পুলিশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পুলিশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ভাঙড়ের লড়াই আর বহিরাগতের গল্প

ভাঙড়ের গণআন্দোলনের উপর পুলিশি নিপীড়ন বন্ধের দাবিতে কলকাতায় প্রতিবাদ মিছিল


ভাঙড়ের কৃষিজীবি মানুষের জমিরক্ষা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্যে এবং তৃণমূল নেতা আরাবুল ইসলামের মাফিয়ারাজের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্যে গণআন্দোলনের কর্মী শর্মিষ্ঠা কে মমতা বন্দোপাধ্যায়ের বীর পুঙ্গব পুলিশ বাহিনী আরাবুলের হার্মাদদের সাহায্যে গ্রেফতার করেছে।

শর্মিষ্ঠা আজ পশ্চিমবঙ্গের জন্যে, ভাঙড়ের জনগণের জন্যে নাকি ভয়ানক বিপদজনক “সন্ত্রাসবাদী” - ভারতের তথাকথিত প্রজাতন্ত্রের ৬৭তম বার্ষিক প্রতিষ্ঠা উৎসবের আগে এই ছিল রাজ্যের গণতন্ত্রের ধ্বজাধারী মমতা বন্দোপাধ্যায়ের “মা-মাটি-মানুষের” সরকারের জনগণ কে দেওয়া উপহার। হয়তো বা নিন্দুকেরা বলবেন আরাবুলকে ওর দিদির দেওয়া উপহার !

শুরুটা বোঝাই গেছিল যখন হঠাৎ করে নিউটাউনের বিধায়ক ও বর্তমান রাজারহাটের সিন্ডিকেটবাজদের পাণ্ডা, সব্যসাচী দত্ত, আরাবুল ইসলামের প্রক্সি মেরে ভাঙড়ে পুলিশ ও তৃণমূলের সশস্ত্র হার্মাদ বাহিনী নিয়ে ঢুকে গ্রামের রাস্তার থেকে অবরোধ ওঠানোর কাজ শুরু করে তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে।

প্রতিটা রাস্তা থেকে বন্দুকধারী পুলিশ, আরাবুলের সশস্ত্র পদাতিক বাহিনী এবং নিউটাউনের দুষ্কৃতীদের নিয়ে গাছের গুঁড়ি, পাথর ইত্যাদী সরাতে থাকে সব্যসাচী আর সাথে ছিল বাজারী সংবাদ মাধ্যমের ও জাগো বাংলার ফটোগ্রাফারদের বিশাল বাহিনী, মুহূর্তে মুহূর্তে পোজ দিয়ে রীতিমত “নায়কসুলভ” কাজ করতে দেখানো হলো সিন্ডিকেটবাজের পান্ডাকে। বোঝাই যাচ্ছিল যে রাস্তা সাফ অভিযান চলছে পুলিশের সাহায্যে গ্রামে গ্রামে তৃণমূলী হার্মাদ বাহিনী ঢুকিয়ে অত্যাচার শুরু করার লক্ষ্যে।

মমতা বন্দোপাধ্যায়ের সরকার কে হঠাৎ পুলিশী পাহারায় হার্মাদ বাহিনী পাঠিয়ে একেবারে সিপিএমের “সূর্যোদয়” অপারেশনের মতন এলাকা দখল করতে হলো কারণ সমগ্র ভাঙড় অঞ্চলে আজ তৃণমূলের কোন শক্তি আর অবশিষ্ট নেই। মমতার পেয়াদারা আর আরাবুলের হার্মাদদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভাঙড়ের জনগণ এলাকাকে দুষ্কৃতীদের থেকে মুক্ত করেছেন। আর এতেই মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ স্বৈরতান্ত্রিক শাসনের ভিতে একটা গভীর কামড় লেগেছে। ভাঙড় যেন সিঙ্গুর আর নন্দীগ্রামের মতন জনগণের কাছে আদর্শ না হয়ে উঠতে পারে, যেন ভাঙড়ের অনুকরণে দিকে দিকে ভাঙড় না গড়ে উঠতে পারে তার জন্যে মমতা বন্দোপাধ্যায় আজ অন্ধকারে হাত পা ছুড়ছে আর বার বার সিপিএমের নন্দীগ্রাম পর্বের সাথে তৃণমূলের ভাঙড় পর্বের সাদৃশ্যতা জনগণের সামনে প্রকাশ করছে।

এই ধরুন বারবার করে এলাকার মানুষের স্বার্থে পাওয়ার গ্রিডের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া  জমি-জীবিকা-পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটি মমতা বন্দোপাধ্যায়ের সরকারের কাছে দাবি তুলেছে যে সরকার যেন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এবং সরকারি ভাবে বিজ্ঞপ্তি জারি করে পাওয়ার গ্রিডের প্রকল্প বাতিলের কথা ঘোষণা করে। কিন্তু মমতা বন্দোপাধ্যায় আজ ঘর পোড়া গরুর মতন ঈশান কোনে সিঙ্গুরে মেঘ দেখে আতংকিত হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে মমতা বন্দোপাধ্যায় আলোচনা করবে না কারণ আলোচনার কথায় মমতার অহঙ্কারে আঘাত লাগবে, কারণ তাকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের প্রতিনিধিত্ব কেউ করতে পারে বলে সে মনে করে  না। আর ভাঙড়ের আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসা মানে মমতা বন্দোপাধ্যায় প্রতিবাদ আর প্রতিরোধের সামনে, গণ আন্দোলনের সামনে মাথা ঝোঁকাচ্ছে। তা তো আলবাত হবে না!

আন্দোলনকারীদের বিরুদ্ধে দমন পীড়নের স্বার্থে মমতা বন্দোপাধ্যায়, মোদীর ঘনিষ্ঠ মুকেশ আম্বানির রিলায়েন্স জিও, ও পশ্চিমবঙ্গের কর্পোরেট সংবাদ মাধ্যম হাতে হাত মিলিয়ে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। বলছে যে আন্দোলন নাকি মাওবাদীরা করছে আর এই অভিযোগে গ্রামবাসীদের আন্দোলনে যোগ দিতে দূর দূর থেকে আসা গণ আন্দোলনের কর্মীদের পিছনে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে, শর্মিষ্ঠার মতন রাজনৈতিক কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বলা হচ্ছে আন্দোলন নাকি বহিরাগতরা নেতৃত্ব দিয়েছে এবং তাই বহিরাগতদের প্রভাব থেকে জোর করে এলাকার মানুষ কে বের করতে হবে।

আহারে! এই তৎপরতা যদি মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূলের সরকার ধুলাগড়, হাজীনগর, চন্দননগর বা খড়্গপুরে দেখাতো তাহলে সেখানে সাম্প্রদায়িক অশান্তির আগুন জ্বালাবার সাহস সংঘ পরিবারের “বহিরাগত” আবাঙালি কর্মীদের হতো না। চরম ব্রাক্ষণত্ববাদী এই তৃণমূল নেত্রীর কাছে সাম্প্রদায়িক দাঙ্গায় হিন্দু আর মুসলমানদের মেরুকরণ করাটা অন্যায় নয়, অন্যায় হলো অত্যাচার ও লুঠের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ ওঠানো।

মমতা বন্দোপাধ্যায়ের সরকার আজ যখন নিজের ব্রাক্ষণত্ববাদী চরম ঘৃণ্য চেহারাকে ধুলাগড়ের পরে আর লুকোতে পারছে না আর শাঁক দিয়ে মাছ ঢাকার মতন ভাঙড়ের মাটিতে তৃণমূলের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গর্জে ওঠা মানুষদের পিষতে পারছে না, ঠিক সেই সময়ে নিজের দলের আর সরকারের মুখরক্ষার জন্যে বারবার করে “বহিরাগত” লোকের তত্ত্বের পরিপ্রেক্ষিতে মমতা বন্দোপাধ্যায়ের প্রতি কিছু প্রশ্ন করা আজ পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রেমী মানুষের পক্ষে আবশ্যিক হয়ে উঠছে।

প্রশ্নগুলো সরাসরি মমতা বন্দোপাধ্যায় কে করা এবং এই প্রশ্নের মধ্যেই আপনি চেষ্টা করলে উত্তর খুঁজে পেতে পারেন:

১) পশ্চিমবঙ্গের মানুষের কি তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোন দল করার অধিকার নেই ?
২) যদি অধিকার না থেকে থাকে তাহলে জনগণ কে জানানো হোক কোন আইনের অধীনে জনগণের নিজস্ব পছন্দের রাজনৈতিক দলের সমর্থক ও কর্মী হওয়া আটকানো হচ্ছে ?

৩) যদি জনগণের অধিকার থেকেই থাকে ইচ্ছে মতন রাজনৈতিক দলে বা গণসংগঠনে যোগ দেওয়ার, তাহলে কি তাঁরা এক এলাকার থেকে অন্য এলাকার মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনের সাথে একাত্ম হতে পারেন না? পশ্চিমবঙ্গের ভিতরে তৃণমূল কংগ্রেস বাদে অন্যান্য দল ও গণ সংগঠনের কর্মীদের কি এক জায়গার থেকে আর এক জায়গায় রাজনীতি করতে যেতে হলে তৃণমূল কংগ্রেসের অনুমতি প্রয়োজন ?

৪) যদি “বহিরাগতদের” নিজের পাড়া বা এলাকার বাইরে গিয়ে অন্য জায়গায় রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়া এতই খারাপ কাজ হয়, তাহলে এক দশক আগে সিঙ্গুরে বা নন্দীগ্রামে যাঁরা কলকাতা সহ বিভিন্ন জায়গার থেকে গিয়ে আন্দোলন শুরু করেন তাঁরাও খারাপ কাজ করেছিলেন ? দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে মঞ্চটাও বহিরাগতরাই নাকি করেছিল বলে সিপিএমের হুগলি জেলা কমিটির নেতারা বলতো। আর বলতো সিঙ্গুরের মানুষের উন্নয়নের পক্ষে সমর্থনের গল্প। মনে পড়ে ?

৫) “বহিরাগত” শক্তির নেতৃত্বে আন্দোলন গড়ে তোলা যেমন খারাপ তেমনই নিশ্চয় বহিরাগতদের নিয়ে এলাকার ভিতরে ঢুকে আন্দোলন ভাঙ্গার কাজও খারাপ ? সব্যসাচী দত্ত কি ভাঙড়ের “ঘরের ছেলে”? সব্যসাচীর সাথে যে সমস্ত তৃণমূলী গুন্ডারা রাজারহাট থেকে ঢুকেছিল তারা কি ভাঙড়েই হামাগুড়ি দিয়ে বড় হয়েছিল?

৬) আশা করা যায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে অবাঙালি পুঁজিপতি আর আড়ৎদারদের মদতে যেভাবে ভিন রাজ্য থেকে এসে আরএসএস কর্মীরা যেভাবে ঘাঁটি গেড়ে জঙ্গলমহল সহ সমস্ত রাজ্যের আদিবাসী অধ্যুষিত ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় দাঙ্গার আগুন লাগাবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও একই ভাবে রাজ্য পুলিশ, সব্যসাচীর “কমরেডগণ” ও বজ্র বাহিনীর জওয়ান নিয়ে আক্রমণ করা হবে ? আইন রক্ষকরা নিশ্চয় ভেদাভেদ করবে না ?

