নির্মলা দেবী সহ অন্যান্য সমস্ত প্রতিবাদী নারীদের যখন ১লা অক্টোবর ভোর ৪টা নাগাদ চুলের মুঠি ধরে টেনে সরিয়ে দিতে থাকে থ্রিবেনি ও সৈনিক মাইনিং এর ভাড়াটে ঝাড়খন্ড পুলিশ, তখন সেখানে উপস্থিত প্রায় ৪০০ কৃষকেরা গর্জে উঠে প্রতিরোধ করতেই তাঁদের উপর বেপরোয়া হয়ে গুলি চালানো শুরু করে রঘুবর দাসের বাহিনী। ঘটনার সময়ে গুলিতে আহত হয়ে লুটিয়ে পড়েন ৪৬ জন মানুষ, যাঁদের মধ্যে মৃত্যু হয় রঞ্জন রবিদাস, মাহতাব আলম, রাজেশ সাউ, অভিষেক রাই, পবন সাউ, এবং অন্য একজনের।

এই বছরের গ্রামবাসীদের উপর আক্রমণ ও খুন করা এই এলাকায় নতুন ঘটনা নয়। এই পুলিশি সন্ত্রাস তীব্র রূপ ধারণ করে ২০১৩ সাল থেকে যখন এই এলাকায় প্রথম আক্রমণ করে ঝাড়খন্ড সরকারের খুনি বাহিনী। ২০১৩ সালের ২৩শে জুলাই পুলিশ খনি কোম্পানির ঠিকেদারদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনকারী পাগর গ্রামের কৃষকদের উপর গুলি চালায় এবং এই আক্রমণে নিহত হন কেশর মাহাতো নামক একজন কৃষক। ২০১৫ সালের ১৪ অগাস্ট এই এলাকায় পুলিশের গুলি চালনায় ১ জন সাংবাদিক সহ ৬ জন আহত হন এবং সেই দিন পুলিশ ২২ রাউন্ড গুলি চালায় কয়লা খননকারী ঠিকাদার সংস্থার পক্ষ থেকে। বারবার এই অঞ্চলে জমি দখল করতে হিংস্র রূপ ধারণ করেছে রাষ্ট্রীয় বাহিনী, যারা আজ কর্পোরেট মহলের ভাড়াটে ফৌজ হিসেবে কাজ করছে। ঝাড়খণ্ডের সৃষ্টি হওয়ার নৈপথ্যে ছিল কর্পোরেট সংস্থাগুলোকে সহজে খননের বরাত পাইয়ে কমিশন আয় করা এবং গত ১৬ বছরে ঝাড়খণ্ডের পুলিশ ও প্রশাসন পুরোদস্তুর কর্পোরেট সংস্থাগুলোর দালাল রূপে কাজে পারদর্শিতা দেখিয়েছে এবং অসংখ্য যুবক যুবতীদের মাওবাদী আখ্যা দিয়ে হত্যা করে, বন্দি করে আর অপহরণ করে সরকারি মেডেল জিতেছে। করণপুরা আর বরকাগাঁও অঞ্চলেও কর্পোরেট সংস্থাগুলোর টাকা খেয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী এগিয়ে এসেছে এলাকার কৃষি ভিত্তিক অর্থনীতিকে ধ্বংস করতে ও ব্যাপক হারে গ্রামবাসীদের তাঁদের জমি ও সম্পত্তি থেকে উচ্ছেদ করতে।          

সমগ্র করণপুরা অঞ্চল তিন ফসলি জমিতে সমৃদ্ধ এবং প্রায় ৩০০ কোটি টাকার কৃষি অর্থনীতি এই এলাকার মানুষের প্রধান উপার্জন।বহুদিন ধরে এই অঞ্চলের সমস্ত গ্রাম সভায় কৃষি জমি খনির জন্যে দেওয়ার বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে এবং এলাকার কৃষকেরা হাতে করে কয়লা উত্তোলন করে তা বিক্রি করে গ্রামসভাকে রাজস্ব দিয়ে বিকল্প অর্থনীতির পথ দেখিয়েছেন সরকারকে।বিকল্প কয়লা উত্তোলনের পথে চলে যদি একটি টেকসই ও পরিবেশ বান্ধব রাস্তার উদ্ভাবন হয় তাহলে দেশের অনেক অঞ্চলে খনিজ পদার্থ খননের জন্যে তা কাজে আসতে পারে, প্রাকৃতিক ভারসাম্য ও জঙ্গলের ক্ষতি না করে, জনগণ কে উচ্ছেদ না করেই। কিন্তু সেই পথে চললে সৈনিক মাইনিংস বা থ্রিবেনি আর্থমুভিং এর মতন সংস্থাগুলো টাকা আয় করতে পারবে না, বেদান্ত বা পস্কো কোটি কোটি ডলার লাভ কামাতে পারবে না, ভারতের সরকারকে তাহলে কর্পোরেট খননকারী সংস্থার জায়গায় বরাত দিতে হবে এলাকার জনগণ কে, বিশেষ করে সেই আদিবাসী জনতা কে যাঁরা বহু যুগ ধরে সঞ্চিত সৃজনশীল পদ্ধতিতে প্রকৃতি কে রক্ষা করে চলেছেন বলেই আজ ভারতবর্ষের মানুষের কাছে শ্বাস নেওয়ার জন্যে অক্সিজেন রয়েছে। আর জনগণ কে বা সরকারি গণ সংস্থা, যেমন গ্রাম সভাকে যদি বরাত দেওয়া হয় কয়লা বা আকরিক লোহা উত্তোলনের তাহলে তো কমিশনের অঙ্ক শূন্য হয়ে যাবে।  তাই কমিশন কামাবার ধান্দায় এগিয়ে থাকতে রঘুবর দাসের সরকার সেই সমস্ত প্রস্তাবকে নাকচ করে কৃষক মারতে উদ্ধত হয়েছে।  