৭) যাঁরা মানুষের জমি, জীবিকা, ও বাস্তুতন্ত্র রক্ষার কথা বলেন তাঁরা কি মাওবাদী? তাহলে তৃণমূল কংগ্রেস যখন একই ভাবে “মা, মাটি, মানুষের”  স্বার্থের কথা বলে নন্দীগ্রামে বা লালগড়ের মানুষের সিপিএমের হার্মাদদের বিরুদ্ধে, রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনকে সমর্থন করেছিল তখন ওদের সাথে মাওবাদীদের গোপন যোগসাজেশ ছিল?

৮) বুদ্ধদেব  ভট্টাচার্য আর মমতা বন্দোপাধ্যায়ের, বিমান বোস আর মুকুল রায়ের মধ্যে আন্দোলনের বিরোধিতা করার ধরণের মধ্যে পার্থক্য কি ?


আসলে সত্যি বলতে কি আজ যাঁদের বয়স তিরিশের কোঠায় তাঁরা সবাই মমতার কীর্তি দেখে, তৃণমূলের ঘৃণ্য রাজনৈতিক ব্যাভিচার দেখে, জনগণের বিরুদ্ধে বেইমানি দেখে, বুঝতে পারছেন যে সেদিনের নন্দীগ্রাম আর আজকের ভাঙড়ের মধ্যে বেশি পার্থক্য নেই, সেদিনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে শাসকেরা যে ভাবে সদর্পে কৃষকদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ছিল তার সাথে বর্তমানে শাসক দলের বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভাঙড়ের লড়াইয়ে অংশগ্রহণকারীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মধ্যে কোন পার্থক্য নেই। বুদ্ধদেবের সরকার যেমন নির্বিচারে কৃষি জমি রক্ষার আন্দোলনে সামিল হওয়া সমস্ত রাজনৈতিক শক্তিকে হয় মাওবাদী না হয় প্রতিক্রিয়াশীল বলে আক্রমণ নামিয়ে এনেছিল তার সাথে এইভাবে শর্মিষ্ঠা কে গ্রেফতার করার মধ্যে কোন পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না।

মমতা বন্দোপাধ্যায় ইতিহাস থেকে শিক্ষা নেবে না কারণ অহংকার ও দর্প মানুষ কে অন্ধ করে দেয় এবং নিজের দলের পেশিশক্তির উপর নির্ভর করে যেভাবে মমতা বন্দোপাধ্যায় বারবার নির্বাচনী বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছে তা কিন্তু নিমেষে ভঙ্গ হতে পারে, কারণ সিপিএম ৩০ বছর শাসন করার পরে নন্দীগ্রামের মুখোমুখি হয়, মমতার তো সবে ছয়।

দেড় মাস পরেই মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূলের নেতারা ১৪ই মার্চ নন্দীগ্রামের সংগ্রামী কৃষক শহীদদের স্মরণে অনুষ্ঠান করে ন্যাকা কান্না কেঁদে মানুষ কে যখন বোকা বানাবার চেষ্টা করবে তখন যদি নন্দীগ্রামের মানুষ মুষ্টিবদ্ধ হাত আকাশে তুলে আওয়াজ তোলেন বহিরাগত মমতা দূর হঠো ! তাহলে কি বলবে তৃণমূল?   

মমতার নন্দীগ্রাম: তৃণমূল শাসনের ভাঙ্গন ভাঙড় থেকে শুরু

ভাঙড়ে ১০ই জানুয়ারির প্রতিবাদ সভার ছবি। Credit: sanhati.com
ভাঙড়ে ১০ই জানুয়ারির প্রতিবাদ সভার ছবি। Credit: sanhati.com  

ভাঙড়ে ভাঙ্গন শুরু তৃণমূল রাজত্বের  

ভাঙড়ে ভাঙলো তৃণমূল আর মমতার কৃষক দরদী ভাবমূর্তি আর প্রকাশিত হলো বুদ্ধদেবের বামফ্রন্টের সাথে “মা-মাটি-মানুষের” সরকারের সাদৃশ্য। পুলিশের সাথে হাত মিলিয়ে নিজের হার্মাদ বাহিনী নিয়ে গ্রামে গ্রামে ঢুকে মানুষকে খুন করে, গুম করে, মেয়েদের শ্লীলতাহানি করে লক্ষণ শেঠের ভূমিকাটা ভাল ভাবে পালন করলো আরাবুল ইসলাম। মঙ্গলবার ১৭ই জানুয়ারি যখন পুলিশের গুলিতে আন্দোলনরত মফিজুল খান আর আলমগীর শেখ যখন লুটিয়ে পড়লেন তখনও নন্দীগ্রামের দশ বছর হতে প্রায় দুই মাস বাকি, সেই নন্দীগ্রাম যেখান থেকে বামফ্রন্টের পতনের আর মমতার উথ্বানের শুরু।

ভাঙড় মানেই তৃণমূলের একাধিপত্য, আরাবুল ইসলামের খাস তালুক, যেখানে আরাবুলের সামনে মাথা নত না করলে সেই মাথা কেটে নেয় দিদির দুষ্টু ভাইয়েরা। ভাঙড়ের আরাবুল বাম জমানার মজিদ মাস্টার বা হলদিয়ার লক্ষণ শেঠের তৃণমূলী সংস্করণ। যার এমন দাপট যে তাকে একবার দল থেকে তাড়িয়ে দিয়েও ভোট ব্যাঙ্ক (রিগিং ব্যাঙ্ক) ধরে রাখতে ঠিক ভোটের মুখেই আবার দলে ফিরিয়ে আনতে হয় মমতা বন্দোপাধ্যায়ের মতন ব্রাক্ষণত্ববাদী নেত্রী কে। সেই ভাঙড়ে কিন্তু এবার ভাঙ্গন ধরলো তৃণমূলের সমর্থন ভিত্তিতে। আরবুলের পিস্তল-বোমা আর চোখ রাঙানি উপেক্ষা করে এলাকার গরিব মানুষ রুখে দাঁড়ালেন নিজেদের জমি ও জীবিকা রক্ষার স্বার্থে, পরিবেশ কে বাঁচিয়ে রাখার স্বার্থে।

ভাঙড়ের কৃষক সংগ্রামের প্রেক্ষাপট ও ঘটনাক্রম 


ভাঙরের  কৃষকেরা দীর্ঘদিন আগেই তৃণমূলের চাপে ভয়ে ভয়ে নিজেদের জমি দিয়ে দিয়েছিলেন আরাবুলের বাহিনীকে, বলা হয়েছিল যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়া হবে এবং প্রচুর সাধারণ মানুষ চাকরি পাবেন।কিন্তু কিছুদিনের মধ্যেই বোঝা গেল পুরোটাই গল্প, বরং নামমাত্র মূল্যে বন্দুক আর বোমার জোরে জমি কেড়ে নিয়ে আরাবুল ইসলাম আর তৃণমূল কংগ্রেস সেই জমি চড়া দামে বিক্রি করবে পাওয়ার গ্রিড কর্পোরেশন কে যারা ভাঙ্গরে গড়ে তুলবে পাওয়ার গ্রিড বা বিদ্যুৎ গ্রিড। ফলে সেই প্রকল্পে চাকরি হবে হাতেগোনা কিছু তৃণমূল কর্মীদের আর বাকিদের পক্ষে রইলো কাঁচকলা। পাওয়ার গ্রিডের হাই টেনশন তারের ফলে আবার প্রকৃতি ও মানুষের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও প্রবল হয়ে ওঠে। এর মধ্যে দূষণের ফলে বিদ্যাধরী নদীর অবস্থা শোচনীয় হয়ে পড়ে এবং মাছের ভেড়ি থেকে মাছ ধরে রোজগারও বন্ধ হয়ে যেতে থাকে।

এই পরিস্থিতিতে ভাঙড়ের সাধারণ জনগণ শুরু করেন নিজেদের প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে; আরাবুলের বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা এই লড়াইয়ে প্রথমে তৃণমূলের রেজ্জাক শিবিরের মদত থাকলেও পরবর্তী কালে এই লড়াইয়ের জঙ্গিরূপ দেখে রেজ্জাক সাহেবেরও পিলে চমকে ওঠে। গ্রামে গ্রামে প্রতিবাদীরা সংগঠিত হন এবং বিদ্যুৎ গ্রিডের বিপদ সম্পর্কে বিজ্ঞানীদের বক্তব্য মানুষকে সহজ ভাষায় বোঝাতে অনেক ছাত্র-ছাত্রীরা এই এলাকায় যান। গড়ে ওঠে জমি-জীবিকা-পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটি। যে কমিটির নেতৃত্বে সমগ্র ভাঙরে তৃণমূলের স্বেচ্ছাচারী সরকারের বিরুদ্ধে, আরাবুল ও তার চেলাদের অত্যাচারের বিরুদ্ধে গড়ে ওঠে সংগ্রাম।

২০১৬ সালের ডিসেম্বর মাসে লড়াই তুঙ্গে ওঠে পাওয়ার গ্রিডের নির্মাণ কার্যের  বিরুদ্ধে।  অবস্থা বেগতিক থেকে মমতা বন্দোপাধ্যায়ের সরকার ২৮শে ডিসেম্বর খামারাইট এর ১.৫কিঃমিঃ ব্যাসার্ধ জুড়ে  জারি করে ১৪৪ ধারা। গ্রামবাসীদের সমাবেত হওয়ার থেকে বিরত করতে এবং আন্দোলন কে ভাঙতে এই সিদ্ধান্ত নেওয়া হয় ভাঙড় দুই নম্বর ব্লকে। সাথে সাথে এই  সিদ্ধান্তের বিরুদ্ধে এবং  বিদ্যুৎ গ্রিডের প্রকল্প বাতিল করার দাবিতে সেই ২৮শে ডিসেম্বরেই মাছিভাঙ্গার খালপাড়ে বিশাল সমাবেশ করেন এলাকার জনগণ। সেই মিছিলে দূর দূরান্ত থেকে আসা মানুষকে ঠেকাতে নিজের ভাড়াটে হার্মাদদের রাস্তায় নামায় আরাবুল আর সাথে থাকে পুলিশ। তবুও জনজোয়ার ঠেকাতে আরাবুল অপারগ হয়। জয় হয় ভাঙড়ের জনগণেরই।  

জানুয়ারি ২০১৭ থেকে গণ আন্দোলনের ঢেউ এত তীব্র হতে শুরু করে যে আরাবুলের নিজের গ্রাম গাজীপুরে তার স্বৈরতন্ত্র কে উচ্ছেদ করতে গ্রামবাসীরা এগিয়ে আসেন। আরাবুলের বোমা-পিস্তল-ভোজালি দেখে মানুষ ভয় পাওয়া বন্ধ করতেই আরাবুল নবান্নের শরণাপন্ন হয় নিজের দাপট ও খাস তালুক রক্ষা করতে। আরাবুলের সংকটের সুযোগ নিয়ে যদিও রেজ্জাক এলাকায় নিজের প্রতিপত্তি কায়েম করার চেষ্টা করে তবু গণ জোয়ারের সামনে ওর সিপিএম থেকে পাল্টি খাওয়া তৃণমূলী গুন্ডারা খড় কুটোর মতন ভেসে যায়।

নবান্ন ভাঙড়ে তৃণমূলের আধিপত্য কায়েম রাখতে  পুলিশি সন্ত্রাস বাড়িয়ে দেয় এবং ঠিক সেই নন্দীগ্রামের কায়দায় পুলিশের সাথে পুলিশের জ্যাকেট পড়ে, মুখে মাফলার বেঁধে আরাবুলের গুন্ডারা দফায় দফায় আক্রমণ শুরু করে কিন্তু প্রায় ২০০০ মানুষের ঐকবদ্ধ প্রতিরোধ আরাবুল কে তার দলবল সহ গাজীপুর এলাকার থেকে তাড়িয়ে দেয় জানুয়ারির প্রথম সপ্তাহেই।

সোমবার ১৫ই জানুয়ারি আধা-সামরিক বাহিনীর সমর্থনে পুলিশ হামলা শুরু করে নতুনহাট আর খামারাইট এলাকায়। গ্রামবাসীদের বাড়িতে ঢুকে বেধড়ক পেটানো হয় পুরুষদের, নারীদের শ্লীলতাহানি করার চেষ্টা করে রাজ্য পুলিশ ও অবাঙালি আধা-সামরিক বাহিনীর জওয়ানরা। অনেক দোকানপাটে পুলিশ লুঠপাট আর ভাঙ্গচুর চালায়। এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠতে থাকে আর তখনই গাজীপুর থেকে গণ আন্দোলনের কর্মী কালু শেখ কে পুলিশ গ্রেফতার করে। সমগ্র গাজীপুর সহ ভাঙড় দুই ব্লক গর্জে ওঠে প্রতিবাদে আর গড়ে ওঠে প্রতিরোধ। গণ আক্রোশের চাপে পড়ে পুলিশ কে কালু শেখ কে ছেড়ে দিতে হয়।

আরাবুল পুলিশের কর্তাদের সাথে মিলে গাজীপুর, নতুনহাট, মাছিভাঙ্গা, শ্যামনগর ইত্যাদি অঞ্চলে মঙ্গলবার ১৭ই জানুয়ারি সকাল থেকে আক্রমণ শুরু করে। প্রতিটি আক্রমণে পুলিশের সাথে আরাবুলের হার্মাদ বাহিনী ছিল এবং সমস্ত গ্রামবাসীদের সাথে এদের তীব্র সংঘর্ষ শুরু হয় যাতে ক্ষিপ্ত  পুলিশ কর্মীরা আরাবুলের তৃণমূলী হার্মাদ বাহিনীর নির্দেশে খুব কাছ থেকে গুলি করে আলমগীর ও মফিজুল কে হত্যা করে। ক্ষিপ্ত জনগণ পাল্টা প্রতিরোধ গড়ে তুলতেই পইপই করে ছুটে পালায় তৃণমূলী হার্মাদ বাহিনী ও পুলিশ।

দুই যুবকের মৃত্যুর সাথে প্রায় ১৬ জন আন্দোলনকারীর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ নন্দীগ্রামের সংগ্রামী গ্রামবাসীদের গুম করে খুন করে মৃতদেহ সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনার সাথে ভাঙড়ের এই ঘটনার তুলনা করছেন। লক্ষণ শেঠের চেয়েও নিপুণ ভাবে আরাবুল এই কাজ সেরেছে বলে অভিযোগ। ঘটনার সত্যতা নিয়ে পুলিশ এখনো সংবাদ মাধ্যমের সামনে কোন বিবৃতি দেয়নি। মমতা বন্দোপাধ্যায় বা তৃণমূলের নেতৃত্বও এই নিয়ে টু শব্দ করেনি।

গণ আন্দোলনের ফলে ভয় পেয়ে যদিও মমতা বন্দোপাধ্যায় পাওয়ার গ্রিড প্রকল্প কে বাতিল করার কথা ঘোষণা করে, ঠিক যেমন নন্দীগ্রামের জমি অধিগ্রহণের নোটিস পরে ফেরত নেয় বামফ্রন্ট সরকার, তবুও আন্দোলনরত কৃষকদের এই নাটকে ভোলানো যায়নি। ক্ষিপ্ত হয়ে মমতা “বহিরাগত নকশাল” ধরার আদেশ দিয়ে পুলিশ কে বকলমে সন্ত্রাস তীব্র করার অনুমতি দিচ্ছে আর তার ফলে ভাঙড়ের মাটিতে তাড়া খেয়ে মুকুল আর রেজ্জাক কে পালিয়ে ফিরতে হচ্ছে কলকাতায়।

 ভাঙড়ে মমতার নন্দীগ্রাম পর্ব শুরু 


ভাঙড়ের গ্রামবাসীদের উপর পুলিশি সন্ত্রাস ও আরাবুলের নৃশংস অত্যাচারই শুধু যে নন্দীগ্রাম পর্বের বামফ্রন্ট সরকারের কথা মনে করিয়ে দিচ্ছে তা কিন্তু নয়, বরং সামগ্রিক ভাবে দেখতে গেলে মমতা বন্দোপাধ্যায়ের আস্ফালন, তৃণমূল কংগ্রেসের মেজাজ, এবং সরকারি যন্ত্রের প্রচারের ধরন দেখেও বুদ্ধের সরকারের কথা মনে পড়ে যাচ্ছে। গ্রামবাসীদের জাগ্রত চেতনা কে, আরাবুলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কে মমতা বন্দোপাধ্যায় কিছুতেই মেনে নিতে পারছে না। কারণ ভাঙড়ের জনগণের জাগ্রত চেতনা মানেই তো তৃণমূলের সিন্ডিকেটবাজির সন্ত্রাসের অন্তর্জলি যাত্রা শুরু, আরাবুলের পতনের শুরু, সামগ্রিক ভাবে মুসলমান সমাজ কে টুপি-বোরখা পড়িয়ে মোল্লা শাসনে রাখার চক্রান্তের পতন, ও সর্বোপরি মমতার অহংকারের বিরুদ্ধে জনগণের বিজয় যাত্রার সূচনার ডঙ্কা বেজে ওঠা।

তাই বুদ্ধের পথ ধরে মমতা আজ আবার “মাওবাদী” আর নকশাল ভূতের গন্ধ শোঁকা শুরু করেছে। ভোটপন্থী নিরামিষাশী সিপিআই (এম-এল) রেডস্টার কে ভাঙড়ের আন্দোলনে পেয়ে ওই দলের কর্মী সমর্থকদের উপর অকথ্য অত্যাচার করার জন্যে পুলিশ লেলিয়ে দিচ্ছে। জনগণের ক্ষোভ ও তৃণমূলের প্রতি তীব্র ঘৃণা কে “বহিরাগতদের উস্কানি” বলে মমতা আর তৃণমূল চেপে দিচ্ছে আর তার সাথে ছাত্র-ছাত্রী এবং প্রগতিশীল বুদ্ধিজীবীদের গ্রামবাসীদের সাথে একাত্ম হয়ে স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই গড়ে তোলার কাজে বাঁধা দিতে সমস্ত গোয়েন্দা দফতর কে হুকুম দেওয়া হচ্ছে। ২০০৭ সালে বুদ্ধ আর বিমানের কর্ম পদ্ধতিও একই রকমের ছিল বলে তো মনে পড়ছে।

বোঝাই যাচ্ছে যে এই ভাবে মমতা বন্দোপাধ্যায়ের সরকার ঝুটো কেস দিয়ে গ্রামবাসীদের রাজনৈতিক ভাবে সক্ষম করে তুলতে যে সব রাজনৈতিক কর্মীরা কাজ করছেন, তাঁদের উপর পুলিশি নিপীড়ন চালাবে।  আর এর সাথেই কিন্তু মমতা বন্দোপাধ্যায় ধর্মীয় আবেগে সুড়সুড়ি  দিতে তৃণমূলের ছত্রছায়ায় লালিত পালিত এবং সরকারি কোষাগার থেকে ভাতা প্রাপ্ত ইমাম ও মোল্লাদের এবার ভাঙড়ের গ্রামবাসীদের ভাগ করতে পাঠাবে। যারা অবশ্যই ভাঙড়ের সংগ্রামী মুসলমান গ্রামবাসীদের “বহিরাগত” কাফেরদের থেকে মুক্ত হয়ে  ‘মুমিন ভাই’ আরাবুল কে আপন করে নিতে চাপ দেবে কাল্পনিক সব হাদিস শুনিয়ে।

ইতিহাসের পাতায় এক দশক আগে সিপিএম এর নেতৃত্বাধীন বামফ্রন্ট  সরকার এই সকল চালগুলোই চেলেছিল জনগণ কে লড়াইয়ের পথ থেকে দূরে সরিয়ে দিতে। কিন্তু সেই ইতিহাসই আজ সাক্ষী দেবে যে সেই প্রচেষ্টার কি ফল বামফ্রন্ট পেয়েছিল আর আজ ইতিহাসের কোন আস্তাকুঁড়েতে বুদ্ধ আর বিমান নিক্ষেপিত হয়েছে। সেদিন যে মহিলা একা স্বল্প শক্তি নিয়ে তেড়েফুঁড়ে বামফ্রন্টের রোলার সিঙ্গুর থেকে নন্দীগ্রামে থামিয়েছিল সেই মহিলা আজ ওই রোলারের ড্রাইভারের আসনে বসে, তাই হিসেবটা একটু উল্টো পাল্টা হয়ে গেল। তবে যেহেতু ইতিহাসের রসিকতা বড়ই নিষ্ঠুর তাই মমতার বর্তমান অবস্থা দেখে তার তীব্র প্রতিদ্বন্ধীরও ভীষণ মায়া হবে।

মমতার “মা-মাটি-মানুষের সরকার” আজ সেই বামফ্রন্টের পথে চলে নিজের কবর খোঁড়ার বন্দোবস্ত করছে। তৃণমূল ছাড়ার সময়ে সোমেন মিত্র বলেছিল যে মমতার শাসন কালে মা ধর্ষিতা, মাটি লুন্ঠিত, আর মানুষ প্রতারিত, শোষিত, অত্যাচারিত। সোমেন মিত্রের কথার সাথে বাস্তবের মিল পশ্চিমবঙ্গের জনগণ প্রতিদিন, প্রতি মুহূর্তে টের পাচ্ছেন।  ভাঙড় আজ চোখে আঙ্গুল তুলে দেখাচ্ছে যে কৃষকের জমি না কাড়ার, কৃষি জমির থেকে কৃষকদের উচ্ছেদ করে শিল্প না করার মমতার প্রতিশ্রুতি কতই ভঙ্গুর।  ফলে দলে দলে মানুষ আজ মমতার বিরুদ্ধে, তৃণমূলের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, আরাবুল আর রেজ্জাকদের মতন ভূ-মাফিয়াদের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে নির্ভয়ে পথে নামছেন, এমনকি মৃত্যু ভয় কে জয় করেও।

মমতা বন্দোপাধ্যায়ের জেনে রাখা উচিত যে জনগণ তাকে ও তার পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে সেই জনগণ কিন্তু রাস্তায় নেমে তার সরকার কে সিংহাসন থেকে টেনে নামাতেও সক্ষম। তাই মমতা বন্দোপাধ্যায় যদি জনগণ কে ভীতু এবং রাজনৈতিক ভাবে অন্ধ ভেবে নিজের স্বৈরতান্ত্রিক কায়দায় চলে পুলিশি সন্ত্রাসের সাহায্যে গণ আন্দোলন কে পরাস্ত করতে চায় তাহলে ভাঙড় থেকে যে ফুলকি গোটা রাজ্যে ছড়িয়ে যাচ্ছে তা এক এমন গণরোষের  সৃষ্টি করবে যার সামনে মমতা বন্দোপাধ্যায়ের দাপট আর আরাবুলের দাদাগিরি নিমেষে উড়ে যাবে। মমতা বন্দোপাধ্যায় ভালো করেই জানে যে জনগণের রোষের সামনে পড়ে বড় বড় দাপুটে রাজনৈতিক নেতারা আজ কি ভাবে অস্ত গেছে পশ্চিমের আকাশে। মমতা বন্দোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের শত চেষ্টা সত্বেও, বিজেপির সাথে মিলেমিশে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি কে নষ্ট করার শত প্রচেষ্টা সত্বেও, জাগ্রত কৃষকের - জাগ্রত শ্রমিকের রোষানলে তৃণমূলের সরকার খুব শীঘ্রই পতিত হবে পাথুরে জমিতে। ভাঙড় থেকে তৃণমূলের ডাঙায় ভাঙ্গন ধরার শুরু হলো, সমগ্র পশ্চিমবঙ্গে যার ফল তৃণমূল হাতেনাতে পাবে।