ঝাড়খন্ড সরকার এই বছর ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ আদানি ও বেদান্তের মতন কুখ্যাত সংস্থার সাথে মৌ স্বাক্ষরিত করেছে, সেপ্টেম্বর মাসের ২০ তারিখে মুম্বাই শহরে অনুষ্ঠিত ঝাড়খন্ড রোড শো’র মাধ্যমে ১৯৫০ কোটি টাকার মৌ সই করেছে। এই ‘মৌবাদের’ ঠেলায় আগামী দিনে ঝাড়খণ্ডের আদিবাসী জনগণের প্রাণ অতিষ্ঠ করতে ময়দানে আর জঙ্গলে বেশি জোরদার করা হবে ভারত রাষ্ট্রের আদিবাসী খেঁদাও অভিযান - অপারেশন গ্রিন হান্ট কে। আদানি ও বেদান্তের পাতে লাভের ক্ষীর তুলে দিতে ছত্তিশগড় ও ওডিশার মতন তীব্র করা হবে ঝাড়খণ্ডের রাষ্ট্রীয় মদত প্রাপ্ত ‘বেসরকারি’ হার্মাদ বাহিনীগুলোকে। হাজারীবাগের ঘটনা স্পষ্ট করছে যে আগামী দিনে ঝাড়খণ্ডের বিজেপি সরকার, কেন্দ্রের মোদী সরকারের সামরিক সমর্থনে বলীয়ান হয়ে তীব্র হিংসাত্মক অভিযান চালাবে খনি কর্পোরেশনগুলোর পক্ষ থেকে। ছত্তিশগড়ের স্তরেই গণহত্যা, ধর্ষণ, পুলিশ ও বেসরকারি কর্পোরেট মিলিশিয়ার মাধ্যমে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে ঝাড়খণ্ডের বিজেপি সরকার সমস্ত রাজ্যের আদিবাসী জনগণের সম্পদ তুলে দিতে চায় কর্পোরেটদের হাতে।  

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আমরা ইতিমধ্যে বিস্তারিত আলোচনা করেছি, ভারতের কর্পোরেট মিডিয়ার নির্লজ্জ ভাবে সরকারের পদলেহন করা নিয়েও আমরা আলোচনা করেছি, কিন্তু যে বিষয়টা আজ বেশি করে আলোচনা করা দরকার, তা হলো কি ভাবে মোদী সরকার, একের পর এক আগডুম বাগডুম প্রচার অভিযানের মধ্যে দিয়ে কর্পোরেট লুঠ তরাজ থেকে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে সীমান্তের নাটকের দিকে। ফ্যাসিবাদী ব্রাক্ষণত্ববাদ আজ অভিজাত হিন্দুদের মধ্যে উগ্র দেশপ্রেম ও জাতি বিদ্বেষের হুজুগ তুলে সামগ্রিক ভাবে দেশের খেটে খাওয়া মানুষের অধিকারগুলোকে সংকুচিত করার ফন্দি কষছে। শ্রমিক-কৃষক, মেহনতি জনতা, দলিত-আদিবাসী এবং সংখ্যালঘুদের ঐক্য কে ভাঙ্গার জন্যে কোটি কোটি টাকা খরচা করছে। আর এই ষড়যন্ত্রগুলোর পিছনে সর্বদাই রয়েছে দেশি ও বিদেশি পুঁজির উদার সমর্থন। এই বৃহৎ বিদেশী একচেটিয়া ও লগ্নি পুঁজির আজ মোদীকে দরকার আগামী বেশি কিছু বছরের জন্য। তাই তারা যে করে হোক মোদী কে এক বলিষ্ঠ ও দূরদৃষ্টিসম্পন্ন হিন্দু নেতা হিসেবে ২০১৯ সালের পরেও প্রতিষ্ঠিত করে রাখতে চায়।আর তাই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে, পাকিস্তান আর চীনের বিরুদ্ধে প্রচার চালিয়ে, কর্পোরেট সংবাদ মাধ্যম পুরোদস্তুর বিজেপি ও মোদী কে পুনরায় হিরো বানাবার স্বার্থে এখন সমস্ত কৃষক ও শ্রমিক শ্রেণীর লড়াইয়ের ঘটনা কে চাপা দিচ্ছে গগনভেদী যুদ্ধ হুঙ্কার দিয়ে। আর সেই যুদ্ধের হুজুগে মেতে উচ্চ জাতির স্বচ্ছল লোকেরা হাততালি দিলেও ঝাড়খণ্ডের হাজারীবাগের মতন ঘটনায় রাষ্ট্রীয় নিপীড়নে মৃত্যু হচ্ছে গরিব দলিত-আদিবাসী ও সংখ্যালঘুদের। তাই এই যুদ্ধ আর পরাক্রমণের হুজুগের বাইরে গিয়ে আমাদের আজ গরিব মানুষের সাথে মিলে বিদেশী একচেটিয়া পুঁজি ও তার ভারতীয় মুৎসুদ্দি দালালদের দেশের জল-জঙ্গল-মাটি ও মানুষ বেচার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

    

আমরা দেশদ্রোহী তাই আমরা মানুষ হত্যার চরম বিরোধিতা করি

Indian paramilitary lathicharge on Kashmiri protestors


আমরা দেশদ্রোহী তাই আমরা প্রশ্ন করি। দেশদ্রোহী বলেই তো আমরা তোমাদের সাধের কাশ্মীর নিয়ে ন্যাকা কান্না কাঁদি না বরং হান্দওয়ারা নিয়ে প্রশ্ন তুলি, তোমার রাষ্ট্রীয় সংস্করণে প্রকাশিত গল্পকে খারিজ করে চোখে চোখ রেখে রাজদ্রোহীর মতন প্রশ্ন করি যে কেন একটি কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ করার দায়ে থানায় আটকে রাখা হবে? কেন তাঁর উপর লালসা চরিতার্থ করতে যে ভারতীয় সেনার বীর পুঙ্গবটি এসেছিল তাকে গ্রেফতার করা হলো না। আমরা কুনান পোশপরা থেকে শাপিয়ানে ধর্ষণ কান্ডে জড়িত ভারতীয় সেনা কে দেশভক্তির দৃষ্টান্ত হিসাবে স্বীকার করি না বলেই আমরা দেশদ্রোহী। আমরা দেশ বিক্রি, নারী ধর্ষণ, গণ হত্যা ও সামরিক শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলি বলেই হয়তো আমরা দেশদ্রোহী।

এই দেশের উচ্চ বর্ণের পয়সাওয়ালা লোকেরা পায়ের উপর পা তুলে বলবে ওই বাচ্চা ছেলে মেয়েগুলো দেশের শত্রু, জঙ্গী, ওদের মেরে ফেলায় বা ওই মুসলমান মেয়েদের একটু ধর্ষণ করলে ক্ষতি নেই।  এর মধ্যে দিয়েই ভারতের স্বার্থ সুরক্ষিত হবে, ভারতের সীমা আরও সুরক্ষিত হবে। আর যদি আমরা প্রশ্ন তুলি যে যখন প্রায় ৭০ লক্ষ মানুষ আমার দেশের সাথে থাকতে চাইছে না, কারণ এই দেশ কোনদিন তাঁদের দেশ ছিল না, ঠিক যেমন বাংলাদেশ কোনো কালেই নেপালের অঙ্গ ছিল না, তাহলে তাঁদের জোর করে ধরে রেখে, খুন ধর্ষণ করে, টিয়ার গ্যাস মেরে কি করে ধরে রাখা যাবে? কোনো দিনই তো কাশ্মীরের জনগণ ভারতের শাসন কে মন থেকে মেনে নিতে পারবেন না। প্রতি পাঁচ বছরে বন্দুকের নলের মুখে তাঁদের ভোট দিতে বাধ্য করিয়ে উপত্যকায় গণতন্ত্র-গণতন্ত্র খেললেই তো সেই মানুষগুলি আর দাসত্বের বন্ধন স্বীকার করবে না। এটা তো একবিংশ শতাব্দী ! ঠিক তখনই আমাদের উপর নিক্ষেপিত হবে বাছা বাছা বিশেষন ও খিস্তির বন্যা। দিল্লি - বোম্বাই হলে গেরুয়া লম্পটের দল জাতীয়তাবাদের পতাকা নিয়ে লাথি মারতে উদ্ধত হবে, কলিকাতার বুকে লকেট-রুপা-দিলীপের নাট্য মন্ডলী ক্ষিপ্ত হয়ে গুঁতা মারতে আসবে, আর সর্বাধিক প্রচারিত দৈনিক ও সর্ব শ্রেষ্ঠ টিভি চ্যানেলগুলি দাঁত খেঁকিয়ে তাড়া করবে। দেশ প্রেম শেখোনি ? ভারত ছেড়ে পাকিস্তান যাও!

তবুও আমরা নির্লজ্জ কান কাটা বেহায়ার মতন কিছু অপ্রিয় কথা জিজ্ঞাসা করে যাব। জানতে চাইবো কেন কাশ্মীরের মহিলারা আজও ওই "শান্তির দূত" ভারতীয় সেনার ঘাঁটির সামনে দিয়ে একলা যেতে, কোথাও বা দল বেঁধে যেতেও ভয় পান? কেন মনিপুরের মহিলারা রাস্তায় নেমে নগ্ন হয়ে ভারতীয় সেনা বাহিনী কে চ্যালেঞ্জ ছোড়েন যে - আয় আমাদেরও ধর্ষণ কর? কেন ছত্তিশগড়ের আদিবাসী নারীদের উপর শুধু দল বেঁধে ধর্ষণই নয় বরং তাঁদের স্তন টিপে দেখা হয় যে তাঁরা নকশাল কিনা ? দেশের তথাকথিত অবিচ্ছেদ্য অঙ্গগুলির অর্ধেকের বেশি যখন আজ হয় সেনা বাহিনীর শাসনের অধীন বা দেশী-বিদেশী কর্পোরেশনগুলির ভাড়াটে বাহিনী হিসেবে কার্যরত পুলিশ - আধা সামরিক বাহিনীর বন্দুকের শাসনে চলছে তখন কোন গণতন্ত্রের কথা আমাদের গৃহমন্ত্রী সহ তাবর মন্ত্রী সান্ত্রী ও তাদের মালিক পুঁজিপতিরা বলে? গণতন্ত্র মানে নির্বিচারে মানুষ হত্যা এবং হত্যাকারীকে সর্বোচ্চ রক্ষা কবচ প্রদান? গণতন্ত্র মানে দেশের সবচেয়ে গরিব ৮৩ কোটি মানুষের উপর যুদ্ধ ঘোষণা করা ? গণতন্ত্র মানে সাম্প্রদায়িক হত্যাকান্ড ঘটিয়ে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়ে ভোটে জেতা ? গণতন্ত্র মানে আদানি, আম্বানি, বেদান্ত, টাটা, জিন্দল, বিজয় মালয়া, রামদেব, সাক্ষী মহারাজ, যোগী আদিত্যনাথ, সাধ্বী প্রজ্ঞাদের শাসন? সেই গণতন্ত্র নামক বস্তুটিকে মুখ বুজে মেনে নিয়ে বিদেশী পুঁজির জুতো চেটে জীবন নির্বাহ করে "মোদী বাবার জয়" বলে গাধার মতন চেচানো কে দেশপ্রেম বলে না দালালি করা বলে সে কথা কি আজও স্পষ্ট করে বলার দরকার পরে?

এক কালে জহরলাল নেহরু সাহেব কাশ্মীরের জনগণ কে কথা দিয়েছিলেন যে হানাদারদের তাড়িয়ে কাশ্মীরে শান্তি ফিরিয়ে এনে ওখানকার জনগণ কে ভারত সরকার আত্মনিয়ন্ত্রণের অধিকার দেবে এবং রাষ্ট্র সংঘের পর্যবেক্ষণে গণভোটের মাধ্যমে সেই আত্মনিয়ন্ত্রণের অধিকারের ফয়সালা হবে। সংবিধান পাশ করিয়েই নেহরু ও কংগ্রেস চালাকি করে সেই প্রস্তাবকে আস্তাকুঁড়েতে ছুড়ে ফেলে দেয় এবং সেই দিন থেকে কাশ্মীরের মানুষকে নাগা-মিজো-মনিপুরীদের মতন জোর করে ভারতের অধীনে রাখার কাজ শুরু হয়। দাসত্বের বাঁধন ভেঙ্গে স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষায় প্রাণ যায় বহু মানুষের। ভারত আর পাকিস্তানের শাসক শ্রেণী কাশ্মীরের মানুষকে নিয়ে ভয়ানক জুয়া খেলা শুরু করে। দুই দেশের শাসকশ্রেণী প্রমান করার চেষ্টা চালায় যে কাশ্মীরের স্বার্থ তার সাথে থাকায় ভালো হবে। পাকিস্তান তৈরি করে এক ঝুটো "আজাদ কাশ্মীর", আর ভারতের শাসকশ্রেণী তো আজাদী শব্দটিকেও সহ্য করতে পারে না। তারা আরও নির্লজ্জ হয়ে ঘোষণা করে যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং তাই মিলিটারী নামিয়ে সমস্ত রকমের আন্দোলন সংগ্রাম কে দমন করতে ভারতের শাসকশ্রেণী কুন্ঠা বোধ করে না।

কিন্তু দেশপ্রেমী নই বলেই হয়তো আমরা প্রশ্ন করি যে আর কতদিন দেশপ্রেমের নামে কাশ্মীরের ছেলেমেয়েদের রক্তে লাল হবে উপত্যকার রাস্তা? আমরা জানতে চাই কেন কাশ্মীরের মানুষকে আমাদের নামে হত্যা করা হচ্ছে যখন এই দেশের অধিকাংশ মানুষ, খেটে খাওয়া শ্রমিক-কৃষক-মেহনতি জনগণ এই হত্যা, গুম, ধর্ষণের বিরুদ্ধে? যে ঝাড়খন্ড-উড়িষ্যা-ছত্তিশগড়ের আদিবাসীদের আজ বড় বড় কর্পোরেট সংস্থাগুলির স্বার্থে ভারতের সরকার খুন করছে, জমি-জঙ্গল-জল থেকে বেদখল করছে সেই মানুষগুলির নামে কেন কাশ্মীরের মানুষের উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে? 