আমরা দেশদ্রোহী তাই আমরা মানুষ হত্যার চরম বিরোধিতা করি

Indian paramilitary lathicharge on Kashmiri protestors


আমরা দেশদ্রোহী তাই আমরা প্রশ্ন করি। দেশদ্রোহী বলেই তো আমরা তোমাদের সাধের কাশ্মীর নিয়ে ন্যাকা কান্না কাঁদি না বরং হান্দওয়ারা নিয়ে প্রশ্ন তুলি, তোমার রাষ্ট্রীয় সংস্করণে প্রকাশিত গল্পকে খারিজ করে চোখে চোখ রেখে রাজদ্রোহীর মতন প্রশ্ন করি যে কেন একটি কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ করার দায়ে থানায় আটকে রাখা হবে? কেন তাঁর উপর লালসা চরিতার্থ করতে যে ভারতীয় সেনার বীর পুঙ্গবটি এসেছিল তাকে গ্রেফতার করা হলো না। আমরা কুনান পোশপরা থেকে শাপিয়ানে ধর্ষণ কান্ডে জড়িত ভারতীয় সেনা কে দেশভক্তির দৃষ্টান্ত হিসাবে স্বীকার করি না বলেই আমরা দেশদ্রোহী। আমরা দেশ বিক্রি, নারী ধর্ষণ, গণ হত্যা ও সামরিক শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলি বলেই হয়তো আমরা দেশদ্রোহী।

এই দেশের উচ্চ বর্ণের পয়সাওয়ালা লোকেরা পায়ের উপর পা তুলে বলবে ওই বাচ্চা ছেলে মেয়েগুলো দেশের শত্রু, জঙ্গী, ওদের মেরে ফেলায় বা ওই মুসলমান মেয়েদের একটু ধর্ষণ করলে ক্ষতি নেই।  এর মধ্যে দিয়েই ভারতের স্বার্থ সুরক্ষিত হবে, ভারতের সীমা আরও সুরক্ষিত হবে। আর যদি আমরা প্রশ্ন তুলি যে যখন প্রায় ৭০ লক্ষ মানুষ আমার দেশের সাথে থাকতে চাইছে না, কারণ এই দেশ কোনদিন তাঁদের দেশ ছিল না, ঠিক যেমন বাংলাদেশ কোনো কালেই নেপালের অঙ্গ ছিল না, তাহলে তাঁদের জোর করে ধরে রেখে, খুন ধর্ষণ করে, টিয়ার গ্যাস মেরে কি করে ধরে রাখা যাবে? কোনো দিনই তো কাশ্মীরের জনগণ ভারতের শাসন কে মন থেকে মেনে নিতে পারবেন না। প্রতি পাঁচ বছরে বন্দুকের নলের মুখে তাঁদের ভোট দিতে বাধ্য করিয়ে উপত্যকায় গণতন্ত্র-গণতন্ত্র খেললেই তো সেই মানুষগুলি আর দাসত্বের বন্ধন স্বীকার করবে না। এটা তো একবিংশ শতাব্দী ! ঠিক তখনই আমাদের উপর নিক্ষেপিত হবে বাছা বাছা বিশেষন ও খিস্তির বন্যা। দিল্লি - বোম্বাই হলে গেরুয়া লম্পটের দল জাতীয়তাবাদের পতাকা নিয়ে লাথি মারতে উদ্ধত হবে, কলিকাতার বুকে লকেট-রুপা-দিলীপের নাট্য মন্ডলী ক্ষিপ্ত হয়ে গুঁতা মারতে আসবে, আর সর্বাধিক প্রচারিত দৈনিক ও সর্ব শ্রেষ্ঠ টিভি চ্যানেলগুলি দাঁত খেঁকিয়ে তাড়া করবে। দেশ প্রেম শেখোনি ? ভারত ছেড়ে পাকিস্তান যাও!

তবুও আমরা নির্লজ্জ কান কাটা বেহায়ার মতন কিছু অপ্রিয় কথা জিজ্ঞাসা করে যাব। জানতে চাইবো কেন কাশ্মীরের মহিলারা আজও ওই "শান্তির দূত" ভারতীয় সেনার ঘাঁটির সামনে দিয়ে একলা যেতে, কোথাও বা দল বেঁধে যেতেও ভয় পান? কেন মনিপুরের মহিলারা রাস্তায় নেমে নগ্ন হয়ে ভারতীয় সেনা বাহিনী কে চ্যালেঞ্জ ছোড়েন যে - আয় আমাদেরও ধর্ষণ কর? কেন ছত্তিশগড়ের আদিবাসী নারীদের উপর শুধু দল বেঁধে ধর্ষণই নয় বরং তাঁদের স্তন টিপে দেখা হয় যে তাঁরা নকশাল কিনা ? দেশের তথাকথিত অবিচ্ছেদ্য অঙ্গগুলির অর্ধেকের বেশি যখন আজ হয় সেনা বাহিনীর শাসনের অধীন বা দেশী-বিদেশী কর্পোরেশনগুলির ভাড়াটে বাহিনী হিসেবে কার্যরত পুলিশ - আধা সামরিক বাহিনীর বন্দুকের শাসনে চলছে তখন কোন গণতন্ত্রের কথা আমাদের গৃহমন্ত্রী সহ তাবর মন্ত্রী সান্ত্রী ও তাদের মালিক পুঁজিপতিরা বলে? গণতন্ত্র মানে নির্বিচারে মানুষ হত্যা এবং হত্যাকারীকে সর্বোচ্চ রক্ষা কবচ প্রদান? গণতন্ত্র মানে দেশের সবচেয়ে গরিব ৮৩ কোটি মানুষের উপর যুদ্ধ ঘোষণা করা ? গণতন্ত্র মানে সাম্প্রদায়িক হত্যাকান্ড ঘটিয়ে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়ে ভোটে জেতা ? গণতন্ত্র মানে আদানি, আম্বানি, বেদান্ত, টাটা, জিন্দল, বিজয় মালয়া, রামদেব, সাক্ষী মহারাজ, যোগী আদিত্যনাথ, সাধ্বী প্রজ্ঞাদের শাসন? সেই গণতন্ত্র নামক বস্তুটিকে মুখ বুজে মেনে নিয়ে বিদেশী পুঁজির জুতো চেটে জীবন নির্বাহ করে "মোদী বাবার জয়" বলে গাধার মতন চেচানো কে দেশপ্রেম বলে না দালালি করা বলে সে কথা কি আজও স্পষ্ট করে বলার দরকার পরে?

এক কালে জহরলাল নেহরু সাহেব কাশ্মীরের জনগণ কে কথা দিয়েছিলেন যে হানাদারদের তাড়িয়ে কাশ্মীরে শান্তি ফিরিয়ে এনে ওখানকার জনগণ কে ভারত সরকার আত্মনিয়ন্ত্রণের অধিকার দেবে এবং রাষ্ট্র সংঘের পর্যবেক্ষণে গণভোটের মাধ্যমে সেই আত্মনিয়ন্ত্রণের অধিকারের ফয়সালা হবে। সংবিধান পাশ করিয়েই নেহরু ও কংগ্রেস চালাকি করে সেই প্রস্তাবকে আস্তাকুঁড়েতে ছুড়ে ফেলে দেয় এবং সেই দিন থেকে কাশ্মীরের মানুষকে নাগা-মিজো-মনিপুরীদের মতন জোর করে ভারতের অধীনে রাখার কাজ শুরু হয়। দাসত্বের বাঁধন ভেঙ্গে স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষায় প্রাণ যায় বহু মানুষের। ভারত আর পাকিস্তানের শাসক শ্রেণী কাশ্মীরের মানুষকে নিয়ে ভয়ানক জুয়া খেলা শুরু করে। দুই দেশের শাসকশ্রেণী প্রমান করার চেষ্টা চালায় যে কাশ্মীরের স্বার্থ তার সাথে থাকায় ভালো হবে। পাকিস্তান তৈরি করে এক ঝুটো "আজাদ কাশ্মীর", আর ভারতের শাসকশ্রেণী তো আজাদী শব্দটিকেও সহ্য করতে পারে না। তারা আরও নির্লজ্জ হয়ে ঘোষণা করে যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং তাই মিলিটারী নামিয়ে সমস্ত রকমের আন্দোলন সংগ্রাম কে দমন করতে ভারতের শাসকশ্রেণী কুন্ঠা বোধ করে না।

কিন্তু দেশপ্রেমী নই বলেই হয়তো আমরা প্রশ্ন করি যে আর কতদিন দেশপ্রেমের নামে কাশ্মীরের ছেলেমেয়েদের রক্তে লাল হবে উপত্যকার রাস্তা? আমরা জানতে চাই কেন কাশ্মীরের মানুষকে আমাদের নামে হত্যা করা হচ্ছে যখন এই দেশের অধিকাংশ মানুষ, খেটে খাওয়া শ্রমিক-কৃষক-মেহনতি জনগণ এই হত্যা, গুম, ধর্ষণের বিরুদ্ধে? যে ঝাড়খন্ড-উড়িষ্যা-ছত্তিশগড়ের আদিবাসীদের আজ বড় বড় কর্পোরেট সংস্থাগুলির স্বার্থে ভারতের সরকার খুন করছে, জমি-জঙ্গল-জল থেকে বেদখল করছে সেই মানুষগুলির নামে কেন কাশ্মীরের মানুষের উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে? 