আমরা দেশপ্রেমী নই বলেই হয়তো আমরা দাবি তোলার হিম্মত দেখাই যে আমাদের নামে কাশ্মীরে হত্যা ধর্ষণ চালাতে আর দেব না। আমাদের নামে কুনান পোশপরা চালাতে দেব না। আমরা আমাদের নামে নিরীহ মানুষের রক্ত ঝরতে দেব না। এটাই যদি রাজদ্রোহ হয় তাহলে আমাদের সকলেরই, আমরা যাঁরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি, আমরা যাঁরা মানব অধিকারে বিশ্বাস করি, আমরা যাঁরা ওদের কালা আইন মানতে চাই না - সেই সকলেরই রাজদ্রোহী হয়ে গর্বিত বোধ করা উচিত। কারণ আমরা সকলেই তো দেশের ৯০ শতাংশ মানুষের স্বার্থের সাথে সঙ্গতি রেখে ওই ১০ শতাংশ ক্লীব ও মেরুদন্ডহীন দালালদের থেকে নিজেদের আলাদা করে নেওয়ার সাহস দেখিয়েছি। 

আমরা গর্বিত রাজদ্রোহী হয়ে, আমরা গর্বিত তোমার দেশ বিরোধী হয়ে, কারণ তোমার দেশ আমার দেশ নয় আর আমার দেশ তোমার দেশ নয়। তাই ১০ শতাংশ ওই আমাদের দেশবিরোধী কর্পোরেট তাঁবেদারদের দেশছাড়া করতে সকল গণতন্ত্র প্রেমী জনগণকে ঐক্যবদ্ধ হতে আহ্বান করি। মনে রাখবেন আমরা সত্যের পক্ষে - তাই জয় আমাদের হবেই। ওদের লাঠি-গুলি-বেয়নেট যত বেশি চলবে বুঝতে হবে ওরা তত বেশি ভয় পেয়েছে। যত বেশি কিশোরকে ওই কাশ্মীরে সেনা বাহিনী হত্যা করবে পাথর ছোড়ার জন্যে বা লোড শেডিং এর বিরোধিতা করার জন্যে তত বেশি বুঝতে হবে যে ওরা ভয় পেয়েছে। যত বেশি বস্তার থেকে লাতেহার, নাগাল্যান্ড থেকে মনিপুরে ওরা মানুষ মারতে সেনা পাঠাবে তত বেশি বুঝতে হবে যে রাজা আজ ভয় পেয়েছে। ওষুধে মানুষ বশ থাকবে না রাজা, জনতা শীঘ্রই দেবে ডাক - দড়ি ধরে মারো টান - রাজা হবে খান খান।
  

ইয়াকুব মেমনের ফাঁসি ও ভারতের অব্যবস্থা

ইয়াকুব মেমন কে ফাঁসি দিতে উদগ্রীব হয়েছে ফডনবীসের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার এবং বিজেপি আরএসএস  সমর্থকগণ সমগ্র দেশ জুড়ে উগ্র জাতীয়তাবাদ ও মুসলমান ঘৃণার ঢেউ তোলার জন্যে সচেষ্ট হয়েছে এই ফাঁসির সাজা কে ঘিরে। আমাদের সামনে সমস্ত কর্পোরেট প্রচার মাধ্যমগুলি আজ ইয়াকুব মেমন কে এক খুনি, সন্ত্রাসী, হত্যাকারী, ইত্যাদি বলে চিত্রিত করে চলেছে এবং আমরাও মুড়ি চানাচুর বা পাস্তা খেতে খেতে সেই সব খবরের নির্যাস বেমালুম গিলে ফেলছি। মনে হচ্ছে এক ইয়াকুব কে ফাঁসি দিলেই সন্ত্রাসবাদীরা ভিজে বেড়ালের মতন কাঁপতে কাঁপতে এসে ভারতের প্রতিটি থানায় আত্মসমর্পণ করবে, আইএসআই আর পাকিস্তান কোনো ঘুটি খুঁজে পাবে না এই দেশে নাশকতা চালাবার জন্যে। সব সমস্যার সমাধান একটি ফাঁসি, যেমন একদিন কলকাতায় ধনঞ্জয়কে ধরে লটকানো হয়েছিল ফাঁসিকাঠে, তেমনি এবার ইয়াকুবের ফাঁসি হবে মুখরোচক চানাচুর। এই ভাবেই একটি জাতির মানসিকতার ধরন গড়তে ও যে কোনো ঘটনার সমর্থন বা বিরোধিতা সৃষ্টি করতে সিদ্ধহস্ত হয়েছে এই কর্পোরেট মিডিয়াগুলি। তাই এরা আজ তামাম দুনিয়ার পুঁজিপতি ও রাজনৈতিক নেতাদের খুবই আদুরে রক্ষিতা। 
  
ইয়াকুব মেমনের কোথায় ফিরে আসলে দেখব যে আসলে ইয়াকুব কে এবং কেন তাঁর এই পরিনতি। ইয়াকুব কোনো বিপ্লবী, বিদ্রোহী বা জন নায়ক নয়, সে হল মুম্বাইয়ের ত্রাস দাউদ ইব্রাহিমের সঙ্গী টাইগার মেমনের ভাই। যে টাইগার মেমন দাউদের সাথে মাইল ১৯৯৩ সালে মুম্বাইয়ের জায়গায় জায়গায় ঘটিয়েছিল ভয়াবহ বিস্ফোরণ এবং প্রথমবার ভারতবাসীদের পরিচিত করিয়েছিল আরডিএক্স, স্বয়ংক্রিয় রাইফেল একে ৪৭ ইত্যাদী নামের সাথে। এই বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে ছিল বোম্বাই, অধুনা মুম্বাই শহরের দাঙ্গা, যা শুরু হয়েছিল ৬ই ডিসেম্বর ১৯৯২ এ বিজেপি - আরএসএস কতৃক অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙ্গে দেওয়ার পর।  এই দাঙ্গায় শিবসেনা ও বিজেপির যৌথ আক্রমনে বহু মুসলমান মানুষের প্রাণ যায়, অনেকের বাড়ি ঘর জ্বলে যায় এবং বহু মানুষ আহত হন।  এই দাঙ্গার সুযোগেই ঘোলা জলে মাছ ধরতে দাউদ ও টাইগার কে হাত করে মার্কিন সাহায্যপ্রাপ্ত পাকিস্তানি গুপ্তচর সংস্থা আই এস আই এবং এদের মাধ্যমেই ঘটায় একের পর এক বিস্ফোরণ। এই ঘটনার আগেই টাইগার সপরিবারে ভারত ছেড়ে প্রথমে দুবাই ও পরে পাকিস্তানে যায় ভারতীয় আইন থেকে বাঁচতে, দাউদ এবং টাইগার পায় আইএসআই এর নিরাপদ আশ্রয়, এবং এখানেই ইয়াকুবের সাথে টাইগারের দ্বন্ধ শুরু হয়।  ইয়াকুব ভারতীয় গুপ্তচর সংস্থা 'র' কে জানায় যে সে এবং তার স্ত্রী টিভিতে বিস্ফোরণের খবর শোনে এবং জানতে পারে যে তাদেরও পুলিশ হন্য হয়ে খুঁজছে। এই ঘটনা জেনে পেশায় চার্টার্ড একাউন্টেন্ট মেমন ভারতে ফেরার পরিকল্পনা করে এবং সেই মত সে আইএসআই এর চোখে ফাঁকি দিতে নেপাল পাড়ি দেয়, এবং ত্রিভুবন এয়ারপোর্ট এ ইচ্ছে করেই নিজের ব্যাগ থেকে এক গাদা পাসপোর্ট ফেলে দেয়।  ওখানে তাঁকে গ্রেফতার করলে সে পুলিশ কে জানায় যে সে ভারতের কাছে আত্মসমর্পণ করতে চায়, পরে তাকে সেখানে 'র' এর এজেন্টরা জেরা করে এবং ভারতে নিয়ে আসে।  
কিন্তু ভারতে আসতেই দিল্লি পুলিশ দাবি করে যে ইয়াকুব মেমন কে তারা নয়া দিল্লি রেল স্টেশন থেকে গ্রেফতার করেছে। সেদিন থেকে শুরু হলো মেমনের উপর টাডা আইনে বিচার, অত্যাচার, স্বীকারোক্তি আদায় এবং শেষমেষ ফাঁসির সাজা। কিন্তু কেন হটাত করে ইয়াকুবের উপর এই শাস্তির খাঁড়া নামল ?

এর একটাই কারণ ছিল, ভারতের সরকার ভালো ভাবেই জানত যে দাউদ বা টাইগার তাদের খপ্পরে কোনও দিনই পড়বে না, মুম্বাই বিস্ফোরণের কেস সলভ করাও দায় হবে মুম্বাই পুলিশের, এবং এই সময়ে ইয়াকুবের মতন বলির পাঁঠা পেলে কজনে ছেড়ে দেবে ? 

হয়তো একটু বিচক্ষণতার পরিচয় দিলে ভারত সরকার এবং তার কূটনৈতিক কর্মীদের দ্বারা ইয়াকুবের সাহায্যে সারা দুনিয়ায় পাকিস্তানের সরকার ও তার গুপ্তচর সংস্থার কার্যকলাপ বহু আগেই ফাঁস করে দেওয়া সম্ভব হত, জানানো সম্ভব হতো দুনিয়ার আঙ্গিনায় দাউদ ও টাইগারকে সরকারী ভাবে পাকিস্তানি গুপ্তচর সংস্থা নিরাপদ আশ্রয় দিয়ে রেখেছে। বিশেষত যখন ইয়াকুব সেই কারণেই ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল।  সে তো পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে চিরকালের জন্যে বউ বাচ্চা নিয়ে থাকতে পারত, কিন্তু তার দেশের কথা ভেবে পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস করার চেষ্টাই দায় হয়ে দাঁড়ালো। এই গন্ডমূর্খামির ফলে ভারত আজও দাউদ ইব্রাহিম বা টাইগার মেমনের কলার ছুঁতে পারল না, তারা বহাল তবিয়তে বেঁচে আছে করাচিতে, তাদের কোনো ভয় নাই কারণ তারা জানে ভারত সরকার তাদের ধরতে পারবে না এবং ইয়াকুবের মতন কিছু বলির পাঁঠাকে যূপকাষ্ঠে চড়িয়ে হাততালি দিয়ে বাহবা কুড়োবে।                 
ভারতীয় সরকার ও তার রাষ্ট্রযন্ত্রের কাছে কোনো সন্ত্রাসবাদী ঘটনার জন্যে একটাই বাঁচার রাস্তা আছে, কিছু মুসলমানকে গ্রেফতার করো, তাদের চার্জশিট দাও, কেস চালাও এবং যে কোনও প্রকারে সন্ত্রাসবাদী হিসাবে প্রতিপন্ন করো।  এভাবেই একদিন পুলিশের হাতে ধরা পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গিলানি কে জেল খাটতে হয়, নিরীহ আফজাল গুরুকে নির্মম ভাবে মার খেয়ে স্বীকারোক্তি দিতে হয় যে সে সন্ত্রাসবাদী এবং শেষে ফাঁসিতে চাপতে হয়।  কারণ এই দেশের আইন মানে মুসলমানকে সন্ত্রাসবাদী বানিয়ে জেলে চালান করে দেওয়া এবং তদন্তের ইতি টানা। তাই শ্রীকৃষ্ণ কমিশনে দোষী সাব্যস্ত হয়েও বোম্বাইয়ের গুন্ডা দাঙ্গাবাজ বাল ঠাকরে বহুদিন বুকফুলিয়ে শাসন করে আইন কে কাঁচকলা দেখিয়ে পটল তোলে, গুজরাট দাঙ্গায় দোষী সাব্যস্ত বিজেপি কর্মীদের সাজা মকুব হতে থাকে আদালতে, তিস্তা শেত্লাবাদের মতন দাঙ্গাপীড়িতদের সাহায্যকারীদের পড়তে হয় অমিত শাহ - রাজনাথ সিংহের দ্বারা পরিচালিত সিবিআই এর তদন্তের রোষানলে।  
        