আমরা দেশপ্রেমী নই বলেই হয়তো আমরা দাবি তোলার হিম্মত দেখাই যে আমাদের নামে কাশ্মীরে হত্যা ধর্ষণ চালাতে আর দেব না। আমাদের নামে কুনান পোশপরা চালাতে দেব না। আমরা আমাদের নামে নিরীহ মানুষের রক্ত ঝরতে দেব না। এটাই যদি রাজদ্রোহ হয় তাহলে আমাদের সকলেরই, আমরা যাঁরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি, আমরা যাঁরা মানব অধিকারে বিশ্বাস করি, আমরা যাঁরা ওদের কালা আইন মানতে চাই না - সেই সকলেরই রাজদ্রোহী হয়ে গর্বিত বোধ করা উচিত। কারণ আমরা সকলেই তো দেশের ৯০ শতাংশ মানুষের স্বার্থের সাথে সঙ্গতি রেখে ওই ১০ শতাংশ ক্লীব ও মেরুদন্ডহীন দালালদের থেকে নিজেদের আলাদা করে নেওয়ার সাহস দেখিয়েছি। 

আমরা গর্বিত রাজদ্রোহী হয়ে, আমরা গর্বিত তোমার দেশ বিরোধী হয়ে, কারণ তোমার দেশ আমার দেশ নয় আর আমার দেশ তোমার দেশ নয়। তাই ১০ শতাংশ ওই আমাদের দেশবিরোধী কর্পোরেট তাঁবেদারদের দেশছাড়া করতে সকল গণতন্ত্র প্রেমী জনগণকে ঐক্যবদ্ধ হতে আহ্বান করি। মনে রাখবেন আমরা সত্যের পক্ষে - তাই জয় আমাদের হবেই। ওদের লাঠি-গুলি-বেয়নেট যত বেশি চলবে বুঝতে হবে ওরা তত বেশি ভয় পেয়েছে। যত বেশি কিশোরকে ওই কাশ্মীরে সেনা বাহিনী হত্যা করবে পাথর ছোড়ার জন্যে বা লোড শেডিং এর বিরোধিতা করার জন্যে তত বেশি বুঝতে হবে যে ওরা ভয় পেয়েছে। যত বেশি বস্তার থেকে লাতেহার, নাগাল্যান্ড থেকে মনিপুরে ওরা মানুষ মারতে সেনা পাঠাবে তত বেশি বুঝতে হবে যে রাজা আজ ভয় পেয়েছে। ওষুধে মানুষ বশ থাকবে না রাজা, জনতা শীঘ্রই দেবে ডাক - দড়ি ধরে মারো টান - রাজা হবে খান খান।
  

কানহাইয়া কুমারের শর্তসাপেক্ষ জামিন আগামী দিনে শাসক শ্রেণীর ভয়ানক ষড়যন্ত্রের একটি আভাস মাত্র

অনেকেই খুশি, বিপ্লবী বামপন্থী থেকে সংসদীয় গণতন্ত্রের তুলসীবাটা খেয়ে যারা সকালের শৌচ কর্ম করেন, আনন্দবাজার থেকে গণশক্তি, রাহুল গান্ধী থেকে অরবিন্দ কেজরিবাল, সবাই খুশি কারণ কানহাইয়া কুমার শেষ পর্যন্ত ৬ মাসের জন্যে অন্তর্বতীকালীন জামিন পেয়েছেন। জেএনইউ এর ছাত্র-ছাত্রীরা খুশি কারণ তাঁদের ছাত্র ইউনিয়নের অধ্যক্ষ ফিরে এসেছেন এবং ফিরে এসে জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন বিজেপির ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে।ইংরাজি কিছু সংবাদপত্রের উদারনৈতিক সাংবাদিকরা খুশি কারণ তাঁদের উদ্যোগ ও আরএসএস এর বিরুদ্ধে তাঁদের লেখালিখির ফলে একটা সামগ্রিক চাপ সৃষ্টি হয়েছিল যার পরিনাম এই জামিনের আদেশে তাঁরা দেখছেন। মোটামুটি ভাবে বলতে গেলে উমর খালিদ ও অনির্বান ভট্টাচার্য জেলের ভিতর থাকলেও গোটা দেশ জুড়ে একটা খুশির হাওয়া উঠেছে গরিব মানুষের মাঝে কানহাইয়া কুমারের জামিনে বাইরে আসার খবর শুনে।

টিভি ও কর্পোরেট মিডিয়ার দৌলতে কানহাইয়া কুমার আজ রীতিমত একজন জঙ্গী বামপন্থী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাঁর দেওয়া ভাষণ রীতিমত বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিতে পারে আবল-বৃদ্ধ-বনিতার বুকে। গরিব মানুষের সন্তান, শোষিত জাতির সন্তান, কানহাইয়া কুমারের নরেন্দ্র মোদি ও তাঁর চ্যালা চামুন্ডাদের বিরুদ্ধে গর্জন আজ শোষিত বঞ্চিত মানুষের বুকে আশা জাগাচ্ছে, প্রাক্তন পুলিশ কর্তা সঞ্জীব ভট্ট থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল, বিখ্যাত লেখিকা শোভা দে থেকে সাংবাদিক রাজদীপ সরদেশাই, সবাই একজন তরুণ তুর্কি বাম ছাত্র নেতার জ্বালাময়ী বক্তৃতায় অভিভূত। জেলে যাওয়ার আগে যে আজাদীর স্লোগান কানহাইয়া কুমার দিয়েছিলেন - সামন্তবাদ, মনুবাদ, পুঁজিবাদ,সংঘবাদ থেকে ক্ষুধার থেকে আজাদীর যে স্লোগান তিনি দিয়েছিলেন, তা আজ সারা দেশে এক ভয়াবহ দাবানল হিসেবে ছড়িয়ে পড়েছে। অনেক হিসাব করেও বলতে পারছি না যে ১৯৬৪ সালে পার্টি ভাঙ্গার পরে ডাঙ্গেপন্থী সিপিআই এর থেকে এরকম কোন জন নেতার জন্ম হয়েছিল কি না। এক কালে ডাঙ্গেপন্থী সিপিআই এর ভাঁড়ারে ছিলেন হীরেন মুখুজ্যে, ইন্দ্রজিত গুপ্ত, সোমনাথ লাহিড়ির মতন সুবক্তারা। অথচ আভিজাত্য ও তাত্বিক পান্ডিত্যে ভরা এই সব রাঘব বোয়াল শোধনবাদীদের কানহাইয়া কুমারের মতন মাস আপিল ছিল না।  একমাত্র ব্যতিক্রম হলেন জ্যোতি বোস, কিন্তু তিনিও কোনো দিন আভিজাত্যের দালান থেকে নেমে সাধারণ মানুষের নেতা হওয়ার ক্ষমতা দেখাতে পারেননি। কিন্তু কানহাইয়া কুমার পারলেন, এবং পারলেন ২০১৬ সালে প্রতিক্রিয়ার স্রোতের মধ্যেই। 

কানহাইয়ার সংগ্রাম, স্লোগান ও সংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই কে বিপ্লবী অভিন্দন জানানো যায়, লড়াইয়ের প্রতি কদমে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির পাশে থাকা যায়, কিন্তু এই পরিস্থিতিতে খুশি হওয়ার, আত্মসন্তুষ্টির নেশায় বুঁদ হওয়ার কোন কারণ দেখি না।

তবে কি কানহাইয়া কুমারের জামিন হওয়ায় ফ্যাসিবাদ বিরোধী বাম শক্তিগুলির উল্লাসিত হওয়ার কিছু নেই?

না, সত্যিই কিছু নেই। কানহাইয়া কুমারের উপর থেকে ছাত্র আন্দোলনের চাপে মোকদ্দমা উঠিয়ে নেয়নি ভারতের শাসক শ্রেণী, শুধু পরিস্থিতির চাপে কানহাইয়া কুমার কে জামিন দেওয়া হয়েছে আগামী ছয় মাসের জন্যে।

শাসক শ্রেণীর কারাদণ্ড বা ফাঁসির সাজা থেকে বাঁচতে জামিন নেওয়া এক ধরনের মুচলেকা দেওয়ার চেয়ে বেশি কিছু নয়। কারণ এই জামিনের শর্তগুলো শাসক শ্রেণী ও তাদের তাঁবেদার আরএসএস এর তরফ থেকে চাপিয়ে দেওয়া এমন কিছু শর্ত যা বাম আন্দোলনের নয় বরং সামন্ত প্রভু, দালাল পুঁজিপতি ও  বিদেশী বৃহৎ একচেটিয়া পুঁজির সেবা করে । 

কি বলছে কানহাইয়া কুমারের জামিনের আদেশ?

আদালত আদেশ দিয়েছে যে কানহাইয়া কুমার যেন জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের অধ্যক্ষ পদের ক্ষমতাবলে যেন তেন প্রকারে জেএনইউ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে "দেশ বিরোধী" কার্যকলাপ বন্ধ করতে সচেষ্ট হন, এবং আদালত মনে করে যে "আজাদী" চেয়ে কানহাইয়া কুমার ও তাঁর সঙ্গীদের দেওয়া স্লোগান আদতে "দেশ বিরোধী"। শুধু এইটুকুই নয়, আদালত বিজেপি - আরএসএস এর সুরে সুর মিলিয়ে কানহাইয়া কুমার ও সমগ্র বাম ছাত্রদের এই বলে তিরস্কার করে যে এই ছাত্ররা সেনা বাহিনীর ভূমিকা কে "শ্রদ্ধা" করে না এবং সেনাবাহিনী না থাকলে নাকি ভারতে গণতন্ত্র নামক বস্তুটি থাকতো না। আদালত চ্যালেঞ্জ ছুড়েছে যে সেনা বাহিনী যে কঠিন পরিস্থিতিতে কাজ করে সেই পরিস্থিতিতে বামপন্থী ছাত্ররা কাজ করতে পারবেন না।

এই রায়কে আর যাই করা যাক না কেন, কোনও ভাবেই স্বাগত জানানো যায় না। তবুও বিধির বামের তিন ভাগ, এক ভাগ নিরামিষাশী প্রভু ভক্ত গৃহ পালিত প্রাণী, এক ভাগ ছন্ন ছাড়া ঘর আর জঙ্গলের মধ্যে বিচরণ করা প্রাণী, আর এক দল জঙ্গলে থেকে শিকার করে পেট চালানো প্রাণী, এই তিন দলের মতের মিল তো হতে পারে না, কারণ জঙ্গলের বাঘ আর গোয়ালের গরু কখনও একই পাতে একই পদ খেতে পারে না, গরু ঘাস খায় আর বাঘ খায় শিকার করা টাটকা মাংস। 

তাই দেখা গেল যে কানহাইয়া কুমারের জামিন হতেই সাথে সাথে এক শ্রেণীর নব্য ও অভিজাত বামেরা জামিনের আদেশ কে নিজেদের বিজয় ও ফ্যাসিবাদের পরাজয় হিসেবে চিহ্নিত করে আনন্দ উৎসব শুরু করে দেন। কানহাইয়া কুমার জেএনইউ ক্যাম্পাসে ফিরে এক আগুনের ফুলকি ঝরানো কিন্তু গন্ডির মধ্যে সীমাবদ্ধ বক্তৃতা দিলেন। এই ভাষণের পরিপ্রেক্ষিতে সংসদীয় বাম রাজনীতিতে কানহাইয়া কুমার কে বামেদের ভবিষ্যত ও এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পেশ করা হলো। 

কিন্তু এতসবের মাঝে চাপা পড়ে গেল জামিনের শর্তগুলির উপর আলোচনা, জামিন নেওয়ার স্বীদ্ধান্তের যৌক্তিকতা। আদালতের কাজ হলো প্রমাণ ও তথ্য পরীক্ষা করে যে কোনো মামলার উপর বর্তমানে লাগু আইনের সীমার মধ্যে থেকে রায় দেওয়া।ভালো হতো যদি মহামান্য দিল্লি হাই কোর্ট এই পরিধির মধ্যে থেকে রায় দিতেন।কিন্তু আদালত আইনের গন্ডির বাইরে গিয়ে ছাত্র-ছাত্রীরা কি রাজনীতি করবেন, কোন নীতিতে বিশ্বাস করবেন, কোন নীতির বিরোধিতা করবেন, সেনা বাহিনী আর দেশ রক্ষার কথা বলে কি ইঙ্গিত দিলেন ? আমরা জানতে পারলাম যে শাসক বদলালেও শাসন বদলায় না। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বানিয়ে যাওয়া উনবিংশ শতাব্দীর প্রতিক্রিয়াশীল আইনের ভিত্তিতে এক বিংশ শতাব্দীর জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা কে দাবিয়ে দেওয়ার প্রচেষ্টা ভারতের শাসক শ্রেণীর চরম প্রতিক্রিয়াশীল চরিত্রেরই পরিচয় আরও একবার দিল। 

যে দেশের মানুষের করের পয়সায়, আয়করের চেয়ে বেশি পরোক্ষ করের পয়সায় পোষা পুলিশ-সান্ত্রী-ফৌজ সেই দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের উপর, গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণ করে তখন কি জনগণের সেই বাহিনীগুলোকে প্রশ্ন করার অধিকার থাকে না ? যখন ধরুন জনতার করের টাকায় চলা আদালতের রায় শাসক শ্রেণীর পক্ষ বার বার গ্রহণ করে তখন তাঁদের টাকায় চলা আদালতের রায়ের সমালোচনা করার অধিকার সাধারণ গরিব মানুষের থাকবে না কেন ?