বিজেপি - আর এস এস ক্ষমতায় আসার পর এই ঘটনা আরও বাড়বে। বর্তমানে ইয়াকুবের পক্ষে মানুষের আওয়াজ শুনতে চাইছে না বিজেপি সরকার। তাদের দাবি যে সকল মানুষ ফাঁসির সাজা মকুবের ডাক দিচ্ছে তারা সবাই পাকিস্তান যাক। নায়ক সলমান খান যখন টাইগার এর ফাঁসির দাবি তোলে তখনি তার বাড়ির সামনে মিছিল করে দাঙ্গাবাজ শিবসেনা ও আরএসএস।  কিন্তু ওদেরই পুলিশ এবং জাতীয় তদন্ত সংস্থা (নিয়া) অন্যদিকে মালেগাঁও বোমা বিস্ফোরণের দায়ে অভিযুক্ত আরএসএস সমর্থিত সন্ত্রাসবাদী সংস্থা 'অভিনব ভারত' ও তার সদস্য বিজেপির বিদ্যার্থী পরিষদের নেত্রী সাধ্বী প্রজ্ঞা, আরএসএস প্রচারক অসীমানন্দ, কর্নেল পুরোহিত ইত্যাদীদের বিরুদ্ধে নরম হয়ে কেস হেরে যাওয়ার পরামর্শ দিচ্ছে সরকারী কৌসুলি কে। মা' কে দেখার বাহানায় সরকারী খরচায় আরএসএস এর সন্ত্রাসবাদী সাধু অসীমানন্দ পশ্চিমবাংলার বাঁকুড়া জেলায় সরকারী অতিথিশালায় চর্ব-চোষ্য- লেহ্য-পেয় সেবন করে আয়েশ করতে পারে। সর্বোপরি দাঙ্গায় উস্কানি দেওয়ায় এবং প্রশাসনকে মানুষ হত্যায় ব্যবহার করার অপরাধে অভিযুক্ত নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হতে পারে।  তার কারণ এই দেশের শাসকশ্রেণী বড় বড় পুঁজিপতি ও জোতদার - জমিদারদের ভীষণ প্রয়োজন এক ব্রাহ্মন ফ্যাসিবাদী শাসনের, যাতে তারা ভারতবর্ষের মানুষের মনে সাম্প্রদায়িকতা, জাতি ঘৃণার আগুন জ্বালিয়ে শোষণ - লুণ্ঠনের প্রক্রিয়াকে জিইয়ে রাখতে পারে।

এই হিন্দু ফ্যাসিবাদ সৃষ্টি করে এবং এর প্রচার ও প্রসারের কাজে আরএসএস এর সাথে যুক্ত হয়েছে কর্পোরেট মিডিয়া, যাদের লাগাতার প্রচার শেষমেষ মধ্যবিত্ত ও গরিব হিন্দু মানুষকে এটা বিশ্বাস করতে শেখাবে যে সমস্ত মুসলমান মানুষ ভারতবাসীর শত্রু, তারা সবাই পাকিস্তানের গুপ্তচর, এবং তারা ভারত ভেঙ্গে আর একটা পাকিস্তান বানাতে চায়।  এই তথ্যের নাই কোনো ভিত্তি, নাই কোনো সারবত্তা, শুধু আছে কথার মারপ্যাঁচ।  আর যত বেশি করে হিন্দু গরিব ও মধ্যবিত্ত কর্পোরেট মিডিয়ার প্রচার গিলবে তত বেশি করে মুসলমান ও হিন্দুদের মধ্যে রাজনৈতিক বিভেদটা স্পষ্ট করা যাবে।  যার দ্বারা মোদী ও তার মালিকদের সাম্প্রদায়িক বিভাজন ও মেরুকরণের নীতি বাস্তব হবে। 

কিন্তু এই নীতির ফলে বেশি বেশি করে মুসলমান মানুষ এই কথাটা বিশ্বাস করতে শিখবে যে ভারতবর্ষে তার সমান অধিকার নাই, সে এই দেশে ব্রাত্য, তাকে সবাই ঘৃনা করে।  এর ফলে লাভ কুরবে ওয়াইসি মার্কা মোল্লাহতান্ত্রিক দালালরা, যারা মুসলমান খেপিয়ে নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালাতে থাকবে।  এই বিভাজন ও মেরুকরণের ফল কিন্তু হবে ভয়াবহ।                                 
        
সব কথার শেষে এটা উল্লেখ করা দরকার যে ২১ বছর জেল খাটার পর এখন ইয়াকুবের অপেক্ষা ফাঁসি কাঠে ঝোলার।  ভারতে আসার সময়ে ইয়াকুবকে টাইগার বলে যে 'তুমি ভারতে যাচ্ছ গান্ধী হয়ে, ওরা তোমায় ফাঁসি দেবে গডসে বানিয়ে'। আর এই দুনিয়াতে টাইগারদের কথাই যে সবসময় সঠিক হয়ে ওঠে সেটাই দুর্ভাগ্যের ব্যাপার।                            

তৃণমূলী ছাত্র পরিষদের দক্ষিনপন্থী সন্ত্রাস ও পশ্চিমবাংলা

তৃণমূলী আক্রমনে এবার শিকার হলো কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে উপাচার্য পর্যন্ত। মুলনায়ক প্রফেসর শঙ্কু বাবুর চ্যালা সৌরভ অধিকারী ও তার মাথায় অভয়্দানের হাত রাখা রুদ্র প্রতাপ তৃণমূলী ছাত্র নেতৃত্ব। সারা বাংলা সহ সমগ্র ভারতবর্ষের গণতন্ত্রপ্রেমী ও প্রগতিশীল মানুষ, সত্যিকারের ছাত্র - ছাত্রীরা, শিক্ষক, অধ্যাপক থেকে শুরু করে বিদ্বজন, এরা -ওরা - আমরা - তোরা হয়ে মামুলি শ্রমজীবি মানুষ, যাদের আবার শিক্ষিত মানুষেরা সমগোত্রের না হওয়ার কারণে তীব্র ঘৃণার সাথে অছ্যুত গোষ্ঠীর বানিয়ে রাখেন, তাঁরা পর্যন্ত তীব্র প্রতিবাদের অংশ হলেন এই ফ্যাসিস্ট হামলার বিরোধিতা করে।  নেত্রী এই সব ক্ষেত্রে চুপ থাকেন না হলে তিনি চিত্কার করে পাল্টা হুমকি দেন বা শঙ্কু স্যারের বাহিনীকে কলকে খাইয়ে পথে নামান যাতে তারা চিত্কার করে, আস্ফালন করে, পেশী প্রদর্শন করে মানুষ কে ভয় দেখিয়ে নিজেদের আধিপত্য কায়েম করতে সফল হয়।  