এই প্রশ্নগুলো তোলাও শাসক শ্রেণীর কাছে দেশদ্রোহের সমান এবং এই সব প্রশ্ন এই শাসক শ্রেণীর শাসন করার পবিত্র অধিকারকেই চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তাই তো সামন্তপ্রভু, দালাল পুঁজিপতি ও বিদেশী একচেটিয়া পুঁজির স্বার্থে কাজ করা রাষ্ট্র যন্ত্রের কাছে প্রশ্ন তোলা, রাষ্ট্র যন্ত্রের মৌলিক চরিত্রের প্রশ্ন করা এক গর্হিত অপরাধ। 

আজ আদালত, সামগ্রিক রাষ্ট্র যন্ত্র এবং ভারতের শাসক শ্রেণী বামপন্থীদের উপদেশ দিচ্ছে সেনা বাহিনী কে সম্মান করার জন্যে, সেনা বাহিনীর উপাসনা করার জন্যে এবং মোটের উপর রাষ্ট্র যন্ত্রকে প্রশ্ন না করতে। বলা হচ্ছে যে ভারতের সেনাবাহিনী খুব কষ্ট করে শীত-তাপ সয়ে অমানুষিক পরিশ্রম করে দেশ কে রক্ষা করছে। ছোটবেলা থেকেই আমাদের দেশের উচ্চ জাতির বাচ্চাদের এই কথাটা বারবার করে শিখিয়ে সামরিক বাহিনীর প্রতি জোর করে আনুগত্য সৃষ্টি করার প্রচেষ্টা চালানো হয়।আমাদের শেখানো হয় যে সেনাবাহিনী না থাকলে আমরা বাঁচতাম না এবং আমাদের দেশে আমাদের কোনও অধিকার থাকতো না। এটাই তো যুক্তি? 

কেন আমাদের দেশের সেনাবাহিনী কে কষ্ট করে সীমান্ত ও দেশ রক্ষা করতে হয় ? কারণ দেওয়া হয় প্রতিবেশী দেশের ভারতের উপর কু দৃষ্টি। প্রশ্ন হলো প্রতিবেশী দেশ কেন ভারতের উপর কু দৃষ্টি রেখেছে ? কেন প্রতিবেশী দেশগুলি তৈরি করা হয়েছিল ভারত ভেঙ্গে ? যে দেশের শাসক শ্রেণী ও তাদের তাঁবেদাররা কথায় কথায় গান্ধীর অহিংসা ও সহনশীলতার ভাষণ দেয় তাদের হঠাৎ সেনা বাহিনী ও বন্দুক কেন দরকার হলো ?

যখন প্রশ্ন করা হয় বামপন্থীদের, বিশেষ করে বিপ্লবী বামেদের দেশপ্রেম নিয়ে, যখন বারবার উদাহরন দেওয়া হয় সেনাবাহিনীর আর আধা সামরিক বাহিনীর, তখন ইচ্ছে করে জানতে যে ভারতের সেনা বাহিনী ও আধা সামরিক বাহিনী কি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন যেখানে মানুষ নিস্বার্থে দেশের সেবায় প্রাণ নিয়োজিত করছেন ? সেনা বাহিনীর জওয়ানদের যদি বেতন না দেওয়া হয় - সস্তা রেশন, অবসরের পরের সুযোগ সুবিধা, বাচ্চাদের জন্যে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার সুযোগ সুবিধা, যাতায়তের সুযোগ সুবিধা, কোয়ার্টার, বিদ্যুত, জল, ইত্যাদী যদি না দেওয়া হয় তাহলে কত জন প্রতিকুল পরিস্থিতে মরতে যেতে রাজি হবেন ? ওই আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার একট এর মতন অবাধে খুন, ধর্ষণ, রাহাজানি, লুটপাট ও অগ্নিসংযোগের অধিকার না থাকলে কি এই দেশের সেনা বাহিনী কোনো জায়গায় মানুষের উপর শাসন করতে পারবে ? যে হিন্দুত্ববাদী আরএসএস ও বিজেপি আজ দেশপ্রেমের ঠিকাদারী করছে তাদের কত জন দেশের মানুষের স্বার্থে নিঃশর্তে মরতে রাজি হবে ?

এই সেনা বাহিনীর নামে যারা শপথ খেয়ে নিজেদের দেশপ্রেম প্রমাণ করার চেষ্টা করেন, তাঁদের প্রশ্ন করি, কেন এই দেশের মানুষ আজও সেনা ও আধা সামরিক বাহিনী কে নিজেদের ফৌজ না ভেবে শুধুই সরকারি বাহিনী হিসেবে দেখেন ? কেন সাধারণ মানুষ ট্রেনের সেনা কামরায় চড়তে ভয় পান ? সেনাবাহিনীর প্রতি সম্মান থেকে না মার খাওয়া থেকে বাঁচতে ?

সংসদীয় বামেরা হয়তো দেশের সেনা ও আধা সামরিক বাহিনীর শ্রেণী বিশ্লেষণ করেন না তাঁদের আইনি ব্যবস্থায় টিকে থাকার অন্যতম শর্ত হিসেবে। কিন্তু সেনা ও আধা সেনা বাহিনীর শ্রেণী বিশ্লেষণ ভালো করেই নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে করে ফেলেছেন কাশ্মীরের জনগণ, আসামের জনগণ, মনিপুরের জনগণ, মিজোরামের জনগণ, নাগাল্যান্ডের জনগণ, ঝাড়খন্ডের জনগণ, ছত্তিসগঢ়ের জনগণ, অন্ধ্র ও তেলেঙ্গানার জনগণ; শ্রেণী বিশ্লেষণ ভালো ভাবেই করেছেন দমদমের সেই ধর্ষিতা নাবালিকা যিনি ট্রেনে সামরিক কামরায় সেনা বাহিনীর কাকুদের ভরসা করে চেপে গণ ধর্ষিতা হয়েছিলেন, ভালো করেই বুঝেছিলেন ট্রাফিক সার্জেন্ট বাপি দাস, যিনি সেনা জওয়ানদের রাস্তায় চলা মহিলাদের উত্যক্ত করার বিরোধিতা করায় খুন হয়েছিলেন।  আজ দেশের মানুষের, গরিব মানুষের, শ্রমিক - কৃষক - খেটে খাওয়া মানুষের, জঙ্গলের অধিকার রক্ষার লড়াইতে সামিল আদিবাসী জনগণের সেনা প্রীতি অনেক কমে গেছে। নয়া উদারনৈতিক অর্থনীতির দৌড়ে যখন দেশের সরকারি চাকরি ও সরকারি শিল্পের পরিধি ক্রমাগত হ্রাস পাচ্ছে ঠিক সেই সময় দেশী - বিদেশী পুঁজির লুটের বিরুদ্ধে বেড়ে চলা জনগণের প্রতিবাদ ও প্রতিরোধ দমন করার স্বার্থে একমাত্র সরকারি বাহিনীগুলোই টিকে থাকবে আর তাই রাষ্ট্রের মালিক সামন্তপ্রভু, দালাল পুঁজিপতি, ও বিদেশী একচেটিয়া লগ্নি পুঁজি তাদের বাহিনীর প্রতি জনগণের আনুগত্য সৃষ্টি করার চেষ্টা চালাবে।

কিন্তু শ্রেণী বিভক্ত সমাজে সংখ্যালঘু শাসক শ্রেণী কোনও ভাবেই সংখ্যাগরিষ্ঠ শোষিত মানুষের আনুগত্য বন্দুকের নলের দ্বারা আদায় করতে পারে না। কারণ স্বাভাবিক ধর্ম হিসেবেই শোষিত মানুষ পদে পদে শোষণ - বঞ্চনা - অত্যাচারের বিরোধিতা করে আসে।একটা সময়ে সামরিক শক্তি দিয়ে সেই প্রবাহমান বিদ্রোহী ধারাকে রোখা যায় না এবং ইতিহাস পদে পদে তা প্রমাণ করেছে।

কানহাইয়া কুমারের জামিনের রায় ব্রাক্ষণত্ববাদী শাসক শ্রেণীর চিনির বুলেট।কানহাইয়া কুমার কে ছাত্র আন্দোলনের চাপে শাসক শ্রেণী নিঃশর্ত মুক্তি দেয়নি, শর্তসাপেক্ষ জামিন দিয়েছে এবং শর্তগুলি শাসক শ্রেণীর স্বার্থ রক্ষা করে। সংসদীয় পথের পথিক সরকারি বামেদের কাছে এই জামিন, যা আসলে শাসক শ্রেণীর কাছে মুচলেকা দেওয়া ছাড়া বেশি কিছু নয়, হয়তো বিজয়ের দলিল হতে পারে কিন্তু সংগ্রামী বিপ্লবী বামেদের কাছে এই জামিন আগামী দিনের কোনো গভীর ষড়যন্ত্রের হদিস দিচ্ছে। উমর খালিদ ও অনির্বান ভট্টাচার্য আজও শাসক শ্রেণীর কারার অন্তরালে। কানহাইয়া কুমারের মতন উমর ও অনির্বান এত চটজলদি সংবিধান ও শাসন ব্যবস্থার প্রতি সমর্থন দেখিয়ে নিজেদের বাঁচাবার চেষ্টা করবেন বলে মনে হয় না। তাঁদের কে বিধে দিতেই শাসক শ্রেণী সরকারি নিরামিষাশী বামেদের নিজের হাতে রাখতে কানহাইয়া কুমার কে জামিনে মুক্ত করেছে।

জনগণের মুক্তি, দেশের স্বাধীনতার সম্পর্কে বলার জন্যে আজ উমর খালিদ, অনির্বান ভট্টাচার্য, প্রফেসর এস এ আর গিলানি ও প্রফেসর ডক্টর জি এন সাই বাবার উপর ফাঁস কষছে শাসক শ্রেণী। ভারতের শাসক শ্রেণী ও তাদের মুখপত্র আরএসএস ও বিজেপি ভালো করেই জানে উমর খালিদ, অনির্বান ভট্টাচার্য, প্রফেসর গিলানি বা ডক্টর সাইবাবা কোনো ভাবেই শাসকের সুরে সুর মিলিয়ে জি হুজুর বলবেন না। তাঁরা প্রতিবাদ করবেন রাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে, তাঁরা আদালতের মঞ্চকে ব্যবহার করবেন সাধারণ মানুষের স্বার্থে রাজনৈতিক প্রচার চালানোর জন্যে, এবং যে শাসক শ্রেণী একদিন এই ভাবেই মাস্টারদা সূর্য সেন থেকে ভগৎ সিং কে ফাঁসি কাঠে ঝুলিয়েছিল তারা চেষ্টা চালাবে বিচারের নামে প্রহসন চালিয়ে এই বিরোধী স্বরগুলি কে রুদ্ধ করতে।