বস্তুত সিপিএমের পঁচা-গলা সমস্ত কারুকার্য মাছি মারা নকল করেই তৃণমূলী পান্ডারা দিদি - পিসির সরকার কে বাঁচিয়ে রাখতে চাইছে এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনটি "চুপ চাপ - জোড়া ফুলে ছাপ " করিয়ে নেওয়ার অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছে। বাংলার মানুষ ৩৪ বছরের তথাকথিত বাম শাসনের সবচেয়ে কালো ২০০৭-২০১১ কালেও সন্ত্রাসের এই নগ্ন চেহারা দেখেনি।  হয়তো বা বহুদিন ধরে ক্ষমতা থেকে দুরে থাকা চরম কংগ্রেসী প্রতিক্রিয়াশীল জোতদার -জমিদারদের গোষ্ঠীগুলি ও তাদের তাবেদার প্রমোটার মাফিয়া চক্র একটু বেশিই উত্সাহিত হয়ে গেছে শোষনের রোলার জনগণের উপর চালাতে। আর সবের উপরে আছে মমতাময় মুখ্যমন্ত্রী, যার কথা রাজ্যে শেষ কথা।  তার মুখে মুখে কথা বলায় ডাক্তার গড়াইয়ের মতন স্নায়ু চিকিত্সককে শুধু চাকরি থেকে বসিয়ে দেওয়া হয় না বরং দিদির গুড বুক এ নাম তোলার প্রচেষ্টায় রত, নেতার কুকুরের এসএসকেএম এ ডায়ালিসিসের সুপারিশ করা, তথাকথিত ডাক্তার নির্মল মাঝির দ্বারা এম সি আই স্বীকৃতি বাতিলের স্তর অবধি যেতে হয়।  সব শিল্প - কারখানা মালিকের সাথে ষড়যন্ত্র করে একদিকে এই রাজ্যের কলকারখানা বন্ধ করিয়ে প্রমোটার - মাফিয়াদের দিয়ে সেই জমিতে বহুতল ফ্ল্যাট বানাবার রমরমা শিল্প চলছে দিদির আশীর্বাদে, অন্যদিকে বেকার যুবরা মুখ্যমন্ত্রীর ক্যারিয়ার কাউন্সেলিং এর মাধ্যমে জানতে পারছেন যে তেলে ভাজার শিল্পই যথার্থ শিল্প। এহেন পরিস্থিতিতে বাংলার শুভ চেতনা সম্পন্ন মানুষ কোনো ভাবেই তৃণমূলী শাসন কে বরদাস্ত করতে পারছেন না।  বার বার তাঁরা ফেটে পড়ছেন বিক্ষোভে, প্রতিবাদে, এবং বার বার তাঁদের উপর নেমে আসছে পুলিশী লাঠি, তৃণমূলী বোমা - গুলি। কারণ সন্ত্রাস ছাড়া মানুষ কে পদদলিত করে রাখার কোনও পন্থা মমতা ব্যানার্জি ও তার সাঙ্গপাঙ্গদের জানা নেই, আর এই পথই এদের গণতন্ত্রের একমাত্র পরীক্ষিত পথ যা দিয়ে মানুষ কে বশে রাখা যায়, বিশেষ করে এই রাজ্যে,  কারণ এই রাজ্যের নাম পশ্চিম বাংলা এবং এখানে তৃণমূলের বিকল্প তৃণমূল, আর গণতন্ত্রের সূর্য অস্ত গেছিল সেই সিদ্ধার্ত রায়ের জমানাতেই। তারপর থেকে পরে আছে শুধু মঙ্গল চন্ডির উপোস, শনি ঠাকুরের দুয়ারে মাথা ঠোকা, আর রাজনৈতিক নৈরাজ্য।  
                   
একদিকে তৃণমূলী বড় খোকারা সন্ত্রাসী আক্রমণ চালিয়ে গ্রাম -মফ্ত্স্বল- শহর সর্বত্রে সৃষ্টি করেছে ব্যাপক আতঙ্কের পরিবেশ। অনুব্রত ওরফে কেষ্ট বোমা মেরে ও বোমা মারার হুমকি দিয়েও পাঁচ মিনিটে জামিন পায়, তাপস পাল ধর্ষণ করার হুমকি দিয়েও পাঁচ ঘন্টায় জামিন পায়, মনিরুল ইসলাম - আরাবুল ইসলামরা কলার চড়িয়ে ঘোরে, মদন মিত্র চ্যালা চামুন্ডাদের সাথে বসে জেলে মদের ফোয়ারা ছোটায়, আর রাজ্যের ১ নম্বর ভাইপো বিরোধীদের উদ্দ্যেশে হাত কেটে দেওয়ার - চোখ উপড়ে ফেলার হুমকি দিয়েও বহাল তবিয়তে ঘুরে বেড়াতে পারে। এই দেখে ছোট খোকা তৃণমূলী ছাত্র পরিষদ উত্সাহ পায় কলেজে কলেজে সিপিএমের কায়দায় সন্ত্রাস চালিয়ে, ছাত্র চমকিয়ে, চাঁদা তুলে বড় দাদাদের গুড বুকে নাম তোলাতে।  বড়রা তাদের বকে না, বরং বলে 'যা এগিয়ে যা আমরা তো আছিই', আর এর ফলেই হয় কলেজে কলেজে ছাত্রদের উপর হামলা, ছাত্রীদের শ্লীলতাহানি, বোমাবাজির মাধ্যমে, ছাত্র বোর্ড গড়ে কলেজ ফান্ডের টাকা আত্মসাত করে তৃণমূলী  ছাত্র পরিষদের এগিয়ে যাওয়া। 

সিন্ডিকেট রাজের থেকেও বড় এই রাজ্যে ছাত্র গুন্ডা নেটওয়ার্ক। তাদের টাকা না দিয়ে কোনও ভাবেই কলেজে ঢোকা যাবে না, ভর্তি হওয়া চলবে না এবং সর্বপরি কোনও ভাবে বামপন্থী কোনও ছাত্র সংগঠন করা চলবে না।  তৃণমূলেরই মদতে বস্তুত বেড়ে চলেছে বিদ্যার্থী পরিষদের প্রতিপত্তি, কারণ এই রাজ্যে এক কালে তৃণমূলের আঁচল ধরেই বিজেপির বিষধর সাপ প্রবেশ করেছিল এবং সেই সময় দুই ছাত্র সংগঠনের মিত্রতা খুবই মধুর ছিল।      

প্রশ্ন হলো তৃণমূলী ছাত্র পরিষদ করে কারা? তারা কাদের বাড়ির ছেলে - মেয়ে আর কি তাদের উদ্দেশ্য ? একটু ঘাঁটলে দেখা যাবে যে তৃণমূলী ছাত্র পরিষদ, কংগ্রেসী ছাত্র পরিষদ বা সংঘের বিদ্যার্থী পরিষদ একই শ্রেণী বিন্যাসের ছাত্র -ছাত্রীরা করে।  তারা সমাজের উচ্চ শ্রেনীর, মূলত বনেদী ও উচ্চ জাতির ছেলে মেয়ে, যাদের বাবা কাকারা হয় কংগ্রেসী বা তৃণমূলী বা আরএসএস এর নীতির প্রতি অভিভূত, যারা গরিবদের ঘৃনা করে, অথবা যে কোনও ধরনের দু নম্বরি কারবারে জড়িত। এদের পরিবারের প্রভাবেই ছোট বেলার থেকে এদের মধ্যে অতি দক্ষিনপন্থী চিন্তাধারার জন্ম হয়, তারা প্রথমে বাবা কাকার দৌলতে পাড়ার রংবাজিতে হাত পাকায়, ইস্কুলে মারামারি ঝামেলায় জড়িয়ে থাকে, এবং বাবা কাকার রাজনৈতিক যোগাযোগ থেকে তারা স্কুল পাশ করে কলেজে ভর্তি হয় যেখানে তাদের গুন্ডাগিরির হাতে খড়ি হয়।  প্রথমত তারা নিজেদের শিক্ষাগত অপারগতা ঢাকতে রাজনীতি কে হাতিয়ার করে, পরবর্তিতে সেই রাজনীতির প্যাঁচে ফেলে শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয় সকলকে তাদের প্রমোশন দিতে বাধ্য করে, আর এর ফাঁকে চলে ছাত্র - ছাত্রী মহলে নিজের প্রতিপত্তি বিস্তার করার সংগ্রাম। 