যে দেশ আজ জেলখানায় পরিণত হয়েছে সেই দেশে জেলের ভিতরে বা বাইরে থাকার মধ্যে বিশেষ কোনো ফারাক নেই।  আজ দেশের সামনে এক কঠিন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। সাম্প্রদায়িক ব্রাক্ষণত্ববাদী ফ্যাসিস্ট আরএসএস ও বিজেপির শ্রমিক-কৃষক বিরোধী যুদ্ধ, যা মূলত শুরু হয়েছে জেএনইউ এর ক্যাম্পাসের বামপন্থী ছাত্রদের উপর আক্রমণ করে, তা কোনও ভাবেই হালকা করে দেখলে চলবে না। জেএনইউ কান্ডের ফাঁকে বিজেপি সরকার ও ভারতের শাসক শ্রেণী দেশের কয়লা, সোনা ও লাইম স্টোন খননের অবাধ অধিকার দেশী ও বিদেশী পুঁজিতে চালিত কর্পোরেশনগুলির হাতে তুলে দিয়েছে। হরিয়ানাতে শ্রমিক সংগ্রামের উপর হিংস্র দমন পীড়ন নেমে আসছে, আদিবাসীদের অধিকারের দাবিতে শান্তিপূর্ণ লড়াইয়ে সামিল সোনি সোরির উপর ঘৃণ্য হামলা হলো; ছত্তিসগঢ়, উড়িষ্যা, ঝাড়খন্ড, ইত্যাদী জায়গায় আদিবাসী প্রতিরোধ ভাঙ্গতে রোজ জোর কদমে সামরিক অভিযান চলছে। এই পরিস্থিতির থেকে মুক্তি পেতে আমাদের অবশ্যই শ্রমিক-কৃষক-মেহনতি মানুষ-ছাত্র-যুব-নারী-আদিবাসী-দলিত-সংখ্যালঘুদের সংগ্রামকে আজ ফ্যাসিবাদ বিরোধী মঞ্চে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। কানহাইয়া কুমারের মতন ব্যক্তিরা পশ্চিমবঙ্গ ও কেরালা নির্বাচনে সিপিআই ও সিপিএমের পক্ষ থেকে হয়তো প্রচার করতে পারেন, কিন্তু দেশব্যাপী ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী সংগ্রামে সামিল হতে পারবেন না। নেতৃত্ব তো দুরের কথা।

কানহাইয়া কুমারের স্লোগানের প্রতি সমর্থন জানাই, কিন্তু আজ বিশেষ দরকার হলো এই আজাদীর স্লোগান কে জনগণের কাছে নিয়ে যাওয়া, ক্যাম্পাসের বাইরে ওই খেটে খাওয়া শ্রমিক-কৃষকদের কাছে নিয়ে যাওয়া এবং তাঁদের সাথে নিয়ে দেশের প্রকৃত স্বাধীনতা সংগ্রাম কে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া - এটাই আজ দেশের সমস্ত বামপন্থী - প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির প্রধান ও পবিত্র কর্তব্য হওয়া উচিত।  জামিন নয়, দেশ জুড়ে যে জেলখানা গড়ে সমগ্র খেটে খাওয়া মানুষকে বন্দী বানাবার প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টাকে আসুন আমরা ভেঙ্গে গুঁড়িয়ে দিই।       

মালদার কালিয়াচকের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়াচ্ছে সংঘ পরিবার

মালদার কালিয়াচক অঞ্চলে মুসলমানরা সাম্প্রদায়িক দাঙ্গা করেছে এবং হিন্দুদের ঘর বাড়ি ভেঙ্গেছে, মন্দির ভেঙ্গেছে, ইত্যাদি বলে সারা দেশে আরএসএস এর প্রচার মাধ্যম ৩রা জানুয়ারী থেকে বিরামহীন প্রচার করতে থাকে। প্রথমত সংবাদ মাধ্যমের খবরের উপর ভিত্তি করে ফেসবুক ও টুইটারে সংঘ প্রচারকরা ঘৃণার বিষ ছড়াতে থাকে, ৩০-৪০,০০০ মানুষের মিছিল কে আড়াই লক্ষ মানুষের মিছিল বলে মানুষ কে বিভ্রান্ত করে। এদের সাথে যোগ দেয় সংঘ পরিবারের ঘনিষ্ঠ সমস্ত প্রচার মাধ্যমগুলি, যেমন জী নিউস এবং তারাও ক্রমাগত বিদ্বেষমূলক প্রচার চালাতে থাকে, কেউ কেউ আবার মালদার ঘটনার সাথে মধ্য প্রাচ্যের আইএসআইএসের তুলনা টানে, এবং বাংলার বাইরের সমস্ত সংঘ প্রচারকরা ক্রমাগত ভাবে বাংলার হিন্দুদের বাঁচানোর জন্যে কুম্ভিরাশ্রু বর্ষন করতে থাকে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়াতে।  

বাংলার প্রধান প্রচার মাধ্যমগুলি এই বিষয়ে সংবেদনশীলতা সহ গভীর সতর্কতার সাথে সংবাদ পরিবেশন করে নিতান্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।কিন্তু সংঘ পরিবারের বেসরকারী মুখপত্র যুগশঙ্খ ক্রমাগত ভাবে মিথ্যা প্রচার চালিয়ে আরএসএস ও বিজেপির রাজনৈতিক অভিসন্ধিকে চরিতার্থ করার রাস্তা করে দিয়েছে, এদের মিথ্যার বেসাতি আজ সংঘ পরিবারের ঘনিষ্ট বর্তমান পত্রিকাকেও লজ্জা দেবে।  আধুনিক ভারতে ক্ষমতার পদলেহন করে কি করে বহুজাতিক পুঁজির দৌলতে সংবাদ মাধ্যম ব্যবসা করে তার উদাহরণ হলো যুগশঙ্খ।

বাংলা বাদে সমগ্র ভারতের উগ্র দক্ষিনপন্থী সংঘ সমর্থক প্রচার মাধ্যম, সংবাদ মাধ্যম ও ইন্টারনেট এর সংঘ পরিবারের ওয়েবসাইটগুলি রীতিমত বাজার গরম করতে মিথ্যার বৈশ্যালয় চালিয়ে গেছে গত কয়েকদিন ধরে। এদের মধ্যে অন্যতম হচ্ছে বাংলার পূর্বতন সংঘ প্রচারক তথাগত রায়, যিনি ত্রিপুরার রাজ ভবনে রাজ্যপালের গদিতে বসে একদিকে সেই ঔপনিবেশিক পদের লাভ তুলে বিজেপির গোয়েন্দাগিরি করছেন অন্যদিকে সারাদিন টুইটারে ঘৃণার বাণী নিসৃত করে যাচ্ছেন।  তাঁর সাথে যোগ দিয়েছেন বাংলার তপন ঘোষ, যার হাব ভাব দেখলে মনে হবে তিনি যেন সানি দেওলের অনুকরণ, যিনি একা গিয়ে সমস্ত বাংলাদেশী মুসলমানদের শায়েস্তা করে আসবেন। এদের সাথে আছেন ইসরাইলের ওকালতি করা এবং ব্রজেশ মিশ্র ও মোসাদের সাথে মিলে বাজপেয়ীর আমলে ভারত ইসরাইল সমঝোতার মুখ্য হোতা ও সংঘের উগ্র সমর্থক সাংবাদিক কাঞ্চন গুপ্ত, আছেন সংঘের প্রচারক থুড়ি সাংবাদিক অভিজিত ভট্টাচার্য, আছে অসম, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক ও গুজরাটের সংঘের ইন্টারনেট প্রচারকরা।

তথাগত রায়ের আদেশে তড়িঘড়ি তৈরি হয় উইকিপেডিয়াতে ২০১৬ কালিয়াচক দাঙ্গা ও কালিয়াচক ইসলামিক গুন্ডামি নামক দুইটি পেজ।

             
উইকিপেডিয়ার পেজ গুলি বানায় নিজিল শাহ নামক এক গুজরাটি সংঘ প্রচারক যে সারা জীবন গুজরাট ও মোদী রাজের গুনগান করে উপার্জন করে, যার সাথে বাংলার বা বাঙালির কোনও যোগাযোগ নাই। অন্য পেজটি বানানো হয়েছে অসম বিজেপির পক্ষ থেকে যারা আবার বাংলার মানুষের চেয়ে বেশি বাংলার সমস্যা বোঝার চেষ্টা করেছে।

এই উইকিপেডিয়া পেজ দুটিতে শুধু ঘৃণা ব্যক্ত করা হয়েছে ইসলামের নামে এবং মূল ঘটনার উপর যত না শব্দ খরচা করা হয়েছে তার চেয়ে বেশি শব্দ খরচা করা হয়েছে ঘটনার ঐতিহাসিক পটভূমি ব্যাখা করতে, যার মূল জায়গা হলো মুসলমান ধর্মগুরু মুহাম্মদকে সমকামী বলে প্রতিপন্ন করা এবং সেই কথাটি বারবার উল্লেখ করা হয়েছে এই পেজ গুলিতে।

অনেকবার অনুরোধ করা সত্বেও পশ্চিমবঙ্গ পুলিশ বা প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি এই পেজগুলির বিরুদ্ধে, করা হয়নি কোনও আইনি তদন্ত । যদিও এইরকম তথ্য ভারতীয় দন্ডবিধি অনুসারে ঘৃণা ছড়ানোর কাজ করে, তবুও তথাকথিত মুসলমান দরদী মমতাময়ী মুখ্যমন্ত্রীর প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ করে না কোনও অজ্ঞাত রাজনৈতিক অভিসন্ধির কারণে।  

উইকিপেডিয়া পেজগুলির সাথে সাথে অনেক সংঘ ঘনিষ্ট ওয়েবসাইট ও পোর্টালে বিকৃত খবর প্রকাশ করা হয়, পুরানো ছবি সুপার কম্পস করে প্রকাশ করা হয় মালদার ছবি বলে এবং সর্বোপরি এই সমস্ত কিছুর সাথে চালানো হয় একটি সর্ব ভারতীয় প্রচার যে পশ্চিমবাংলার হিন্দুরা নাকি আক্রান্ত, তাঁরা নাকি তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং এই সব বলা হয় আরএসএস ও বিজেপির পক্ষ থেকে।

এই সময়ে পশ্চিমবাংলায় বিজেপির একমাত্র বিধায়ক শমিক ভট্টাচার্য মালদার কালিয়াচকে গিয়ে গ্রেফতার হন এবং পরে ইংলিশবাজার থানা থেকে রেহাই পান।  মালদার একমাত্র পথ সভায় শমিক ভট্টাচার্য দাবি করেন যে কালিয়াচকের ঘটনার পিছনে বিদেশী শক্তির হাত আছে এবং জাতীয় তদন্ত সংস্থার দ্বারা ঘটনার তদন্তের দাবি করেন। কিন্তু এর সাথেই বোমা ফাটালেন শমিক ভট্টাচার্য, বললেন যে কালিয়াচকে কোনও প্রকারের সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি এবং সাম্প্রদায়িক কারণ খোঁজা ভুল হবে। শমিক ভট্টাচার্যের এই বিবৃতির কথা কিন্তু রাজ্য বিজেপি তাদের টুইটার এর পাতায় জেনে শুনে চেপে গেছে কারণ পশ্চিমবঙ্গে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মোদী হাওয়ায় একটু গ্যাস খেয়ে বিজেপি এখন কলকাতার মসনদ দখল করার স্বপ্নে বিভোর।  এর ফলে যেনতেন প্রকারে বিজেপিকে পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনে বেশি নাম্বার তোলার তাগিদে সাম্প্রদায়িক মেরুকরণ চালিয়ে যেতে হচ্ছে।

বিজেপি ও আরএসএস যে ভাবে মালদার কালিয়াচকের ঘটনা কে কেন্দ্র করে দেশ জোড়া এক ঘৃণ্য মেরুকরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা দেখে আমাদের কি হিটলারের আমলের রাইখস্ট্যাগ বিল্ডিং এর অগ্নি সংযোগের ঘটনা মনে পড়ে না? শতাব্দীর বদল হলেও ফ্যাসিবাদীদের চক্রান্তের ধরন ও কার্য প্রণালীতে বিশেষ কোনও পরিবর্তন দেখা যায় না সে কথা বেশ উপলব্ধ হলো।

পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে এবার প্রদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের উপর এক বিরাট গুরু দ্বায়িত্ব এসে পড়বে, তা হলো যেনতেন প্রকারে পশ্চিম বাংলার মাটি থেকে বিজেপি ও সংঘ পরিবারের অবশিষ্ট কে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া। বহুজাতিক সংস্থাগুলির চাঁদা নিয়ে যে সমস্ত আরএসএস প্রচারকরা গ্রামে গ্রামে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে  তাদের বাংলা থেকে চিরকালের জন্যে বহিস্কার করে দেওয়ার।  বাংলার মাটিকে, বাংলার ঐতিহ্য কে, বাংলার হিন্দু মুসলমানের ঐক্য কে, বাংলার খেটে খাওয়া মানুষের ঐক্য কে রক্ষা করে বাংলা বিরোধী হিন্দু ফ্যাসিবাদী বিজেপি - আরএসএস ও মুসলিম মৌলবাদীদের জন্যে বাংলার মাটিকে চিরকালের জন্যে দুর্জয় ঘাঁটিতে পরিণত করার কর্তব্য আজ এক পবিত্র দ্বায়িত্ব হিসাবে বাংলার শ্রমিক - কৃষক ও মেহনতি জনতার কাছে এসেছে, তাঁদের এই সকলকে সাফল্যের সাথে এই মহান দ্বায়িত্ব পূর্ণ করতে হবেই।           
  

আবার মাতৃভূমি - আবার পুরুষদের হিংসাত্মক আক্রমণের শিকার মহিলা যাত্রীরা

আবার মাতৃভূমি লোকাল নিয়ে তুলকালাম কান্ড হল ২৪শে অগাস্ট সকালবেলা। প্রায় ৬ ঘন্টা অবরোধ চললো বনগাঁও - শিয়ালদহ সেকশনে এবং যথারীতি প্রশাসন ঠুঁটো জগন্নাথ হয়ে থাকলো। রেলের - আরপিএফ আর রাজ্য সরকারের জিআরপি'র চূড়ান্ত সমন্বয়ের অভাবে শুধু ভুক্তভোগীই হলেন না অসংখ্য অফিস যাত্রী, নির্মম ভাবে দুর্বৃত্তদের হাতে মার খেলেন অসংখ্য মহিলা। হাবরা, গোবরডাঙ্গা, প্রভৃতি জায়গায় বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতি বাহিনী এই অবরোধে নেতৃত্ব দেয় এবং পুরুষতন্ত্রের উগ্র জিগির তুলে মহিলাদের বিরুদ্ধে পুরুষ যাত্রীদের ক্ষেপিয়ে তুলে হিংসাত্মক কার্যকলাপ চালাবার প্রস্তুতি চালায়।

এর আগে আমি "মাতৃভূমি তুমি কার ?" প্রবন্ধে লিখেছিলাম যে হঠাত করে রেল কোম্পানির মাতৃভূমি লোকালে পুরুষ প্রবেশ শুরু করালো কোন উদ্দেশ্যে ? এর পিছনে আমি লিখেছিলাম যে বিজেপির হিন্দু ফ্যাসিবাদী রাজনীতির পুরুষতান্ত্রিক প্রভাব প্রতিষ্ঠার সুক্ষ প্রয়াস কাজ করছিল। গত সপ্তাহে কলকাতায় মমতা ব্যানার্জীর সাথে বৈঠকের পরে রেল মন্ত্রী সুরেশ প্রভুর দ্বারা রেলের সিদ্ধান্ত প্রত্যাহার করার পরেও যে অশান্তির প্রচেষ্টা চলছিল তা অনেক নিত্য যাত্রীরা আঁচ করতে পারলেও রেল কতৃপক্ষ এই নিয়ে সম্পূর্ণ ভাবে উদাসীন ছিল। গত সপ্তাহের শেষ দিক থেকেই বিজেপি সমর্থক কিছু দুষ্কৃতি রেল অবরোধের সাথে সাথে মহিলা নিত্য যাত্রীদের উপর যে আক্রমণের পরিকল্পনা করছিল তা রেল কোম্পানি জেনেও না জানার ভান করে ছিল।

সোমবার যখন রেল অবরোধ শুরু হয় এবং বিভিন্ন জায়গায় রড, পাথর, লাঠি নিয়ে ট্রেনের উপর আক্রমণ চালানো হয় পরিকল্পিত ভাবে, তখনও এর পিছনে রেল কোম্পানি বা স্থানীয় প্রশাসন রাজনৈতিক শক্তিগুলির হাত দেখেনি। হাফ প্যান্ট, গেঞ্জি পরে কিছু লোক স্টেশনে দাঁড়ানো ট্রেনে পাথর ছুড়ছে, মহিলাদের শ্লীলতাহানি করছে এবং একের পর এক স্টেশনে পরিকল্পিত ভাবে সমন্বয় সাধন করে উত্পাত করছে তখন কি ভাবা চলে যে এই দাঙ্গা হাঙ্গামা একেবারে স্বতস্ফুর্ত। আপিস যাবার তাড়া যখন সোমবার সকালে সাধারণ কর্মচারী - খেটে খাওয়া মানুষদের তাড়া করে তখন রেল অবরোধ করে, দাঙ্গা হাঙ্গামা করে সময় কাটানো কি সেই মানুষগুলির পক্ষে সম্ভব ? নাকি একমাত্র এক শ্রেনীর দুর্বৃত্ত, যাদের পিছনে গৈরিক বাহিনীর মদত আছে শুধু মাত্র তারাই পারে ব্যস্ততার সময়ে রেল অবরোধ করে পুরুষতান্ত্রিক সমাজের কতৃত্ব প্রতিষ্ঠার লড়াই করার নামে মহিলাদের উপর অকথ্য অত্যাচার এবং শ্লীলতাহানি করার স্পর্ধা দেখাবার।

এই আক্রমণ ও অবরোধ করা হয়েছে মহিলাদের প্রতি পুরুষের হিংসাত্মক মনোভাব কে চাগিয়ে তুলে বিজেপি - আরএসএস এর নেতৃত্বে হিন্দু ফ্যাসিবাদী ব্রাক্ষণবাদী পুরুষতন্ত্র কে রাজনৈতিক ভাবে প্রসার করার স্বার্থে। যাতে পুরুষ ও নারীদের ট্রেনের অপ্রতুলতার নামে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে, রেলের প্রধান দুরবস্থাকে আড়াল করে, লিঙ্গ ঘৃণার আবহাওয়া সৃষ্টি করতে।  এই অপচেষ্টার বড় শরিক হলো সুরেশ প্রভুর রেল। একদিকে যখন রেল কোম্পানি শিয়ালদহ ডিভিশনে সঠিক ভাবে ট্রেন চালাতে ব্যর্থ উপযুক্ত পরিকাঠামো ও রোলিং স্টকের অভাবে। প্রতিদিন নাকাল হতে হয় অজস্র নিত্য যাত্রীদের, ট্রেনের ভিতর বসা তো দূর দু পায়ে দাঁড়ানোর জায়গা পাওয়া দুস্কর হয়ে যায়। এই অবস্থায় যদি কোনও নারী সাধারণ কামরায় প্রবেশ করেন তাহলে তাঁকে চ্যাংরা ও ভদ্রবেশী পুরুষদের কাছে হয় শুনতে হয় যৌনতাযুক্ত ব্যঙ্গ না হয় তাঁদের নিগৃহিত হতে হয় চুপচাপ ভিড়ের মধ্যে কারুর কামনার শিকার হয়ে। যে সমস্ত পুরুষরা আজ মহিলা ট্রেন তুলে দেওয়ার বিজেপির রাজনৈতিক দাবির পক্ষে সাওয়াল করছেন তারা আবার নিজেদের বাড়ির মেয়ে - বউদের ট্রেনে তোলার সময় সবসময় মহিলা কামরায় তুলে দেন। কারণ তারা জানেন যে ওই দেশলাই খোপের মতন মহিলা কামরা ছাড়া নারীদের জন্যে গোটা ট্রেন সুরক্ষিত নয়।

অনেক পুরুষ যাত্রী বা তথাকথিত ট্রেনের কামরার সবজান্তা আঁতেলরা প্রশ্ন করেন মহিলাদের জন্যে এত সুবিধা দেওয়ার কারণ কি , কেউ কেউ আবার বলেন যে বিদেশে নারীদের জন্যে এত কিছু দেওয়া হয় না।  এই প্রশ্নের জবাবে উল্টো প্রশ্নই হতে পারে - যে এই দেশে মহিলাদের আসলে কি সুবিধা দেওয়া হয়েছে ? গুটিকয়েক শহরবাসী মহিলা বাদে কোথায় নারীদের মধ্যে সাক্ষরতা? কোথায় তাঁদের জন্যে কর্ম সংস্থান ? কোথায় তাঁদের জন্যে সামাজিক নিরাপত্তা ? যে দেশে নারীর উপর নিগ্রহের দায় সেই নারীর উপর চাপিয়ে দিতে সমাজ ওস্তাদ, যেখানে মহিলাদের শুধু বাড়িতে বসে রান্না করা, বাচ্চা উত্পাদন করা, এবং পুরুষের যৌন দাসী হয়ে থাকার কথা সমাজ শেখায় - সেই সমাজে মহিলাদের জন্যে একটি ট্রেন আপনাদের চোখে কাঁটার মতন বিধতে থাকে ?
পশ্চিমী দেশে মহিলাদের জন্যে আলাদা ট্রেন বা কামরা থাকে না কারণ সেখানে সামন্ততান্ত্রিক মানসিকতায় সিদ্ধ পুরুষতন্ত্রের নেশায় বুঁদ হয়ে পুরুষ মানুষ মহিলাদের সাথে অভব্যতা করার সাহস করে না। পশ্চিমী উন্নত দেশে মহিলাদের চাকরি করা বা অর্থনৈতিক স্বাধীনতাকে পুরুষরা বিদ্বেষের চোখে দেখেন না।  তাই ওখানে মেয়েদের জন্যে আলাদা কামরার দরকার হয় না। এ দেশে ততদিন মেয়েদের আলাদা কামরার দরকার পরবে যতদিন এখানে পুরুষ মানুষের চেতনার বিকাশ হবে না। 

মাতৃভূমি লোকাল কে নিয়ে চলমান তুলকালাম আসলে এক গূঢ় রাজনৈতিক অভিসন্ধি নিয়ে পরিচালিত লিঙ্গ বৈষম্যর ভিত্তিতে গড়ে ওঠা হিংসাত্মক লড়াই, যার চরিত্র সামাজিক ও রাজনৈতিক ভাবে চরম প্রতিক্রিয়াশীল। এই হিংসাত্মক লড়াই বাঁধানো হয়েছিল সমাজে মেয়েদের প্রতি পুরুষের ঘৃণা, ঈর্ষা ও লালসার চরিত্র কে চাগিয়ে তুলে লিঙ্গের ভিত্তিতে সামাজিক মেরুকরণ গড়ার প্রয়াস নিয়ে। সঠিক ভাবে যদি রাজ্য সরকার এই ঘটনার তদন্ত করায় তাহলে অনেক লুকোনো তথ্য সামনে আসবে।                         

এই ব্লগের সত্বাধিকার সম্বন্ধে