এই ভাবেই প্রতিনিয়ত সৃষ্টি হয় অশোক - সৌরভ - শঙ্কুদের মতন গুন্ডা ছাত্র নেতাদের, যাদের লেখাপড়ার পাট তাড়াতাড়ি চুকে যায় কিন্তু ছাত্র নেতাগিরি চলতে থাকে বহু বছর অবধি। প্রতিরোধ না পেয়ে এরা কালসাপের মতন জড়িয়ে ধরে বাংলার ধুঁকতে থাকা শিক্ষা ব্যবস্থাকে, ফলে কলেজে ভর্তি থেকে মার্কশীট বার করার জন্যে তাদের বর্ধিত অঙ্ক তোলা তুলে আদায় করার ব্যবসাও ফুলে ফেঁপে চলে এবং বিরোধী শুন্য বাংলায় ছাত্র রাজনীতিকে এই ভাবে পাঁকে ডোবাবার ষোলো কলা পূর্ণ হয়। প্রেসিডেন্সি, যাদবপুর, ইত্যাদি জায়গাগুলি যেখানে একটু মেধা সম্পন্ন বাঙালি ছাত্রদের সংখ্যা বেশি, সেগুলি বাদ দিলে বাকি পুরো বাংলার শিক্ষা জগতেই তৃণমূলের একচেটিয়া শাসন কায়েম হয়ে গেছে।  এবং তার সাথে এই তথাকথিত গনতন্ত্র প্রেমী মহিলার দলের বোমা গুলির শব্দে বার বার কেঁপে উঠছে তথাকথিত শিক্ষার মন্দির।  

এত সত্বেও এই বাংলার মাটিতে আর অতীতের মতন কোনও প্রতিবাদ প্রতিরোধ নেই।  যাদবপুরের পর আর কোথাও তৃণমূল কে প্রতিহত করতে ছাত্রদের কোনও সংঘবদ্ধ উদ্যোগ চোখে পরে না। যেহেতু বেশির ভাগ সম্পন্ন ঘরের ছেলে - মেয়েরা উচ্চ মাধ্যমিক পাশ করেই রাজ্য ছেড়ে চলে যায় উচ্চ শিক্ষা ও ভালো কর্ম সংস্থানের খোঁজে। গরিব মানুষের ছেলে মেয়েরা কোনও কালেই কলেজ তো দুরের কথা স্কুলের মুখ দেখতে পায় না, আর যারা পায় তাদের পক্ষে নুন আনতে পান্তা ফুরানো অবস্থায় রাজনৈতিক প্রতিরোধের চেয়ে কোনও মতে লেখাপড়া শেষ করে মা বাবার স্বপ্ন পূর্ণ করার তাগিদই বেশি থাকে।  কারণ তাঁদের উপর থাকে ভবিষ্যতে সংসার টানার চাপ আর তাই জলে থেকে কুমিরের সাথে বিবাদের পথ তাঁরা স্বাভাবিক ভাবেই নিতে পারেন না। আর এই কাল চক্রেই এই রাজ্যের শাসক দল ও তার পেটোয়া বাহিনী গর্ভধারণ থেকে কেওড়াতলার লাইন সব ক্ষেত্রেই নিজেদের আধিপত্য বজায় রাখে এবং কোনও বিকল্প রাজনৈতিক শক্তিকেই বেড়ে উঠতে দেয় না।  প্রতিবাদের - প্রতিরোধের দিন আজ পশ্চিম বাংলায় দরকার খুবই, না হলে আগামী দিনে মানুষের বেঁচে থাকা দায় হয়ে যাবে।  

পরিত্যক্ত বাম শিবির ও তার নেতা সিপিএমের দ্বারা মানুষ কে বাঁচানোর সংগ্রাম গড়ে তোলা অসম্ভব কারণ তাদের দলের অস্তিত্ব বাঁচবে কিনা সেই কথা বিমান -বুদ্ধ - সূর্যরা আজ হলফ করে বলতে পারবে না। এদের মিনমিনে প্রতিবাদ ও আন্দোলনের কথা শুনে বাংলার মানুষের কানে ব্যথা হয়ে গেছে , তাই আজ খুবই দরকার হলো প্রগতিশীল বিকল্প বাম ছাত্র আন্দোলন গড়ে তোলার, যার লক্ষ্য কলেজ বোর্ড গড়ার চেয়ে বেশি হতে হবে ছাত্র - ছাত্রী ও শিক্ষক সমাজ কে ঐক্যবদ্ধ ভাবে তৃণমূলী সন্ত্রাস ও বিদ্যার্থী পরিষদের ফ্যাসিবাদী হিন্দুত্ববাদী আক্রমনের বিরোধিতায় ও প্রতিরোধে সামিল করা এবং বাংলার মাটিতে প্রতিক্রিয়াশীল শক্তিগুলিকে পরাস্ত করা।  এই কার্য সিদ্ধি করতে প্রথমত বিকল্প প্রগতিশীল বাম ছাত্র সংগঠনগুলি কে ঐক্যবদ্ধ করা দরকার এক বৃহত যৌথ মঞ্চে এবং একটি সাধারণ কর্মসূচির দ্বারা পরিকল্পনা গ্রহণ করা দরকার যা রাজ্যের শিক্ষা ক্ষেত্রে তৃণমূলী সন্ত্রাস ও বিদ্যার্থী পরিষদের সাম্প্রদায়িক ষড়যন্ত্র কে প্রতিহত করতে পারবে। 

যতদিন না আমাদের বাম ছাত্র বন্ধুরা এই রকম কোনও উদ্যোগ নেওয়া শুরু না করছেন ততদিন পর্যন্ত কিন্তু বাংলার অন্যান্য ক্ষেত্র গুলি সহ  শিক্ষা ক্ষেত্রেও তৃণমূলী সন্ত্রাস ও একনায়কতন্ত্র কায়েম থাকবে এবং বাংলার ছাত্র সমাজের শিক্ষাগত মানের অবক্ষয় হতেই থাকবে। শিক্ষা ক্ষেত্র থেকে তৃণমূল কে বিতাড়িত করার প্রচেষ্টায় যত দেরী হবে ততই ফাঁস গলার উপর শক্ত হয়ে চেপে বসবে।   
                

এই ব্লগের সত্বাধিকার সম্বন্ধে